Category: গণমাধ্যম

  • গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের

    গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের

    অনলাইন ডেস্ক:    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, তিনি গ্রিনল্যান্ডে একটি হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন। স্বায়ত্তশাসিত ড্যানিশ অঞ্চলটিকে তিনি দীর্ঘদিন ধরে নিজের অধীনে নেওয়ার আগ্রহ প্রকাশ করে আসছেন এবং শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছেন।

    ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    ট্রাম্পের এমন বক্তব্য যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। একই সঙ্গে আর্কটিক অঞ্চলকে আবারও বৈশ্বিক আলোচনায় নিয়ে এসেছে।

    তিনি দাবি করছেন, খনিজসমৃদ্ধ গ্রিনল্যান্ড রাশিয়া ও চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    ট্রাম্প বলেন, জাহাজটি গ্রিনল্যান্ডের বহু ‘অসুস্থ’ মানুষের চিকিৎসা দেবে। তবে কাদের কথা তিনি উল্লেখ করেছেন বা কতজন এতে সেবা পাবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন, ‘আমরা গ্রিনল্যান্ডে একটি দারুণ হাসপাতাল জাহাজ পাঠাচ্ছি। সেখানে বহু অসুস্থ মানুষের সেবা ও যত্ন নেওয়ার জন্য, যাদেরকে দেখভাল করা হচ্ছে না।’

    তিনি আরও লেখেন, ‘এটি রওনা হয়ে গেছে!!!’

    তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বলে ধারণা করা একটি ছবি ছিল।

    সেখানে দেখা যায়, ৮৯৪ ফুট দীর্ঘ ইউএসএনএস মার্সি তুষারঢাকা পর্বতমালার দিকে অগ্রসর হচ্ছে। জাহাজটি সাধারণত দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অবস্থান করে।

    তবে সেটিই প্রকৃতপক্ষে গ্রিনল্যান্ডে পাঠানো হচ্ছে কি না, তা স্পষ্ট নয়।

    ট্রাম্প বলেন, লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রির সঙ্গে জাহাজটি পাঠানো হবে। ডিসেম্বর মাসে তাকে আর্কটিক দ্বীপটিতে ট্রাম্পের দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।

    এ মাসে নিউ অরলিন্সে মার্ডি গ্রা উদযাপনের সময় ল্যান্ড্রি একটি ছবি প্রকাশ করেন। সেখানে শহরের এক বিখ্যাত নৃত্যানুষ্ঠানে তিনি ও আরও দুজনকে একসঙ্গে গ্রিনল্যান্ডের পতাকা হাতে দেখা যায়।

    তিনি লেখেন, ‘গ্রিনল্যান্ডের কিছু চমৎকার মানুষের আতিথ্য দিতে পেরে ভালো লাগছে।’

    এ সপ্তাহের শুরুতে ডেনমার্কের রাজা ফ্রেডেরিক দশম গ্রিনল্যান্ড সফর করেন। সেখানে তিনি দীর্ঘদিন ধরেই জনপ্রিয়।

    ট্রাম্পের আগ্রহ ঘিরে উদ্বেগ বাড়তে থাকায় এই সফর গুরুত্ব পায়।

    গত মাসে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে একটি ‘ফ্রেমওয়ার্ক’ চুক্তিতে পৌঁছানোর পর গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে সরে আসেন ট্রাম্প।

    ওই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়।

  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী

    গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী

    অনলাইন ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, দেশগঠনের জন্য যেকোন পরিকল্পনা বাস্তবায়ন করতে আগে গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠুভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে। তাই আমি গণমাধ্যম কর্মীদের অভিভাবক হতে চাই।

    তিনি আরও বলেছেন, জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ওয়েজবোর্ড আপডেট করাসহ সাংবাদিকদের কল্যানে সবধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। শনিবার বেলা সাড়ে  ১১ টায় বরিশাল নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আরও বলেছেন, চলতি মাস থেকেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করা হবে। প্রথমে অর্থ সহায়তা প্রদান করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য সুবিধা যুক্ত করা হবে। ক্ষমতার পালা বদলের মধ্যদিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আই হ্যাভ এ প্লান, আমরা সেই প্লানের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যাবো।

    তিনি বলেন, আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে নারীদের ক্ষমতায়ন করা। বাংলাদেশে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবারের প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড পৌঁছনোর পর ওইসব পরিবারের নারীরাই হবে এই কার্ডের মালিক। মন্ত্রী আরও বলেন, জলবায়ু মোকাবেলা, বেকারত্ব দুর করাসহ অগ্রাধিকার ভিত্তিতে আরো নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়ন  করতে হলে প্রথমেই গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠুভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে। প্রধানঅতিথি হিসেবে বক্তব্যের শুরুতে তথ্যমন্ত্রী উল্লেখযোগ্য ভাষা সৈনিকদের স্মৃতিচারণ করেন। পরে সকল ভাষার জন্য অকাতরে জীবন উৎসর্গকারী ভাষা সৈনিকদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। এর আগে শনিবার সকালে তথ্যমন্ত্রীকে বরিশাল সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করা হয়। একইদিন দুপুরে তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

    ফুল দিয়ে বরন – তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়েছে। মন্ত্রী হওয়ার পর শনিবার সকালে প্রথমবার সরকারি সফরে বরিশাল আসলে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসষ্ট্যান্ডে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

    অনলাইন ডেস্ক:     প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ দপ্তরে দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন।

    আজ সকালে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

    সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

    এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাঁকে স্বাগত জানান।

  • বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে

    বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে

    অনলাইন ডেস্ক:    বাংলাদেশের আকাশে গতকাল ১৪৪৭ হিজরির পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিয়াম সাধনা।

    পবিত্র রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে মুমিনের দুয়ারে হাজির হয়েছে মহান আল্লাহতায়ালার রহমত, বরকত ও মাগফেরাতের অশেষ ফল্গুধারা।

    গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার খবর নিশ্চিত করার পর ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বিশেষ আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

    তারাবির নামাজ ও সাহ্রির প্রস্তুতির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের রোজার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

    বুধবার এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজের মধ্য দিয়ে শুরু হয় এই পবিত্র মাসের আনুষ্ঠানিকতা।

    আজ ভোররাতে সাহ্রি সম্পন্ন করার পর দেশের কোটি কোটি মুসলমান প্রথম রোজা পালন করছেন।

    রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসে আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগিতে মগ্ন থাকবেন মুমিনরা।

    ইসলামের বিধান অনুযায়ী, রমজানুল মোবারক বছরের বাকি এগারো মাসের চেয়ে অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ। এ মাসের বিশেষত্ব অপরিসীম।

    পবিত্র রমজান মাসে সাহ্রি ও ইফতারের সময় বিবেচনা করে দেশের সব সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার।

    সরকারি নির্দেশনা অনুসারে, আজ থেকে পুরো রমজান মাস সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।

    জোহরের নামাজের জন্য বেলা একটা থেকে সোয়া একটা পর্যন্ত বিরতি থাকবে।

    এদিকে নতুন সময় অনুযায়ী, রমজান মাসে দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

    তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে। রমজান মাস শেষ হওয়ার পর অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে।

    এ ছাড়া প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক প্রর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আগামী ২৮ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

    রমজান মাসে তারাবির নামাজে পবিত্র কোরআন খতমের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা জারি করেছে ইসলামিক ফাউন্ডেশন। কর্মব্যস্ততার কারণে অনেক সময় মুসল্লিদের বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়, তাই খতমের ধারাবাহিকতা বজায় রাখতে দেশের সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

    ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী, প্রথম ছয় দিনে দেড় পারা করে মোট নয় পারা এবং পরবর্তী ২১ দিনে এক পারা করে কোরআন তেলাওয়াত করা হবে।

    এই নিয়মে খতম সম্পন্ন হলে আগামী ২৭ রমজান অর্থাৎ ১৬ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর পালিত হবে। এই রাতটি মুসলিম সমাজে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়ে থাকে।

    সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে গত বুধবার থেকেই রমজান পালন শুরু হয়েছে।

    তবে মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশের সঙ্গে আজ থেকে রোজা পালন করছে।

    ইবাদতের এই বসন্তকালে মুসলিমরা রোজা রাখার পাশাপাশি কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও দান-খয়রাতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।

  • মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে চাকুরী মেলা অনুষ্ঠিত

    মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে চাকুরী মেলা অনুষ্ঠিত

    অনলাইন ডেস্ক:     জেলায় নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে “চাকুরী মেলা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

    আজ বুধবার সকালে মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের নতুন ভবনে এ্যাসেট প্রকল্পের অর্থায়নে এ মেলার আয়োজন করা হয়।

    নার্সিং ডিপ্লোমা উত্তীর্ণ শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

    মাদারীপুর ও শরীয়তপুর জেলার ১০টি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এতে স্টল স্থাপন করে অংশগ্রহণ করে। এসময় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করে এবং তাৎক্ষণিক সাক্ষাৎকার গ্রহণ করে।

    মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন এ্যাসেট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (স্বাস্থ্য) ডা. মেহবুবা সাঈদ, মাদারীপুর জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সরদার খলিল উজ্জামান এবং ডিজিএনএম-এর সহকারী পরিচালক খাদিজা বাসমিন।

    অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম মেলায় অংশগ্রহণকারী প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

    অনুষ্ঠানের আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যাতে দক্ষ নার্সদের দ্রুত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

  • জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

    জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

    অনলাইন ডেস্ক:    প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর দায়িত্ব গ্রহণের একদিনের মাথায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

    আজ সকাল ১১টার দিকে রাজধানীর অদূরে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

    প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এককভাবে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান।

    এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে। বিউগলে করুণ সুর বেজে ওঠে।

    শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী দর্শনার্থী বইয়ে স্বাক্ষর এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি ‘পারিজাত’ গাছের চারা রোপণ করেন।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তার জোট গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে ২১২টি আসনে জয়লাভের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

    নির্বাচনে বিজয়ের পাঁচ দিন পর গতকাল তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

    মঙ্গলবার রাজধানীতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।

    নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত রয়েছেন।