Category: আন্তর্জাতিক

  • মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের প্রায় পাঁচদিন পরেও জীবিতদের সন্ধানে তল্লাশি

    মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের প্রায় পাঁচদিন পরেও জীবিতদের সন্ধানে তল্লাশি

    আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের প্রায় পাঁচদিন পরেও জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। তাদের ধারণা, ধ্বংসস্তূপের ভেতর এখনও অনেকে জীবিত রয়েছেন।

    নিখোঁজদের খুঁজে পেতে চেষ্টা চালাচ্ছে চীন, রাশিয়া, ভারত’সহ বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা। জান্তা সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ২ হাজার ৭শ’র বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। শঙ্কা- দ্রুতই প্রাণহানি তিন হাজার ছাড়িয়ে যাবে। আহত হয়েছে সাড়ে চার হাজারের বেশি মানুষ। এখনও নিখোঁজ ৪৪১ জন।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের শঙ্কা, ভয়াবহ এই ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে। এই দুর্যোগে থাইল্যান্ডে মৃত্যু হয়েছে ২১ জনের।

    প্রসঙ্গত, শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটের ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। এর কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে। এলাকাটি রাজধানী নেপিদো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির তীব্র প্রভাব অনুভূত হয় প্রতিবেশী বাংলাদেশ, চীন, থাইল্যান্ড এবং ভিয়েতনামেও।

    ভূমিকম্পের ফলে মিয়ানমারের বহু ভবন, সেতু ও রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবাও বিচ্ছিন্ন অনেক জায়গায়। ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারের জন্য আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সহায়তার আবেদন করেছে সামরিক সরকার।

  • গাজায় ঈদের দ্বিতীয় দিনেও ইসরায়েলি হামলা

    গাজায় ঈদের দ্বিতীয় দিনেও ইসরায়েলি হামলা

    আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ঈদের দ্বিতীয় দিনেও ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ১২ জন একই পরিবারের সদস্য।

    এদিন উপত্যকার গাজা সিটির একটি আবাসিক এলাকায় বিমান হামলায় প্রাণ যায় তাদের। ঈদ উপলক্ষ্যে একইসাথে অবস্থান করছিলেন তারা।

    ভয়াবহ হামলার মাঝেই নতুন করে উপত্যকার দক্ষিণাঞ্চলীয় বেশকিছু স্থান খালি করার নির্দেশনা দিয়েছে তেলআবিব। ফলস্বরুপ আরও একবার রাফার পথে পথে হাজার হাজার ফিলিস্তিনি।

    এদিকে জরুরি ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় গাজার হাসপাতালগুলোতে দেখা দিয়েছে ওষুধ স্বল্পতা। যুদ্ধবিরতি ভেঙে লাগাতার ১৫ দিনের মতো চলছে ইসরায়েলি আগ্রাসন।

    উল্লেখ্য, প্রায় দেড় বছর ধরে চলমান এই নৃশংসতায় প্রাণ গেছে ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনির।

  • রুশ প্রেসিডেন্টের ওপর রাগান্বিত ডোনাল্ড ট্রাম্প

    রুশ প্রেসিডেন্টের ওপর রাগান্বিত ডোনাল্ড ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক:  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর রাগান্বিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার (৩০ মার্চ) মার্কিন গণমাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট নিজেই এমন মন্তব্য করেন।

    শিগগিরই ইউক্রেনে যুদ্ধবিরতি বন্ধ না করলে রাশিয়ার তেল রফতানির ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করা হবে বলে এ সময় ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।

    মার্কিন প্রেসিডেন্ট জানান, রুশ প্রতিনিধিদের ওপর তিনি বিরক্ত। চলতি সপ্তাহেই ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।

    এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভোলদেমির জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগেই জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন প্রশাসনের অধীনে নির্বাচনের দাবি জানান ভ্লাদিমির পুতিন।

  • ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে

    ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে

    আন্তর্জাতিক ডেস্ক:  ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। শনিবার (২৯ মার্চ) মিয়ানমারের জান্তা সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বিষয়টি নিশ্চিত করেছে।

    ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের মান্দালায় শহর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও শঙ্কা জানিয়েছে সংশ্লিষ্টরা।

    প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পকবলিত স্থানগুলোতে বিধ্বস্ত ভবনের ইট-কংক্রিটের নিচে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা প্রতি সেকেন্ডে কমে আসছে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে খালি হাতেই উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগের সদস্যরা।

