Blog

  • তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে আজ তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    সাক্ষাতে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়।

    সাক্ষাতের শুরুতে পাকিস্তানের হাইকমিশনার তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

    তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে নিউ মিডিয়ার দ্রুত বিস্তার দুই দেশের মধ্যে যৌথভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি করেছে। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভবিষ্যতে গণমাধ্যম খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    এসময় উভয়ে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

    দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময়, বিশেষ করে শিল্পী ও অভিনয়শিল্পীদের পারস্পরিক সফর এবং যৌথ প্রযোজনার সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

    এ সময়ে পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগের আওতায় বিজ্ঞানভিত্তিক শিক্ষায় শিক্ষার্থী বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

    এছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি)-এর মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে উভয়ে একমত হন।

    হাইকমিশনার তথ্যমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান এবং এই ধরনের সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ।

    আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে উভয়ের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা নিশ্চিত করেন ।

  • একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

    একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।

    আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের একনেকের এ সভা অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন।

  • কুমিল্লায় একসঙ্গে ৩ বাসে আগুন

    কুমিল্লায় একসঙ্গে ৩ বাসে আগুন

    কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রয়েল কোচ পরিবহণের তিনটি এসিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    রোববার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে বাসস্ট্যান্ডের আকাশে কালো ধোঁয়া দেখে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবহণ শ্রমিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের নেপথ্যের কারণ জানা যায়নি। পুলিশ এবং পরিবহণ মালিকরা বিষয়টি খতিয়ে দেখছে।

    স্থানীয়রা জানান, রয়েল কোচ নামের তিনটি এসি বাস বিকল হয়ে পড়ায় বাসস্ট্যান্ডে এনে রাখা হয়। রোববার দুপুরে হঠাৎ বাস তিনটিতে আগুন লেগে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে নিয়ন্ত্রণের আগেই বাস তিনটির সিটসহ লোহার অবকাঠামো ছাড়া সবকিছু পুড়ে যায়।

    কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিকল বাস তিনটিতে নিয়মিত মাদকের আসর বসানো হয়। বিভিন্ন রুটে চলাচলকারী বাসের চালক এবং হেলপাররা এ মাদকের আসরে জড়িত। রোববার দুপুরে আগুন লাগার কিছুক্ষণ আগে একটি বাস থেকে ৫ জন মাদক সেবন করে বের হয়ে আসেন। তারা বের হওয়ার কিছুক্ষণ পরই আগুন লাগার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গ্যাস লাইটার বিস্ফোরণ ঘটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

    কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মাদকসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

    ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কিভাবে আগুনের সূত্রপাত ও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক বলতে পারেননি তিনি। এই তিনটি বাসের ভেতরের অংশ পুরোপুরি পুড়ে গেছে বলে জানান এ কর্মকর্তা।

  • শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত

    শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি সাশ্রয়ে দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সে সিদ্ধান্ত পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    রাজধানীর সচিবালয়ে রোববার (৫ এপ্রিল) দুপুরে এ কথা জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত।

    এদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনও যুগান্তরকে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ব্যবসায়ীদের স্বার্থে গতকাল মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সভা করেছিলাম। আমরা শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময় বাড়ানোর দাবি জানিয়েছিলাম। আজ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আমাদেরকে ডেকে ছিলেন। সেখানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও সচিবও ছিলেন। তারা আমাদের জানিয়েছেন যে, শপিংমল ও দোকানপাট আরও এক ঘণ্টা বেশি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    তিনি বলেন, এর আগে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত ছিল যে, সন্ধ্যা ৬টার পর দোকানপাট বন্ধ থাকবে। আমরা প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে রাত ৮ টা পর্যন্ত খোলার রাখার অনুমতি দিতে অনুরোধ করেছিলাম। আজ মন্ত্রী-প্রতিমন্ত্রী আমাদের জানালেন যে, প্রধানমন্ত্রী দোকানপাট ও বিপণি বিতান ৭টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত জানিয়েছেন। আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

    এর আগে গত ৩ এপ্রিল মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ চেইনে অনিশ্চয়তা ও দামের ওঠানামা মোকাবিলায় দেশের সব ধরনের মার্কেট ও শপিংমল সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। জরুরি প্রয়োজনে খাবারের দোকান, ওষুধের দোকানসহ প্রয়োজনীয় সেবা এ সিদ্ধান্তের বাইরে থাকবে বলে জানানো হয়েছিল।

    ওইদিন সরকারি ও বেসরকারি সব অফিসের সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। আর বিকাল ৪টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত জানানো হবে।

    সরকারের ভাষ্য অনুযায়ী, দেশের প্রায় ৮০ শতাংশ তেল মধ্যপ্রাচ্য থেকে আসে। যুদ্ধের কারণে সেখানে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প উৎস থেকে জ্বালানি আনার উদ্যোগ চলছে।

  • ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত

    ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত

    রুশ কর্তৃপক্ষ আজ জানিয়েছে যে, ইউক্রেনের একটি ড্রোন হামলায় দেশটির বাল্টিক বন্দর প্রিমোরস্কের কাছে একটি তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেনিনগ্রাদ অঞ্চলে ১৯টি ড্রোন ভূপাতিত করেছে। ওই সময় একটি ড্রোনের ধ্বংসাবশেষ প্রিমোরস্ক বন্দরের কাছে তেল পাইপলাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত করেছে এবং পাইপলাইনটি নিরাপদে পুড়িয়ে ফেলা হচ্ছে। তিনি জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা বাড়িয়েছে।

    ফিনল্যান্ড সীমান্ত এবং গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গের মাঝে অবস্থিত প্রিমোরস্কে গত মার্চ মাসেও হামলা হয়েছিল। তখন একটি তেল ডিপোতে আগুন লাগে।