Category: প্রচ্ছদ

  • সামাজিক মাধ্যম সরকারের নিয়ন্ত্রণ করা উচিত: মাহবুব উদ্দিন খোকন

    সামাজিক মাধ্যম সরকারের নিয়ন্ত্রণ করা উচিত: মাহবুব উদ্দিন খোকন

    নোয়াখালী-১ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সামাজিক মাধ্যমে যেভাবে মানুষের সম্মান নষ্ট করা হচ্ছে, মব করা হচ্ছে, পুরুষ ছাড়াও বিশেষ করে নারীদের নিয়ে। তাই সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে আইন রয়েছে, সরকারের তা নিয়ন্ত্রণ করা উচিত।

    রোববার (১৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এসব কথা বলেন মাহবুব উদ্দিন খোকন। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

    সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্দেশে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আপনি একজন আইনজীবী ও ব্যারিস্টার ডিগ্রি লাভ করেছেন। আমিও ব্যারিস্টারি পড়াশোনা করেছি। আমি প্র্যাকটিশনার এবং হাই প্রফেশনাল আইনজীবী। আপনি-আমিসহ অনেকে মিলে গত ১৭ বছর একসঙ্গে আন্দোলন-সংগ্রামে ছিলাম। আপনি ডেপুটি স্পিকার হওয়ায় আপনাকে অভিনন্দন জানাই। পাশাপাশি সুপ্রিম কোর্টের বারের সভাপতি হিসেবেও আপনাকে অভিনন্দন জানাই। এটা আইন সভা। আশা করি, আপনার আইনের অভিজ্ঞতা সংবিধানে আপানার অভিজ্ঞতার আলোকে সংসদকে আরও প্রাণবন্ত ও উচ্চস্তরে নিয়ে যাবেন।

    তিনি বলেন, আমরা যারা হাইলি প্রফেশনাল তাদের একটু বেশি সময় দিলে দেশ উপকৃত হবে। এখানে অনেক ব্যারিস্টার আছে, অ্যাডভোকেট আছে, যারা কোর্টে প্র্যাকটিস করেন না। তাই যারা নিয়মিত প্র্যাকটিশনার তাদের কথা বলার সুযোগ দিলে দেশ উপকৃত হবে।

    মাহবুব উদ্দিন খোকন বলেন, সামাজিক মাধ্যমে যেভাবে মানুষের সম্মান নষ্ট করা হচ্ছে, মব করা হচ্ছে, পুরুষ ছাড়াও বিশেষ করে নারীদের নিয়ে। তাই সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে আইন রয়েছে, সরকারের তা নিয়ন্ত্রণ করা উচিত।

  • ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, গরম বাড়তে পারে

    ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, গরম বাড়তে পারে

    রাজধানীর আকাশে সকাল থেকেই আংশিক মেঘলা দেখা যাচ্ছে। তবে মেঘ থাকলেও আপাতত বৃষ্টির কোনো সুখবর নেই ঢাকাবাসীর জন্য। সেই সঙ্গে বাড়তে পারে গরম বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার (২০ এপ্রিল) ঢাকার আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

    আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, আজ দুপুর পর্যন্ত রাজধানীর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে এই সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। দিনভর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং রোদের দাপট বজায় থাকতে পারে।

    পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে গরমে খুব একটা তারতম্য হবে না।

    আজ সোমবার ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য যে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

    অন্যদিকে, ঢাকার আবহাওয়া শুষ্ক থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে।

    আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা ২২ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল মঙ্গলবার ভোর ৫টা ৩২ মিনিটে সূর্যোদয় হবে। আগামী কয়েক দিন দেশের অনেক জায়গায় দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

  • ইরান যুদ্ধ চায় না, আত্মরক্ষা করছে: পেজেশকিয়ান

    ইরান যুদ্ধ চায় না, আত্মরক্ষা করছে: পেজেশকিয়ান

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ চায় না। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার বিরুদ্ধে কেবল আত্মরক্ষার জন্যই তারা পদক্ষেপ নিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, তার দেশ শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

    রোববার (১৯ এপ্রিল) দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনকালে পেজেশকিয়ান এ কথা বলেন।

    তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ তুলে বলেন, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবাধিকার প্রশ্নে দ্বৈত মানদণ্ডের প্রমাণ।

    ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ’কে তিনি বলেন, ‘আমরা কোনো দেশকে আক্রমণ করিনি এবং বর্তমান পরিস্থিতিতেও কোনো পক্ষকে আক্রমণের ইচ্ছা আমাদের নেই। আমরা কেবল বৈধভাবে আত্মরক্ষা করছি।’

    তিনি আরও বলেন, ‘এমন ধারণা দেওয়া উচিত নয় যে, ইরান যুদ্ধ চাইছে। বরং আমরা শান্তিপ্রিয় এবং যা করছি তা বৈধ আত্মরক্ষা। যেমন একজন মানুষ আক্রমণের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায়, তেমনি একটি জাতিও আক্রমণের বিরুদ্ধে নিজেকে রক্ষা করে।’

  • এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার

    এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার

    মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। রুটিন অনুযায়ী বাংলা দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। এ পরীক্ষার রুটিন প্রকাশের সময়েই পরীক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ নির্দেশনার কথা জানানো হয়।

    পরীক্ষার্থীদের যে ১৪ নির্দেশনা মানতে হবে—

    ১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।

    ২. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

    ৩. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

    ৪. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের নিকট থেকে পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে সংগ্রহ করবে।

    ৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।

    ৬. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

    ৭. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

    ৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি প্রদান করা যাবে না।

    ৯. পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।

    ১০. পরীক্ষার্থীরা পরীক্ষায় শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

    ১১. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন আনতে বা ব্যবহার করতে পারবে না।

    ১২. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে।

    ১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

    ১৪. পরীক্ষার ফলাফল প্রকাশের ৭ (সাত) দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে দৈনিক পত্রিকা ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনপ্রক্রিয়া, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

  • বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশের একাদশ

    বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশের একাদশ

    নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। যার ফলে বাকি দুই ম্যাচই এখন স্বাগতিকদের জন্য বাঁচা মরার লড়াই। হেরে গেলেই সিরিজ খুইয়ে বসতে হবে।

    দলের ভেতরের খবর, ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দলে আসছে অন্তত দুটি পরিবর্তন। সবশেষ ম্যাচে লোয়ার মিডল অর্ডারে খেলেও কোনো বাউন্ডারি মারতে পারেননি আফিফ হোসেন, ৪৯ বলে করেছিলেন ২৭ রান। টানা ব্যর্থতার ঘেরাটোপে থাকা এই ব্যাটার বাদ পড়তে চলেছেন এবার।

    ক্রিকইনফো জানাচ্ছে অন্য পরিবর্তনটি আসতে যাচ্ছে পেস আক্রমণে। আগের ম্যাচে শরিফুল ইসলাম দারুণ বোলিং করেছিলেন। এরপরও তিনি আজ দলে জায়গা হারাতে চলেছেন।

    তার বাদ পড়ার কারণ মোস্তাফিজুর রহমানের ফেরা। আগের ম্যাচে চোটের কারণে তিনি খেলতে পারেননি। তিনি ফেরার ফলে শরিফুল জায়গা হারাচ্ছেন আজ।

    ওদিকে আফিফের বদলে একাদশে ঢুকবেন সৌম্য সরকার। তার ফলে ব্যাটিং অর্ডারে এক ধাপ করে অবনতি হবে নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে লিটন দাস, তাওহীদ হৃদয়দের।

    এক নজরে সম্ভাব্য একাদশ :

    বাংলাদেশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

  • ঢাকা ছেড়েছেন মির্জা ফখরুল

    ঢাকা ছেড়েছেন মির্জা ফখরুল

    রাজনৈতিক ও কূটনীতিক দ্বিমুখী গুরুত্ব নিয়ে চীন সফরে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    রোববার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

    এর আগে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে সম্প্রতি বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দেশটি সফরে গেছে। প্রতিনিধি দলের প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিং গিয়ে তাদের সঙ্গে যুক্ত হবেন।

    বেইজিংয়ে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে প্রতিনিধিদলটি।

    ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, রাজনৈতিক সংহতি ও বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা রয়েছে।