Blog

  • রাঙামাটিতে চিকিৎসাধীন অবস্থায় বন্যহাতির মৃত্যু

    রাঙামাটিতে চিকিৎসাধীন অবস্থায় বন্যহাতির মৃত্যু

    জেলার লংগদু উপজেলায় চিকিৎসাধীন অবস্থায় একটি বড় পুরুষ বন্যহাতির মৃত্যু হয়েছে।

    দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায় বলে রোববার দুপুরে বাসস’কে মুঠোফোনে নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ।

    তিনি জানান, বড় বয়স্ক হাতিটি বিগত কয়েক সপ্তাহ ধরে অসুস্থ ছিল। এর আগে এপ্রিল মাসের শুরুতে চট্টগ্রাম ভেটেরিনারি থেকে একটি টিম অসুস্থ হাতিটিকে চিকিৎসা দেয়। এর পর থেকে উপজেলার ইআরটি টিমের সহযোগিতায় হাতিটিকে বিভিন্ন ওষুধ খাওয়ানো হচ্ছিল। ইআরটি টিম আজ সকালে হাতিটিকে খাবার মাধ্যমে ওষুধ খাওয়ানোর জন্য গেলে সেখানে হাতিটির মৃতদেহ দেখতে পায়। মৃত পুরুষ হাতিটির বয়স আনুমানিক ৬৩ বছর ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

    মো. রফিকুজ্জামান শাহ আরও বলেন, মৃত হাতিটির পাশে সঙ্গীয় আরো হাতি দাঁড়িয়ে রয়েছে। সঙ্গী হাতিটি সরে গেলে মৃত হাতিটির দাফন করা হবে বলে জানান তিনি।

    এ বিষয়ে পাবলাখালী রেঞ্জের কর্মকর্তা শরীফুল ইসলাম অসুস্থ হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাসস’কে জানান, পুরুষ হাতিটি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। কয়েক সপ্তাহ আগে দুই দফায় হাতিটিকে চিকিৎসাসেবা দেয়া হলেও আজ চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়।

    স্থানীয় ইআরটি টিমের (এলিফ্যান্ট রেসপন্স টিম) টিম লিডার মো. জয়নাল জানান, ‘রোববার সকালে আমরা হাতিকে ওষুধ ও খাবার দিতে এসে অসুস্থ বন্যহাতিটিকে মৃত অবস্থায় দেখতে পাই।

    পাহাড়ে হাতির বসবাসকৃত অভয়ারণ্যগুলো ধংস হওয়ার ফলে প্রতিনিয়ত হাতি ও মানুষের দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাহাড়ের প্রাণ প্রকৃতি। মৃত্যুর মুখে পতিত হচ্ছে হাতিসহ নানা প্রজাতির প্রাণী। প্রকৃতি রক্ষায় পাহাড়ে কার্যকর উদ্যোগ গ্রহণে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

  • নেপালের কাছে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

    নেপালের কাছে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

    চীনের সানিয়ায় এশিয়ান বীচ গেমস কাবাডির গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের কাছে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হেরে গেছে বাংলাদেশ নারী দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩৬-৩৮ পয়েন্টের ব্যবধানে হার মানতে হয় লাল-সবুজ প্রতিনিধিদের।

    এই পরাজয়ে গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। ফাইনালে ওঠার লড়াইয়ে আজই শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা।
    শুরু থেকেই ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ঠাসা। প্রথমার্ধে দুই দলই একে অপরকে এক বিন্দু ছাড় দেয়নি।

    বিরতিতে যাওয়ার সময় নেপাল ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও নেপালের রক্ষণভাগ এবং রেইডারদের নৈপুণ্যে ব্যবধান বজায় থাকে। নির্ধারিত সময় শেষে স্কোরবোর্ড দাঁড়ায় নেপাল ৩৮ আর বাংলাদেশ ৩৬।  মাত্র ২ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় হিমালয় কন্যা নেপাল।

    গ্রুপ পর্বে নিজেদের অবস্থান দ্বিতীয় হওয়ায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে।

  • গুলির ঘটনা ইরান যুদ্ধ থেকে আমাকে বিরত রাখতে পারবে না: ট্রাম্প

    গুলির ঘটনা ইরান যুদ্ধ থেকে আমাকে বিরত রাখতে পারবে না: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানিয়েছেন, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির ঘটনা তাকে ইরান যুদ্ধ থেকে বিরত করতে পারবে না।

    তবে ঘটনাটি ওই সংঘাতের সঙ্গে যুক্ত নয় বলেই তার বিশ^াস।

    হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনা ইরান যুদ্ধ জয়ে আমাকে নিরুৎসাহিত করতে পারবে না। এটি এর সঙ্গে সম্পর্কিত কি না আমি জানি না। তবে আমরা যা জানি, তাতে আমি তা মনে করি না।’

    ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    এর আগে শনিবার তিনি বলেন, ঘটনাটি ইরান যুদ্ধের সঙ্গে যুক্ত কি না, তা নিয়ে ‘কখনোই নিশ্চিত হওয়া যায় না।’

    তিনি জানান, হামলাকারীর উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্তকারীরা কাজ করছেন।

    তাকে তিনি ‘একক হামলাকারী’ হিসেবে বর্ণনা করেন।

    এর আগে, শনিবারই ট্রাম্প পাকিস্তানে তার দূতদের সফর বাতিল করেন।

    প্রায় দুই মাস ধরে চলা যুদ্ধের পর তেহরানের আলোচনার অবস্থান সন্তোষজনক না হওয়ায়, তিনি এ সিদ্ধান্ত নেন।
    ওই সফরে ইরানের সঙ্গে শান্তি আলোচনা হওয়ার কথা ছিল।

  • তিমির মৃতদেহ ঘিরে হাঙ্গরের আনাগোনা, অস্ট্রেলিয়ার বেশ কিছু সৈকত বন্ধ

    তিমির মৃতদেহ ঘিরে হাঙ্গরের আনাগোনা, অস্ট্রেলিয়ার বেশ কিছু সৈকত বন্ধ

    সমুদ্রতীরে ভেসে আসা একটি বিশাল তিমির মৃতদেহ খেতে গ্রেট হোয়াইট ও বুল শার্কসহ একদল হাঙ্গরের ভিড় জমেছে। এই পরিস্থিতিতে সিডনির দক্ষিণাঞ্চলের বেশ কিছু সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী ও সার্ফ রেসকিউ কর্তৃপক্ষ।
    আজ রোববার তারা এই সিদ্ধান্ত নেয়।

    সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার উপকূলীয় রয়্যাল ন্যাশনাল পার্কের ‘এরা’ বিচে পাথরের ওপর আট মিটার লম্বা এবং ২৫ টন ওজনের স্পার্ম তিমির মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায়। এরপরই সৈকতগুলো অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়।

    নিউ সাউথ ওয়েলস ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের এরিয়া ম্যানেজার ব্রেন্ডন নিলি বলেন, ‘সেখানে বেশ কিছু গ্রেট হোয়াইট ও বুল শার্ক দেখা গেছে।’

    তিনি এএফপি’কে বলেন, ‘মানুষের কাছে এটি বেশ নাটকীয় বা ভীতি জাগানিয়া মনে হতে পারে। তবে এটি প্রকৃতির একটি স্বাভাবিক প্রক্রিয়া। হাঙ্গরগুলো তিমির মৃতদেহটিকে খাদ্যচক্রে ফিরিয়ে নেওয়ার কাজ করছে।’

    নিলি আরও বলেন, ‘আমি সেখানে সাঁতার কাটতে যাব না, তবে পুরো প্রক্রিয়াটি বেশ কৌতূহলোদ্দীপক।’

    বন্যপ্রাণী কর্মকর্তারা তিমির মৃতদেহটিকে অপসারণের পরিকল্পনা করছেন।

    তবে আগামী মঙ্গলবারের আগে তা সম্ভব নাও হতে পারে বলে জানান তিনি।

    ‘সার্ফ লাইফ সেভিং এনএসডব্লিউ’ এক সতর্কবার্তায় জানিয়েছে, হাঙ্গরের আনাগোনা বেড়ে যাওয়ায়, রয়্যাল ন্যাশনাল পার্কের আওতাধীন এরা, গ্যারি, বার্নিং পামস ও ওয়াটামোলাসহ সব সৈকত বন্ধ রাখা হয়েছে।

    সার্ফ লাইফ সেভিং এনএসডব্লিউ’র প্রধান নির্বাহী স্টিফেন পিয়ার্স জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসি’কে বলেন, ‘আমরা কাউকে পানিতে নামতে বাধা দিতে পারি না। তবে সেখানে বিপুল সংখ্যক বিশাল আকারের হোয়াইট ও বুল শার্কের উপস্থিতির খবর পাওয়া গেছে। এই মাছগুলোর সঙ্গে একই পানিতে সাঁতার কাটা মোটেও নিরাপদ নয়।’

    হাঙ্গরের আক্রমণের তথ্য সংরক্ষণকারী একটি ডেটাবেস অনুযায়ী, ১৭৯১ সাল থেকে অস্ট্রেলিয়ায় হাঙ্গরের কবলে পড়ার প্রায় ১ হাজার ৩০০টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

