Blog

  • যে দুই শর্তে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

    যে দুই শর্তে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

    হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে এক্ষেত্রে জাহাজগুলোকে দুটি শর্ত মেনে চলতে হবে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনী।

    আইআরজিসি নৌবাহিনী বলেছে, ইরান ও লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে কোনো সামরিক জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করতে পারবে না।

    হরমুজ প্রণালি দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে বাণিজ্যিক জাহাজগুলোকে দুটি শর্ত মেনে চলতে হবে। প্রথমত, প্রণালির পূর্বনির্ধারিত রুট দিয়েই কেবল জাহাজগুলোকে চলাচল করতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, বাণিজ্যিক জাহাজগুলোকে আইআরজিসি নৌবাহিনীর অনুমতি নিয়ে এই জলপথ ব্যবহার করতে হবে।

    প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা শুরুর পরপরই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর এই জলপথে অন্তত ১৯টি বেসামরিক জাহাজে হামলা চালানো হয়েছে।

    এসব হামলার ফলে ব্যস্ততম এই জলপথ স্থবির হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র যেন জোরপূর্বক এই জলপথ উন্মুক্ত না করতে পারে, সেজন্য ইরান হরমুজ প্রণালিতে নৌ-মাইন পেতে রাখে।

    অবশেষে গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই এই প্রণালি খুলে যাবে বলে শোনা যায়। তবে লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়ায় তৎক্ষণাৎ প্রণালিটি উন্মুক্ত করেনি ইরান। শেষপর্যন্ত বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে ইসরাইল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর প্রণালিটি বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

    সূত্র: আলজাজিরা

  • শর্তসাপেক্ষে হরমুজ খোলা আছে: ইরান

    শর্তসাপেক্ষে হরমুজ খোলা আছে: ইরান

    হরমুজ প্রণালি ‘শুধুমাত্র যুদ্ধবিরতির শর্তে এবং শর্তসাপেক্ষে’ খোলা রাখা হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

    ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

    মুখপাত্র  ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ে-নিক বলেন, শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক জাহাজ বা কোনো বাহনের এই প্রণালি দিয়ে চলাচলের অধিকার নেই।’

    তিনি আরও বলেন, বর্তমানে প্রণালির পরিস্থিতি ‘অস্থায়ী’ এবং লেবাননের পরিস্থিতির পরিবর্তন হলে আবারও এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দেওয়া হতে পারে।

    এদিকে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার (২০ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ-পর্যায়ের শান্তি আলোচনা সম্ভাবনা রয়েছে। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

    কর্মকর্তারা আরও জানিয়েছেন, মার্কিন-ইরানি প্রতিনিধিদলগুলো আগামীকাল রোববার (১৯ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

  • কৃষকদের স্বাবলম্বী করতে সরকার নিরলস কাজ করছে: কুমিল্লায় কৃষিমন্ত্রী

    কৃষকদের স্বাবলম্বী করতে সরকার নিরলস কাজ করছে: কুমিল্লায় কৃষিমন্ত্রী

    কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। কৃষি খাতে ভর্তুকি প্রদান, ঋণ সহজীকরণ এবং ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে প্রান্তিক কৃষকদের সরাসরি সহায়তা নিশ্চিত করা হচ্ছে।
    শুক্রবার (১৭ এপ্রিল) কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ছিল কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণের জন্য আয়োজিত একটি বিশেষ কর্মসূচি।
    মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষকদের ভাগ্যোন্নয়ন সম্ভব হলে জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি বলেন, “বর্তমান সরকার কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও লাভজনক খাতে রূপান্তর করতে কাজ করছে। ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে কৃষকরা এখন সহজেই সরকারি ভর্তুকি, প্রণোদনা ও আর্থিক সহায়তা পাচ্ছেন। এটি একদিকে যেমন উৎপাদন বাড়াতে সাহায্য করছে, অন্যদিকে কৃষকের চাষাবাদের খরচও কমিয়ে আনছে।”
    কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মন্ত্রী স্থানীয় ১,৪৫৮ জন কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ তুলে দেন।

  • লেবাননে সংঘাত বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান জার্মান চ্যান্সেলরের

    লেবাননে সংঘাত বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান জার্মান চ্যান্সেলরের

    দক্ষিণ লেবাননে চলমান সংঘাত বন্ধ করে দেশটির সরকারের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    বার্লিনের একজন মুখপাত্র সোমবার জানান, নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মের্ৎস গাজার পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং পশ্চিম তীরে ‘আংশিক দখলদারিত্ব’ না চালানোর আহ্বান জানান।

    জার্মানির মুখপাত্র বলেন, চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যকার সামরিক সংঘর্ষের প্রেক্ষিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক সমঝোতা বা যুদ্ধবিরতি প্রচেষ্টায় জার্মানির সমর্থন অব্যাহত থাকবে।

    জার্মান সরকার জানায়, শুরুতে ইসরাইল-যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে সমর্থন জানালেও পরবর্তীতে বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব এবং উপসাগরীয় অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় বার্লিন তার অবস্থান পরিবর্তন করেছে।

    মুখপাত্র আরো জানান, মের্ৎস বলেছেন, সংঘাত বন্ধ হলে হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে জার্মানি সহায়তা দিতে প্রস্তুত। তবে, তা কেবল যুদ্ধবিরতি কার্যকর হলে এবং প্রয়োজনীয় শর্ত পূরণ হলে।

    যুদ্ধের আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ এটি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জেরে এই হরমুজ প্রণালি দিয়ে নৌ-চলাচল ইরানি হুমকির কারণে বন্ধ হয়ে গেছে।

    এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রণালিটিতে আংশিক নৌ অবরোধ ঘোষণা করেছেন।

  • ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

    ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

    প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (মঙ্গলবার) টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। এ উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

    বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দেশের ৯টি জেলার ১০টি উপজেলায় গুরুত্বপূর্ণ ভেন্যুতে বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

    এগুলোর মধ্যে রয়েছে-পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট; বোদা উপজেলার বৈরাতী উচ্চ বিদ্যালয়; বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয়; রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা অডিটোরিয়াম; ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার হাই স্কুল; জামালপুরের ইসলামপুর উপজেলার নাপিতের চর; মৌলভীবাজারের জুড়ি উপজেলার বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় এবং কক্সবাজারের টেকনাফ উপজেলার টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

    এতে আরও বলা হয়, প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

    গুরুত্বপূর্ণ এ কর্মসূচি সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  • কৃষি অর্থনীতিকে ১৪৩৩ বঙ্গাব্দ উৎসর্গ করছে সরকার: নববর্ষের শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী

    কৃষি অর্থনীতিকে ১৪৩৩ বঙ্গাব্দ উৎসর্গ করছে সরকার: নববর্ষের শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বর্তমান সরকার কৃষিভিত্তিক অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

    তিনি বলেন, ‘কৃষকদের সম্মান ও অবদানকে স্বীকৃতি দিতে সরকার নতুন বাংলা বছর ১৪৩৩-কে দেশের কৃষক সমাজ ও কৃষি অর্থনীতিকে উৎসর্গ করছে।’

    আজ (মঙ্গলবার) বাংলা নববর্ষের প্রথম দিনে এক শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।

    শুভেচ্ছা বার্তায় জহির উদ্দিন স্বপন বলেন, ‘বাংলা নববর্ষের প্রচলন শুরু হয়েছিল কৃষকদের ফসলের হিসাব রাখার সুবিধার্থে। বাংলা নববর্ষ একদিকে যেমন আমাদের বাংলা সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, তেমনি কৃষি অর্থনীতির প্রতিনিধিত্ব করে।’

    তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার কৃষিকে অর্থনীতির কেন্দ্রবিন্দুতে রেখে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করছে।‘