Category: আন্তর্জাতিক

  • দিল্লীতে সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়ার আইনজীবী লর্ড কার্লাইল

    দিল্লীতে সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়ার আইনজীবী লর্ড কার্লাইল

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইল এ সপ্তাহেই দিল্লিতে আসছেন। এখানে তিনি ভারতের রাজধানীতে সংবাদ সম্মেলন করবেন।

    মঙ্গলবার তিনি একটি অনলাইন গণমাধ্যমকে দেয়া সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানান।

    বার্তায় তিনি লিখেছেন, আমি দিল্লিতে আসছি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করব। আমি দিল্লিতে আসছি। কোথায় কখন সংবাদ সম্মেলন হবে তা যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

    এর আগে লর্ড কার্লাইলের দিল্লিতে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে বাংলাদেশের সংবাদমাধ্যমের একাংশে খবর প্রকাশিত হয়েছিল।

    এ ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করা হলে লর্ড কার্লাইল জবাবে এই বার্তাটি পাঠান। তবে দিল্লির মথুরা রোডে অবস্থিত ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে (এফসিসি) ১৩ জুলাই তার সংবাদ সম্মেলন হবে বলে আগে যে তারিখ নির্ধারিত ছিল, তা নিশ্চিতভাবেই বাতিল হয়ে গেছে।

    ফলে লর্ড কার্লাইল ও তার সহযোগিদের দিল্লিতেই এখন অন্য বিকল্প ভেন্যুর সন্ধান করতে হচ্ছে। নির্ধারিত সংবাদ সম্মেলনের দিনক্ষণও একদিন এগিয়ে আনা হয়েছে– ১৩ জুলাইয়ের পরিবর্তে তা এখন ১২ জুলাই অনুষ্ঠিত হবে বলে নির্ধারণ করা হয়েছে।

    এর আগে গত সপ্তাহে লর্ড কার্লাইল ঘোষণা করেছিলেন, বাংলাদেশে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে কীভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ‘মিথ্যা মামলা’য় ফাঁসানো হয়েছে তা ব্যাখ্যা করতে তিনি দিল্লি আসবেন।

    এই সংবাদ সম্মেলনটি তার ঢাকাতেই করার ইচ্ছা থাকলেও বাংলাদেশ তার ভিসার আবেদন অনির্দিষ্টকাল ধরে ঝুলিয়ে রাখায় বাধ্য হয়েই তিনি দিল্লিকে বেছে নিচ্ছেন বলে জানান লর্ড কার্লাইল। কিন্তু ভারতের প্ল্যাটফর্মকে ব্যবহার করে খালেদা জিয়ার আইনজীবী একটি রাজনৈতিক ক্যাম্পেইন চালাবেন ও বাংলাদেশ সরকারকে আক্রমণ করবেন– এটা ঢাকা কখনও পছন্দ করেনি।

    গত মার্চ মাসে ঢাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেছিলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দি খালেদা জিয়ার অন্যতম আইনজীবী হিসেবে প্রবীণ ব্রিটিশ লর্ড ও বিশিষ্ট আইনজ্ঞ লর্ড কার্লাইলকে নিয়োগ করা হয়েছে।

    তারপর থেকে লর্ড কার্লাইল বিভিন্ন সংবাদমাধ্যমে খালেদা জিয়ার মামলা নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন ঠিকই– কিন্তু বাংলাদেশের আদালতে খালেদা জিয়ার হয়ে মামলা লড়ার জন্য আসতে চাইলেও তার জন্য ভিসা পাননি।

    এদিকে মঙ্গলবার খালেদা জিয়ার কয়েকজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করলে তারা এ বিষয়ে কিছু জানেন না বলে যুগান্তরকে জানিয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব এম মাহবুব উদ্দিন খোকন জানান, দিল্লিতে লর্ড র্কালাইলের সংবাদ সম্মেলন সম্পর্কে আমি অবহিত নই।

  • গুহায় আটকেপড়া বাকিদের উদ্ধারে ফের অভিযান শুরু

    গুহায় আটকেপড়া বাকিদের উদ্ধারে ফের অভিযান শুরু

    থাইল্যান্ডের গুহায় আটকে পড়া বাকি আট ক্ষুদে ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে ফের অভিযান শুরু করেছেন ডুবুরিরা। এর আগে রোববার ওই গুহা থেকে চারজনকে বের করে আনা হয়। পরে সন্ধ্যা নামায় সোমবার সকাল নাগাদ উদ্ধারকাজ স্থগিত করে কর্তৃপক্ষ। উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা নারোংসাক শনিবার জানিয়েছিলেন, এখন গুহার ভেতরের অবস্থা উদ্ধারকাজ চালানোর পক্ষে আদর্শ। রোববার স্থানীয় সময় সকাল ৭টায় ১৩ জন বিদেশি ও পাঁচজন থাই ডুবুরির দল চিয়াং রাই রাজ্যের থাম লুয়াং গুহায় উদ্ধার অভিযান শুরু করে।

