Category: আন্তর্জাতিক

  • ৬ বছর বিরতির পর উ. কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু

    ৬ বছর বিরতির পর উ. কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু

    ছয় বছরের বিরতির পর আজ সোমবার এয়ার চায়না বেইজিং ও পিয়ংইয়ংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে।

    দুই রাজধানীর মধ্যে ট্রেন পরিষেবা পুনরায় চালুর পর বিচ্ছিন্ন উত্তর কোরিয়া যে ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে, এটি তারই আরেকটি লক্ষণ।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    উত্তর কোরিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থনের এক গুরুত্বপূর্ণ উৎস হিসেবে চীন দেশটির মুমূর্ষু অর্থনীতির জন্য জীবনরেখা হিসেবে কাজ করেছে।

    উত্তর কোরিয়ায় প্রবেশাধিকার বরাবরই ব্যাপকভাবে সীমাবদ্ধ ছিল। তবে ২০২০ সালে মহামারীর সময় দেশটি তার সীমান্ত বন্ধ করে দিলে, তা প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

    ফ্লাইটস্ট্যাটস-এর তথ্য অনুযায়ী, ফ্লাইট সিএ১২১ বেইজিং ক্যাপিটাল এয়ারপোর্ট থেকে সকাল ৭টা ৫৮ মিনিটে (রোববার ২৩৫৮ জিএমটি) যাত্রা শুরু করে এবং পিয়ংইয়ংয়ের সুনান আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টা ৩৭ মিনিটে (০১৩৭ জিএমটি) পৌঁছায়।

    সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ইয়াজুন ও অন্যান্য চীনা কূটনীতিকরা বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানিয়েছেন।

  • ইরান চুক্তি ‘শিগগিরই’ হতে পারে: ট্রাম্প

    ইরান চুক্তি ‘শিগগিরই’ হতে পারে: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ ‘শাসন পরিবর্তন’ ঘটিয়েছে। তেহরানের সঙ্গে খুব শিগগিরই একটি চুক্তি হতে পারে বলেও তিনি জানিয়েছেন।

    তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

    এদিকে ইরানের বিদ্যুৎ স্থাপনায় হামলার পর তেহরান ও আশপাশের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর মধ্যেই ইরান কুয়েত ও সৌদি আরবে হামলা চালায়।

    দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের অভিযান অব্যাহত রয়েছে। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (ইউএনআইএফআইএল) জানায়, তাদের একটি অবস্থানে প্রজেক্টাইল আঘাত হানলে এক শান্তিরক্ষী নিহত এবং আরেকজন গুরুতর আহত হন।

    ইউএনআইএফআইএল জানায়, প্রজেক্টাইলটির উৎস জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

    এক মাসব্যাপী যুদ্ধে বহু ইরানি নেতা নিহত হওয়ার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ইতোমধ্যেই শাসন পরিবর্তন হয়েছে। নতুন নেতৃত্ব ‘অনেক বেশি যুক্তিসংগত।’

    এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা শাসন পরিবর্তন দেখেছি। আমরা এখন ভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি। আগে যাদের সঙ্গে কেউ কথা বলেনি, তারা এখন নেতৃত্বে। এটাকেই আমি শাসন পরিবর্তন বলব।’

    আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে কি না—এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি ইরানে একটি চুক্তির সম্ভাবনা দেখছি। এটি শিগগিরই হতে পারে।’

    এদিকে তেহরান ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং ট্রাম্পের সঙ্গে গড়ে ওঠা যোগাযোগ কাজে লাগিয়ে শান্তি আলোচনায় মধ্যস্থতার চেষ্টা করছে পাকিস্তান।

    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্র—উভয়ই আলোচনায় সহায়তার জন্য পাকিস্তানের ওপর আস্থা প্রকাশ করেছে, এতে আমরা সন্তুষ্ট।’

    তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘কূটনীতিতে ধোঁয়াশা তৈরিকে
    কৌশল’ হিসেবে ব্যবহারের অভিযোগ করেছেন।

    সরকারি বার্তা সংস্থা ইরনায় দেওয়া বিবৃতিতে মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, ‘শত্রু প্রকাশ্যে আলোচনা ও সংলাপের বার্তা দিচ্ছে, আর গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে।’

