Category: বিনোদন

  • রায়হান মুজিব হাসপাতালে

    রায়হান মুজিব হাসপাতালে

    বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নির্মাতা রায়হান মুজিব হাসপাতালে। নব্বই দশকে শাবানা-জসিম-আলমগীর-সোহেল চৌধুরী-সুনেত্রা-মান্না-রাজিবকে নিয়ে একের পর বানিয়েছেন জনপ্রিয় সব চলচ্চিত্র। চলচ্চিত্রের জনপ্রিয়তা তার নামকেও পরিচিত করে তোলে ঘরে ঘরে।

    এক সময়ের ব্যস্ত নির্মাতা এখন হাসপাতালের বেডে। জানা গেছে, গল ব্লাডারের সমস্যা নিয়ে মুজিব রাজধানীর উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজে গ্যাস্ট্রোলজি বিভাগের প্রফেসর ডা. মহিবুর রহমানের অধীনে চিকিৎসাধীন। সেখানে তিনি লিফটের ৯ এর ৪ নং বেডে শয্যাশায়ী।

    রায়হান মুজিব সর্বশেষ ‘জগৎ সংসার’ (২০১০) ছবি দর্শকদের উপহার দেন। জ্যামস গ্রুপের প্রযোজনায় তার অধিকাংশ ছবি নির্মিত। শুরুটা তিনি করেছিলেন অ্যাকশন তারকা জসিমকে নিয়ে। তাকে নিয়ে ‘হিরো’ করে প্রথম ছবিতেই সাড়া ফেলেন। এরপর একে একে করেন ‘ভাইজান’, ‘কাজের বেটি রহিমা’, ‘অগ্নিপুরুষ’, ‘আত্ম অহংকার’, ‘প্রেম প্রীতি’, ‘রাজা গুণ্ডা’, ‘আখেরি মুকাবিলা’, ‘হিংসার আগুন’, ‘তেজী সন্তান’ প্রভৃতি।

    হাসপাতলের বেডে শয্যাশায়ী রায়হান মুজিব বলেন, ‘অনেকদিন ধরেই গল ব্লাডারে সমস্যা হচ্ছিল। এটি যে বড় সমস্যা সৃষ্টি করেছে সেটা বুঝতে পারি নি। কতদিন হাসপাতালে থাকতে হয় সেটা এখনও বলতে পারছি না। তারা বলছে এখন আমার পর্যবেক্ষণ চলছে। অবস্থা বুঝে ছয় মাস পর অপারেশানে যাবে। আমি সবার কাছে দোয়া চাই। এ সময় দোয়া ছাড়া আর কিছুই চাওয়ার নাই।’

  • শাহরুখ খানকে ‘ভুয়া মুসলিম’ বলে কটাক্ষ

    শাহরুখ খানকে ‘ভুয়া মুসলিম’ বলে কটাক্ষ

    এই বছর গণেশ পূজার সময় শাহরুখ খানকে নিয়ে বিতর্ক হয়েছিল। মুসলিম হয়েও কেন তিনি গণেশ পূজা করলেন- এ নিয়ে অনেকে তার সমালোচনা করে। ক্রমশ সেই বিতর্ক থিতিয়ে যায়। কিন্তু দীপাবলিতে ফের বিতর্কে জড়ালেন শাহরুখ খান।

    সম্প্রতি নিজের বাড়িতে দীপাবলি উদযাপন করেছেন শাহরুখ। গিয়েছেন বন্ধুদের দীপাবলির পার্টিতেও। আর সেই কারণেই নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন তিনি।

    ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়ছে, শনিবার অবধি একাধিক অনুষ্ঠানের জন্য দিল্লিতে ছিলেন শাহরুখ খান। সঙ্গে ছিল ছোট ছেলে আব্রাম। রবিবার মুম্বাই ফেরেন তিনি। পরিবারের সঙ্গেই সময় কাটান। কপালে তিলক কেটে দিওয়ালি উদযাপনও করেন। স্ত্রী গৌরী ও ছেলে আবরামের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সবাইকে দীপাবলির শুভেচ্ছাও জানান তিনি। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।

    ছবিটি পোস্ট করার পর তাকে ‘ভুয়ো মুসলিম’ বলে কটাক্ষ করা হয়। কেউ কেউ তো ঘটনাটিকে ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেছেন। আনেকে বলেছেন, মুসলিম হওয়া সত্ত্বেও শাহরুখ কেন দীপাবলি উদযাপন করেছেন? মুসলিম হয়েও তিনি হিন্দুদের প্রথা মানছেন। এর জন্য অভিনেতার লজ্জা পাওয়া উচিত।

