Category: আন্তর্জাতিক

  • ভয়াবহ অগ্নিকাণ্ডের ব্যাপক ক্ষতিগ্রস্ত জার্মানির হামবুর্গের একটি হাসপাতাল

    ভয়াবহ অগ্নিকাণ্ডের ব্যাপক ক্ষতিগ্রস্ত জার্মানির হামবুর্গের একটি হাসপাতাল

    আন্তর্জাতিক ডেস্ক:  ভয়াবহ অগ্নিকাণ্ডের ব্যাপক ক্ষতিগ্রস্ত জার্মানির হামবুর্গের একটি হাসপাতাল। আগুনে পুড়ে প্রাণ হারিয়েছে অন্তত ৩ জন। এ ঘটনায় আহত হয়েছে ৩৫ জনের বেশি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোববার (১ জুন) মধ্যরাতে মারিয়েন হাসপাতালের নিচতলা থেকে হঠাৎ ছড়িয়ে পড়ে আগুন। গুরুতর আহত হয় হাসপাতালটির রোগীসহ ৩৫ জনের বেশি মানুষ। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে অন্তত ১৮ জন।

    আগুন ছড়িয়ে পড়লে জরুরিভাবে খালি করা হয় হাসপাতালটির বেশ কয়েকটি ইউনিট। গুরুতর আহত ২ জনকে চিকিৎসা দিতে পাশের একটি হাসপাতালে নেয়া হয়।

    অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র লরেঞ্জ আর্টম্যান জানান, বয়সজনিত কারণে চলাফেরায় অক্ষম বেশ কয়েকজন ব্যক্তিকে ধরে করিডোরে সরিয়ে নিতে হয়েছে। আগুন অন্যান্য রোগীদের কক্ষে ছড়িয়ে পড়ার আগেই অগ্নিনির্বাপক কর্মীরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

    তবে এখনও জানা যায়নি আগুন লাগার কারণ। অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে হামবুর্গ পুলিশ।

  • মমতা বাংলাদেশিদের জন্য তার সীমান্ত খুলে দিয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ

    মমতা বাংলাদেশিদের জন্য তার সীমান্ত খুলে দিয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ

    আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশিদের জন্য তার সীমান্ত খুলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ। তার অভিযোগ, ভোট ব্যাংক সমৃদ্ধ করতেই মমতা এমনটা করছেন।

    রোববার (১ জুন) কলকাতার স্টেডিয়ামে বিজেপির সাংগঠনিক সভায় অমিত শাহ এসব কথা বলেন। আরও বলেন, মমতা ব্যানার্জি কখনও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পারবেন না।

    অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন শুধু বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবে না, জাতীয় নিরাপত্তার ওপরও প্রভাব ফেলবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের জন্য দেশের সীমান্ত খুলে দিয়েছেন। তিনি অনুপ্রবেশের অনুমতি দিচ্ছেন। এই অনুপ্রবেশ ঠেকাতে পারবে একমাত্র বিজেপি।

    তিনি বলেন, আমরা সীমান্তে বেড়া নির্মাণের জন্য তার কাছে জমি চেয়েছি কিন্তু তিনি তা দিচ্ছেন না। যাতে অনুপ্রবেশ চলতে থাকে এবং তার ভাগ্নে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারে। কিন্তু এটা হবে না।

    একই সভায় অমিত শাহ উল্লেখ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মুসলিম ভোট ব্যাংককে তুষ্ট করার জন্য’ অপারেশন সিঁদুর এবং ওয়াকফ সংশোধনী আইনের ‘বিরোধিতা’ করেছেন।

    তিনি বলেন, মুসলিম ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য, মমতা দিদি অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছিলেন। এর মাধ্যমে তিনি এই দেশের মা ও বোনদের অপমান করছেন। ২০২৬ সালে (বিধানসভা ভোটে) মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে সমালোচনা করার জন্য শিক্ষা দেবেন।

    মমতা সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন, বিজেপি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অপারেশন সিঁদুরকে কাজে লাগানোর চেষ্টা করছে।

  • প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চল

    প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চল

     আন্তর্জাতিক ডেস্ক:  প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চল। আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরামের মতো রাজ্যগুলোতে গত দু’দিনে বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে মৃত্যু হয়েছে অন্তত ৩২ জনের। রোববার (১ মে) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

    বাংলাদেশের উত্তরবঙ্গ এবং সংলগ্ন মেঘালয়ের ওপর সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে এই ভয়াবহ দুর্যোগের সৃষ্টি হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ।

    গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে আসামের ১৭টি জেলায় বন্যা ও ভূমিধসে আটজন নিহত এবং ৭৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক বৃষ্টিপাতে ধসে পড়েছে অনেক ঘরবাড়ি; প্লাবিত বহু এলাকা। পাহাড়ি এলাকায় হয়েছে ভূমিধস।

    আসামের ১২টি জেলা ক্ষতিগ্রস্ত। অন্যান্য রাজ্যগুলোয় হতাহত বহু মানুষ। বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে অনেক পরিবার। বিভিন্ন স্থানে বন্ধ অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান।

    ভারতীয় আবহাওয়া বিভাগ উত্তর-পূর্বাঞ্চলের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে, আগামী কয়েক দিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

    এদিকে, ব্যাপক জলাবদ্ধতার কারণে গুয়াহাটির কিছু অংশ টানা দ্বিতীয় দিনের মতো প্লাবিত হয়েছে, যার ফলে উদ্ধারকারী দল আটকে পড়া বাসিন্দাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

  • সুইজারল্যান্ডে বিশাল হিমবাহ ধসের ফলে তছনছ আলপ্স পর্বত সংলগ্ন ব্লাটেন গ্রামের প্রায় পুরো অংশ

    সুইজারল্যান্ডে বিশাল হিমবাহ ধসের ফলে তছনছ আলপ্স পর্বত সংলগ্ন ব্লাটেন গ্রামের প্রায় পুরো অংশ

    আন্তর্জাতিক ডেস্ক:      সুইজারল্যান্ডে বিশাল হিমবাহ ধসের ফলে তছনছ হয়ে গেছে আলপ্স পর্বত সংলগ্ন ব্লাটেন গ্রামের প্রায় পুরো অংশই। প্রাণে বেঁচে গেলেও সব হারিয়ে আজ নিঃস্ব গ্রামবাসীরা। জলবায়ু পরিবর্তনের কারণেই এ দুর্যোগ, বলছেন বিশেষজ্ঞরা।

    ঘটনার শুরু অবশ্য প্রায় ২ সপ্তাহ আগে। পাহাড়ের বিভিন্ন স্থানে দফায় দফায় ভূমিধস হয়। তবে সেগুলো খুব বড় মাত্রায় ছিলো না। তারপরও সতর্কতা জারি করে প্রশাসন। বাড়ি ছাড়েন প্রায় ৩০০ বাসিন্দা।

    এরইমধ্যে গত বুধবার ধসে পড়ে পাহাড়ের বিশাল হিমবাহ। তারই প্রভাবে বিস্তীর্ণ এলাকাজুড়ে শুরু হয় তুষার এবং পাহাড় ধস। টন টন বরফ, মাটি এবং পাথরের নিচে চাপা পড়ে বিশাল এলাকা।

    এ ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রাণে বেঁচে গেলেও সর্বস্ব হারিয়ে নিঃস্ব গ্রামটির বাসিন্দারা। ক্ষতিগ্রস্তরা যেন আবার সেখানে নতুন করে জীবন শুরু করতে পারেন, সে জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সুইস সরকার।

    আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের কারণে ধসে পড়ছে বিশালাকারের এসব হিমবাহ। ফলে আলপ্স পর্বতমালা সংলগ্ন এলাকাগুলোয় প্রায়ই ঘটছে এমন দুর্ঘটনা।

  • গাজা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস

    গাজা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস

    আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েল সমর্থিত মার্কিন প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে হামাস। ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে আজ শুক্রবার (৩০ মে) এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

    প্রস্তাবে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের কোনো সমাধান না থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে হামাস, বলে দাবি করে সংবাদমাধ্যমটি। এছাড়াও, পরিকল্পনায় উপেক্ষা করা হয়েছে মূল দাবিগুলোকে, অভিযোগ হামাসের। তবে বিস্তারিত কোনো কারণ দর্শানো হয়নি।

    এর আগে, বৃহস্পতিবার (২৯ মে) হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে সম্মতি দিয়েছে ইসরায়েল।

    বলা হচ্ছিলো, চুক্তিটি কার্যকর হলে কমপক্ষে ৬০ দিনের যুদ্ধবিরতি হতে পারে উপত্যকায়। এর আগে উইটকফের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছিলো হামাস।

  • ইরানে হামলা করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ইরানে হামলা করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক:   পরমাণু আলোচনার মাঝে ইরানে হামলা করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    বুধবার (২৮ মে) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপের সময় এ কথা বলেন তিনি। সেদিনই এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

    অপরদিকে, হোয়াইট হাউসে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সাথে আমাদের পরমাণু আলোচনা সঠিক পথে এগুচ্ছে। আমরা স্থায়ী সমাধানের দ্বারপ্রান্তে। তেহরানও স্থায়ী সমাধানে আগ্রহী। এজন্য নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছি, ইরানে হামলার এখন সঠিক সময় নয়।

    এ সময়, সব ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি চুক্তিও হতে পারে বলে জানান তিনি।

    এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ কিছুদিন ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার হুমকি দিয়ে আসছেন। আর ইরান বলছে, যদি এমন কোনও আক্রমণ চালানো হয় তবে এর কঠোর প্রতিশোধ নেয়া হবে।