Blog

  • রংপুরে ক্যাসিনো চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

    রংপুরে ক্যাসিনো চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

    জেলার পীরগঞ্জে অনলাইন ক্যাসিনো ও জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স ডিভাইস ও সিম কার্ড জব্দ করা হয়।

    বুধবার সকালে বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

    পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ১২ নম্বর মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজারের দক্ষিণ পাশে মাদরাসা মোড় সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দু’টি কম্পিউটার মনিটর, একটি সিপিইউ, ১৩টি স্মার্টফোন ও ২৬টি সিম কার্ড জব্দ করা হয়।

    পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বাসস’কে বলেন, এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর বিভিন্ন ধারায় পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলার আরও কয়েকজন পলাতক রয়েছে।

  • রাজবাড়ীতে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

    রাজবাড়ীতে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

    জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

    জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের আয়োজনে ‘অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ এ প্রতিপাদ্যে আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় উদ্বোধন করা হল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

    জেলা ফায়ার সার্ভিসের উপ পরিচালক দেওয়ান সোহেল রানা ও স্টেশনের পরিচালক মো. শামীম মোল্লা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

    উপ পরিচালক বলেন, আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেশি ঘটে। আমরা সংবাদ পাওয়ার ২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যাই, পথে কোন বাধা বিপত্তি না পেলে দ্রুত কাজ শুরু করি।

    তিনি বলেন, আমাদের দেশে বৈদ্যুতিক কারণ এবং বিড়ি সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটে থাকে।

    এ উপলক্ষে মার্চপাস্ট, গার্ড অব অনার, পতাকা উত্তোলন, অগ্নি নির্বাপন যন্ত্রাংশের প্রদর্শনী এবং কলাকৌশল সম্পর্কে জনসাধারণকে বিভিন্ন ধারণা দেয়া হয়।

  • চতুর্থ দিনের চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছে সফরকারী পাকিস্তান

    চতুর্থ দিনের চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছে সফরকারী পাকিস্তান

    বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৪৩৭ রানের জবাবে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের চা-বিরতি পর্যন্ত ৫ উইকেটে ২০০ রান তুলেছে সফরকারী পাকিস্তান। টেস্ট জিততে আরও ২৩৭ রান করতে হবে পাকিস্তানকে। বাংলাদেশের দরকার ৫ উইকেট।

    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের শেষ দিকে ৪৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ ওভার ব্যাট করে কোন রান তুলতে পারেনি পাকিস্তান।

    চতুর্থ দিন দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ওপেনার আব্দুল্লাহ ফজলকে ৬ রানে বিদায় দেন বাংলাদেশ পেসার নাহিদ রানা।

    আরেক ওপেনার আজান আওয়াইসকে সাজঘরের পথ দেখান বাংলাদেশ স্পিনার মেহেদি হাসান মিরাজ। ২টি চারে ২১ রান করেন আজান।

    ৪১ রানে ২ উইকেট পতনের পর বাংলাদেশের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে ৯২ রানের জুটি গড়েন অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম।

    বাবরকে ৪৭ রানে এবং মাসুদকে ৭১ রানে থামান বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম। এছাড়া মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিলকে ৬ রানে আউট করেন নাহিদ। ফলে ১৬২ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

    ষষ্ঠ উইকেটে ৩৮ রানের জুটি গড়ে চা-বিরতিতে যান মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘা। সালমান ২৫ ও রিজওয়ান ১৫ রানে অপরাজিত আছেন।

    বাংলাদেশের নাহিদ ও তাইজুল ২টি কওে এবং মিরাজ ১টি উইকেট নেন।

    এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ ও পাকিস্তান ২৩২ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৯০ রান।

  • ভূমি ব্যবস্থাপনা সহজীকরণে সুনামগঞ্জে সচেতনতামূলক সেমিনার

    ভূমি ব্যবস্থাপনা সহজীকরণে সুনামগঞ্জে সচেতনতামূলক সেমিনার

    জেলায় ‘জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    জেলা প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ভূমি মেলা উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১ টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

    সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

    অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল।

    ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, ভূমি ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা ও নাগরিকদের জন্য ভূমি সেবা সহজীকরণসহ বিভিন্ন দিক নিয়ে সেমিনারে আলোচনা করা হয়।

    এ সময় বক্তারা বলেন, ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর কার্যক্রম জোরদার করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন ভূমি সংক্রান্ত জটিলতা কমিয়ে নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এ সেমিনারে শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

  • শেরপুরে যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ২৫ জন তরুণ-তরুণী

    শেরপুরে যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ২৫ জন তরুণ-তরুণী

    জেলায় শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন ২৫ তরুণ-তরুণী।

    এই চাকরি পেতে অনলাইনে আবেদন ফি ছাড়া অন্য কোনো টাকা পয়সা খরচ হয়নি। জেলা পুলিশ প্রশাসনের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি নিয়ে শুরু হয়েছে ইতিবাচক আলোচনা।

    গতকাল সোমবার রাত ৯টায় শেরপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের নাম এবং ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার এ. কে. এম জহিরুল ইসলাম।

    এসময় শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় উত্তীর্ণ প্রার্থী ও অভিভাবকরা আবেগাপ্লুত হয়ে হয়ে পড়েন।

    এরপর চূড়ান্তভাবে উত্তীর্ণ কনস্টেবল প্রার্থীদের শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান পুলিশ সুপার এ. কে. এম জহিরুল ইসলাম।

    এসময় তিনি উত্তীর্ণ সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহ্বান জানান।

    ফলাফল প্রকাশ অনুষ্ঠানে টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ হাসান বাদলসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকতা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, শেরপুর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২৫ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ২ হাজার ১৯২ জন প্রার্থী শারীরিক পরীক্ষায় অংশ নেন। বিভিন্ন ধাপ পেরিয়ে ৩৯৩ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হন। পরে চূড়ান্ত মৌখিক পরীক্ষা শেষে ৩ জন নারী ও ২২ জন পুরুষসহ মোট ২৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয় এবং ৫ জনকে রাখা হয় অপেক্ষমান তালিকায়।

  • ৩ দিনের পারমাণবিক মহড়া শুরু করল রাশিয়া

    ৩ দিনের পারমাণবিক মহড়া শুরু করল রাশিয়া

    ইউক্রেনের ড্রোন হামলা জোরদার ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের প্রাক্কালে রাশিয়া মঙ্গলবার তিন দিনের পারমাণবিক অস্ত্র মহড়া শুরু করেছে। এতে দেশজুড়ে হাজার হাজার সেনা অংশ নিচ্ছে।

    ইউক্রেনে চার বছরের বেশি সময় ধরে চলা অভিযানের পুরো সময়জুড়ে মস্কো নিজেদের পারমাণবিক অস্ত্র সক্ষমতা প্রদর্শন করেছে। একই সঙ্গে বারবার এসব অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়েছে। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

    রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র চুক্তি ভেঙে পড়ার কয়েক মাস পর এই মহড়া শুরু হলো। এর পাশাপাশি সম্প্রতি পুতিনও রাশিয়ার পারমাণবিক শক্তির সক্ষমতা নিয়ে নতুন করে মন্তব্য করেছেন।

    রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘১৯ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনী আগ্রাসনের হুমকির পরিস্থিতিতে পারমাণবিক শক্তির প্রস্তুতি ও ব্যবহারের বিষয়ে মহড়া পরিচালনা করছে।’

    গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের সঙ্গে নিউ স্টার্ট চুক্তির সমাপ্তির মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় দুই পারমাণবিক শক্তিধর দেশ নানা বিধিনিষেধ থেকে আনুষ্ঠানিকভাবে মুক্ত হয়ে যায়।

    প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মহড়ায় ৬৫ হাজারের বেশি সেনা এবং সাত হাজার ৮০০ ধরণের সামরিক সরঞ্জাম ও অস্ত্র ব্যবহৃত হবে। এর মধ্যে ২০০টির বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা রয়েছে।

    মহড়ায় যুদ্ধবিমান, জাহাজ, সাবমেরিন ও পারমাণবিক সাবমেরিন অংশ নেবে।

    মন্ত্রণালয় আরও জানায়, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণও করা হবে।

    তারা জানায়, ‘বেলারুশ প্রজাতন্ত্রের ভূখণ্ডে মোতায়েন করা পারমাণবিক অস্ত্রের যৌথ প্রশিক্ষণ ও ব্যবহারের বিষয়গুলোও এই মহড়ায় অন্তর্ভুক্ত থাকবে।’

    রাশিয়া তাদের মিত্র বেলারুশে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। ন্যাটোভুক্ত দেশগুলোর সীমান্তঘেঁষা অবস্থানে রয়েছে বেলারুশ।

    পুতিনের দুই দিনের চীন সফর শুরুর কয়েক ঘণ্টা আগে মস্কো এই মহড়ার ঘোষণা দেয়।