  • আজীবন সম্মাননা পাচ্ছেন মামুনুর রশীদ

    আজীবন সম্মাননা পাচ্ছেন মামুনুর রশীদ

    তৃতীয়বারের মতো আয়োজিত হচ্ছে ‘বটতলা রঙ্গমেলা ২০১৯’। আগাওগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে আগামী ১৬ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এ আন্তর্জাতিক নাট্যোত্সব। ১৬ নভেম্বর সন্ধ্যা ৬টায় উত্সবের উদ্বোধন করবেন নাট্যজন আতাউর রহমান।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তরুণ নাট্যকার সাধনা আহমেদ, রুমা মোদক ও শুভাশিস সিনহা। ১১ দিনব্যাপী এই আন্তর্জাতিক নাট্যোত্সবে প্রতিদিন ‘মূল রঙ্গমঞ্চে’ সন্ধ্যা ৭টা ৩০ থেকে বটতলা’সহ বাংলাদেশের ২টি ও বিদেশের ৮টি দল তাদের নাটক পরিবেশন করবে। অংশগ্রহণকারী দেশ হলো বাংলাদেশ, ভারত, স্পেন, ইরান ও নেপাল।

    প্রতিদিন বহিরাঙ্গনে ‘নাদিম মঞ্চে’ থাকছে নাটক, গান, কবিতা, নাচসহ বিভিন্ন আনন্দ আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। ২৬ নভেম্বর সমাপনী দিন আজীবন সম্মাননা প্রদান করা হবে খ্যাতিমান অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদকে।

    এবার বটতলা উত্সবে যুক্ত করতে যাচ্ছে আরেকটি ভিন্নমাত্রা। বিভাগীয় নাট্যজনদের পাশাপাশি এবার পর্দার অন্তরালের মানুষদেরও সম্মান জানানো হবে। যারা দীর্ঘদিন ধরে একটি নাটককে সফল করতে অন্তরালে থেকে নিরলস কাজ করে যাচ্ছেন তেমনি একজনকে প্রদান করা হবে ‘অন্তরালের সম্মাননা’।

  • অভিনয়ে আপত্তি

    অভিনয়ে আপত্তি

    তার ছেলে আরিয়ান খান আগামী দিনে অভিনয় করবে, এমন খবর মাঝেমধ্যেই শোনা যেত। কিন্তু সেই খবর একেবারে ভুল প্রমাণিত করে দিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ডেভিড লেটারম্যানের টক শো ‘মাই নেক্সট গেস্ট’-এ হাজির ছিলেন শাহরুখ। সেখানেই তিনি আরিয়ানের ভবিষ্যৎ পরিকল্পনা খুলে বলেন। শাহরুখ-পুত্র এখন আমেরিকায় ফিল্ম সংক্রান্ত বিষয় নিয়েই পড়াশোনা করলেও, অভিনয়ের প্রতি তার আগ্রহ নেই।

    শাহরুখ বলেন, আমার ছেলে অভিনয় করবে, এটা মনে করা  স্বাভাবিক। কিন্তু আরিয়ান জানিয়েছে, ও অভিনয় করতে চায় না। কারণ তাতে আমার সঙ্গে তুলনা হবেই। যদি ভাল কাজ করে, তাহলে সকলে বলবে, ‘শাহরুখ খানের ছেলে বলে কথা’। যদি খারাপ করে তখন শুনতে হবে, ‘বাবা কী ছিল আর ছেলে কী হয়েছে!’ এর চেয়ে অভিনয় থেকে দূরে থাকাই ভাল। তবে আরিয়ান ভাল লিখতে পারে। ফিল্ম মেকিংয়ে উৎসাহ আছে।

    বাবা সুপারস্টার হলে, সন্তানকে তার বাড়তি চাপ বইতে হয়। অভিষেক বচ্চন সেভাবে সফল হননি। ব্যর্থ হয়ে ফিরে গিয়েছেন মিঠুন চক্রবর্তীর পুত্র মিমো। বারবার তাদের তুলনা হয়েছে সুপারস্টার বাবার সঙ্গে। আরিয়ান হয়তো অভিনয়ে আসবেন না কিন্তু সুহানার সে সম্ভাবনা রয়েছে। নিজের কলেজে নিয়মিত থিয়েটার করেন সুহানা। তার অভিনয় দেখে প্রশংসা করেছিলেন শাবানা আজমি

  • হিন্দি ছবিতে অভিনয় করছেন সিমলা

    হিন্দি ছবিতে অভিনয় করছেন সিমলা

    নতুন খবর জানালেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় হিট নায়িকা সিমলা। কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান কিংস এন্টারপ্রাইজের ব্যানারে ‘সফর’ নামে একটি হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন অর্পণ রায় চৌধুরী। তবে এ ছবিটি এখনো মুক্তি পায়নি। চলতি বছরের শুরু থেকেই তিনি ভারতে ছিলেন। গত আগস্টে সিমলা বাংলাদেশে এসেছেন।

