Blog

  • ৭ অক্টোবর দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

    ৭ অক্টোবর দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭’ই অক্টোবর দেশে ফিরবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দেশে ফেরার দিন পিছিয়েছে। আগামী ৭ অক্টোবর তিনি ঢাকায় পৌঁছবেন।’

    বিপ্লব বড়ুয়া জানান, নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর ২ অক্টোবর দেশে ফেরার কথা ছিল। কিন্তু তাঁর গলব্লাডারে অস্ত্রোপচার করায় দেশে ফেরার তারিখ পেছানো হয়।

    জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ সেপ্টেম্বর শেখ হাসিনা সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন; এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন এবং বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

    জাতিসংঘের কর্মসূচি শেষে ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউইয়র্ক থেকে ভার্জিনিয়ায় যান। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে তাঁর রওনা হওয়ার কথা ছিল।

    কিন্তু প্রধানমন্ত্রী ‘হঠাৎ পেটে ব্যথা’ অনুভব করলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং ‘গলব্লাডারে অস্ত্রোপচারের’ সিদ্ধান্ত নেন। ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় সফল অস্ত্রোপচার হয় প্রধানমন্ত্রীর।

  • বিশ্ব জাকের মঞ্জিলে আজ থেকে পবিত্র আশুরার অনুষ্ঠানমালা শুরু

    বিশ্ব জাকের মঞ্জিলে আজ থেকে পবিত্র আশুরার অনুষ্ঠানমালা শুরু

    ফরিদপুর: জেলার বিশ্ব জাকের মঞ্জিলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় দু’দিনব্যাপী শনিবার (৩০ সেপ্টেম্বর) মাগরিব ওয়াক্ত থেকে পবিত্র আশুরা উদ্‌যাপিত হবে। সারা দেশ থেকে রাসুল (সা.) প্রেমী হাজার হাজার নারী-পুরুষ সমবেত হবেন দু’দিনের এ অনুষ্ঠানমালায়।

    নামাজের সঙ্গে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার, পবিত্র আশুরার মর্মস্পর্শী উপাখ্যান আলোকপাত করে ওয়াজ নসিহত অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত থাকবে।

    আগামীকাল রবিবার হযরত শাহ সূফী খাজা বাবা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেবের পবিত্র রওজা শরীফ জিয়ারত করা হবে। হাজার হাজার বিশ্বাসী নারী-পুরুষ অব্যক্ত বেদনা আর চোখের পানিতে আশুরার শোকাবহ অনুষ্ঠানমালায় একাত্ম হবেন।

    দু’দিনের অনুষ্ঠানমালায় বিশ্বওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধিদ্বয় পীরজাদা আলহাজ্জ খাজা মাহফুযুল হক মুজাদ্দেদী ছাহেব ও পীরজাদা আলহাজ্জ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব সমবেতদের সাক্ষাৎ ও বিশেষ নসিহত দান করবেন।

  • মেয়ের জন্য নিজের ফিগার নিয়ে ভাবিনি!

    মেয়ের জন্য নিজের ফিগার নিয়ে ভাবিনি!

    ঢাকা: ২০১০ সালে ভালোবেসে সনেটকে বিয়ে করেছিলেন বাঁধন। কিন্তু বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় শুরু হয় সাংসারিক কলহ। শেষাবধি সংসার ভেঙ্গে যায় ২০১৪ সালের নভেম্বরে। তবে বিষয়টি এতদিন মেয়ে সায়রার মুখের দিকে তাকিয়ে আড়াল করে রেখেছিলেন বাধঁন।

    সম্প্রতি মেয়ে সায়রাকে কানাডায় পাঠিয়ে দিতে চাইছেন সনেট। এই ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো তাদের দ্বন্দ্ব, প্রকাশ হলো ডিভোর্সের খবরটিও।

    সংসার ভাঙা নিয়ে বাঁধন ও সনেট গণমাধ্যমে পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন। এছাড়া একমাত্র কন্যাকে নিজের কাছে রাখার অধিকার চেয়ে পারিবারিক আদালতে মামলা করেছেন বাঁধন।

    বাঁধন বলেন, ‘সে (মাশরুর সিদ্দিকী) বাবা হিসেবে বল প্রয়োগ করে মেয়েকে কানাডায় পাঠিয়ে দিতে চায়। আসলে মেয়েটাকে সে আমার কাছ থেকে সরিয়ে নিতে চায়। আমি এটা কখনোই হতে দেবো না। এই মেয়ের মুখের দিকে তাকিয়ে কম চেষ্টা করিনি সংসারটা টিকিয়ে রাখতে। কিন্তু পারিনি।’

    তিনি আরও বলেন, ‘আমি তো শোবিজে কাজ করি, কেউ বলতে পারবে এই কথা, কোনো প্রেম, সম্পর্ক বা স্ক্যান্ডাল রয়েছে আমার। কোনো হিরো বা পরিচালকের সঙ্গে আমার কোনো অনৈতিক সম্পর্কের কথা কেউ বলতে পারবে? এই মিডিয়াতে কিছুই গোপন থাকে না। আমি সবার সঙ্গেই কাজের প্রয়োজনে মিশি। কেউ কেউ আছেন পরামর্শক, ভাই-বন্ধু।’

    প্রাক্তন স্বামীর ইচ্ছেতে বিয়ের পরপরই মিডিয়ার কাজ ছেড়েছিলেন বলে দাবি করে বাঁধন বলেন, ‘বিয়ের মাত্র তিন মাসের মাথায় সন্তান নিয়েছিলাম। আমি যদি সংসার করতে না-ই চাইতাম, এগুলো কেন করলাম। কিন্তু সনেট বিয়ের পর বদলে যেতে থাকে। সে একজন ব্যার্থ স্বামী।’

  • ব্যয়বহুল ফ্লাইটের অভিযোগে মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

    ব্যয়বহুল ফ্লাইটের অভিযোগে মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

    ঢাকা: সরকারি কাজে ব্যয়বহুল ব্যক্তিগত ফ্লাইট ব্যবহার করার অভিযোগে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস পদত্যাগ করেছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাইসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং ডন জে রাইটকে ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

    টম প্রাইসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত মে মাস থেকে তিনি ২৬টি ব্যক্তিগত ফ্লাইটে ভ্রমণ করেন, যাতে অন্তত চার লাখ ডলার খরচ হয়েছে।

    কিন্তু যুক্তরাষ্ট্র্রে পেশাগত কাজে সরকারি কর্মকর্তাদের বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণের নিয়ম রয়েছে। শুধুমাত্র জাতীয় নিরাপত্তা বিষয়ক কাজে নিয়োজিত কর্মকর্তারা এ নিয়মের বাইরে।

    অবশ্য প্রাইস তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন এ ধরনের খরচে তিনি খুব ‘অখুশী’।

  • আজ রাত ১২টা থেকে ইলিশ ধরা-বিক্রি নিষেধ

    আজ রাত ১২টা থেকে ইলিশ ধরা-বিক্রি নিষেধ

    ঢাকা : সারা দেশে শনিবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাত (১২টা) থেকে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রয় নিষিদ্ধ হচ্ছে। এ নিষেধাজ্ঞা থাকবে ২২ অক্টোবর পর্যন্ত।

    কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তাকে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। গত ১৯ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

    এতে বলা হয়েছে, ১৯৫০ সালের মাছ রক্ষা ও সংরক্ষণ আইন (প্রটেকশন অ্যান্ড কনজারভেশন ফিশ অ্যাক্ট, ১৯৫০) অনুযায়ী, এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন (১৬ আশ্বিন থেকে ৭ কার্তিক) সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রয় নিষিদ্ধ করা হল।

    নিষিদ্ধের সময় গত বছরই সাতদিন বাড়িয়ে ২২ দিন করা হয়। এর আগে এ সময় ছিল ১৫ দিন। ২০১৫ সালের আগে ইলিশ ধরা নিষিদ্ধের সময় ছিল ১১ দিন। জানা গেছে, এ আদেশ অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড পেতে হবে।

    একজন কর্মকর্তা জানান, চন্দ্র মাসের ভিত্তিতে প্রধান প্রজনন মৌসুম ধরে এ বছর আশ্বিন মাসের চাঁদের প্রথম পূর্ণিমার দিন এবং এর আগে ৪ ও পরের ১৭ দিনসহ ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। এবার ৫ অক্টোবর প্রথম পূর্ণিমা।

  • পদ্মা সেতু এখন দৃশ্যমান

    পদ্মা সেতু এখন দৃশ্যমান

    মুন্সীগঞ্জ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- বিশ্ব ব্যাংক যখন মুখ ফিরিয়ে নিচ্ছিল, পদ্মা সেতুর আকাশে তখন কালো মেঘ জমে অনিশ্চতায় রুপ নিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একক নেতৃত্বে মশাল হাতে নেন, পদ্মা সেতুর কাজকে এগিয়ে নিয়ে যান। পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা।

    শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শরিয়তপুরের জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-৩ এলাকায় ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন- পিলারের উপর স্প্যান স্থাপনের মাধ্যমে নানা প্রতিকূলতা এখন কাটিয়ে উঠানো সম্ভব হয়েছে। ধাপে ধাপে বাকি স্প্যান গুলো বসতে শুরু করবে। নেত্রীর দেশে আসার অপেক্ষা না করে এক মিনিটের জন্য পদ্মা সেতুর কাজ বন্ধ করতে না করেন। নেত্রী দেশের আসার পর দৃশ্যমান পদ্মার আনুষ্ঠানিকতা শুরু হবে। দুই পাড়ের লোকজন, জনপ্রতিনিধি, নেতা কর্মী এবং কর্মকর্তাদের নিয়ে আনুষ্ঠানিকতা করা হবে। বর্তমানে পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৪৭.৫ শতাংশ। নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হবে পদ্মা সেতু প্রকল্পের কাজ।

    এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, মেজর জেনারেল মাসুদ সাইদ, প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম সহ পদ্মা সেতুর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সুপার স্ট্রাকচার পিলারের উপর স্থাপনের মাধ্যমে দৃশ্যমান পদ্মা সেতুর অবকাঠামো ঘুড়ে দেখেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বড় একটি সিবোটে করে স্প্যান বসানোর এলাকা ঘুড়ে দেখেন তিনি।