Category: আন্তর্জাতিক

  • গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরই সাংবাদিককে ছেড়ে দিল ইসরায়েলি পুলিশ

    গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরই সাংবাদিককে ছেড়ে দিল ইসরায়েলি পুলিশ

    আন্তর্জাতিক ডেস্ক : কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার নারী সাংবাদিক গিভারা বুদেইরিকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে ইসরায়েলি পুলিশ।

    অবরুদ্ধ পূর্ব জেরুজালেমের নিকটবর্তী এলাকা শেখ জাররাহ থেকে আন্দোলনের খবর সংগ্রহ করতে গেলে শনিবার (৫ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়।

    এ সময় তাকে মারধর এবং সংবাদ সংগ্রহে ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করা হয়। তবে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরেই বুদেইরিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

    গিভারা বুদেইরি আল-জাজিরার জেরুজালেম প্রতিনিধি হিসেবে কর্মরত। জেরুজালেম থেকে আল-জাজিরার আরেক সংবাদকর্মী হোদা আবদেল হামিদ জানিয়েছেন, বুদেইরিকে কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করা হয় এবং তখন তার গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেট ছিল। এমনকি হয়রানি এড়াতে তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া প্রেস কার্ডও দেখিয়েছিলেন পুলিশকে।
    তিনি বলেন, তাকে ক্রমাগত ধাক্কানো হচ্ছিল। তখন সঙ্গে থাকা ক্যামেরাম্যান তার কাছে যাওয়ার চেষ্টা করলে ক্যামেরাটিও ভেঙে ফেলা হয়।
  • ভারতের প্রায় তিন হাজার ডাক্তারের একযোগে পদত্যাগ

    ভারতের প্রায় তিন হাজার ডাক্তারের একযোগে পদত্যাগ

    আন্তর্জাতিক ডেস্ক : করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ভারতের মধ্যপ্রদেশের প্রায় তিন হাজার জুনিয়র ডাক্তার পদত্যাগ করেছেন। করোনা আক্রান্ত হলে নিজেরসহ পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা দেয়া, বৃত্তি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট ডাকেন ভারতের মধ্যপ্রদেশের চিকিৎসকরা। হাইকোর্ট তাদের এই ধর্মঘটকে অবৈধ ঘোষণা করে। প্রতিবাদে রাজ্যটির ছয়টি হাসপাতালের তিন হাজার নবীন ডাক্তার একযোগে পদত্যাগ করেছেন।

    করোনা আক্রান্ত হলে নিজেরসহ পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা দেয়া, বৃত্তি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট ডাকেন ভারতের মধ্যপ্রদেশের চিকিৎসকরা। সোমবার ধর্মঘট শুরুর পর বৃহস্পতিবার মধ্যপ্রদেশের হাইকোর্ট বলেন, চিকিৎসকদের এই ধর্মঘট অবৈধ। ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দেয়ার নির্দেশ দেন কোর্ট।

    এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় নবীন চিকিৎসকদের সংগঠন-মধ্যপ্রদেশ জুনিয়র ডক্টর এসোসিয়েশন। এরপর শুক্রবার সন্ধ্যায় রাজ্যের ছয় হাসপাতালের প্রায় তিন হাজার নবীন চিকিৎসক একযোগে পদত্যাগ করেন। আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

    এদিকে পাঞ্জাবে বেসরকারি হাসপাতালগুলোতে ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের টিকা দেয়ার আদেশ প্রত্যাহার করা হয়েছে।  হাসপাতালগুলোতে উচ্চমূল্যে টিকা বিক্রি হচ্ছে- রাজ্যের প্রধান বিরোধী দলের এমন অভিযোগের পর এ সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

    এদিকে ভারতের প্রতিবেশী দেশ নেপালে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম একজনের মৃত্যু হয়েছে।  নেপালের স্বাস্থ্য মন্ত্রী দেশটিতে দশ জনের আক্রান্তের খবর জানিয়েছেন। ভারতে হাজারো মানুষের ব্ল্যাক ফাঙ্গাস শনাক্তের পর আশেপাশের দেশেও তা দ্রুত ছড়াচ্ছে।