    সবশেষ গত জানুয়ারিতে সিডনি হারবারে হাঙ্গরের আক্রমণে ১২ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়।

  • উচ্চশিক্ষাকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

    উচ্চশিক্ষাকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের উচ্চশিক্ষাকে উন্নত বিশ্বের আদলে সাজাতে এবং উদ্ভাবনী মেধাসম্পদ রক্ষায় বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

    তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল ডিগ্রি প্রদানের মাধ্যম না বানিয়ে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।’

    আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অডিটোরিয়ামে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’-এর এবারের প্রতিপাদ্য ‘আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি, সেট, ইনোভেট’।

    অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মেধাস্বত্ব সূচকে আমরা পিছিয়ে আছি। আমাদের উদ্ভাবন ও সৃজনশীলতা যেন অন্য দেশে গিয়ে নিবন্ধিত না হয়, সেদিকে সজাগ থাকতে হবে। মেধাস্বত্ব নিবন্ধনের প্রশাসনিক জটিলতা কমিয়ে উদ্ভাবকদের উৎসাহিত করতে হবে।’

    তিনি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেধাস্বত্ব নিয়ে প্রতিযোগিতার আয়োজন এবং শ্রেষ্ঠ উদ্ভাবকদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করার প্রস্তাব দেন।

    শিক্ষামন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমাদের মেধাবীদের বড় একটি অংশ দেশের বাইরে চলে যাচ্ছে। এই ‘ব্রেন ড্রেইন’ বন্ধ করে ‘রিভার্স ব্রেন’ পলিসি নেওয়া প্রয়োজন। তিনি মনে করেন, এখনও অনেকে বিদেশ থেকে ফিরছেন, কিন্তু সেই পরিসংখ্যান আরও সমৃদ্ধ করা প্রয়োজন।’

    শিক্ষামন্ত্রী কারিকুলামের সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ বা শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে অনেক পিছিয়ে আছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, যা ইচ্ছে তাই সাবজেক্ট বা কোর্স চালু করা হচ্ছে, যা বাস্তব কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো কাজে আসছে না। আমাদের কোর্স কারিকুলাম অবশ্যই ‘মার্কেট ডিপেন্ডেন্ট’ বা বাজারমুখী হতে হবে।’

    তিনি বিশ্ববিদ্যালয়গুলোর বাজেটে গবেষণার বরাদ্দ বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা অর্জনে কাজ চলছে।

    উচ্চশিক্ষায় সমন্বয়ের অভাবের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘ সময় নষ্ট হচ্ছে। ইউজিসি-কে সকল বিশ্ববিদ্যালয়ের সাথে বসে একটি ‘ইউনিফর্ম’ ভর্তি ক্যালেন্ডার তৈরির নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘সমন্বয়ের অভাবে আমাদের তরুণদের জীবন থেকে মূল্যবান সময় হারিয়ে যাচ্ছে। এই সময় অপচয় বন্ধ করতে হবে।’

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে ড. এহছানুল হক মিলন বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে দেখলে চলবে না। তাদের শিক্ষার মান নিশ্চিত করতে হবে। ইউজিসি-কে এ বিষয়ে নিবিড় তদারকি করতে হবে যাতে কোনো বাধা ছাড়াই তারা উচ্চশিক্ষায় ভূমিকা রাখতে পারে।’

    তরুণ প্রজন্মের সামাজিক যোগাযোগ মাধ্যমের অতি-ব্যবহার ও নৈতিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, শিক্ষকদের প্রতি সম্মান ও নৈতিকতা বজায় রাখা খুবই জরুরি। তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।

    ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মহিদুস সামাদ খান। অনুষ্ঠানের মূল আলোচকের বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ ফারহাত আনোয়ার।

    অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিবসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী

    ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান প্রযুক্তির বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে একটি নিয়মনীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি।

    তিনি বলেন, এটি কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়; বরং এক্ষেত্রে সকল দেশকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

    আজ (রোববার) সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন। নিজ দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।

    এ সময় উভয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীকে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

    তথ্যমন্ত্রী গত মার্চে তুরস্কে অনুষ্ঠিত ‘স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট’-এ তার অংশগ্রহণের কথা উল্লেখ করে চমৎকার আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান। তিনি এই সামিটকে অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

    তুরস্ক সফরের সময় তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক (মন্ত্রী পদমর্যাদা) প্রফেসর বুরহানউত্তীন দুরানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

    সাক্ষাতকালে তুরস্কের রাষ্ট্রদূত সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মধ্যে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবের কপি তথ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

    মন্ত্রী সরকারি পর্যায়ে দুই দেশের সংবাদমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।