Category: গণমাধ্যম

  • ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে তৎপর ইসরাইল সেনাবাহিনী, মধ্যাঞ্চলে সাইরেন

    ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে তৎপর ইসরাইল সেনাবাহিনী, মধ্যাঞ্চলে সাইরেন

    ইসরাইলি সেনাবাহিনী রোববার জানিয়েছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় ইসরাইলের মধ্যাঞ্চল জুড়ে ও অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন অংশে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে।

    জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

    সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘ইরান থেকে ইসরাইলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে।’

    বিবৃতিতে আরও বলা হয়, প্রয়োজন অনুযায়ী হুমকি প্রতিহত ও আঘাত হানতে বিমান বাহিনী কাজ করছে।

  • খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক ও ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা

    খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক ও ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। খামেনি ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় ছিলেন।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক বলেন, ‘ইরানের সর্বোচ্চ নেতার শহিদ হওয়ার পরও তাঁর পথ ও লক্ষ্য কখনো হারাবে না এবং ভুলে যাওয়া হবে না; বরং এগুলো আরও উজ্জীবিতভাবে ও উৎসাহের সঙ্গে এগিয়ে নেওয়া হবে।’

  • ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে

    ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে

    ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গতকাল শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর দেশটির দক্ষিণাঞ্চলের একটি স্কুলে নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে।

    সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন ‘মিনাব স্কুলে শহিদ শিক্ষার্থীর সংখ্যা ১০৮ জনে পৌঁছেছে এবং ত্রাণ ও ধ্বংসাবশেষ অপসারণ অভিযান এখনও চলছে।’ খবর বার্তা সংস্থা এএফপি’র।

    নিহতের সংখ্যা বা ঘটনার আশেপাশের পরিস্থিতি যাচাই করার জন্য এএফপি’র সাংবাদিক ঘটনাস্থলে পৗঁছাতে পারেনি।

    এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে, ইসরাইলি সামরিক বাহিনী এই প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

    পেন্টাগনও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে নিউ ইয়র্ক টাইমস সেন্টকমের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে: ‘চলমান সামরিক অভিযানের ফলে বেসামরিক লোকদের হতাহতের খবর আমরা জানি।  আমরা এই প্রতিবেদনগুলোকে গুরুত্ব সহকারে নিচ্ছি এবং সেগুলো খতিয়ে দেখছি।

    ওই মুখপাত্র বলেন, ‘বেসামরিক লোকদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা অপ্রত্যাশিত ঝুঁকি কমাতে সমস্ত সম্ভাব্য সতর্কতা অবলম্বন চালিয়ে যাব।’

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘এই বর্বরতম কাজটি আমাদের দেশের ওপর চালানো অগণিত অপরাধের ইতিহাসে আরও একটি কালো অধ্যায়, যা কখনও মুছে যাবে না।’

    গতকাল শনিবার সকালে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘদিনের শত্রু ইরানের বিরুদ্ধে একের পর এক হামলা শুরু করেছে।

    গতকাল শনিবার সন্ধ্যায় ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় কমপক্ষে ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছে।

  • খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

    খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

    খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর আজ রোববার বিপ্লবী গার্ডস এই প্রতিশ্রুতি দেয়।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    ইরানের বিপ্লবী গার্ডস এক বিবৃতিতে বলেছে, ‘খামেনির হত্যাকারীদের বিরুদ্ধে ইরানি জাতি কঠোর প্রতিশোধ নেবে। খামেনির হত্যাকারীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত ছেড়ে দেবে না ইরান।’

  • খাদ্যপণ্য খালাসে বিলম্ব: দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর

    খাদ্যপণ্য খালাসে বিলম্ব: দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর

    অনলাইন ডেস্ক:    আমদানিকৃত গম ও ভুট্টাবাহী লাইটার জাহাজ থেকে নির্ধারিত সময়ে পণ্য খালাস না করে, দীর্ঘদিন নদীতে নোঙর করে রাখার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

    আজ শনিবার সকালে মুন্সিগঞ্জ জেলার ধলেশ্বরী নদী এলাকায় আকস্মিক পরিদর্শনকালে মন্ত্রী এ নির্দেশ দেন।

    পরিদর্শনকালে মন্ত্রী দেখতে পান, বেশ কিছু লাইটার জাহাজ ৬ থেকে ১৮ দিন পর্যন্ত খাদ্যপণ্য বোঝাই অবস্থায় নদীতে অলস পড়ে আছে। বিধি অনুযায়ী এ সব পণ্য দ্রুত নির্ধারিত গুদামে খালাস করার কথা থাকলেও, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা করেনি।

    এ সময় নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘খাদ্যপণ্য জাহাজে অযৌক্তিকভাবে ফেলে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অধিক মুনাফা অর্জনের কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।’

    তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে বাজার ব্যবস্থাপনা ও ভোক্তা স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

    এ সময় মন্ত্রী আরও বলেন, সরকার এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই অসাধু ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।

    মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নৌপরিবহন অধিদপ্তরের অধীনে গঠিত টাস্কফোর্স নদীপথে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করে আসছে।

    গত দেড় মাসে ঢাকা, নারায়ণগঞ্জ ও যশোর অঞ্চলে মোট ৮৩৮টি জাহাজ পরিদর্শন করা হয়েছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিদ্যমান আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

    পরিদর্শন শেষে নৌপরিবহন, সড়ক ও সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম সকল আমদানিকারক, পরিবহনকারী ও ব্যবসায়ীদের নির্ধারিত বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ ও দ্রুত খাদ্যপণ্য খালাস করে যথাযথ সংরক্ষণ নিশ্চিত করার আহ্বান জানান।

  • জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশের পক্ষে প্রচার চালাবে ওআইসি: পররাষ্ট্রমন্ত্রী

    জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশের পক্ষে প্রচার চালাবে ওআইসি: পররাষ্ট্রমন্ত্রী

    অনলাইন ডেস্ক:     পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)’র সদস্য দেশগুলো বিশ্বজুড়ে জোরদার প্রচার চালাবে।

    সৌদি আরব সফর শেষে আজ (শনিবার) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

    মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের এই প্রার্থিতার বিষয়ে ওআইসিভুক্ত দেশগুলোর পূর্ণ এবং দ্ব্যর্থহীন সমর্থন পেয়েছি।

    তিনি বলেন, ‘সরকার পরিবর্তনের পর আমাদের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। সাইপ্রাস সারাবছর প্রচার চালিয়েছে, অথচ আমাদের হাতে সময় আছে মাত্র তিন মাস বা তারও কম। এটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’

    ড. রহমান জানান, বাংলাদেশের জয় নিশ্চিতে ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং কৌশল নির্ধারণ করা হয়েছে।

    তিনি বলেন, ‘আমরা তাদের পূর্ণ ও সুস্পষ্ট সমর্থন পেয়েছি।’

    পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ওআইসিভুক্ত দেশগুলো কেবল ভোট দেওয়ার প্রতিশ্রুতিই দেয়নি বরং ঢাকার পক্ষে বিশ্বজুড়ে সক্রিয়ভাবে প্রচারও চালাবে।

    তিনি জানান, প্রত্যাশা অনুযায়ী ফিলিস্তিন কয়েকদিন আগে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। ফলে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য এই পদে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী এখন শুধু  সাইপ্রাস।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ওআইসি দেশগুলোর এই সাড়াকে অত্যন্ত উৎসাহব্যঞ্জক বলে বর্ণনা করেছেন।

    তিনি বলেন, ‘আমরা খুবই ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা সুবিধাজনক সময়ে এ বিষয়ে বিস্তারিত মূল্যায়ন করব। এ পর্যন্ত পাওয়া সমর্থন বেশ জোরালো। আমাদের এই সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল হয়েছে।’

    এর আগে অন্তর্বর্তী সরকার সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে প্রার্থী হিসেবে মনোনীত করেছিল। সরকার পরিবর্তনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এই পদের জন্য ড. খলিলুর রহমানকে মনোনীত করেন।

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির নির্বাচন আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত হবে। সংস্থাটির কার্যবিধির ৩০ নম্বর বিধি অনুযায়ী এ নির্বাচন হবে।

    প্রতিষ্ঠিত আঞ্চলিক পালাক্রম পদ্ধতি অনুযায়ী ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হবেন এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে।

    জানা যায়, ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু এবং ২২ সেপ্টেম্বর থেকে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে।

    ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের ৪১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

    আঞ্চলিক ইস্যু প্রসঙ্গে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধ কারও জন্যই সুফল বয়ে আনে না বলেও মন্তব্য করেন তিনি।

    দুই সার্ক সদস্য দেশের মধ্যকার বর্তমান পরিস্থিতিকে ‘খুবই দুঃখজনক’ হিসেবে বর্ণনা করে খলিলুর রহমান বলেন, বাংলাদেশ অত্যন্ত সতর্কতার সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং এখনই কোন প্রকাশ্য বিবৃতি দেবে না।

    তিনি বলেন, আমরা আমাদের মত করে দুই বন্ধু রাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করছি যে এ ধরনের সংঘাত কারও স্বার্থ রক্ষা করে না।

    ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনরুল্লেখ করে ড. রহমান বলেন, এ বিষয়ে বাংলাদেশের নীতিতে কোন পরিবর্তন আসেনি এবং ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন আগের মতই অবিচল থাকবে।

    ওআইসি’র সাম্প্রতিক নির্বাহী সভায় অংশ নেওয়া নেতারা আস্থা প্রকাশ করে বলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন ত্বরান্বিত হবে।

    একইসঙ্গে তারা জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আবারও তাদের পূর্ণ সমর্থনের কথা জানান।