Category: গণমাধ্যম

  • দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

    দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

    আজ সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ নির্দেশনা দেন।

    সাক্ষাৎকালে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপি’র দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

    এছাড়াও সরকার প্রধান জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে বাহিনীর সব সদস্যের প্রতি আহ্বান জানান। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীকে সদা প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন বলেও জানান আতিকুর রহমান রুমন।

    এ সময় মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনসার ও ভিডিপি’র বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

  • অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই

    অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই

    না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের অভিনয় জগতের বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে যশোরের একটি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

    জানা যায়, বৈদ্যনাথ সাহা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এবং যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার একটি ছবি শেয়ার করে রাশেদ মামুন অপু লেখেন, ‘অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা এই মাত্র পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’

    এমন একজন বর্ষীয়ান অভিনেতার হঠাৎ চলে যাওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। বৈদ্যনাথ সাহার মৃত্যুসংবাদ প্রকাশিত হতেই নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের তারকারা শোক প্রকাশ করেন।

    ইন্ডাস্ট্রির বহু সহকর্মী এবং তার ভক্ত-অনুরাগীরা রাশেদ মামুন অপুর সেই পোস্টে মন্তব্য করে শোক প্রকাশ করছেন। নাট্যকার মাসুম রেজা, গোলাম ফরিদা ছন্দাসহ আরও অনেকেই শোক জানিয়েছেন।

    সদ্য প্রয়াত এই অভিনেতা দীর্ঘদিন নাটক ও চলচ্চিত্রে অবদান রেখে বহু প্রজন্মের দর্শক ও শিল্পীদের অনুপ্রাণিত করেছেন।

  • যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি

    যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি

    যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর ফলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতৃত্বে সৃষ্টি হয় শূন্যতা এবং সম্ভাব্য উত্তরসূরি নিয়ে শুরু হয় তীব্র জল্পনা-কল্পনা।

    সেই জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত খামেনির ছেলে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন।

    বুধবার (৪ মার্চ) সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বা ‘বিপ্লবী গার্ড’-এর সরাসরি চাপে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবাকে নতুন নেতা হিসেবে নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

    এদিকে ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা ফারস নিউজ জানিয়েছে, নিহত সর্বোচ্চ নেতা খামেনিকে দেশটির পবিত্র নগরী মাশহাদ-এ সমাহিত করা হবে। তিনি ইরানের দ্বিতীয় বৃহত্তম এই শহরের সন্তান ছিলেন। সেখানকার ঐতিহাসিক ইমাম রেজা মাজার-এ তার বাবার কবরের পাশেই তাকে শায়িত করার কথা রয়েছে।


    কে এই মোজতবা খামেনি?

    ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি ইরানের শাসনব্যবস্থার অন্যতম প্রভাবশালী কিন্তু আড়ালে থাকা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ১৯৬৯ সালে মাশহাদে জন্ম নেওয়া মোজতবা বেড়ে ওঠেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি-র রাজতন্ত্রবিরোধী বিপ্লবী আন্দোলনের সময়ে।

    ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর পরিবারের অবস্থান পাল্টে গেলে তিনি তেহরানে চলে আসেন এবং এলিট আলাভি হাই স্কুলে পড়াশোনা করেন। পরবর্তীতে তেহরান ও কুমে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। রক্ষণশীল আলেম মোহাম্মদ-তাকি মেসবাহ ইয়াজদি-সহ একাধিক প্রভাবশালী ব্যক্তির অধীনে পড়াশোনা করেন বলে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইউএএনআই জানায়।

    মোজতবা একজন মধ্যম-স্তরের আলেম, তবে তিনি আয়াতুল্লাহ নন। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে সুপ্রিম লিডারের দপ্তরে আড়ালের শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়ে আসছেন। বিশ্লেষকেরা তার ভূমিকাকে আহমদ খোমেনি-র সঙ্গে তুলনা করেন, যিনি তার বাবা রুহুল্লাহ খোমেনি-র শাসনামলে প্রধান আস্থাভাজন হিসেবে কাজ করেছিলেন।


    প্রভাব ও বিতর্ক

    মোজতবার প্রভাবের পেছনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ইরান-ইরাক যুদ্ধে তিনি হাবিব ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে গোয়েন্দা ও বাসিজ কমান্ডারসহ নিরাপত্তা কাঠামোর শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে স্থায়ী সম্পর্ক গড়ে তোলেন।

    বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও বিদেশি সরকারগুলো তাকে নির্বাচন রাজনীতি ও নিরাপত্তা দমনপীড়নে ভূমিকা রাখার অভিযোগে অভিযুক্ত করেছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় মার্কিন ট্রেজারি জানায়, আলী খামেনি তার কিছু ক্ষমতা ছেলের কাছে ন্যস্ত করেছিলেন এবং নির্বাচিত পদে না থাকলেও তিনি আনুষ্ঠানিক প্রতিনিধির ভূমিকা পালন করতেন।


    সাংবিধানিক প্রেক্ষাপট

    ইরানের সংবিধান অনুযায়ী, সুপ্রিম লিডার হতে হলে উচ্চপদস্থ ধর্মীয় আলেম এবং স্বীকৃত ধর্মীয় কর্তৃত্ব ও রাজনৈতিক সক্ষমতার অধিকারী হতে হয়। মোজতবা বর্তমানে আয়াতুল্লাহ পদমর্যাদা ধারণ করেন না। তাছাড়া, বংশানুক্রমিক রাজতন্ত্র উৎখাত করে প্রতিষ্ঠিত রাষ্ট্রব্যবস্থায় বাবা থেকে ছেলের হাতে ক্ষমতা হস্তান্তর একটি সংবেদনশীল বিষয়।

    সংবিধান অনুযায়ী ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টসই পরবর্তী সুপ্রিম লিডার নির্বাচন করে থাকে। প্রয়োজনে অন্তর্বর্তী নেতৃত্বের ব্যবস্থারও অনুমতি রয়েছে, যাতে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নির্বাহী কর্তৃত্ব অব্যাহত থাকে।

    তবে বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, আইআরজিসি ও নিরাপত্তা প্রতিষ্ঠানের ভেতরে শক্ত অবস্থান তার প্রার্থিতা জোরদার করতে পারে—বিশেষ করে প্রভাবশালী গোষ্ঠীগুলো তার পক্ষে একত্রিত হলে। সাম্প্রতিক বছরগুলোতে তার ধর্মীয় মর্যাদা বাড়াতে অনানুষ্ঠানিক প্রচারণার কথাও শোনা গেছে, যদিও আলেম সমাজের একটি অংশ এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

  • নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান

    নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

    সংবাদমাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের এসেম্বলি অব এক্সপার্ট মোজতবাকে নতুন লিডার হিসেবে নির্বাচিত করেছে।

    যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে মাশহাদে সমাহিত করা হবে। ইরানিদের কাছে এটি একটি পবিত্র শহর।

    বুধবার বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

    ৮৬ বছর বয়সি খামেনিকে লক্ষ্য করে গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগে দীর্ঘ ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন।

    খামেনির জন্মও হয়েছিল মাশহাদ শহরে। সেখানকার ইমাম রেজা মাজারে পিতাকে সমাহিত করা হবে। তবে কবে তাকে দাফন করা হবে সেটি জানায়নি ফার্স নিউজ।

    জানা গেছে, খামেনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন তাকে যেন মাশহাদের ইমাম রেজা মাজারে শেষ নিদ্রায় শায়িত করা হয়।

  • শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল

    শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশপথ বন্ধ থাকায় আজ মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিরাপত্তা উদ্বেগ ও উদ্ভূত পরিস্থিতির কারণে ওই অঞ্চলের দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ দেওয়ায় ঢাকা থেকে এই ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।

    বিমানবন্দর সূত্র জানায়, আজকের বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, বাহরাইনের গালফ এয়ারের ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি এবং এয়ার অ্যারাবিয়ার ১২টি ফ্লাইট রয়েছে।

    যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর ফলে ঢাকার ফ্লাইটগুলোর কার্যক্রম সরাসরি প্রভাবিত হয়েছে।

    বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ আজ বাসস’কে জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে নিষেধাজ্ঞা থাকায় ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং আজ ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত চার দিনে মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭টিতে।

    তিনি আরও জানান, কুয়েত, বাহরাইন, কাতার, আবু ধাবি, শারজাহ এবং দুবাই রুট বাদে অন্যান্য গন্তব্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

  • পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

    পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

    পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা চান।

    মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। দেশটি জাইকা’র  মাধ্যমে মেট্রোরেল ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণসহ বাংলাদেশের বেশ কয়েকটি বড় প্রকল্পে বিনিয়োগ করেছে। জাপানের সঙ্গে আমাদের সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। জাপান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ট্রাফিক সেফটি নিয়ে কাজ করেছে। ভবিষ্যতে পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপান সহযোগিতা করতে পারে। এ ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কয়েকটি উপযুক্ত প্রস্তাব দেয়া হবে।

    বৈঠকে দু’দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, পুলিশ পুনর্গঠন, ট্রাফিক নিয়ন্ত্রণ, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

    বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত মন্ত্রীকে তাঁর নতুন পোর্টফলিও’তে দায়িত্ব পালনের জন্য অভিনন্দন জ্ঞাপন করেন। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রদূত বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ট্রাফিক সেফটি প্রজেক্টটি গতবছর শেষ হয়েছে। আমরা পুলিশ ও ডিএমপি’র সঙ্গে আরো কাজ করতে আগ্রহী।

    চলতি বছর হলি আর্টিজান হামলার দশ বছর পূর্তি হবে উল্লেখ করে রাষ্ট্রদূত মন্ত্রীর কাছে বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। এ সময় মন্ত্রী বলেন, আমরা জাপানি বিনিয়োগকারী, ব্যবসায়ীসহ বাংলাদেশে বসবাসরত সকল জাপানি নাগরিকের নিরাপত্তা দিতে প্রস্তুত।

    তিনি বলেন, জাপানের পক্ষ থেকে যে কোনো অনুরোধ আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবো।

    বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, জাপান দূতাবাসের প্রথম সচিব (পলিটিক্যাল) কোমিন কেন, প্রথম সচিব (ইকোনমিক) মোচিদা যুত প্রমুখ উপস্থিত ছিলেন।