যুদ্ধকালীন অবস্থা বিবেচনায় পরিস্থিতি মোকাবিলা করুন : মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, যুদ্ধকালীন অবস্থা বিবেচনায় নিয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করতে হবে। অ্যাডিস মশার উত্সগুলো ধ্বংস করতে সেনাবাহিনীসহ সব বাহিনীকে কাজে লাগান। যে কোনো মূল্যে মশা মারার কার্যকর ওষুধ ছিটাতে হবে।

গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সাম্যবাদী দল আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও সামাজিক অবক্ষয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সারাদেশে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়েছে। ডেঙ্গুর বিস্তারে শিক্ষার্থীদের অভিভাবকরা এখন উদ্বিগ্ন। স্কুলের ছেলেমেয়েরা ভয় পাচ্ছে। পবিত্র ঈদুল আজহাও কাছাকাছি চলে এসেছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের আগাম ছুটি দিয়ে দিতে মোহাম্মদ নাসিম শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান।

মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমন করেছি। শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে সফল হয়েছি। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এখন আমরা ডেঙ্গু সমস্যার সম্মুখীন। জনগণ কষ্ট পাচ্ছে। জনগণের দুঃখ-কষ্টে আমরা সব সময়ই পাশে থাকি। কিছু দায়িত্বহীন ব্যক্তির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। বারবার আগাম সতর্কবার্তা দেওয়ার পরও কেন ব্যবস্থা নেওয়া হয়নি? অনেকে বলেছেন, সময়মতো সিদ্ধান্ত গ্রহণ করা হলে এমন অবস্থার সৃষ্টি হতো না। আমরা ম্যালেরিয়া, ধনুষ্টংকার ও পোলিওমুক্ত করেছি। শিশু ও মাতৃমৃত্যুর হার কমিয়েছি। ডেঙ্গুর কাছে পরাজিত হতে পারি না।’ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণ-আজাদী লীগের সভাপতি এস কে শিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, কমিউনিস্ট কেন্দ্রের রেজাউর রশীদ খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *