Category: আন্তর্জাতিক

  • গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪: সিভিল ডিফেন্স ও হাসপাতাল

    গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪: সিভিল ডিফেন্স ও হাসপাতাল

    গাজায় ইসরাইলি হামলায় চার জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও কয়েকজন। গাজার সিভিল ডিফেন্স সংস্থা ও একটি হাসপাতাল রোববার এ তথ্য জানিয়েছে ।

    সংস্থাটি আরও জানায়, ভোরের আগে গাজা সিটির পূর্বাঞ্চলের একটি এলাকায় এই হামলা চালানো হয়। গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় শহর এটি।

    সংস্থাটি হামাসের অধীনে উদ্ধারকারী বাহিনী হিসেবে কাজ করে। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    সিভিল ডিফেন্স জানায়, ‘ভোরের আগে ইসরাইলি বিমান হামলায় চার জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।’
    গাজার আল-শিফা হাসপাতালও একই তথ্য নিশ্চিত করেছে।

    হাসপাতালটি জানায়, একটি ইসরাইলি ড্রোন থেকে এই হামলা চালানো হয়।

    হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়, ‘একটি ইসরাইলি ড্রোন বেসামরিক মানুষের একটি দলের ওপর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে চার জন শহীদ ও পাঁচ জন আহত হয়েছেন। আজ সকালে তাদেরকে হাসপাতালে আনা হয়েছে।’

    এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।

    গাজার হামাসের অধীনে পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ বিরতি কার্যকর থাকা সত্ত্বেও, গাজা জুড়ে ইসরাইল তাদের হামলা অব্যাহত রেখেছে। ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ সব হামলায় অন্তত ৭১৫ জন নিহত হয়েছেন।

    জাতিসংঘ এই মন্ত্রণালয়ের তথ্যকে নির্ভরযোগ্য বলে মনে করে।

    ইসরাইল বলেছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে তাদের পাঁচ জন সেনা নিহত হয়েছেন।

    গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ ও সীমিত প্রবেশাধিকার থাকায় হতাহতের সংখ্যা বা যুদ্ধের পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।
    দুই বছর ধরে চলা যুদ্ধ মূলত যুদ্ধবিরতিতে থেমে গেলেও, ইসরাইল ও হামাস একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করে যাচ্ছে।

  • মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুতিন ও এরদোয়ানের

    মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুতিন ও এরদোয়ানের

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। শুক্রবার এক টেলিফোন আলাপে দুই নেতা এই আহ্বান জানান বলে ক্রেমলিন নিশ্চিত করেছে।

    মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এক মাসেরও বেশি সময় আগে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূত্রপাত হয়। এই সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে, যা বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার সৃষ্টি করেছে এবং বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের ওপর প্রভাব ফেলছে।

    ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই নেতা অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন। তারা এমন একটি শান্তিপূর্ণ সমঝোতার ওপর জোর দিয়েছেন যা এ অঞ্চলের সব রাষ্ট্রের বৈধ স্বার্থ রক্ষা করবে।’

    বিবৃতিতে আরও বলা হয়, ‘আলোচনায় উঠে এসেছে যে, এই ভয়াবহ সামরিক সংঘাত শুধু আঞ্চলিক নয়, বরং বিশ্বজুড়ে জ্বালানি, বাণিজ্য ও লজিস্টিকস খাতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।’

    পুতিন এবং এরদোয়ান কৃষ্ণসাগর অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার গুরুত্ব নিয়েও আলোচনা করেন। এ সময় ক্রেমলিন অভিযোগ করে যে, ইউক্রেন রাশিয়া ও তুরস্কের মধ্যে সংযোগকারী গ্যাস পাইপলাইন লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে।

    পাইপলাইন পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানিয়েছে, গত বৃহস্পতিবার রাশিয়ার দক্ষিণাঞ্চল ও তুরস্কের মধ্যে সংযোগকারী ‘তুর্কস্ট্রিম’ গ্যাস পাইপলাইনে ইউক্রেনের একটি ড্রোন হামলা রুখে দিয়েছে রুশ বাহিনী। হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং সার্বিয়াসহ ইউরোপের বেশ কিছু দেশ এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস পেয়ে থাকে।

    রাশিয়া দাবি করেছে যে, ইউক্রেন গত মার্চ মাসসহ বেশ কয়েকবার এই পাইপলাইনে হামলার চেষ্টা করেছে। অন্যদিকে, প্রায় চার বছর ধরে চলা যুদ্ধে রাশিয়ার আর্থিক সক্ষমতা কমিয়ে দিতে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে পাল্টা আঘাত করে আসছে।

    ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে রুশ হামলার কারণে দেশটির লাখ লাখ মানুষ বিদ্যুৎ ও তাপ সংযোগহীন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে।

  • ইসরাইলি হামলায় সিরিয়ায় নিহত ১

    ইসরাইলি হামলায় সিরিয়ায় নিহত ১

    সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরাইল-অধিকৃত গোলান মালভূমির কাছে কুনিত্রা প্রদেশে ইসরাইলি গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বেসামরিক নাগরিকের এই মৃত্যুর তীব্র নিন্দা জানিয়েছে।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ‘একটি ইসরাইলি ট্যাংকের’ হামলায় ওই ব্যক্তি নিহত হয়েছে। অন্যদিকে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল একটি বাহন বা গাড়ি।

    সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে, ‘ইসরাইলি দখলদার বাহিনীর একটি বেসামরিক গাড়িকে ট্যাঙ্কের গোলা দিয়ে সংঘটিত অপরাধের তীব্র নিন্দা জানিয়েছে।’

    মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, এই হামলায় একজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে বারবার এই ধরনের লঙ্ঘন বন্ধ করতে সাহায্য করার আহ্বান জানিয়েছে।

    গত ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর, ইসরাইল গোলান মালভূমিতে ইসরাইলি ও সিরীয় বাহিনীকে পৃথককারী একটি জাতিসংঘ-নিয়ন্ত্রিত বাফার জোনে সৈন্য পাঠায়।

    এরপর থেকে ইসরাইল সিরিয়ার ভূখণ্ডে বারবার অনুপ্রবেশ ও বোমা হামলা চালিয়েছে এবং দেশটির দক্ষিণে একটি নিরস্ত্রীকরণ অঞ্চল প্রতিষ্ঠার কথা বলেছে।

    সরকারি সংবাদমাধ্যম নিয়মিতভাবে দক্ষিণ সিরিয়ায় ইসরাইলের অনুপ্রবেশ এবং কখনও কখনও ব্যক্তিদের আটকসংক্রান্ত খবর প্রকাশ করে আসছে।

    গতকাল শুক্রবার সকালে সানা জানায়, কুনেইত্রা প্রদেশে ইসরাইলি বাহিনী ‘এলাকায় তাদের স্থাপিত নতুন সামরিক অবস্থানের দিকে যাওয়ার বেশ কয়েকটি রাস্তা’ বন্ধ করে দিয়েছে, যার ফলে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের চলাচল সীমিত হয়ে পড়েছে।

    সংবাদমাধ্যম আরও জানিয়েছে, ইসরাইলি বাহিনী একটি গ্রামে সাময়িক চেকপয়েন্ট স্থাপন করেছে এবং সেখানে পথচারীদের তল্লাশি চালানো হয়েছে।

    গত মাসে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, দক্ষিণাঞ্চলীয় সুয়েদা প্রদেশে দ্রুজ সম্প্রদায়ের ওপর কথিত হামলার জবাবে তারা সিরীয় সেনাবাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে এবং সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘একটি জঘন্য হামলা’বলে আখ্যা দিয়েছে।

    গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান আক্রমণের পর মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ চলছে, ঠিক তখনই ইসরাইলি  বাহিনী হামলাগুলো চালিয়েছে।

    গত ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে নেয় এবং পরে নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোকে সংযুক্ত করে। যা আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগই স্বীকৃতি দেয়নি।

    উভয় দেশের মধ্যে উত্তেজনার পরও, ইসরাইল ও সিরিয়ার নতুন সরকার কয়েক দফা সরাসরি আলোচনার আয়োজন করেছে এবং নিরাপত্তা চুক্তির দিকে অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে একটি যৌথ নিরাপত্তা ব্যবস্থা স্থাপনে সম্মত হয়েছে।

  • আফগানিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প, একই পরিবারের নিহত ৮

    আফগানিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প, একই পরিবারের নিহত ৮

    আফগানিস্তানে গত রাতে আঘাত হানা এক ভূমিকম্পে কাবুল প্রদেশে একই পরিবারের আট সদস্য নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে জানা গেছে, গতকাল শুক্রবার স্থানীয়  সময় রাত ৮টা ৪২ মিনিটে উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশের কেন্দ্রস্থলে ভূপৃষ্ঠ থেকে ১৮৬ কিলোমিটার (১১৫ মাইল) গভীরে ৫.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

    সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদকরা জানিয়েছেন, ভূমিকম্পের কম্পন দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে রাজধানী কাবুলে অনুভূত হয়েছে।

    দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান সাংবাদিকদের জানিয়েছেন, ‘কাবুল প্রদেশের গোসফান্দ দারা এলাকায় ভূমিকম্পের কারণে একই পরিবারের ৮ জন নিহত হয়েছে।’

    তিনি আরও জানিয়েছেন, ওই পরিবারের দুই বছর বয়সি এক শিশু জীবিত রয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ওই শিশু ভূকম্পনের সময় আহত হয়েছে।

    আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান, বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা অঞ্চল, ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থলে হওয়ায় সেখানে প্রায়শই শক্তিশালী ভূমিকম্প হয়।

    গত আগস্টে পূর্ব আফগানিস্তানে ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে পাহাড়ি গ্রামগুলো নিশ্চিহ্ন হয়ে যায় এবং ২,২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়, যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক ভূমিকম্প।

  • ট্রাম্পের ‘যুদ্ধ বন্ধের’ আশ্বাসে কমেছে তেলের দাম

    ট্রাম্পের ‘যুদ্ধ বন্ধের’ আশ্বাসে কমেছে তেলের দাম

    ইরানের সঙ্গে চুক্তি হোক বা না হোক ডোনাল্ড ট্রাম্প চান এই যুদ্ধ দ্রুততম সময়ের মাঝে শেষ করতে। মার্কিন প্রেসিডেন্টের এমন আশ্বাসের পর বিশ্ববাজারে কমেছে তেলের দাম। একই সঙ্গে ইউরোপের শেয়ারবাজারও বেড়েছে।

    ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে। বুধবার দিনের শুরুতে তেলের দাম ৩ শতাংশেরও বেশি কমে গিয়েছিল। সর্বশেষ তা ৯৯.৩২ ডলারে লেনদেন হচ্ছে।

    ইউরোপের শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। লন্ডনের এফটিএসই ১০০ সূচক ১.৭ শতাংশ বেড়েছে। জার্মানির ডিএএক্স বেড়েছে ২.৫ শতাংশ এবং ফ্রান্সের সিএসি ৪০ সূচক ২.১ শতাংশ উর্ধ্বমুখী হয়েছে।

    বিশ্লেষকরা বলছেন, গত পাঁচ সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধের কারণে তেলের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা গেছে। বিশেষ করে যুদ্ধের শুরুতে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আংশিকভাবে বন্ধ করে দিলে সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়।

    তবে সাম্প্রতিক পতন সত্ত্বেও তেলের দাম এখনো যুদ্ধ শুরুর আগের তুলনায় অনেক বেশি। ২৮ ফেব্রুয়ারির তুলনায় ব্রেন্ট ক্রুডের দাম এখনো প্রায় ৩৯ শতাংশ বেশি রয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ পরিস্থিতির অগ্রগতি এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার ওপর নির্ভর করেই আগামী দিনে তেলের বাজারের দিক নির্ধারিত হবে।

  • ক্রিমিয়ায় ২৯ আরোহী নিয়ে বিধ্বস্ত রুশ বিমান, সবাই নিহত

    ক্রিমিয়ায় ২৯ আরোহী নিয়ে বিধ্বস্ত রুশ বিমান, সবাই নিহত

    রাশিয়ার ক্রিমিয়ায় পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল এএন-২৬ মডেলের একটি রাশিয়ার সেনা বিমান। এতে বিমানটির ছয় ক্রুসহ ২৯ জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

    স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর তাস নিউজের।

    রুশ সরকারি সংবাদমাধ্যম তাসকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি ২৯ আরোহী নিয়ে রুটিন মহড়ায় বেরিয়েছিল।

    ওড়ার কিছুক্ষণ পরেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরই জানা যায়, বিমানটি ক্রিমিয়ার কাছে পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে। খবর পেয়েই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়।

    এই ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তা হলে কি ইউক্রেনের কোনও হামলার শিকার হল রুশ সেনা বিমানটি? যদিও রুশ সেনাবাহিনীর তরফে, সেই জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে।

    রাশিয়ার দাবি, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণেই দুর্ঘটনা। তবে ব্ল্যাকবক্স উদ্ধার না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো কিছু বলতে পারছে না সেনাবাহিনী।

    সোভিয়েত জমানার এই বিমান মূলত সামরিক সরঞ্জাম এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার হয়। স্বল্প থেকে মাঝারি দূরত্বে সামরিক সরঞ্জাম বহনে এবং স্বল্প সংখ্যক যাত্রী বহনে সক্ষম এই বিমান।

    এএন-২৬ মডেলের এই বিমান এর আগেও বেশ কয়েক বার দুর্ঘটনার শিকার হয়েছে। ২০২০ সালে ইউক্রেনের খারকিভে ভেঙে পড়েছিল ২৮ জনকে নিয়ে।

    সেই দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। ২০২২ সালে আরও একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল।