দুই বছর পর দিলরুবা

বিনোদন: দু’বছর পর আবার অভিনয় করছেন দর্শকপ্রিয় উপস্থাপক দিলরুবা সাথী। রেজানুর রহমানের রচনা ও নির্দেশনায় তিনি অভিনয় করছেন স্বাধীনতা দিবসের বিশেষ টেলিছবি ‘এইমাত্র পাওয়া খবর’-এ। গতকাল সকাল থেকে রাজধানীর উত্তরায় টেলিছবিটির শুটিং শুরু হয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করছেন রাজীব সালেহীন। টেলিছবির গল্পে দিলরুবা সাথীর চরিত্রের নাম সুবর্ণা। যে একজন মঞ্চকর্মী এবং বুদ্ধিজীবী পরিবারের সন্তান।
সোহান নামের যে ছেলেটির সঙ্গে তার বন্ধুত্ব সে রাজাকার পরিবারের সন্তান। এই নিয়েই দ্বন্দ্ব এবং শেষতক মেয়েটাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। আবারো রেজানুর রহমানের নির্দেশনায় অভিনয় প্রসঙ্গে দিলরুবা সাথী বলেন, দু’বছর আগে রেজানুর রহমান ভাইয়ের নির্দেশনায়ই কাজ করেছিলাম। তারই নির্দেশনায় আবারো অভিনয় করছি। টেলিছবির গল্প এবং এতে শিল্পীদের অভিনয় আশা করছি দর্শকের ভালো লাগবে। আসছে স্বাধীনতা দিবসে টেলিছবিটি চ্যানেল আইতে প্রচার হবে। প্রসঙ্গত, দিলরুবা সাথী সর্বশেষ দু’বছর আগে রেজানুর রহমানের নির্দেশনায় ‘সাইরেন’ টেলিছবিতে অভিনয় করেছিলেন। এদিকে এ পর্দাকন্যা চ্যানেল আইতে প্রচার চলতি অনন্যা রুমার প্রযোজনায় ‘তারকা কথন’, ‘গানে গানে সকাল শুরু’, ‘আমার যত গান’-এর নিয়মিত উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন বিশেষ দিবসের নানা অনুষ্ঠানও উপস্থাপনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *