Category: গণমাধ্যম

  • ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

    ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ৫ বছরের মধ্যে দেশের ৪ কোটি পরিবারে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

    তিনি আরো বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী এবং তাদের শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না করে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নারীপ্রধান পরিবারগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করতেই সরকার এই কর্মসূচি চালু করেছে।

    আজ সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় পাশে ছিলেন তার সহধর্মিণী ড. জুবাইদা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    তারেক রহমান বলেন, সমগ্র বাংলাদেশে ১৪টি জায়গায় বা ১৪টি উপজেলায় এই কাজ শুরু হয়েছে। এর মধ্যে এই মুহূর্তে প্রায় ৩৭ হাজার নারী অংশগ্রহণ করছে। আমাদের এই কড়াইল এলাকা, ভাসানটেক এলাকা এবং সাততলা— এই তিন এলাকায় প্রায় ১৫ হাজার নারীকে এই কার্ডের সুবিধার আওতায় আজকে নিয়ে আসা হয়েছে।

    প্রধানমন্ত্রী বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার সরকার পর্যায়ক্রমে বাংলাদেশে যে ৪ কোটি পরিবার রয়েছে, সেই ৪ কোটি পরিবারে যারা নারী প্রধান, তাদের কাছে আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে সকলের কাছে এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

    সরকার জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্বাচনে আমরা ফ্যামিলি কার্ডের ওয়াদা দিয়েছিলাম। এক মাস পূরণের আগেই আমরা তা পূরণ করতে পেরেছি। সেই জন্য শুকরিয়া আদায় করছি। আজকের দিনটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ, স্মরণীয় ও ঐতিহাসিক দিন। কারণ, আপনাদের প্রত্যক্ষ ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমরা জবাবদিহি করতে বাধ্য।

  • জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

    জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

    কোনো পরিস্থিতিতেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসা হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    ইরান যুদ্ধের জেরে অঙ্গীকার বাস্তবায়নে কোনো ক্ষেত্রে কেবল কিছুটা সময় প্রয়োজন হতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশা বর্তমান সরকারের কাছে অনেক, সেটি আমরা বুঝতে পারি। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, তা থেকে বিন্দুমাত্র অবস্থান পরিবর্তন করব না। তবে, বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্রবিশেষে কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নে হয়তো সময় বেশি লাগতে পারে। তাই সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ করছি।’

    আজ মহাখালীর কড়াইলে বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, বেদ, ত্রিপিটক, বাইবেল পাঠের পর বিএনপি দলীয় সংগীত পরিবেশ করা হয়। অনুষ্ঠানে ফ্যামিলি কার্ডের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রধান অতিথির আগে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বক্তব্য রাখেন। এরপর পরিবেশন করা হয় জাতীয় সংগীত।

    এ অনুষ্ঠানে ১৭ জন নারীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্ড তুলে দেওয়ার পরপরই সরকারপ্রধান ল্যাপটপে একটি বাটন প্রেস করেন, সঙ্গে সঙ্গে উপকারভোগীদের কাছে নগদ অর্থ চলে যায়। এ সময় করতালিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

    প্রধানমন্ত্রীর কথায়, তারা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চান। যে সরকার জনগণ ও দেশের জন্য কাজ করবে। বিএনপি নেতৃত্বাধীন সরকার জনগণের কাছে জবাবদিহি থাকতে চায়।

    তিনি বলেন, ‘তারই একটি অংশ হিসেবে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের পূর্বে আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম। বাংলাদেশের নারী সমাজের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করব।’

    তিনি আরো বলেন, আপনারা নিশ্চয় খেয়াল করেছেন, আমরা আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিগত নির্বাচনে সরকার গঠন করার এক মাসেরও কম সময়ের মধ্যে আমাদের এই প্রতিশ্রুতি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি।

    নির্বাচনের সময়ে ব্যবহৃত স্লোগান ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ বলে নিজের বক্তব্যের সমাপ্তি টানেন তারেক রহমান।

    সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক আবু জাফর মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সমাজকল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউসুফ বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, এমপি, কূটনীতিকসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বিশ্বকাপ প্লে-অফ ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাক কোচের

