Blog

  • দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস

    দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস

    দুপুরের মধ্যে সিলেট জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও হতে পারে। রোববার (১৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

    আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক সতর্ক বার্তায় বলা হয়েছে, দুপুরের মধ্যে সিলেট জেলার ওপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

    পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই দমকা হাওয়া হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রপাতের শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সিলেটের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

    আবহাওয়া অফিসের আরেক বার্তায় বলা হয়েছে— রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

  • যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ

    যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ

    লেবাননে ইসরাইলের আগ্রাসন থামাতে এবং স্থায়ী যুদ্ধবন্ধের লক্ষ্যে পাঁচটি শর্ত দিয়েছে হিজবুল্লাহ। দেশটির প্রতিরোধ বাহিনীটির মহাসচিব শেখ নাইম কাশেম বলেছেন, তারা লেবানন সরকারকে সহযোগিতা করবেন।

    শনিবার (১৮ এপ্রিল) রাতে প্রকাশিত এক বার্তায় তিনি ইরানের সহায়তার প্রশংসা করেন এবং লেবাননে এই যুদ্ধবিরতিতে প্রতিরোধ যোদ্ধাদের ‘অভূতপূর্ব পারফরম্যান্সের’ প্রশংসা করেন।

    কাশেম বলেন, সীমান্তে এক লাখ সেনা মোতায়েন থাকা সত্ত্বেও যারা ইসরাইলি বাহিনীর অগ্রগতি ঠেকিয়ে দিয়েছে—সেই প্রতিরোধ যোদ্ধাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। ফ্রন্টলাইনে থাকা প্রতিরোধ যোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া এই যুদ্ধবিরতি সম্ভব হতো না।

    তিনি জানান, প্রতিরোধ বাহিনী শত্রুর ওপর ভরসা করে না এবং যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন হলে তারা যথাযথ জবাব দিতে প্রস্তুত থাকবে। যুদ্ধবিরতির জন্য হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া পাঁচটি শর্তও তুলে ধরেন বাহিনীটির প্রধান।

    প্রথমত: আকাশ, স্থল ও সমুদ্র—সব জায়গায় লেবাননের বিরুদ্ধে আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
    দ্বিতীয়ত: ইসরাইলি বাহিনীকে সম্পূর্ণভাবে লেবাননের ভূখণ্ড থেকে সীমান্ত লাইনে ফিরে যেতে হবে।
    তৃতীয়ত: বন্দিদের মুক্তি দিতে হবে।
    চতুর্থত: সীমান্ত এলাকার বাসিন্দাদের তাদের শহর ও গ্রামে ফিরে যেতে দিতে হবে।
    পঞ্চমত: আন্তর্জাতিক ও আরব সহায়তায় পুনর্গঠন কার্যক্রম শুরু করতে হবে এবং সেটি হবে জাতীয় দায়িত্বের ভিত্তিতে।
    কাশেম বলেন, জাতীয় সার্বভৌমত্ব বাস্তবায়নের লক্ষ্যে নতুন কাঠামোর মধ্যে লেবানন সরকারের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতার জন্য হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে।

    প্রসঙ্গত, ম্যাসব্যাপী যুদ্ধের পর ইসরাইল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৫টায় এ যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির শুরুতে আনন্দ মিছিল আর উদ্যাপনের শব্দ শোনা গেলেও সাধারণ মানুষের মনে গভীর সংশয় কাজ করছে।

  • গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান

    গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম শেষ হয়েছে।

    সাক্ষাৎকার শেষে গভীর রাতেও রাজধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করে দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

    রাত ২টা ৫৫ মিনিটে প্রাপ্ত তথ্যে জানা গেছে, কার্যালয়ে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা।

    এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ গুলশান কার্যালয়ের কর্মকর্তারাও সেখানে রয়েছেন।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (১৮ এপ্রিল) বিকাল থেকে শুরু হওয়া সাক্ষাৎকার কার্যক্রমে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা অংশ নেন। ওই কার্যক্রম শেষ হওয়ার পর বর্তমানে দলীয় ও দাপ্তরিক বিভিন্ন বিষয়ে কাজ করছেন তারেক রহমান।

  • বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম

    বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম

    হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ইস্যুতে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

    শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

    নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে জাহাজটি পার হতে না পারার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ নিয়ে কূটনৈতিকভাবে কাজ চলছে, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়।’

    তিনি আরও বলেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। চাহিদা অনুযায়ী পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ করা হচ্ছে। কিন্তু একটি চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।

    ‘এর প্রমাণ হিসেবে বিভিন্ন জায়গায় হাজার হাজার লিটার ডিজেল মজুত করে রাখার ঘটনা ধরা পড়েছে। সরকার এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে’-বলেন তিনি।

    শেখ রবিউল আলম বলেন, ‘জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, কোনো সংকট নেই। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু চ্যালেঞ্জ আছে। তারপরও সরকার সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।’

    চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল(এনসিটি) বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর প্রসঙ্গে নৌপরিবহন মন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, সরকার দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। বন্দরের লাভ, প্রযুক্তিগত উন্নয়ন এবং সামগ্রিক সুবিধা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

  • সার্ক প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ আন্টালিয়া ফোরামে

    সার্ক প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ আন্টালিয়া ফোরামে

    তুরস্কের আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে আয়োজিত মন্ত্রী পর্যায়ের প্যানেল আলোচনায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অগ্রণী ভূমিকার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

    আজ (শনিবার) ফোরামের ওই অধিবেশনে বক্তারা আঞ্চলিক সহযোগিতা ও সংলাপ বাড়াতে সার্কের দীর্ঘস্থায়ী গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্যানেল আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং আফগানিস্তানের পরিবহন মন্ত্রী আজিজি অংশগ্রহণ করেন।

    অধিবেশনে ড. খলিলুর রহমান বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈদেশিক নীতির অন্যতম প্রধান লক্ষ্য।

    বক্তারা একমত হন যে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের বাধা দূর করে আঞ্চলিক সংহতি বাড়াতে টেকসই সংলাপ এবং কূটনীতিই একমাত্র কার্যকর পথ বলে জোর দেন তারা।

  • ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

    ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    আজ (শনিবার) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এ সম্মেলনে তিনি অংশ নেন।

    স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে আরও যুগোপযোগী করা, সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং সরকারের নির্দেশনা সকল ডাক্তারদের পৌঁছে দিতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

    সম্মেলনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত রয়েছেন।

    এ সময় শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত জরুরি সেবা ক্যাটাগরিতে মনোনীত ৬ জন চিকিৎসককে ক্রেস্ট প্রদান করেন প্রধানমন্ত্রী।

    ক্রেস্ট প্রাপ্ত ডাক্তাররা হলেন- ডাক্তার শোভন কুমার, আল মোরশেদ, মুজিবুর রহমান, সাজিদ হাসান, সুমন ক্লান্তি সাহা ও তাসনিম জুবায়ের।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক।