Category: গণমাধ্যম

  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের

    বেইজিং সোমবার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কমানোর আহ্বান জানিয়েছেন চীনের বিশেষ দূত। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

    যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর শুরু হওয়া এই যুদ্ধ বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যের জন্য হুমকি তৈরি করেছে। এতে চীনের তেল সরবরাহও ঝুঁকির মুখে পড়েছে।

    বেইজিং তেহরানের ঘনিষ্ঠ অংশীদার। আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার নিন্দা জানিয়েছে চীন। তবে সংঘাত শুরুর পর সৌদি আরবসহ কয়েকটি উপসাগরীয় দেশের ওপর ইরানের হামলারও সমালোচনা করেছে তারা।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিশেষ দূত ঝাই জুন রোববার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

    তিনি বলেন, ‘চীন সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছে। উত্তেজনা আরও বাড়ানো থেকে বিরত থাকতে হবে এবং আঞ্চলিক দেশের জনগণের আরও ক্ষতি এড়াতে হবে।’

    তিনি আরও বলেন, ‘উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা অক্ষুণ্ন রাখা, নিরীহ বেসামরিক নাগরিক ও সামরিক নয় এমন লক্ষ্যবস্তুতে যেকোনো হামলার নিন্দা করা উচিত।’

    গালফ কো-অপারেশন কাউন্সিলের মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউইয়ের সঙ্গে পৃথক বৈঠকে ঝাই জুন দ্রুত আলোচনার পথে ফেরার আহ্বান জানান।

    তিনি বলেন, ‘চীন গঠনমূলক ভূমিকা পালন করবে এবং শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধে সক্রিয়ভাবে কাজ করবে।’
    চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই লড়াই বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এই যুদ্ধ কখনোই হওয়া উচিত হয়নি।

  • প্রশান্ত মহাসাগরে মাদক বোট সন্দেহে মার্কিন হামলায় ৬ জনের প্রাণহানি

    প্রশান্ত মহাসাগরে মাদক বোট সন্দেহে মার্কিন হামলায় ৬ জনের প্রাণহানি

    পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত বলে সন্দেহে একটি বোটে যুক্তরাষ্ট্রের হামলায় ছয়জন নিহত হয়েছেন। রোববার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

    ওয়াশিংটনের দাবি, বোটটি মাদক পাচারকারীদের পরিচালিত ছিল। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ তারা প্রকাশ করেনি। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধরনের অভিযানে এখন পর্যন্ত ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

    মার্কিন সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল ফ্রান্সিস ডোনোভান এক্সে দেওয়া পোস্টে বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী নৌকাটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল।

    তবে এসব হামলা নিয়ে সমালোচনাও রয়েছে। অনেকের মতে, এগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। নিহতদের মধ্যে কেউ কেউ জেলে ছিলেন বলে তাদের পরিবার ও সংশ্লিষ্ট সরকারগুলো দাবি করেছে।

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলেছে, লাতিন আমেরিকায় সক্রিয় যাদের তারা ‘নার্কো-সন্ত্রাসী’ বলে উল্লেখ করছে, তাদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ চলছে।

    গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, দক্ষিণ আমেরিকা থেকে মাদক আনা নৌকাগুলো খুঁজে বের করার অভিযান এতটাই সফল হয়েছে যে এখন লক্ষ্যবস্তু খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।

  • আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ

    আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ

    বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    আজ সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিশনের প্রধান এইচ. ই. মি. রজার ক্লেটন।

    সাক্ষাতে নির্বাচনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সমন্বিত উদ্যোগের প্রশংসা করেন প্রতিনিধিদলের প্রধান।

    তিনি বলেন, পুলিশের নির্বাচনি প্রশিক্ষণ, দায়িত্ব পালনকালে বডিওর্ন ক্যামেরার ব্যবহার এবং নিরাপত্তা দায়িত্বসংক্রান্ত ‘পকেট বুক’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    এ সময় ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের পক্ষ থেকে আইজিপির কাছে একটি প্রশংসাপত্র হস্তান্তর করা হয়।

    আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, নির্বাচনকালে বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়।

    তিনি জানান, বিভিন্ন দেশ, সংস্থা ও প্রতিষ্ঠান থেকে আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিল।

    সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশা প্রকাশ করেন।

  • লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ড. খলিলুর রহমানের যোগদান

    লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ড. খলিলুর রহমানের যোগদান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান লন্ডনে অনুষ্ঠিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

    এই সম্মেলনে ৫৬টি সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

    লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে রোববার বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ এবং সংস্থার ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

    লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

    বৈঠকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নিয়ম-নীতি ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার অবক্ষয় এবং বৈশ্বিক প্রতিষ্ঠান ও রীতিনীতির সামনে বাড়তে থাকা চ্যালেঞ্জগুলো নিয়ে পররাষ্ট্রমন্ত্রীরা মতবিনিময় করেন।

    বিশ্বজুড়ে নতুন করে দেখা দেওয়া চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কমনওয়েলথের ভূমিকা এবং সদস্য দেশগুলোর সম্মিলিত সমৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়েও তারা আলোচনা করেন।

    আগামী ১-৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বার্বুডায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) আলোচ্যসূচি এবং নীতিগত অগ্রাধিকারগুলোও এই বৈঠকে নির্ধারিত হয়।

    বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনের ফাঁকে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে বলে আশা করা হচ্ছে।

    কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই সম্মেলনকে।

    এই পদের জন্য বাংলাদেশের প্রার্থী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এখন এই পদের জন্য সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

    এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব করেছিল। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন।

    উল্লেখ্য, ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের এই সম্মেলনের মাধ্যমেই আজ সোমবার থেকে ৫৬টি সদস্য রাষ্ট্রের বার্ষিক ‘কমনওয়েলথ দিবস’ উদযাপনের কার্যক্রম শুরু হলো। প্রতি বছর মার্চের দ্বিতীয় সোমবার এই দিবসটি পালন করা হয়।

    সফর শেষে বাংলাদেশ প্রতিনিধিদল আগামী ১২ মার্চ দেশে ফিরবে বলে আশা করা হচ্ছে।

  • তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী

    তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের নামকরণে ‘নিয়ন্ত্রণ’ শব্দটির বদলে ‘প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ শব্দটি অন্তর্ভুক্ত করার জন্য তিনি জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করবেন।

    তিনি বলেন, ‘নিয়ন্ত্রণ’ শব্দটির মধ্যে একটি ঢিলেঢালা ভাব থাকে, যা ‘প্রকাশ্যে নিষেধ’ শব্দটির মাধ্যমে কঠোর আইনি অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।

    আজ সোমবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ: সরকারের সাফল্য, প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এসময় মন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ কে আইনে পরিণত করার আশা প্রকাশ করেন।

    তামাক বিরোধী সংগঠন ‘আত্মা’ (অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স) এবং ‘প্রজ্ঞা’ (প্রগতির জন্য জ্ঞান) এই অনুষ্ঠানের আয়োজন করে।

    তথ্যমন্ত্রী জহির উদ্দিন বলেন, সমাজে তামাকের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতা থাকলেও ডাক্তার গোলাম মহিউদ্দিন ফারুকের উপস্থাপনায় উঠে এসেছে যে এখনো তামাকজনিত রোগীর সংখ্যা বাড়ছে।

    মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলেই বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তি এফসিটিসি-তে স্বাক্ষর করেছিল। তিনি বলেন, ‘আমি ২০০৫ সালে যখন সংসদ সদস্য ছিলাম, তখনই ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫’ পাস হয়। আমি সেই ঐতিহাসিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্বিত।’

    আসন্ন সংসদ অধিবেশন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে। সেখানে অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত প্রায় ১৩০টি অধ্যাদেশ উপস্থাপিত হবে। এর মধ্যে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যাদেশ রয়েছে। আমি ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিয়েছি, এই আইনটির নামকরণে ‘নিয়ন্ত্রণ’ শব্দের বদলে ‘প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ করার প্রস্তাব দেব। এটি আমার সংসদীয় এজেন্ডার শীর্ষে রয়েছে।’

    আইন বাস্তবায়নের বিষয়ে তিনি ‘আত্মা’ ও ‘প্রজ্ঞা’-কে একটি কার্যকর রূপরেখা বা গাইডলাইন তৈরির আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সরকারের সহযোগিতার জন্য একটি পূর্বপ্রস্তুতি সম্পন্ন করে রাখলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য তা বাস্তবায়ন সহজ হবে।’

    তথ্যমন্ত্রী হিসেবে নিজের দায়বদ্ধতা উল্লেখ করে তিনি বলেন, ‘আইনটি হওয়ার সাথে সাথেই একটি ‘পজিটিভ ইকোসিস্টেম’ ডেভেলপ করার জন্য আমি একটি ‘ক্রিয়েটিভ ক্যাম্পেইন’ করার নির্দেশ আমার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিয়ে রাখব। যাতে জনমত তৈরি হয় এবং আইন প্রয়োগকারী সংস্থাও সহজে এটি প্রয়োগ করতে পারে।’

    বর্তমান সরকারের রাজনৈতিক দর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরে অতীতের আবেগ বা প্রতিহিংসার রাজনীতি না করে ‘ফিউচার হোপ’ বা আগামীর সম্ভাবনা নিয়ে কথা বলছেন। আমাদের দল তামাকমুক্ত সমাজ গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা তা বাস্তবায়নে বদ্ধপরিকর।’

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার, এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম, চর্চা ডট কম-এর সম্পাদক সোহরাব হোসেন, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক প্রমুখ।

    গোলটেবিল বৈঠকে তামাকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

    সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

    সংসদ নেতার সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ (বুধবার) বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে।

    সংসদ ভবনে অবস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদের সরকার দলীয় সভাকক্ষে এ বৈঠক বসবে।

    আজ (সোমবার) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

    উক্ত সভায় সরকার দলীয় সকল সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য চিফ হুইপ অনুরোধ জানিয়েছেন।