    বিশ্বকাপ প্লে-অফ ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাক কোচের

    ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত বাড়তে থাকায় ইরাকের বিশ্বকাপ স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড ফিফার কাছে তাদের বিশ্বকাপ প্লে-অফ ম্যাচের নতুন সময় নির্ধারণ করার অনুরোধ জানিয়েছেন।

    অস্ট্রেলিয়া পুরুষ জাতীয় দলের সাবেক কোচ আর্নল্ড চান, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা যেন ইরাকের জন্য বিকল্প পরিকল্পনা তৈরি করে।

    ‘মেসোপটেমিয়ার সিংহ’ নামে পরিচিত ইরাক আগামী ৩১ মার্চ মেক্সিকোর মন্টেরেতে প্লে-অফ ম্যাচে সুরিনাম ও বলিভিয়ার মধ্যকার বিজয়ী দলের মুখোমুখি হবে। ফিফার আন্তর্জাতিক উইন্ডো ২৩ মার্চ শুরু হওয়া কথা।

    এই ম্যাচের ফলেই নির্ধারিত হবে ইরাক ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে পারবে কি না।
    কিছু অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে পড়ায় ইরাকের প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ইরাকের আকাশসীমা ১ এপ্রিলের আগে খোলার কথা নয়, যা তাদের নির্ধারিত ম্যাচের একদিন পর।

    সংযুক্ত আরব আমিরাত থেকে অস্ট্রেলিয়ান সংবাদ সংস্থা অস্ট্রেলিয়ান এসোসিয়েসেট প্রেসকে আর্নল্ড বলেন, ‘‘দয়া করে এই ম্যাচ নিয়ে আমাদের সাহায্য করুন। কারণ এখন আমরা ইরাক থেকে আমাদের খেলোয়াড়দের বের করতেই হিমশিম খাচ্ছি।”

    আর্নল্ডের প্রথম পছন্দের দলে প্রায় ৬০ শতাংশ খেলোয়াড় ইরাকের ঘরোয়া লিগ থেকে আসা। কিন্তু আকাশপথ বন্ধ থাকায় তারা দেশ ছাড়তে পারছেন না। কোচিং স্টাফের অনেকেই আটকে আছেন, যার মধ্যে সাবেক সিডনি এফসির উইঙ্গার ও দোভাষী আলি আব্বাস-ও রয়েছেন।

    হিউস্টনে পরিকল্পিত প্রাক-ম্যাচ প্রশিক্ষণ ক্যাম্প ইতোমধ্যে স্থগিত হয়েছে। ভিসা ও ভ্রমণ অনিশ্চয়তা আর্নল্ডের প্রস্তুতিকে আরও কঠিন করে তুলেছে।

    আর্নল্ড বলেন, “আমার মতে ফিফা যদি ম্যাচটি পিছিয়ে দেয়, তাহলে আমরা সঠিকভাবে প্রস্তুতির সময় পাব।”
    তিনি বলেন, এই মাসে বলিভিয়া ও সুরিনাম ম্যাচ খেলুক, আর বিশ্বকাপের এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে ইরাক তাদের মুখোমুখি হোক।

    তিনি আরও বলেন, এতে ফিফারও সময় মিলবে সিদ্ধান্ত নেওয়ার, ইরান বিশ্বকাপে খেলবে কি না। যদি ইরান সরে দাঁড়ায় তাহলে ইরাক সরাসরি বিশ্বকাপে যেতে পারে এবং বাছাইপর্বে ইরাকের কাছে হারা সংযুক্ত আরব আমিরাতের সামনে সুযোগ আসতে পারে।

    এদিকে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে বৈশ্বিক ফুটবলার সংগঠন ফিফপ্রো।
    ফিফপ্রোর মহাসচিব অ্যালেক্স ফিলিপস বলেন, ম্যাচ হবে কি না তা নির্ভর করবে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব কি না তার ওপর।

    যদি ফিফা দ্রুত সিদ্ধান্ত না নেয়, তাহলে এত অল্প সময়ে খেলোয়াড় ও স্টাফদের ইরাক থেকে বের করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন আর্নল্ড।