    ভয়াবহ এই দুর্যোগে যেকোনো দেশ মিয়ানমারকে সহায়তা পাঠাতে পারে বলে ঘোষণা দিয়েছেন জান্তা প্রধান মিন অং লাইং।

    এর আগে, গতকাল শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় মিয়ানমারে। এরপর অনুভূত হয় ৬ দশমিক ৪ মাত্রার আরও একটি আফটার শক। ভূমিকম্পে কেঁপে ওঠে থাইল্যান্ডও। থাইল্যান্ড ছাড়াও দক্ষিণ-পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়।

  • শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মিয়ানমার ও থাইল্যান্ডে ব্যাপক হতাহতের আশঙ্কা

    শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মিয়ানমার ও থাইল্যান্ডে ব্যাপক হতাহতের আশঙ্কা

    আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মিয়ানমার ও থাইল্যান্ডে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দেশ দুটিতে ভবন ধসের পাশাপাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সরকারি অবকাঠামো। ফাটল ধরেছে সড়কে। অন্তত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মিয়ানমারের ছয়টি অঞ্চল এবং রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করার পাশাপাশি আন্তর্জাতিক সাহায্যেরও আবেদন জানিয়েছে দেশটি। ব্যাংকক শহরকে ঘোষণা করা হয়েছে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে।

    শুক্রবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মিয়ানমারের মান্দালয়ে এই ভূমিকম্প আঘাত হানে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৭। মিয়ানমারের সাগাইং থেকে ১২ কিলোমিটার দূরে ছিল এর উৎপত্তিস্থল। গভীরতা ছিল ১০ কিলোমিটার।

    ভূমিকম্পের পর মিয়ানমারের রাজধানী নেপিদোর বিভিন্ন সড়কে ফাটল দেখা দেয়। শহরে ২০ লেন পর্যন্ত প্রশস্ত রাস্তা রয়েছে যা ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এমনকি এর প্রভাবে দেশটিতে ভেঙে পড়েছে ব্রিটিশ আমলে নির্মিত আভা ব্রিজ। এটি পুরোনো সাংগাই সেতু নামেও পরিচিত। ৯১ বছর আগে নির্মিত সেতুটি আভা এবং সাংগাই অঞ্চলকে যুক্ত করেছে।

    পাশাপাশি ধর্মীয় উপাসনালয় ও আবাসিক ভবনও বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে, দেশটিতে চলমান গৃহযুদ্ধের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আরও বিশদ বিবরণ পাওয়া যায়নি।

    ভূমিকম্পের প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংকক। শহরটিতে একটি বহুতল ভবন ধসে অন্তত ৪৩ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সর্বশেষ খবর পর্যন্ত এখান থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

  • পদত্যাগ করলেন ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের কমান্ডার

    পদত্যাগ করলেন ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের কমান্ডার

    পদত্যাগ করলেন ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের কমান্ডার কর্নেল হাইম কোহেন। ২০২৩ সালের ৭ই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা প্রতিহত করতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে পদত্যাগ করলেন তিনি। বৃহস্পতিবার (২৭ মার্চ) এক প্রতিবেদণে টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ও দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ানিভ আসরকে চিঠি দিয়েছেন হাইম কোহেন। সেখানে তিনি ২০২৩ সালের ৭ই অক্টোবরের হামলার ব্যর্থতার দায় স্বীকার করেছেন। চিঠিতে বলেছেন, আমি ব্যর্থ। আগেই পদত্যাগ করতে চেয়েছিলেন তিনি।

    চিঠিতে তিনি ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট হারজি হালেভির বিরুদ্ধে তাকে পদোন্নতি না দেয়ার অভিযোগ আনেন। গত ৫ই মার্চ ওমরি মাহিয়াহকে কোহেনের স্থলাভিষিক্ত করা হয়েছে।

    উল্লেখ্য, ৭ই অক্টোবর সকালে রেইমের কাছে অবস্থিত গাজা ডিভিশনের ঘাঁটিতে নিজের ওয়ার কক্ষে অবস্থান করছিলেন কোহেন। ওই দিন নিরিমের কাছে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন দক্ষিণাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার কর্নেল আসাফ হামামি। যুদ্ধে তিনি নিহত হন এবং তার মৃতদেহটি অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়।