Blog

  • বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

    বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

    অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে।

    তিনি আজ সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা জানান।

    সংসদ সদস্য অর্থমন্ত্রীর কাছে জানতে চান, বর্তমানে বাংলাদেশে বৈদেশিক ঋণের পরিমাণ কত? উক্ত ঋণ পরিশোধে এই পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই পর্যন্ত কোনো ঋণ পরিশোধ করেছে কিনা; করলে, তা কী?

    জবাবে মন্ত্রী বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮,০৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ।

    তিনি জানান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ করে থাকে। প্রতি অর্থবছর বৈদেশিক ঋণ পরিশোধের জন্য ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য মোট ব্যয় কত হতে পারে তার একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সে পরিমাণ অর্থ ঋণ পরিশোধ বাবদ বাজেটে সংস্থান রাখা হয়। বাজেট বরাদ্দ ব্যবহার করেই সারাবছর পরিশোধ সূচি অনুসরণ করে ঋণ পরিশোধ করা হচ্ছে।

  • ইইউ’র মধ্যে ইতালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার : স্বরাষ্ট্রমন্ত্রী

    ইইউ’র মধ্যে ইতালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার : স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইতালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দেশটির সঙ্গে নিরাপদ অভিবাসনসহ সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র রয়েছে।

    তিনি বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেজন্য বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়। বাংলাদেশ এ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখাসহ অদূর ভবিষ্যতে দেশটির সঙ্গে সহযোগিতা আরো জোরদার করতে চায়।

    মন্ত্রীর সঙ্গে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

    বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূতও নতুন পোর্টফলিওতে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান।

    বৈঠকে রাষ্ট্রদূত বলেন, ইতালি দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে চলমান রাখাসহ এটিকে বিস্তৃত করতে আগ্রহী।

    তিনি জানান, ইতালির বর্তমান সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও অবৈধ অভিবাসন প্রতিরোধে বদ্ধপরিকর। অভিবাসন ইস্যুটি দেশটির অগ্রাধিকার তালিকায় রয়েছে।

    তিনি আরো বলেন, ইতালিতে আগামী জুন মাস থেকে নতুন অভিবাসন নীতি কার্যকর হবে।

    রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে নিরাপদ অভিবাসন, দ্বিপাক্ষিক শ্রমবাজার এবং দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা গত বছরের জুলাইয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পরবর্তী সভা ইতালিতে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

    সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইতালির ইন্টেরিয়র মিনিস্টারের অভিনন্দন পত্র মন্ত্রীর হাতে তুলে দেন এবং মন্ত্রীকে ইতালি সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী এ বছরের সুবিধাজনক সময়ে ইতালি সফর করবেন বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

    বৈঠকে দু’দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, নিরাপদ অভিবাসন, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা, অর্থনৈতিক সহযোগিতা ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

    সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ বিষয়ক পরিচালক অনির্বাণ নিয়োগী এবং ইতালি দূতাবাসের হেড অব কনস্যুলার চ্যান্সেরি লরা শেলা প্রমুখ উপস্থিত ছিলেন।

  • জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

    জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের মজুতের কোনো বড় সংকট নেই। মূলত ‘প্যানিক বায়িং’ বা প্রয়োজনের অতিরিক্ত তেল কেনার ভীতি এবং অসাধু ব্যবসায়ীদের অবৈধ মজুতের প্রবণতাই বাজারে একটি কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

    আজ (মঙ্গলবার) সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

    এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী উপস্থিত ছিলেন।

    পেট্রোল পাম্পভিত্তিক সরবরাহের তুলনামূলক চিত্র তুলে ধরে উপদেষ্টা জানান, রাজধানীর পিডব্লিউডি স্পোর্টস ক্লাব (আসাদ গেইট) পাম্পে গত বছর পুরো মাসে মোট ৩ লাখ ১৫ হাজার লিটার অকটেন সরবরাহ করা হয়। কিন্তু চলতি বছর এপ্রিলের মাত্র ১৯ দিনেই ২ লাখ ৭০ হাজার লিটার সরবরাহ করা হয়েছে। ডিজেলের ক্ষেত্রেও গত বছরের পুরো মাসের সরবরাহ (২ লাখ ২১ হাজার ৫০০ লিটার) এ বছর এপ্রিলের প্রথম ১৯ দিনেই সম্পন্ন হয়েছে।

    একইভাবে সততা ফিলিং স্টেশনে (তেজগাঁও) ১৯ দিনে ১ লাখ ৮০ হাজার লিটার ডিজেল এবং পূর্বাচল ট্রেডার্সে (পরিবাগ) ১৯ দিনে গত বছরের পুরো মাসের চেয়েও বেশি অর্থাৎ ৬৭ হাজার ৫০০ লিটার পেট্রোল সরবরাহ করা হয়েছে।

    জ্বালানি মজুদ ও সরবরাহ পরিস্থিতির সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরে উপদেষ্টা জানান, ১৯ এপ্রিল পর্যন্ত দেশে ডিজেল ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন; অকটেন ২৭ হাজার ৬০২ মেট্রিক টন; পেট্রোল ১ লাখ ৮৪ হাজার ৫৪ মেট্রিক টন এবং জেট ফুয়েল ২১ হাজার ৩৮২ মেট্রিক টন মজুত রয়েছে।

    উপদেষ্টা বলেন, ‘সাপ্লাইয়ের বড় কোনো সংকট নেই। নতুন জ্বালানি নিয়ে জাহাজ আসছে। কিন্তু প্যানিক বায়িংয়ের কারণে চাহিদা এখন স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে।’

    তিনি আরও জানান, বর্ধিত চাহিদার প্রেক্ষিতে বিপিসির অধীন কোম্পানিগুলোকে ২০ এপ্রিল থেকে বর্ধিত হারে জ্বালানি বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে ডিজেল ১০%, পেট্রোল ১০% এবং অকটেন ২০% বেশি হারে বরাদ্দ দেওয়া হচ্ছে।

    অবৈধ মজুতবিরোধী অভিযান প্রসঙ্গে ব্রিফিংয়ে জানানো হয়, ১৯ এপ্রিল পর্যন্ত অবৈধ মজুত সংক্রান্ত ৫৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে ৪৭টি মামলার বিপরীতে মোট ১ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৭১৫ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১০ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

    উপদেষ্টা জানান, অভিযানে মোট ৫ লাখ ৬২ হাজার ৮২১ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৮০৫ লিটার ডিজেল; ৪০ হাজার ৪০১ লিটার অকটেন; ৯২ হাজার ১১৫ লিটার পেট্রোল এবং চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়।

    তিনি জানান, জ্বালানি বিতরণ শৃঙ্খলায় আনতে ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তৃতি করা হয়েছে। ঢাকা ছাড়াও এখন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহসহ প্রধান বিভাগীয় ও জেলা শহরগুলোর মোটরসাইকেল চালকরা রেজিস্ট্রেশন করতে পারছেন।

    ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, বর্তমানে মোট রেজিস্ট্রেশন ১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। তবে আপাতত ঢাকা জেলার ১৮টি নির্ধারিত পাম্প থেকে নিবন্ধিত চালকরা ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি তেল নিতে পারবেন।

    গণপরিবহনের ভাড়া বৃদ্ধির বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার ভোক্তা এবং পরিবহন মালিক উভয় পক্ষের স্বার্থ রক্ষায় কাজ করছে। ভাড়া বাড়লে দ্রব্যমূল্যে তার প্রভাব পড়ার আশঙ্কা থাকে, তাই সরকার দরিদ্র জনগোষ্ঠীর পাশে থাকতে বিশেষ উদ্যোগ নিয়েছে।

    ব্রিফিংয়ে সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অগ্রগতির তথ্য তুলে ধরা হয়। এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত আধুনিক ‘এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে’র কার্যক্রম শুরু করেছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়। যা আকাশসীমা ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা বাড়াবে।

    ব্রিফিংয়ে জানানো হয়, ইটভাটায় কৃষিজমির মাটির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সুন্দরবনে দস্যুতা রোধে ‘অপারেশন রিস্টোর’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ’ অব্যাহত রেখেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। হাওর ও প্রত্যন্ত অঞ্চলে ৪শ’টি ওয়াইফাই হটস্পট স্থাপন করা হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

    এছাড়া বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, স্বাস্থ্যখাতে হামের টিকা কার্যক্রম এবং মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

  • নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

    নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

    হাঙ্গেরির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পেতের মাগিয়ার ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুদাপেস্ট সফরে গেলে তাকে গ্রেফতার করা হতে পারে।

    সোমবার (২০ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেতের মাগিয়ার বলেন, ‘যদি কোনো দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হয় এবং কোনো ব্যক্তি যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে আমাদের ভূখণ্ডে প্রবেশ করেন, তাহলে তাকে অবশ্যই হেফাজতে নিতে হবে।’

    রয়টার্সের অনুবাদ অনুযায়ী তিনি আরও জানান, তিনি নেতানিয়াহুকে হাঙ্গেরিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের ব্যবস্থায় পুনরায় যুক্ত করার ইচ্ছার কথা জানিয়েছেন।

    বর্তমান প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান পূর্বে নেতানিয়াহুর ডানপন্থী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং ২০২৫ সালে নেতানিয়াহুকে বুদাপেস্টে স্বাগত জানানোর আগেই হাঙ্গেরিকে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বের হয়ে যাওয়ার পথে নিয়েছিলেন।

    আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালে গাজা যুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে উভয়ই সব অভিযোগ অস্বীকার করেছেন।

    সূত্র: সিএনএন

  • ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এলআর দলের প্রার্থী ব্রুনো রেতাইয়ো

    ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এলআর দলের প্রার্থী ব্রুনো রেতাইয়ো

    ফ্রান্সের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো আনুষ্ঠানিকভাবে দেশটির আসন্ন ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

    রোববার (১৯ এপ্রিল) ডানপন্থী রাজনৈতিক দল লে রিপাবলিক্যাঁ (এলআর)- এর অভ্যন্তরীণ ভোটাভুটিতে বিপুল সমর্থন পেয়ে তিনি দলীয় মনোনয়ন অর্জন করেন।

    দলের বর্তমান সভাপতি এবং ফ্রান্সের উচ্চকক্ষ সিনেটের সদস্য রেতাইয়ো দীর্ঘদিন ধরে ফরাসি ডানপন্থী রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে বিবেচিত হয়ে আসছেন। অভ্যন্তরীণ এই নির্বাচনে প্রায় ৭৬ হাজার নিবন্ধিত সদস্য অংশ নেন, যেখানে তিনি প্রায় ৭৩ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বড় ব্যবধানে এগিয়ে থাকেন। ফলে তাকে আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এলআর দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা করা হয়।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রেতাইয়োর এই প্রার্থিতা ফ্রান্সের ডানপন্থী রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে পারে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে ডানপন্থী ভোটব্যাংকের পুনর্গঠন ও নেতৃত্বের প্রশ্নে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

    উল্লেখ্য, এলআর দলের ইতিহাসে সর্বশেষ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন নিকোলা সারকোজি, যিনি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। সে সময় দলটির নাম ছিল ইউনিয়ন ফর আ পপুলার মুভমেন্ট বা ইউএমপি।পরে ২০১৫ সালে দলটির পুনর্গঠন করে বর্তমান নাম লে রিপাবলিক্যাঁ রাখা হয়।

    বিশ্লেষকদের মতে, ২০২৭ সালের নির্বাচনে রেতাইয়োকে শুধু বামপন্থী বা মধ্যপন্থী প্রার্থীদের সঙ্গেই নয়, বরং ডানপন্থী শিবিরের ভেতরেও শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হতে পারে। ফলে তার এই মনোনয়ন ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ পার হচ্ছে ইরানের জাহাজ

    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ পার হচ্ছে ইরানের জাহাজ

    যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করছে ইরানের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ। ‘শুজা ২’ নামের এই জাহাজটির হরমুজ প্রণালি পার হওয়ার খবর দিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ।

    প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি ইরানের বন্দর আব্বাসের কাছে শহীদ রাজায়ী বন্দর থেকে যাত্রা শুরু করেছে। বর্তমানে এটি ভারতের কান্ডলা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

    আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তারা তাসনিম নিউজের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে সমুদ্রযান চলাচল পর্যালোচনাকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালিতেই অবস্থান করছে। মেরিন ট্রাফিকের তথ্যে দেখা যাচ্ছে, শুজা ২-এর গন্তব্য ভারত।