    ইরাকের কিছু ঘরোয়া ফুটবল ম্যাচও ইতোমধ্যে প্রভাবিত হয়েছে। বিশেষ করে এরবিল শহরের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কারণে সেখানকার পরিস্থিতি বেশ ভয়াবহ আকার ধারণ করেছে।

    ৬২ বছর বয়সী আর্নল্ড বলেন, কেবল বিদেশে খেলা খেলোয়াড়দের নিয়ে প্রতিযোগিতামূলক দল গঠন করা সম্ভব নয়।

    তিনি বলেন, “এটা আমাদের সেরা দল হবে না। অথচ ৪০ বছরে দেশের সবচেয়ে বড় ম্যাচে আমাদের সেরা দলটাই দরকার।”

  • রাজবাড়ীতে ঈদ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    রাজবাড়ীতে ঈদ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    আসন্ন ঈদ উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাহমুদুল হক, সিভিল সার্জন প্রতিনিধি ডা. মনসুবা তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক উল হাসান, জেলা বিএনপির নেতা সাবেক অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, সহকারী কমিশনার মো. আরিফুল হক।

    সভায় ঈদের দিন সকাল আটটায় জামাত অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ও পরে সড়ক নিরাপত্তা, ঈদের দিন জেলখানা, হাসপাতাল, শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।

    অহেতুক যানজট এড়াতে ট্রাফিক পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। দৌলতদিয়া ঘাট যানজট মুক্ত রাখতে পুলিশ বিশেষ ব্যবস্থা নেবেন বলে জানায়।

    এ দিকে বাস ভাড়া না বাড়ানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়। ঈদের মাঠ পরিচ্ছন্ন রাখতে পৌরসভাকে অনুরোধ করা হয়।

  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান চলছে, কয়েকজন গ্রেফতার

    চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান চলছে, কয়েকজন গ্রেফতার

    সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে শুরু হয়েছে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান। সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে সমস্ত আস্তানা। অভিযানে ইতোমধ্যে চিহ্নিত কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) নাজমুল হাসান।

    সোমবার (৯ মার্চ) ফজরের নামাজের পর জঙ্গল সলিমপুরে অভিযান শুরু করে যৌথবাহিনী।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ অভিযান শুরু হয়েছে যা আগামীকাল বিকেল পর্যন্ত চলবে বলে জানা যায়। প্রায় ২ দুই যুগের বেশি সময় ধরে জঙ্গল সেলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত।

    সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট এলাকাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটিই সবচেয়ে বড় অভিযান।

    অভিযানের কৌশল হিসেবে জঙ্গল সলিমপুরের প্রতিটি প্রবেশ ও বাহিরের পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে স্থায়ী তল্লাশিচৌকি, যাতে অভিযান চলাকালে কোনো চিহ্নিত অপরাধী এলাকা ছেড়ে পালিয়ে যেতে না পারে। দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় কয়েক ভাগে বিভক্ত হয়ে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনী তল্লাশি চালাচ্ছে। আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে আকাশপথ থেকে নজরদারি করা হচ্ছে। এছাড়া মাটির নিচে বা ঝোপঝাড়ে লুকিয়ে রাখা অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে নিয়োজিত রয়েছে বিশেষজ্ঞ ডগ স্কোয়াড।

    চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (গণমাধ্যম) মো. রাসেল সকালে সংবাদমাধ্যমকে জানান, যৌথ বাহিনীর প্রায় চার হাজার সদস্য অভিযানে অংশ নিচ্ছেন। এর মধ্যে ৫৫০ জন সেনাবাহিনীর সদস্য, ১ হাজার ৮০০ পুলিশ সদস্য, ৩৩০ এপিবিএন, ৪০০ র‌্যাব, ১২০ বিজিবি, ১৫ এপিসি, তিনটি ডগ স্কোয়াড ও তিনটি হেলিকপ্টার রিজার্ভ অংশ নিয়েছে। অভিযানের বিস্তারিত পরে জানানো হবে।

    মূলত গত ১৯ জানুয়ারি এই এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‌্যাব-৭-এর একজন নায়েব সুবেদার নিহত এবং আহত হন আরও তিনজন। এঘটনার পর থেকেই সরকার এখানে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করে। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে এই কমান্ডো স্টাইলের অভিযান পরিচালিত হচ্ছে।

    জানা গেছে, সোমবার রাতেই জঙ্গল সলিমপুরের সবগুলো প্রবেশমুখ ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ফজরের নামাজের পর জঙ্গল সলিমপুরের ভেতরে ঢুকে পড়ে বাহিনীর সদস্যরা।

    চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) নাজমুল হাসান সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান থেকে ফিরে সলিমপুরের প্রবেশমুখে সাংবাদিকদের জানান, পাহাড়ি ও দুর্গম এই এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অবস্থান, অবৈধ অস্ত্র মজুদ এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আত্মগোপনের অভিযোগ রয়েছে।

    তিনি বলেন, অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কয়েকটি দলে ভাগ করা হয়েছে। একটি দল পাহাড়ের নিচের বসতিগুলোতে তল্লাশি চালাচ্ছে। আরেকটি দল পাহাড়ি পথ ধরে ভেতরের দিকে অগ্রসর হচ্ছে। সম্ভাব্য পালানোর পথগুলোতে আগে থেকেই চেকপোস্ট বসানো হয়েছে, যাতে অভিযান শুরুর খবর পেয়ে কেউ এলাকা ছেড়ে যেতে না পারে।

    পুলিশের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে।

    তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি অস্থায়ী ক্যাম্প স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এখন পর্যন্ত কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের পরিচয় পরে জানানো হবে।

    অভিযান শেষ না হওয়া পর্যন্ত পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

  • দোহায় বিস্ফোরণের শব্দ, একই সময়ে উপসাগরীয় দেশগুলো নতুন হামলার শিকার

    দোহায় বিস্ফোরণের শব্দ, একই সময়ে উপসাগরীয় দেশগুলো নতুন হামলার শিকার

    এএফপি’র সাংবাদিকরা জানিয়েছেন, আজ সোমবার কাতারের রাজধানী দোহায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উপসাগরীয় দেশগুলো নতুন হামলার শিকার হচ্ছে এবং ইরান এই অঞ্চল জুড়ে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে যাচ্ছে।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে মার্কিন ও ইসরাইলি হামলা ফলে উপসাগরীয় অঞ্চলে ইরান ব্যাপক প্রতিশোধমূলক অভিযান শুরু করার পর থেকে দোহা ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

    কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে, তাদের বাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

    এদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত শায়বাহ তেলক্ষেত্রের দিকে  এগিয়ে আসা দুটি ড্রোন প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে।

    কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা আজ সোমবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করার জন্য কাজ করছে।

    কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গেছে, গতকাল রোববার উপসাগরীয় এই দেশটি সাতটি মিসাইল ও পাঁচটি ড্রোনের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার বাহরাইনের সিত্রা দ্বীপে ইরানের ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। এএফপির সাংবাদিকরা দুটি বিকট বিস্ফোরণের খবর জানিয়েছেন।

    মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল রোববার জানিয়েছে, ইরান সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলা চালানোয় নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় তারা সৌদি আরব থেকে তাদের দূতাবাসের কিছু কর্মীকে সৌদি ছাড়ার নির্দেশ দিয়েছে।

    মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক ভ্রমণ সতর্কবার্তায় জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণে জরুরি দায়িত্বে নেই-এমন  মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারীদের এবং তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

    গত সপ্তাহে সৌদি রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে। পাশাপাশি কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন দূতাবাসেও ড্রোনের আঘাতে ক্ষয়ক্ষতি হয়েছে।

    গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল ইরানের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা শুরু করার পর তেহরানের প্রতিক্রিয়ায় উপসাগরীয় দেশগুলো অনেকটাই ভুগছে।

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, ইরানের প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যদি কোনো হামলা চালানো হয় বা ইরানের ওপর আক্রমণ হয়, তাহলে তেহরান প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।