    তিনি আরও বলেন, ‘আমাদের লোকজন মার্কিন সেনাদের স্থলে আসার অপেক্ষায় আছে, যাতে তাদের আগুনে পুড়িয়ে দেওয়া যায় এবং তাদের আঞ্চলিক মিত্রদের চূড়ান্তভাবে শাস্তি দেওয়া যায়।

    টানা কয়েক সপ্তাহের হামলায় ইরানের সাধারণ মানুষের ওপর বড় প্রভাব পড়েছে।

    তেহরানের এক শিল্পী এএফপিকে বলেন, ‘শান্তিতে ঘুমানোর রাতকে আমি মিস করি।’ তিনি জানান, রাতের হামলা এতটাই তীব্র যে মনে হয় পুরো তেহরান কেঁপে উঠছে।

    যুদ্ধটি এখন আঞ্চলিক সংকটে রূপ নিয়েছে। তেহরান উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী প্রায় বন্ধ করে দিয়েছে। এতে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং বৈশ্বিক অর্থনীতি হুমকির মুখে পড়েছে।

    কুয়েতে বিদ্যুৎকেন্দ্র ও পানি লবণমুক্তকরণ স্থাপনায় ইরানি হামলায় একজন ভারতীয় কর্মী নিহত হন। একটি ভবন ক্ষতিগ্রস্ত হয় বলে সোমবার জানায় দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়।

    সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করেছে।

    ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানায়, বিদ্যুৎ শিল্পের স্থাপনায় হামলার পর রোববার রাজধানী, আশপাশের অঞ্চল ও আলবোরজ প্রদেশে বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দেয়।

    এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, তেহরান আলোচনা না করলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে। পরে তিনি এ বিষয়ে সময়সীমা একাধিকবার বাড়ান।

    ইরান জানিয়েছে, শত্রু দেশের জাহাজের জন্য তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এর আগে এই পথ দিয়ে বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ সমুদ্রপথে তেল পরিবহন এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ সরবরাহ হতো।

    যুদ্ধের প্রভাবে তেলের দাম বেড়েছে। সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। ব্রেন্ট ক্রুড উঠেছে ১১৫ ডলারের ওপরে।

    ইসরাইলে পার্লামেন্ট ২০২৬ সালের বাজেট অনুমোদন করেছে। এতে সামরিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। প্রতিরক্ষা বাজেট ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়িয়ে ৪৫ বিলিয়ন ডলারেরও ওপরে করা হয়েছে।

    কূটনৈতিক তৎপরতায় পাকিস্তান ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিচ্ছে। এই সংকট নিয়ে আলোচনায় ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন।

    ট্রাম্প বোরবার ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের কথা বলেছেন। তবে তেহরান এসব দাবি অস্বীকার করেছে।

    দার বলেন, সফররত মন্ত্রীরা কীভাবে ‘যুদ্ধের দ্রুত ও স্থায়ী অবসান ঘটানো যায়’ তা নিয়ে আলোচনা করেছেন।

    তিনি জানান, ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই আলোচনায় সহায়তার জন্য পাকিস্তানের ওপর আস্থা রেখেছে। এ বিষয়ে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ অন্যদের সঙ্গেও কথা বলেছেন। তারাও এই উদ্যোগকে সমর্থন করেছেন।

    কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে সামরিক উপস্থিতিও বাড়াচ্ছে। যুদ্ধ শেষ করতে ১৫ দফা প্রস্তাব দেওয়ার পরও এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    শুক্রবার প্রায় সাড়ে তিন হাজার মেরিন ও নাবিক বহনকারী উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

    ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পেন্টাগন কয়েক সপ্তাহের স্থল অভিযান পরিকল্পনা করছে। এর মধ্যে হরমুজ প্রণালীর আশপাশে অভিযানের সম্ভাবনাও রয়েছে। তবে এখনো কোনো মোতায়েনের অনুমোদন দেননি ট্রাম্প।

  • নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

    নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

    গত বছরের সেপ্টেম্বরে জেন-জি বিক্ষোভকারীদের দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে আজ শনিবার গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

    নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও তার মন্ত্রিপরিষদ শপথ নেওয়ার এক দিন পরই তাদের গ্রেপ্তার করা হলো।

    কাঠমান্ডু থেকে এএফপি জানায়, কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী  বলেন, ‘আজ সকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

    গত বছর নেপালে জেন-জি’র তুমুল বিক্ষোভের মুখে ৭৪ বছর বয়সী ওলি পদত্যাগে বাধ্য হন। এতে তার সরকারের পতন ঘটে। ওই আন্দোলনের পর ৫ মার্চ অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (আরএসপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়।

    সহিংসতা তদন্তে গঠিত কমিশন জানিয়েছে, গত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বর দুর্নীতিবিরোধী যুব আন্দোলনে অন্তত ৭৬ জন নিহত হন।

    প্রথম দিনের বিক্ষোভে অন্তত ২০ জন তরুণ নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞার জেরে ওই আন্দোলনের সূত্রপাত হয়েছিল, তবে দীর্ঘদিনের অর্থনৈতিক দুর্ভোগের কারণে বহুদিন ধরেই জনমনে অসন্তোষ দানা বেঁধেছিল।

    পরদিন সারা দেশে  আন্দোলন ছড়িয়ে পড়ে। পার্লামেন্ট ও সরকারি অফিসগুলোতে আগুন দেওয়া হয়। ফলে ওলির সরকার পতন ঘটে।

    অন্তর্বর্তী সরকারের সময় গঠিত তদন্ত কমিশন সুপারিশ করেছে, ওলি ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা উচিত।

    তাদের প্রতিবেদনে বলা হয়, ‘গুলি চালানোর কোনো আদেশ দেওয়া হয়েছিল কি না, তা প্রমাণিত হয়নি।

    তবে গুলি থামাতে বা নিয়ন্ত্রণ করতে কোনো প্রচেষ্টা নেওয়া হয়নি এবং তাদের অবহেলাজনিত আচরণের কারণে বেশ কিছু শিশুও প্রাণ হারিয়েছে।’

  • ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প

    ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার হরমুজ প্রণালি সুরক্ষিত করতে সামরিক বাহিনী পাঠাতে ন্যাটো মিত্রদের অস্বীকৃতির বিষয়ে তাঁর হতাশা পুনর্ব্যক্ত করেন এবং বলেন, ভবিষ্যতে অনুরোধ করা হলেও ওয়াশিংটন হয়তো ন্যাটোর পাশে নাও থাকতে পারে।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    মিয়ামিতে একটি বিনিয়োগ ফোরামে ট্রাম্প বলেন, ‘তারা তো ছিলই না।’ ‘আমরা প্রতি বছর ন্যাটোর জন্য শতশত বিলিয়ন ডলার খরচ করি, তাদের রক্ষা করি এবং আমরা সব সময় তাদের পাশে থাকতাম। কিন্তু এখন, তাদের কর্মকাণ্ডের ভিত্তিতে মনে হয় আমাদের থাকার দরকার নেই, তাই না?’

    তিনি বলেন, ‘তারা যদি আমাদের পাশে না থাকে, তাহলে আমরা কেন তাদের পাশে থাকব? তারা তো আমাদের পাশে ছিলই না।’

    এক মাস আগে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি অভিযান শুরু হওয়ার পর থেকে, ট্রাম্প পশ্চিমা মিত্রদের সমর্থনের অভাব এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করতে বাহিনী পাঠাতে অনীহা নিয়ে বারবার হতাশা প্রকাশ করেছেন।

    হরমুজ প্রণালি হলো উপসাগরীয় তেল ও গ্যাস রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যা ইরানের আক্রমণের ঝুঁকিতে রয়েছে।

    এই জলপথ দিয়ে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েছে।

    ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং জাপানসহ ছয়টি প্রধান দেশ জানিয়েছে যে তারা ‘উপযুক্ত উদ্যোগে অবদান রাখতে’ প্রস্তুত, কিন্তু এখনো কোনো প্রতিশ্রুতি দেয়নি।’

    ট্রাম্প ন্যাটোর সবচেয়ে কড়া সমালোচনা করেছেন। গত সপ্তাহে তিনি ন্যাটোর অন্যান্য সদস্য দেশগুলোকে ‘কাওয়ার্ড’ বা  কাপুরুষ বলে অভিহিত করেন এবং ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র ছাড়া এই জোট কেবল ‘কাগুজে বাঘ’।

    গত বৃহস্পতিবার তিনি তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে বলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ন্যাটোর কাছ থেকে কিছুই প্রয়োজন নেই।’

    তিনি বলেন, ‘ন্যাটো দেশগুলো এখন সামরিকভাবে বিধ্বস্ত উন্মাদ রাষ্ট্র ইরানের বিরুদ্ধে সাহায্য করার জন্য বিন্দুমাত্র কিছুই করেনি।’

  • ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে ১০ দিনে তৃতীয়বার  হামলা : আইএইএ

    ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে ১০ দিনে তৃতীয়বার হামলা : আইএইএ

    ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে শুক্রবার রাতে একটি হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোন তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি বা রিয়্যাক্টরের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আইএইএ।

    ইসরাইলের হামলার পর এ তথ্য জানায় তারা।

    ইরানের বরাতে আইএইএ জানায়, কেন্দ্রটি স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে এবং এতে কোন প্রযুক্তিগত বা কাঠামোগত ক্ষতি হয়নি।

    সংস্থাটি আরও জানায়, গত ১০ দিনে ইরানে এটি তৃতীয় হামলার ঘটনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন দ্বিতীয় মাসে প্রবেশ করেছে।

    ভিয়েনা থেকে এএফপি এ খবর জানিয়েছে।

    ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, তারা ইরানের কেন্দ্রীয় অঞ্চলে একটি হেভি ওয়াটার রিয়্যাক্টর ও একটি ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

    তবে তারা এ সময় বুশেহরের কথা উল্লেখ করেনি।

    এদিকে, আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি ‘সর্বোচ্চ সামরিক সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

    ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানায়, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে একটি প্রজেক্টাইল কেন্দ্রটির প্রাঙ্গণে আঘাত হানে।

    তারা এ জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কে দায়ী করেছে।

    ফার্স আরও জানায়, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    আইএইএর তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম ইরানে অবস্থিত বুশেহর কেন্দ্রটিতে দেশের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

    এটি  ২০১১ সালে প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হয়।

  • ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতার দুই-তৃতীয়াংশ ধ্বংস : যুক্তরাষ্ট্র

    ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতার দুই-তৃতীয়াংশ ধ্বংস : যুক্তরাষ্ট্র

    ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতার প্রায় দুই-তৃতীয়াংশ ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইভাবে দেশটির নৌ উৎপাদন ব্যবস্থারও বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

    বুধবার এক ভিডিও বার্তায় এ তথ্য জানান সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তিনি বলেন, ইরানের নৌবাহিনীর বড় জাহাজগুলোর ৯২ শতাংশই ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

    তার ভাষায়, ‘এখন তারা কার্যকরভাবে আঞ্চলিক বা বৈশ্বিক পর্যায়ে নৌ শক্তি প্রদর্শনের সক্ষমতা হারিয়েছে।’

    যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইসরাইলকে সঙ্গে নিয়ে শুরু হওয়া এই যুদ্ধে নির্ধারিত লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র পরিকল্পনা অনুযায়ী বা তার চেয়েও এগিয়ে রয়েছে।

    তিনি আরও বলেন, ‘ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌ উৎপাদন স্থাপনার দুই-তৃতীয়াংশের বেশি আমরা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছি। অভিযান এখনও চলছে।’

    তিনি জানান, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ১০ সহস্রাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

    যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান প্রায় প্রতিদিনই উপসাগরীয় বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।

    তবে কুপার দাবি করেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হার ৯০ শতাংশ কমে গেছে। তিনি বলেন, ‘পুনর্গঠনের সক্ষমতাও আমরা ভেঙে দিয়েছি।’

    এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার পরিকল্পনা নেই তাদের। লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অটল রয়েছে তেহরান।

    এর আগে হোয়াইট হাউস জানায়, আলোচনা চলছে।