    সংবাদমাধ্যমকে সিমলা জানিয়েছেন, নতুন সিনেমায় কাজ শুরু করবেন শিগগিরই। বলিউডে গোবিন্দার একটি প্রোডাকশনের সিনেমায় কাজ করবেন তিনি। ঢাকা আসার আগে এ ছবির গান রেকর্ডিংও হয়েছে। তবে ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। ডিসেম্বরের শেষে এ সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। গত শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেন সিমলা।

    প্রসঙ্গত, ১৯৯৯ সালে প্রয়াত গুণী চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনের ‘ম্যাডাম ফুলি’ দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন সিমলা। প্রথম ছবিতেই অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘গঙ্গাযাত্রা’, ‘রূপগাওয়াল’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’সহ বেশকিছু চলচ্চিত্রে কাজ করেন।

    তার কথিত প্রেমিক পলাশ গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করলে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন হন সিমলা।

  • কেন্দ্রে হয়রানির শিকার, ভোট দিতে পারেননি অমৃতা

    কেন্দ্রে হয়রানির শিকার, ভোট দিতে পারেননি অমৃতা

    ভোট দিতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন চিত্রনায়িকা অমৃতা খান। ভোটার তালিকায় নাম থাকা সত্বেও ৪ ঘণ্টা চেষ্টা করেও গত শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট দিতে পারেননি তিনি। অমৃতা কালের কণ্ঠকে বলেন, ‘ভোটার তালিকায় আমার নাম ছিল, এফডিসির গেট দিয়ে প্রবেশ করে ভোটার ফরমে সাক্ষর করে আমি বুথে আসি। সেখানে রুবেল ভাইও ছিলেন (চিত্রনায়ক রুবেল) কিন্তু বুথে বলা হয় কার্ড কোথায়? কার্ড ছাড়া তো ভোট দেওয়া যাবে না।’

    অমৃতা জানান, গেটে প্রবেশের পর তার সাক্ষর নেওয়া হলেও তাকে কোনো কার্ড দেওয়া হয়নি। যার কারণে ভোট দিতে গিয়ে ফিরে আসতে ধরেন তিনি। তবে ফিরে আসার আগে গেটের কাছে এসে খোঁজ নেন তার কার্ডের জন্য। কিন্তু দায়িত্বরতরা অমৃতাকে কার্ড দিতে পারেননি। ‘মিসিং’ হিসেবে উল্লেখ করেন।

    ভোট দিতে বিরত থেকে এফডিসি থেকে ফেরত যাওয়ার সময় অভিনেত্রী নাসরিনের আহবানে আরও একবার চেষ্টা করেছেন কার্ড সংগ্রহের জন্য। এসব করতে গিয়ে চার ঘণ্টা অতিক্রম হয়েছে, বিভিন্ন জনের দারস্থ হয়েছেন, ওমর সানির কাছে গিয়েছেনে, জায়েদ খানের কাছে গিয়েছেন কিন্তু লাভ হয়নি। শেষ পর্যন্ত ভোট না দিয়েই ফিরে আসতে হয়েছে অভিনেত্রী অমৃতা খানকে।

    পরে অভিনেতা ড্যানি সিডাকের সহায়তায় প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করেন। ইলিয়াস কাঞ্চন কার্ড বন্টনের দায়িত্বে থাকা জ্যাকি আলমগীরকে তলব করেন।

    জ্যাকি আলমগীর নির্বাচন কমিশনে এসে জানান কয়েকটা কার্ড হারিয়ে গেছে। কোথায়, কিভাবে সেসবের উত্তর দিতে পারেননি তিনি। আরো বেশ কয়েকটা কার্ডও নাকি মিসিং ছিল।

    অমৃতা বলেন, ‘আমার সাক্ষর নিয়েও আমাকে কেন ভোট দিতে দেওয়া হলো না, কারা ষড়যন্ত্র করে এই কাজ করেছে আমি বুঝতে পারছি না। চার ঘণ্টা চেষ্টা করেও ভোট দিতে পারিনি, এখানে দৌঁড়েছি, ওখানে গিয়েছি যে যা পরামর্শ দিয়েছে সেটাই করেছি কিন্তু লাভ হয়নি। এটা কষ্টদায়ক বটে।’

    এ প্রসঙ্গে ড্যানি সিডাক কালের কণ্ঠকে বলেন, ‘এই হয়রানির কোনো মানে হয় না। একজন ভোটার এসে ভোট দিতে পারল না। এটা দুঃখজনক। এর দায়-দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের।’

    শুক্রবার (২৫ অক্টোবর) দিনভর নির্বাচনের পর দিবাগত রাত পৌনে ২টার দিকে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ফল প্রকাশ হয়। নির্বাচনে প্রাপ্ত ভোটে স্বতন্ত্র প্রার্থী মৌসুমীকে পরাজিত করে আবারও সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর এবং ইলিয়াস কোবরাকে পরাজিত করে সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান।