Category: গণমাধ্যম

  • বেসামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ইসরাইল

    বেসামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ইসরাইল

    অনলাইন ডেস্ক:     ইরানে ‘প্রতিরোধমূলক হামলা’ চালানোর ঘোষণা এবং জেরুজালেমে সাইরেন বাজার পর শনিবার বেসামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরাইল।

    জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    ইসরাইলের পরিবহনমন্ত্রী মিরি রেজেভ এক বিবৃতিতে জানান, নিরাপত্তাজনিত পরিস্থিতির অবনতি হওয়ায়, ইসরাইল সিভিল এভিয়েশন অথরিটির মহা-পরিচালককে আকাশপথ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে করে বেসামরিক বিমান চলাচল করতে না পারে।

  • ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র : সংবাদমাধ্যম

    ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র : সংবাদমাধ্যম

    অনলাইন ডেস্ক:    ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। এর আগে তাদের দীর্ঘদিনের আঞ্চলিক শত্রু ইরানে হামলার কথা জানায় ইসরাইল।

    ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

    একাধিক মার্কিন সংবাদমাধ্যম দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন ইসরাইলের সঙ্গে যৌথ অভিযানের অংশ হিসেবে ইরানে এই হামলা শুরু করেছে।

    এর আগে ইসরাইল জানিয়েছিল যে, তারা ইরানে হামলা চালিয়েছে এবং নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
    এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এএফপি-র মন্তব্যের অনুরোধে পেন্টাগন কোনো সাড়া দেয়নি।

  • সহিংসতার পরও মেক্সিকো বিশ্বকাপ আয়োজন নিয়ে আশাবাদী ফিফা সভাপতি

    সহিংসতার পরও মেক্সিকো বিশ্বকাপ আয়োজন নিয়ে আশাবাদী ফিফা সভাপতি

    অনলাইন ডেস্ক:     মঙ্গলবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মেক্সিকো বিশ্বকাপের খেলা আয়োজনের ব্যাপারে তিনি “খুবই আশ্বস্ত”। মাদক চক্রের নেতার হত্যার পর সৃষ্ট সহিংসতা সম্পর্কে তিনি প্রথম এই মন্তব্য করেন।

    কলম্বিয়াার বাররানকিয়া শহরে তিনি বলেন, “আমি খুবই আশাবাদী, সবকিছু ভালো আছে। এটি দারুণ এক আসর হতে যাচ্ছে।”

    দুই দিন আগে সেনাবাহিনীর হাতে মাদক চক্রের নেতা নেমেসিও ওসেগুয়েরা কারভান্টেস ওরফে “এল মেনচো” নিহত হওয়ার পর কার্টেল চক্রের সদস্যরা তান্ডব চালায়, যার প্রভাব পড়ে মেক্সিকো বিশ্বকাপের স্বাগতিক শহর  গুয়াডালাজারাতে।

    আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্বকাপের তিন আয়োজক দেশের মধ্যে মেক্সিকো একটি, অন্য দুটি হলো যুক্তরাষ্ট্র ও কানাডা।

    শক্তিশালী জালিসকো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর নেতা নিহত হওয়ার পর সারা দেশ, বিশেষ করে গুয়াডালাজারা সহিংসতায় কেঁপে ওঠে। শহরের কাছে একটি খামারে তাকে ধরার অভিযানে এবং পরবর্তী সংঘর্ষে অন্তত ৭৪ জন নিহত হন।

    কার্টেলের বন্দুকধারীরা দেশের ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে ২০টিতে সড়ক অবরোধ করে যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়। বিশ্বকাপ শুরুর চার মাসেরও কম সময় আগে এই অরাজকতা ও সহিংসতার ছবি বিশ্বজুড়ে প্রচারিত হয়। এ নিয়ে সোমবার ফিফা মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

    ইনফান্তিনো কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের এক অনুষ্ঠানে এএফপির সঙ্গে কথা বলেন।

    এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম বিশ্বকাপ দর্শকদের জন্য “কোনো ঝুঁকি নেই” বলে আশ্বস্ত করেন এবং তাদের নিরাপত্তায় পূর্ণ নিশ্চয়তা দেওয়ার কথা জানান।

    জালিস্কো অঙ্গরাজ্যের রাজধানী গুয়াডালাজারায় বিশ্বকাপের গ্রুপ পর্বেও চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম রাউন্ডের বহুল প্রতীক্ষিত উরুগুয়ে বনাম স্পেনের ম্যাচও রয়েছে।

    এছাড়া গুয়াডালাজারা ও মন্টেরেতে যৌথভাবে মার্চের শেষে বিশ্বকাপের প্লে-অফ রাউন্ড অনুষ্ঠিত হবে। এখান থেকে বিশ্বকাপের শেষ দুটি দলের যোগ্যতা নির্ধারিত হবে।

  • মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ১৭

    মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ১৭

    অনলাইন ডেস্ক:   মিয়ানমারের পশ্চিমাঞ্চলের একটি গ্রামীণ বাজারে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে বুধবার দু’টি স্থানীয় সূত্র জানিয়েছে।

    ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    পাঁচ বছর আগে সেনাবাহিনী অভ্যুত্থান ঘটানোর পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। এতে গণতন্ত্রপন্থী কর্মী ও দীর্ঘদিন ধরে দেশের প্রান্তিক এলাকাগুলোতে বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে।

    পশ্চিম উপকূলীয় রাখাইন রাজ্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি। জাতিগত সংখ্যালঘু সংগঠন আরাকান আর্মি প্রায় পুরো রাজ্যটির নিয়ন্ত্রণে রয়েছে। অঞ্চলটি জান্তা প্রশাসন অবরোধ করে রেখেছে ও নিয়মিত বিমান হামলা চালাচ্ছে।

    আরাকান আর্মি ও একটি স্থানীয় স্বেচ্ছাসেবী গোষ্ঠীর তথ্যমতে, মঙ্গলবার রাখাইন রাজ্যের রাজধানী থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর-পূর্বে পোনাগ্যুন টাউনশিপের ইয়ো এনগু গ্রামে জান্তা বাহিনী বিমান হামলা চালায়।

    এ বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এএফপি।

    আরাকান আর্মি এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর প্রায় ২টার দিকে একটি বাজারে চালানো হামলায় তিন শিশুসহ ১৭ জন ‘নিরীহ বেসামরিক’ নিহত হয়েছে।

    এ সময় আরও ১৫ জন আহত হয়েছে।

  • অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামীকাল

    অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামীকাল

    অনলাইন ডেস্ক:    আগামীকাল ২৬ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য- ‘বহুমাত্রিক বাংলাদেশ’।

    প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেলা ২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলা উদ্বোধন করবেন। এসময় উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করবেন তিনি।

    ইতোমধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও একাডেমির সামনে সোহরাওয়ার্দী উদ্যানে মেলার প্রস্তুতি শেষের দিকে রয়েছে।

    অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

    উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

    অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করবেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. রেজাউল করিম বাদশা, সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

    অমর একুশে বইমেলা ১৫ মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে। রাত সাড়ে ৮ টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না।

    ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।

    বইমেলায় বাংলা একাডেমি এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। সরকারি প্রতিষ্ঠানসমূহ তাদের নির্ধারিত কমিশনে বই বিক্রি করবে। বাংলা একাডেমির বই ও পত্রপত্রিকা বিক্রির জন্য মেলার দুই অংশেই স্টল থাকবে।

    এবারের বইমেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবেন। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি, মোট ইউনিট থাকবে ১ হাজার ১৮টি। গত বছর  প্রতিষ্ঠান ছিল ৭০৮টি এবং ইউনিট ছিল ১ হাজার ৮৪টি।

    এবারের অমর একুশে বইমেলার আয়োজনকে পরিবেশ-সুরক্ষা সচেতন এবং ‘জিরো ওয়েস্ট বইমেলা’য় পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে বইমেলা পলিথিন ও ধূমপানমুক্ত থাকবে। মেলার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিয়মিত ধূলিবালি-নিবারক পানি ছিটানো এবং নিয়মিত মশক নিধনের সার্বিক ব্যবস্থা থাকবে।

    আয়োজনস্থল ও পাশ্ববর্তী এলাকায় স্থাপিত সব স্টল, দোকান, মঞ্চ, ব্যানার, লিফলেট, প্রচারপত্র, ফাস্ট ফুড, কফি শপ, খাবার দোকান ইত্যাদি প্রস্তুতে পুনঃব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব উপকরণ, যেমন পাট, কাপড়, কাগজ ইত্যাদির ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সবার সচেতনতা প্রত্যাশিত।

    অন্যদিকে, সোহ্রাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায় লিটল ম্যাগাজিন চত্বরের আয়োজন করা হয়েছে। সেখানে ৮৭টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

    সংবাদ সম্মেলনে বলা হয়, এবার বইমেলার বিন্যাস গতবারের মতো অক্ষুণ্ন রাখা হয়েছে। তবে কিছু আঙ্গিকগত পরিবর্তন আনা হয়েছে। মেট্রোরেল স্টেশন-এর অবস্থানগত কারণে গতবারের মেলার বাহির-পথ এবার একটু সরিয়ে মন্দির-গেটের কাছাকাছি স্থানান্তর করা হয়েছে। এছাড়া টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্লান্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে মোট চারটি প্রবেশ ও বাহির-পথ থাকবে।

    খাবারের স্টলগুলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সীমানা-ঘেঁষে বিন্যস্ত করা হয়েছে। রমজান মাসের কথা বিবেচনায় রেখে পবিত্র রমজান উপলক্ষে বইমেলার সোহ্রাওয়ার্দী উদ্যান অংশে মেলায় আগত মুসল্লিদের জন্য সুরা তারাবি নামাজের সুব্যবস্থা থাকবে। নামাজের স্থান, ওয়াশরুমসহ অন্যান্য পরিষেবা অব্যাহত থাকবে। এছাড়া খাবারের স্টলগুলোকে এবার বিশেষভাবে সুবিন্যস্ত করা হয়েছে।

