Category: আন্তর্জাতিক

  • কুমড়োর ওজন রীতিমতো একটি ষাঁড়ের সমান!

    কুমড়োর ওজন রীতিমতো একটি ষাঁড়ের সমান!

    আন্তর্জাতিক ডেস্ক: কুমড়োর ওজন রীতিমতো একটি ষাঁড়ের সমান! এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হলো রাশিয়া। মস্কোর এক গ্রামের কৃষক আলেক্সান্দার চুসোভের বাগানে মিললো ৮১৭ কেজি ওজনের কুমড়োটি।

    শনিবার (১৪ সেপ্টেম্বর) দেশটির সবচেয়ে পুরোনো বোটানিক্যাল গার্ডেনে অনুষ্ঠিত হয় এক প্রতিযোগিতা। সেখানে নেয়া হয় কুমড়োটি। উদ্যোক্তারা জানান, বিশালাকার কুমড়োর সব রেকর্ড ভেঙেছে সবজিটি। অতীতের রেকর্ড ছিল ৭৭১ কেজি।

    আলেক্সান্দার জানিয়েছেন, দৈনিক গড়ে ২০ কেজি করে বেড়েছে তার বাগানের কুমড়ো। শরৎ উৎসবের অংশ হিসেবে এই প্রতিযোগিতাটি চালু করেন জার পিটার দ্য গ্রেট। মূলত চাষাবাদকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছিল।

  • সংখ্যালঘু সম্প্রদায়সহ সবার নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর

    সংখ্যালঘু সম্প্রদায়সহ সবার নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর

    আন্তর্জাতিক ডেস্ক:  মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়সহ সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছেন।

    যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।

    প্রশ্ন: মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ইসলামি চরমপন্থার ক্রমবর্ধমান হুমকি ও একটি ইসলামি খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেছেন। তবে তিনি (তুলসী) মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সরাসরি দায়ী করেননি- ইউনূস সরকারও এসব উদ্বেগকে তীব্রভাবে অস্বীকার করেছে, এগুলোকে অসত্য বলে অভিহিত করেছে। এ ছাড়া গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয়ে খিলাফতপন্থী বিশাল একটি র‍্যালি হয়েছে বলে উল্লেখ করেন প্রশ্নকারী। মার্কিন সরকারের চলমান উদ্বেগের পরিপ্রেক্ষিতে, যুক্তরাষ্ট্র কী ইউনূস সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করছে?

    উত্তরে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, আমরা যেকোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার যেকোনো ঘটনার নিন্দা জানাই এবং বাংলাদেশের সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানাই। আমরা এটাই দেখছি। এটাই আমরা প্রত্যাশা করি। এবং এটাই অব্যাহত থাকবে।

  • বিশ্বের বিমানসংস্থাগুলোর মধ্যে সবচেয়ে লম্বা কর্মীর খেতাবধারী নাসির সুমরো মারা গেছেন

    বিশ্বের বিমানসংস্থাগুলোর মধ্যে সবচেয়ে লম্বা কর্মীর খেতাবধারী নাসির সুমরো মারা গেছেন

    আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিমানসংস্থাগুলোর মধ্যে সবচেয়ে লম্বা কর্মীর খেতাবধারী নাসির সুমরো সোমবার (১৭ মার্চ) ৫৫ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) পিআইএ’র অফিশিয়াল এক্স অ্যাকাউন্টের এক পোস্টের বরাতে গালফ নিউজ এ কথা জানায়।

    বিষয়টি নিশ্চিত করেছেন নাসির সুমরোর ভাই রিয়াজ সুমরো। তিনি বলেন, বেশ কয়েক মাস ধরে তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তার ভাই। শুরুতে বাসায় চিকিৎসা নিলে প্রাথমিকভাবে কিছুটা উন্নতি হয়। কিন্তু সম্প্রতি তার অবস্থার অবনতি ঘটে। অবশেষে ফুসফুসের রোগের সাথে দীর্ঘ লড়াইয়ের পর পাকিস্তানের সিন্ধু প্রদেশের শিকারপুরে নিজ গ্রামে মারা যান তিনি। মঙ্গলবার শিকারপুরে তার জানাজা অনুষ্ঠিত হয়। তাকে সমাহিত করতে আসেন হাজার হাজার মানুষ।

    ৭ ফুট ৯ ইঞ্চি উচ্চতার অধিকারী সুমরো বিমান শিল্পের সবচেয়ে লম্বা কর্মী হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন। তিনি পাকিস্তানের সবচেয়ে লম্বা মানুষও ছিলেন। অসাধারণ উচ্চতা তাকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি। এমনকি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) তাকে চাকরির প্রস্তাবও দেয়। পরবর্তীতে বিমানবন্দর গ্রাহক পরিষেবা দলে যোগ দে তিনি।

    তার মৃত্যুর খবরে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন। সেইসাথে সুমরোর পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন। অন্যদিকে সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ, গভর্নর কামরান টেসোরিসহ অনেক রাজনৈতিক নেতাও তাকে শ্রদ্ধা জানিয়েছেন।

    বিমান শিল্পে কাজ করা সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে পাকিস্তানে সুমরোকে শ্রদ্ধাভরে স্মরণ করা হবে বলেও জানান নেতারা। কারণ হিসেবে বলা হয়, তিনি পাকিস্তানের প্রতি বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করেছিলেন। সেইসাথে অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়েও ছিলেন তিনি।

    এর আগে, গত বছর তাকে করাচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার অবস্থার সাময়িক উন্নতি হলেও শেষ রক্ষা আর হয়নি বিশ্বের বিমানসংস্থাগুলোর সবচেয়ে লম্বা কর্মীর খেতাবধারী এই ব্যক্তির।

  • যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েল

    যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েল

     আন্তর্জাতিক ডেস্ক:  যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। সিরিজ হামলায় প্রাণহানির শিকার হয়েছেন দুই শতাধিক ফিলিস্তিনি। মঙ্গলবার (১৮ মার্চ) এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

    এছাড়া হামলায় আহত হয়েছেন আরও অনেকে। যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার পর ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডজুড়ে বিমান হামলা শুরু করেছে।

    চিকিৎসাবিদদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গাজা উপত্যকা জুড়ে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে, যার মধ্যে অনেক শিশুও রয়েছে।

    আলজাজিরার সরাসরি সম্প্রচারিত আপডেটে জানিয়েছে, গাজা উপত্যকা জুড়ে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ২০০ জন ফিলিস্তিনি নিহত এবং অন্যান্য আরও অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটিই ইসরাইলের সবচেয়ে বড় হামলা।

    এদিকে আল জাজিরা আরবির সংবাদদাতা জানিয়েছেন, গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা সিটিতে ইসরাইলি বিমান হামলার ফলে কমপক্ষে ২০ জন নিহত এবং আরও ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার মধ্যাঞ্চলের আল-দারাজ পাড়া শহরে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল আল-তাবি’ইন স্কুলে ইসরাইলি যুদ্ধবিমান ও বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

    এছাড়াও দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পশ্চিমে মাওয়াসি এলাকায় তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষদের ওপর ইসরাইলি হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

    অন্যদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও হামলা শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রভিদের মতে, হামাস যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরাইল গাজায় আবারও সামরিক অভিযান শুরু করেছে বলে জানানো হয়েছে।

    ছয় সপ্তাহ ধরে চলা প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে ইসরাইল প্রবেশ করতে অস্বীকৃতি জানানোর পর ইসরাইল এবং হামাস মধ্যস্থতামূলক আলোচনা শুরু করেছিল।

    এছাড়া ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় ব্যাপকভাবে আক্রমণ চালাচ্ছে। তারা বলেছে, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে (ইসরাইলি সামরিক বাহিনী) এবং শিন বেইট গাজা উপত্যকা জুড়ে সন্ত্রাসী সংগঠন হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে আক্রমণ করছে।

  • গাজায় যুদ্ধ বিরতি ঘোষণা থাকলেও হত্যা বন্ধ হয়নি

    গাজায় যুদ্ধ বিরতি ঘোষণা থাকলেও হত্যা বন্ধ হয়নি

    আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধ বিরতি ঘোষণা থাকলেও হত্যা বন্ধ হয়নি। যুদ্ধবিরতির পরও গাজায় নিয়মিত বিরতিতে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েল। যার ফলে উপত্যকাটিতে যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত অন্তত ৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    সবশেষ গাজা সিটিতে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    এদিকে হামাস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতির সফল বাস্তবায়নে ভীত বলে অভিযুক্ত করেছে এবং তার অবরোধের ফলে ইসরায়েলি বাসিন্দা ও বন্দিরা অনাহারে রয়েছেন।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে ইসরায়েলের হামলায় মোট ৪৮ হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি।

  • এএফপি ও অন্যান্য সংবাদ সংস্থার চুক্তি বাতিলের পদক্ষেপ নেওয়া হচ্ছে: ট্রাম্পের উপদেষ্টা

    এএফপি ও অন্যান্য সংবাদ সংস্থার চুক্তি বাতিলের পদক্ষেপ নেওয়া হচ্ছে: ট্রাম্পের উপদেষ্টা

    আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বৃহস্পতিবার বলেছেন, তিনটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা ও মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত সংবাদ সংস্থাগুলোর তত্ত্বাবধানকারী ফেডারেল সংস্থার মধ্যে দীর্ঘস্থায়ী চুক্তি বাতিল করার পদক্ষেপ নেয়া হচ্ছে।
    ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
    সাবেক সাংবাদিক, বর্তমানে রাজনীতিবিদ ও ট্রাম্পের একনিষ্ঠ অনুগত ক্যারি লেক এক্স-এ প্রকাশিত এক পোস্টে, এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি), রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের সাথে চুক্তি বাতিলের পদক্ষেপ ঘোষণা দিয়ে বলেন, আমাদের বাইরের সংবাদ সংস্থাগুলোকে সংবাদ কী তা জানানোর জন্য অর্থ প্রদান করা উচিত নয়।
    লেক গত মাসে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়াতে বিশেষ উপদেষ্টা হিসেবে যোগদান করেন। সংস্থাটি ভয়েস অফ আমেরিকা (ভিওএ), রেডিও ফ্রি ইউরোপ ও রেডিও ফ্রি এশিয়ার মতো বিদেশে সংবাদ প্রতিবেদন ও সেন্সরশিপের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিবেদিতপ্রাণ কয়েকটি মিডিয়া সংস্থার তত্ত্বাবধান করে।
    লেক বলেন, ‘আমি আজ ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার জন্য ব্যয়বহুল এবং অপ্রয়োজনীয় নিউজওয়্যার চুক্তি বাতিল করার জন্য পদক্ষেপ নিয়েছি। যার মধ্যে অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স এবং এজেন্স ফ্রান্স-প্রেসের সাথে কয়েক মিলিয়ন ডলারের চুক্তিও রয়েছে।
    তিনি আরো বলেন, ‘আমাদের নিজেদেরই সংবাদ প্রকাশ করা উচিত। আর যদি তা সম্ভব না হয়, তাহলে আমেরিকান করদাতাদের জানা উচিত- কেন সম্ভব নয়।
    ইউএসএজিএম আউটলেটগুলোতে টেক্সট, ছবি ও ভিডিও পরিষেবা প্রদানের জন্য এএফপি’র বেশ কয়েকটি দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে।