Category: আন্তর্জাতিক

  • কাশ্মির ইস্যু ও ভারত-পাকিস্তান উত্তেজনা; যা বললেন ট্রাম্প

    কাশ্মির ইস্যু ও ভারত-পাকিস্তান উত্তেজনা; যা বললেন ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক:  কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপে তীব্র উত্তেজনা চলছে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। কূটনীতিকদের বহিষ্কার, ভিসা বাতিল, পানি চুক্তি বাতিল, আকাশসীমা বন্ধসহ নানা পদক্ষেপের পর সীমান্তযুদ্ধের দ্বারপ্রান্তে দেশ দুটি। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তারা (ভারত ও পাকিস্তান) নিজেরাই এটির সমাধান করে নেবে।

    স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিতে ভ্যাটিক্যানে যাওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

    ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি ভারতের খুব ঘনিষ্ঠ ও পাকিস্তানেরও খুব কাছের, কাশ্মিরে তাদের লড়াই হাজার বছর ধরে চলছে। ওটা (পেহেলগামে সন্ত্রাসী হামলা) ছিল একটা খারাপ ঘটনা।

    এ সময় দিল্লি-ইসলামাবাদ সংঘাত নিরসনে ওয়াশিংটন কোনো পদক্ষেপ নেবে কি না, এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি নিশ্চিত যে তারা কোনো না কোনোভাবে এটি সমাধান করবে। আমি উভয় নেতাকেই চিনি। পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে, কিন্তু সবসময়ই ছিল।

    কাশ্মির নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরোধ বহু পুরনো। তবে সাম্প্রতিক হামলাটি নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

    উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারতশাসিত কাশ্মিরে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা এটি।

  • সীমান্ত পার করে কোনো আগ্রাসন চালানোর চেষ্টা করলে ভারতকে চূড়ান্ত জবাব দেয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

    সীমান্ত পার করে কোনো আগ্রাসন চালানোর চেষ্টা করলে ভারতকে চূড়ান্ত জবাব দেয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

    আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সীমান্ত পার করে কোনো আগ্রাসন চালানোর চেষ্টা করলে ভারতকে চূড়ান্ত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী চৌধুরি আনোয়ারুল হক। তিনি বলেন, পাকিস্তানের সীমানা লঙ্ঘনের সাহস ভারতের নেই।

    বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আজাদ কাশ্মিরের আইন সভায় দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।

    সভায় ভারতের বিরুদ্ধে চাণক্যনীতি অনুসরনের অভিযোগ তোলেন চৌধুরি আনোয়ারুল। ভারতের অবস্থানকে তিনি কূটনীতির অবরণে ছুরি মারার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ভারত যেসব গল্প বলছে, তা ইতোমধ্যেই ধরা পড়ে গেছে।

    আজাদ কাশ্মিরের ভেতর অস্থিতিশলতা তৈরি করতে পারে ভারত- এমন সতর্ক বার্তাও দেন আনোয়ারুল হক। তিনি বলেন, ভারত যদি এমন কোনো দুঃসাহস দেখায় তবে উপযুক্ত জবাব দেয়া হবে।

    আজাদ কাশ্মিরের এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ভারত এক বছর ধরে ধারাবাহিকভাবে “পানির আগ্রাসন” চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, পূঁছ ও নীলম নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়ার মতো কাজ শুরু করেছে ভারত। এগুলো পাকিস্তানের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।

    মোদি সরকারের সন্ত্রাসের চেহারা বিশ্ব চিনে ফেলেছে বলেও মন্তব্য করেছেন আনোয়ারুল হক। তিনি বলেন, কানাডা থেকে শুরু করে কাশ্মির পর্যন্ত, মোদির ভারত রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসকে বেছে নিয়েছে। বিশ্ব আজ তা বুঝে ফেলেছে।

  • জম্মু ও কাশ্মীরে হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত

    জম্মু ও কাশ্মীরে হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত

    আন্তর্জাতিক ডেস্ক:  ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পাহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত। হামলার ঘটনার পর চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। এসব পদক্ষেপের মধ্যে পাকিস্তানি নাগরিকদের সব ধরনের ভিসা স্থগিতসহ বেশ কয়েকটি বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

    পাহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয়ার একদিন পর পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির মধ্য দিয়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে ইসলামাবাদ। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকের পর পাকিস্তান থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।

    এদিকে, আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে পাক সরকার বলছে, সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ভারতীয় ঘোষণাকে পাকিস্তান তীব্রভাবে প্রত্যাখ্যান করে। পাকিস্তানকে বরাদ্দকৃত পানি প্রবাহে বাধা দেয়া বা চুক্তি স্থগিত করা  যুদ্ধের শামিল হিসেবে বিবেচিত হবে।

  • ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয়বার বৈঠকের সিদ্ধান্ত

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয়বার বৈঠকের সিদ্ধান্ত

    আন্তর্জাতিক ডেস্ক:   পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় পরোক্ষ আলোচনার সময় উভয় পক্ষ থেকে তৃতীয়বার বৈঠকের সিদ্ধান্ত হয়। আলোচনার পরিবেশকে ‘গঠনমূলক’ বলে অভিহিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী শনিবার ওমানে তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ দেশ দুটির নেতৃত্ব দেন। দুই দেশের প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি না হয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বার্তা বিনিময় করেন।

    আগামী সপ্তাহে কারিগরি বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে, যেটি মূল আলোচনা এগিয়ে নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।

    আরাগচি বলেন, আশাবাদী কিংবা হতাশ নই, আমরা বাস্তববাদী অবস্থানে আছি। ইরান-যুক্তরাষ্ট্রের মূল দ্বন্দ্ব ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বজায় রাখার অধিকার নিয়ে। পশ্চিমা দেশগুলো সন্দেহ করে, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও তেহরান বরাবরই তা অস্বীকার করে আসছে।

  • হাইড্রোজেনভিত্তিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে চীন

    হাইড্রোজেনভিত্তিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে চীন

    আন্তর্জাতি ডেস্ক:    হাইড্রোজেনভিত্তিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে চীন। সম্প্রতি চালানো এই পরমাণুবিহীন বিধ্বংসী হাইড্রোজেন বোমার পরীক্ষার বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

    প্রতিবেদনে বলা হয়, চীনা গবেষকরা সফলভাবে একটি পরমাণুবিহীন, হাইড্রোজেনভিত্তিক বিস্ফোরক যন্ত্রের নিয়ন্ত্রিত ক্ষেত্রের পরীক্ষা চালিয়েছে। এটি একটি শক্তিশালী রাসায়নিক চেইন প্রতিক্রিয়া বা বিস্ফোরণ ঘটিয়েছে।

    সম্প্রতি চালানো এই  হাইড্রোজেন বোমার পরীক্ষা পরিচালনা করেছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এবং এটি তৈরির পেছনে কাজ করেছে চীনা রাষ্ট্রীয় সংস্থা চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের ৭০৫ নম্বর গবেষণা ইনস্টিটিউট।

    চীন এই বোমাকে ‘ক্লিন এনার্জি অস্ত্র’ হিসেবে তুলে ধরেছে। এটি মূলত ম্যাগনেশিয়াম হাইড্রাইড নামক একটি পদার্থ দিয়ে তৈরি। নতুন ধরনের এই বোমা পারমাণবিক নয়, তবে এটি অত্যন্ত উচ্চ তাপমাত্রার (১০০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) আগুনের গোলা তৈরি করতে পারে যা দুই সেকেন্ড ধরে জ্বলতে থাকে।

    বোমাটি একবার বিস্ফোরিত হলে এটি নিজেই একটি চক্রাকারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আগুন বাড়াতে থাকে। এর ফলে বিস্ফোরণের মাত্রা ও প্রভাব একাধিক ধাপে বাড়ে।

    চীনের গবেষকরা বলছেন, এই বোমার আগুনের তীব্রতা এতটাই বেশি, যা অ্যালুমিনিয়ামের মতো ধাতুও গলিয়ে ফেলতে পারে। ফলে  বিশাল এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা রয়েছে এটির।

  • স্বামীকে ঘুষ নিতে সহায়তা করার অভিযোগে দোষী সাব্যস্ত যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটরের স্ত্রী

    স্বামীকে ঘুষ নিতে সহায়তা করার অভিযোগে দোষী সাব্যস্ত যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটরের স্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক : স্বামীকে ঘুষ নিতে সহায়তা করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর ম্যানেনডেজের স্ত্রী নাদিন ম্যানেনডেজ। মঙ্গলবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

    অভিযোগ রয়েছে, রাজনৈতিক সুবিধা দেয়ার বিনিময়ে স্বামীকে ঘুষ নিতে সহায়তা করেছিলেন নাদিন। এর দায়ে সোমবার তাকে দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্ক সিটির আদলত। নাদিনকে ঘুষ, ন্যায়বিচারে বাধা এবং ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

    মামলার নথিতে নগদ ১০ মিলিয়ন ডলার, সোনার বার এবং একটি বিলাসবহুল গাড়ি ঘুষ নেয়ার কথা উল্লেখ করা হয়েছে।

    প্রসিকিউটররা বলেছেন, নাদিন তার স্বামীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। যারা সিনেটরের কাছে সহায়তা চেয়েছেন তাদের সঙ্গে লেনদেনের বিষয়ে লিয়াজোঁ করেছিলেন নাদিন। তার বিরুদ্ধে অর্থ আদায় এবং তা গোপন করার অভিযোগেও নাদিনকে দোষী সাব্যস্ত করেছে আদালত।