  • ট্রাম্পের ফেইসবুক স্থগিত

    ট্রাম্পের ফেইসবুক স্থগিত

    আন্তর্জাতিক ডেস্ক : দুই বছরের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করেছে ফেইসবুক কর্তৃপক্ষ।  শুক্রবার ফেইসবুক কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগামী ২০২৩ সাল পর্যন্ত স্থগিত থাকবে ট্রাম্পের ফেইসবুক।

    ফেসবুকের বৈশ্বিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ এক ব্লগ পোস্টে লিখেছেন, এই সময়ের শেষে আমরা জননিরাপত্তার ঝুঁকি হ্রাস পেয়েছে কিনা তা মূল্যায়ন করতে বিশেষজ্ঞদের দিকে তাকিয়ে থাকব। আমরা বাহ্যিক কারণগুলো মূল্যায়ন করব। যার মধ্যে আছে সহিংসতার ঘটনা, শান্তিপূর্ণ সমাবেশের ওপর নিষেধাজ্ঞা এবং নাগরিক অস্থিরতা।

    এদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেসবুকের এমন সিদ্ধান্তকে ‘অপমানজনক’ হিসেব অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

    ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের এই সেন্সরিং নীতি এবং নীরবতা থেকে পার পেতে দেয়া উচিত নয়। শেষ পর্যন্ত আমরা জিতব। আমাদের দেশ এই অপব্যবহার আর নিতে পারছে না।

    মার্কিন নির্বাচনের পর গত  জানুয়ারিতে ক্যাপিটল হিলে সহিংসতায় উসকানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে ট্রাম্পের ফেইসবুক সাময়িক স্থগিত করা হয়। এরপর গত মে মাসে তার শাস্তির বিষয়টি ফেইসবুকের ওভারসাইট বোর্ডে পর্যালোচনা করা হয়। ঐ বোর্ড দুই বছরের জন্য তার অ্যকাউন্ট স্থগিতের সিদ্ধান্ত নিলো।

  • করোনা কেড়ে নিল আরও ১০ সহস্রাধিক প্রাণ

    করোনা কেড়ে নিল আরও ১০ সহস্রাধিক প্রাণ

    জীবন নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে কাবু বিশ্ববাসী। যত দিন যাচ্ছে তত ভয়ংকর হয়ে উঠছে প্রাণঘাতী এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছে লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লাখ ১৬ হাজার এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ২৮ লাখেরও বেশি মানুষ।

    করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (৪ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১০ হাজার ২৯৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭১ হাজার। আর বৃহস্পতিবার বিশ্বে মারা যান ১০ হাজার ৯৫২ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৮৯ হাজার ৭৫৯ জন। ফলে একদিনের ব্যবধানে মৃত্যু বাড়লেও আক্রান্ত কিছুটা কমেছে।

    এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৭ লাখ ১৬ হাজার ৬১৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ২৮ লাখ ৯৩ হাজার ৬২৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৫৬ লাখ ৩ হাজার ৭২৩ জন।

    করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৭৫২ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১১ হাজার ৬১১ জনের।
    আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ৩৫৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৭১৯ জনের।
    আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৬৮ লাখ ৩ হাজার ৪৭২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৯ হাজার ৭৮৪ জনের।
    আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৮৪ হাজার ৭৪ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৯ হাজার ৮৫৭ জন।
    এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫২ লাখ ৭০ হাজার ২৯৯ জন। এর মধ্যে মারা গেছেন ৪৭ হাজার ৮৮২ জন।
    এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, আর্জেন্টিনা নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম, যেখানে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৬৯৪ জনের এবং আক্রান্ত হয়েছে ৮ লাখ ৪ হাজার ২৯৩ জন।
    ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
  • মহামারি আরো ১০ কোটি শ্রমিককে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে

    মহামারি আরো ১০ কোটি শ্রমিককে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে

    জীবন নিউজ ডেস্ক : কোভিড-১৯ মহামারি আরো ১০ কোটি শ্রমিককে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। জাতিসংঘ বুধবার এ কথা জানিয়েছে। কাজের সময় কমে যাওয়া এবং ভালো কাজের সুযোগ নষ্ট হওয়ার প্রেক্ষাপটে জাতিসংঘ এ কথা বলেছে।

    জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এক রিপোর্টে সতর্ক করে বলেছে, মহামারির কারণে শ্রম বাজারে সৃষ্ট সংকট থেকে উত্তরন এখনও অনেক দূরের বিষয়। সংস্থাটি বলছে, ২০২৩ সালের আগে কর্মসংস্থান পরিস্থিতি মহামারির পূর্বের পর্যায়ে পৌঁছাবে না বলে মনে করা হচ্ছে।

    আইএলও প্রধান গুই রাইদার সাংবাদিকদের বলেন, কোভিড ১৯ কেবল স্বাস্থ্য সংকট নয়, এটি কর্মসংস্থান ও মানবিক সংকটও। রিপোর্টে বলা হয়েছে, ২০২২ সালে বিশ্বে বেকারত্বের সংখ্যা দাঁড়াতে পারে সাড়ে ২০ কোটি যা ২০১৯ সালে ছিল ১৮ কোটি ৭০ লাখ।

    তবে প্রকৃত সংখ্যা আরো বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক লোক চাকুরিতে বহাল আছে। কিন্তু নাটকীয়ভাবে তাদের কর্মঘন্টা কমে গেছে। করোনার কারণে ২০১৯ সালের চতুর্থাংশের তুলনায় ২০২০ সালে কর্মঘন্টা ৮.৮ শতাংশ কমেছে। বিশ্বে এখনও ১০ কোটি পূর্ণকালীন চাকুরির সমান কর্মঘন্টা কম রয়েছে।

    রিপোর্টে বলা হয়, ২০২১ সালের দ্বিতীয়ার্ধে বৈশ্বিক কর্মসংস্থান পরিস্থিতির উন্নতি ঘটবে বলে মনে করা হচ্ছে। তবে এই উত্তরন সমভাবে ঘটবে না বলে সতর্ক করেছে আইএলও। কারণ কোভিড ১৯ এর টিকার সম বন্টন সম্ভব হচেছ না। বিশ্বের ৭৫ শতাংশেরও বেশি টিকার ব্যবহার হচ্ছে মাত্র ১০টি দেশে।

    গুই রাইদার সতর্ক করে বলেন, সিদ্ধান্তমূলক পদক্ষেপ না নিলে কোভিড-১৯ এর কারণে বৈশ্বিক শ্রম বাজারের সংকট দীর্ঘস্থায়ী হবে। এছাড়া তিনি আরো বলেন, কেবল স্বাস্থ্য বিষয় নয়, দীর্ঘমেয়াদে কোভিড-১৯ অর্থনৈতিক ও সামাজিক সংকটে রূপ নেবে।

  • ভারতে কমেছে মৃত্যু, বেড়েছে সংক্রমণ

    ভারতে কমেছে মৃত্যু, বেড়েছে সংক্রমণ

    আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসে সংক্রমণ এক লাখ ২৭ হাজারে নেমে যাওয়ার পর বৃহস্পতিবার (৩ জুন) আবারও বেড়েছে দেশটির দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন এক লাখ ৩৪ হাজার ১৫৪ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লাখ ছাড়িয়ে গেল।

    দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, বুধবার (২ জুন) ভারতের দৈনিক মৃত্যু তিন হাজারের বেশি থাকলেও বৃহস্পতিবার তা আবার তিন হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৮৭ জনের। যা গতকাল বুধবার ছিল তিন হাজার ২০৭ জন। এখন পর্যন্ত ভারতে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯ জন।
    এদিকে, ভারতে প্রতিদিন যত লোক আক্রান্ত হচ্ছেন, তার থেকে অনেক বেশি সুস্থ হয়ে উঠছেন। যার ফলে সক্রিয় রোগীর সংখ্যাও কমছে। গত দু’সপ্তাহের বেশি সময় ধরে কমতে কমতে ১৭ লাখ ১৩ হাজার ৪১৩ জনে দাঁড়িয়েছে।
    গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা পরীক্ষা হয়েছে সাড়ে ২১ লাখের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের হার ৬ দশমিক ২১ শতাংশ। যা গত দু’দিনের থেকে কম।
    মে মাসের প্রথমদিকে একদিনে চার লাখ ১৪ হাজারেরও বেশি রোগী শনাক্তের মধ্য দিয়ে দৈনিক সংক্রমণের বিশ্বরেকর্ড করেছিল ভারত। অতিরিক্ত রোগীর চাপে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে আর হাসপাতালগুলোতে প্রয়োজনীয় শয্যা ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।