    চিয়াং রাই রাজ্যের গভর্নর নারোংসাক রোববার রাতে গুহার কাছে এক সংবাদ সম্মেলনে জানান, শারীরিক অবস্থা সবচেয়ে ভালো, এমন ছেলেগুলোকে আগে বাইরে আনা হচ্ছে। প্রথম দুজনকে বাইরে আনা হয়েছে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৩০ ও ৫টা ৪০ মিনিটে। এর প্রায় দুই ঘণ্টা পর আরও দুজনকে গুহার বাইরে আনতে সক্ষম হন ডুবুরিরা।

    নারোংসাক জানান, প্রত্যাশার চেয়ে ভালোভাবে এগোচ্ছে উদ্ধার অভিযান। ওই চার বালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিশদ জানা যায়নি।

    গত ২৩ জুন ১২ জন ক্ষুদে ফুটবলারদের নিয়ে তাদের কোচ এক্কাপল চান্তাওয়াং গুহা দেখতে যান। কিন্তু গুহার ভেতরে ঢুকলে হঠাৎ বৃষ্টি এলে তারা গুহার মুখ থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে চলে যান এবং সেখানেই আটকা পড়ে আছেন। ইতোমধ্যে তাদের অক্সিজেন দিতে গিয়ে এক ডুবুরির মৃত্যু হয়েছে।

    এর আগে শনিবার আটকে পড়া কিশোররা তাদের মা-বাবার কাছে চিঠি লিখে জানায়, তারা ভালো আছে, তাদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

  • ইসরাইল নির্মূল না হওয়া পর্যন্ত থাকবে ইরানি সেনারা

    ইসরাইল নির্মূল না হওয়া পর্যন্ত থাকবে ইরানি সেনারা

    সিরিয়া থেকে ইসরাইলের প্রভাব নির্মূল না হওয়া পর্যন্ত ইরানের সামরিক উপদেষ্টারা সেখানে অবস্থান করবে বলে জানিয়েছেনে ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

    শনিবার তেহরানে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত সালাহ আয-যাওয়াবি তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আব্দুল্লাহিয়ান বলেন, সিরিয়ায় উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের পতন হওয়ার পর দেশটির জনগণ তাদের নিজ ভূমিতে ইহুদিবাদীদের উপস্থিতি মেনে নেবে না।

    তিনি আরো বলেন, দায়েশের পরাজয়ের পর ইসরাইল সিরিয়ার ওপর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালায়। তবে প্রতিরোধকামী শক্তি এবং ইরানের সামরিক উপদেষ্টারা সন্ত্রাসীদের নির্মূল করতে সিরিয়ায় তাদের উপস্থিতি বজায় রাখবেন।

    তিনিবলেন, সিরিয়ার ভূখণ্ড আবারো সন্ত্রাসীদের জন্য স্বর্গভূমিতে পরিণত হোক তা দেশটির জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