    অমর একুশে বইমেলায় শিশুচত্বরে মোট ৬৩টি প্রতিষ্ঠান এবং ১০৭টি ইউনিট থাকবে।

    বইমেলায় শিশুদের উপস্থিতি বাড়াতে সোহ্রাওয়ার্দী উদ্যানের মাঝে রাখা হয়েছে, শিশুচত্বর। যেনো শিশুরা অবাধে বিচরণ করতে পারে এবং তাদের কাঙ্ক্ষিত বই সহজে সংগ্রহ করতে পারে। প্রতি শুক্র ও শনিবার মেলায় বেলা ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ থাকবে।

    প্রতিদিন বিকেল ৩ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বইমেলার মূল মঞ্চে বিষয়ভিত্তিক সেমিনার এবং বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অমর একুশে উদ্যাপনের অংশ হিসেবে শিশুকিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি এবং সংগীত প্রতিযোগিতার আয়োজন থাকছে।

    অন্যদিকে, বইমেলার প্রবেশ ও বাহিরপথে পর্যাপ্ত সংখ্যক আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে। সোহ্রাওয়ার্দী উদ্যানে নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে।

    মেলার নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য এলাকাজুড়ে পর্যাপ্ত ক্লোজসার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে বাংলাদেশ পুলিশ, র‌্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

    মেলাপ্রাঙ্গণ ও পার্শ্ববর্তী এলাকায় (সমগ্র মেলাপ্রাঙ্গণ ও দোয়েল চত্বর থেকে টিএসসি হয়ে শাহবাগ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট হয়ে শাহবাগ পর্যন্ত এবং দোয়েল চত্বর থেকে শহীদ মিনার হয়ে টিএসসি, দোয়েল চত্বর থেকে চাঁনখারপুল, টিএসসি থেকে নীলক্ষেত পর্যন্ত) নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে।

    সংবাদ সম্মেলনে বলা হয়, অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের ২০২৫ সালে প্রকাশিত গ্রন্থের মধ্য থেকে গুণগতমান বিচারে সেরা বইয়ের জন্য প্রকাশককে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’ এবং ২০২৫ সালের বইমেলায় প্রকাশিত বইয়ের মধ্য থেকে শৈল্পিক বিচারে সেরা বই প্রকাশের জন্য তিনটি প্রতিষ্ঠানকে ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ দেওয়া হবে। এছাড়া ২০২৫ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণগত মান বিচারে সর্বাধিক গ্রন্থের জন্য একটি প্রতিষ্ঠানকে ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ এবং এ-বছরের মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্য থেকে স্টলের নান্দনিক সাজসজ্জায় শ্রেষ্ঠ বিবেচিত প্রতিষ্ঠানকে ‘কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ প্রদান করা হবে।

    এবারের বইমেলায় প্রবর্তন হচ্ছে ‘সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার’ শিরোনামে একটি নতুন পুরস্কার। মেলায় নতুন অংশগ্রহণকারী (যে সব প্রতিষ্ঠান নতুন প্রকাশক হিসেবে এবারই প্রথম ২০২৪ বা ২০২৫ সালে মেলায় প্রথম অংশগ্রহণ করছে) তাদের মধ্য থেকে ‘গুণগতমান বিচার’-এ সর্বাধিক সংখ্যক বইয়ের জন্য সংশ্লিষ্ট প্রকাশনা প্রতিষ্ঠানকে ‘সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার’ (১ম, ২য়, ৩য়) প্রদান করা হবে।

    সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির সচিব ও অমর একুশে বইমেলা ২০২৬-এর সদস্য-সচিব ড. মো. সেলিম রেজা, জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জি এম মিজানুর রহমান, অমর একুশে বইমেলা ২০২৬ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ড. সরকার আমিন, বর্তমান বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম এবং বর্তমান বাংলা লিমিটেডের কমিউনিকেশন ম্যানেজার  ইয়াছিন শরীফ উপস্থিত ছিলেন।

  • জাতীয় শহীদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত

    জাতীয় শহীদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত

    অনলাইন ডেস্ক:    গত ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ সেনাসদস্যদের ১৭ তম শাহাদত বার্ষিকী স্মরণে ‘জাতীয় শহিদ সেনা দিবস’ আজ যথাযথ মর্যাদায় পালিত হয়।

    দিনটি উপলক্ষে ঢাকার বনানীস্থ সামরিক কবরস্থানে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শাহাদত বরণকারী সেনাসদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ও শহীদ পরিবারের সদস্যগণ।

    শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যগণ স্যালুট প্রদান করেন। পরবর্তীতে, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

    উল্লেখ্য, দেশের সশস্ত্র বাহিনীর মসজিদসমূহে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।