  • থাইল্যান্ডে গুহায় আটকে পড়া ফুটবলারদের উদ্ধারে অভিযান চলছে

    থাইল্যান্ডে গুহায় আটকে পড়া ফুটবলারদের উদ্ধারে অভিযান চলছে

    থাইল্যান্ডের একটি গুহায় দুই সপ্তাহ ধরে আটকে থাকা ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। স্থানীয় সময় আজ রবিবার সকাল ১০টায় ডুবুরিরা গুহায় প্রবেশ করে বলে জানান উদ্ধারকারী দলের প্রধান নারোংসাক ওসাতানাকর্ন।
    পরে তিনি সাংবাদিকদের অভিযানের বিষয়ে আরো জানান, গুহায় আটকে পড়া ফুটবল দলের প্রথম দলটিকে বের করে আনতে প্রায় ১১ ঘণ্টা সময় লাগবে। স্থানীয় সময় রাত ৯টার দিকে প্রথম দলটিকে বের করে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। আমরা যত দ্রুত সম্ভব উদ্ধার অভিযান শেষ করতে চাই। তবে তা নির্ভর করবে আবহাওয়ার ওপর।
    থাইল্যান্ডের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকলে উদ্ধার অভিযান শেষ হতে তিন থেকে চারদিন সময় লাগতে পারে।
    ওয়াইল্ড বোয়ার ফুটবল দলের ১২ কিশোর ও তাদের কোচ ২৩ জুন বেড়াতে গিয়ে উত্তরাঞ্চলীয় চিয়াং রাই এলাকার থাম লুয়াং নং নন গুহায় আটকা পড়ে। কিশোরদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে।  গুহাটি প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ। এটি থাইল্যান্ডের দীর্ঘতম গুহার একটি। এখানে যাত্রাপথের দিক খুঁজে পাওয়া কঠিন। ভারী বর্ষণ আর কাদায় থাম লুয়াংয়ের প্রবেশ মুখ বন্ধ হয়ে গেলে তারা আটকা পড়ে। নিখোঁজের পর গুহার পাশে তাদের সাইকেল এবং খেলার সামগ্রী পড়ে থাকতে দেখা যায়।

    নিখোঁজের নয় দিন পর সোমবার (২ জুলাই) দুইজন বৃটিশ ডুবুরি চিয়াং রাই এলাকার থাম লুয়াং নং নন গুহায় তাদের জীবিত সন্ধান পান। পরে থাইল্যান্ডে নৌ বাহিনী গুহায় আটকা পড়া কিশোরদের ভিডিও ফেসবুকে পোস্ট করেন। ডুবুরিরা তাদের টর্চলাইটের আলো ফেলে ১৩ জনকেই দেখতে পায়। সে সময় তারা খুব ক্ষুধার্ত ছিলো।-বিবি।

  • ৬শ সিনেমা হল নির্মাণ হবে সৌদিতে!

    ৬শ সিনেমা হল নির্মাণ হবে সৌদিতে!

    সৌদি রাজপরিবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ৩৫ বছর পর দেশটিতে চালু হয়েছে সিনেমা হল। গত ১৮ এপ্রিল থেকে রাজধানী রিয়াদে চালু হয় সৌদি আরবের প্রথম সিনেমা ঘরটি। নতুন খবর হচ্ছে আগামী পাঁচ বছরে দেশটিতে তৈরি  হতে যাচ্ছে আরও ৬শ টি সিনেমা বিনোদন কেন্দ্র।

    সৌদির স্থানীয় একটি পত্রিকার বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, দুবাইভিত্তিক বিনোদন প্রতিষ্ঠান ‘ভক্স সিনেমা’ সৌদিতে আরও ৬শ টি সিনেমা হল তৈরির কাজ হাতে নিয়েছে। এ কার্যক্রমে কাজ করার সুযোগ পাবে ১ লাখ ১৭ হাজার শ্রমিক। প্রত্যেকেই প্রতক্ষ্য বা পরোক্ষভাবে সেখানে কাজ করতে পারবে।

    গালফ বলেছে, শপিংমল, ফ্যাশন হাউজ, বিনোদন ও দোকানপাট সংবলিত এই প্রতিষ্ঠানগুলো তৈরি করতে খরচ হবে ১৬ বিলিয়ন সৌদি রিয়াল।

    দেশটির বিজনেস সিটি রিয়াদে যে হলটি তৈরির কাজ চলছে তা আগামী বছর চালু করবে ভক্স সিনেমা। কিং খালেদ এয়ারপোর্ট রোডে চার লাখ বর্গমিটারের এ প্রকল্পটি হতে যাচ্ছে সৌদির প্রথম সবচেয়ে বড় আকারের প্রতিষ্ঠান।

  • জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত

    জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত

    সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও ১১জন।

    জেদ্দার মোহাম্মদী এলাকায় এ দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

    দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

    হতাহতদের কারও পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

    এ বিষয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ছয় জন নিহতের তথ্য পেয়েছি। স্থানীয় সময় বুধবার সকালে এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

    তিনি জানান, আমাদের বাংলাদেশি শ্রমিক বন্ধুদের একটি গাড়ি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। সেখানে ১৬ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক ছিলেন।

    মোবারক হোসেন নামে জেদ্দা প্রবাসী এক বাংলাদেশি জানান, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা একটি কারখানায় চাকরি করতেন। কারখানায় কাজে যাওয়ার জন্য সবাই একটি মিনিবাসে ওঠেন। মিনিবাসের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।