Category: আন্তর্জাতিক

  • যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে শিশুসহ আহত ৯

    যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে শিশুসহ আহত ৯

    যুক্তরাষ্ট্রের ইদাহো অঙ্গরাজ্যে জন্মদিনের অনুষ্ঠানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছয় শিশুসহ ৯ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীকে আটক করেছে পুলিশ। খবর নিউইয়র্ক টাইমসের।

    শনিবার রাতে এ ঘটনার পর রোববার সংবাদ সম্মেলনে ইদাহোর বইচে পুলিশ প্রধান উইলিয়াম এল বোনস জানান, তিন বছর বয়সী এক শিশুর জন্মদিনের অনুষ্ঠান চলাকালে হঠাৎই এক ব্যক্তি এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এসময় ওই শিশুটিসহ ৯ জন আহত হয়। ৩০ বছর বয়সী ওই হামলাকারীর নাম টিমি কিনার।

    গত শুক্রবার ওই ব্যক্তিকে খারাপ আচরণের জন্য অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। প্রতিশোধ নিতেই ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসিন্দাদের ওপর টিমি কিনার হামলা চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

    এই হামলার সঙ্গে অন্য কোন যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে এফবিআই। তবে প্রাথমিকভাবে পুলিশ এই ঘটনার সঙ্গে অন্য কারণ খুঁজে পাইনি।

  • লিবিয়া উপকূলে শরণার্থীবাহী নৌকাডুবি, নিখোঁজ ১০০

    লিবিয়া উপকূলে শরণার্থীবাহী নৌকাডুবি, নিখোঁজ ১০০

    ইউরোপে অভিবাসন প্রত্যাশী শরণার্থীদের বহনকারী একটি নৌকা লিবিয়া উপকূলে ডুবে গেছে। এতে শতাধিক আরোহী ছিলেন। তাদের ১৬ জনকে উদ্ধার করা হলেও বাকি সবাই নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সাগরে তাদের অন্তিম সমাধি ঘটেছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
    শুক্রবার লিবিয়া উপকূলে শরণার্থীবাহী একটি নৌকা ডুবে যায়। লিবিয়ার কোস্টগার্ড সেখান থেকে ১৬ শরণার্থীকে উদ্ধার করেছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ডুবে যাওয়ার আগে নৌকাটির ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে। এতে নৌকাটি বিকল হয়ে আগুন ধরে যায়। এছাড়া নৌকাটিতে ধারণক্ষমতার অনেক বেশি আরোহী ছিলেন। উদ্ধারকৃত শরণার্থী আমরি সালেহ বলেন, পূর্বে আমাকে বলা হয়েছিল নৌকায় মাত্র ২০ জন যাত্রী থাকবে। কিন্তু অনেক বেশি আরোহী দেখে আমি নৌকায় উঠতে অস্বীকৃতি জানাই। অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক আমাকে নৌকায় তোলে মানব পাচারকারীরা।’ তিনি ইয়েমেনের অধিবাসী। দুর্ঘটনার বিষয়ে আমরি বলেন, আমি বন্ধুদের হারিয়েছি। তাদের পাঁচজনই নিখোঁজ। আরেক শরণার্থী বাকারি বদি বলেন, যাত্রার শুরুতে এক আরোহী পানিতে পড়ে যায়। পরে সে সাঁতার কেটে আবার নৌকায় উঠে। আরোহীরা নৌকার মাঝিকে লিবিয়ায় ফিরে যেতে বলছিলেন। এমন সময় আমাদের ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে। এত বেশিরভাগ আরোহী আঘাত পান। দুর্ঘটনা সময় নৌকাটিতে ঠিক কতজন আরোহী ছিলেন তা জানা যায়নি। তবে উদ্ধারকৃত শরণার্থীরা বলছেন, তাদের সঙ্গে ১৪ শিশু ও ১৫ নারী ছিলেন।
    লিবিয়া উপকূল দিয়ে শরণার্থীদের ইউরোপে প্রবেশের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আফ্রিকার শরণার্থীরা প্রায়ই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এই পথে ইউরোপে প্রবেশ করে। সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে তাদের ইঞ্জিনচালিত নৌকা প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। গত বছর থেকে এখন পর্যন্ত এই পথ ব্যবহার করে ইউরোপে পাড়ি জমিয়েছে প্রায় দেড় লাখ শরণার্থী।

  • ব্লু হোয়েলের প্ররোচনায় সৌদি বালকের আত্মহত্যা

    ব্লু হোয়েলের প্ররোচনায় সৌদি বালকের আত্মহত্যা

    ব্লু হোয়েল গেমের প্ররোচনায় পড়ে বৃহস্পতিবার এক সৌদি বালক আত্মহত্যা করেছে। সম্প্রতি আরব দেশগুলোতে এ প্রাণঘাতী প্রতিযোগিতায় আত্মহননের সংখ্যা বাড়ছে আবদুল্লাহ বিন ফাহিদ বলেন, ১২ বছর বয়সী তার চাচাতো ভাই ব্লু হোয়েল গেম খেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

    আব্দুল রাহমান আল আহমারি নামের শিশুটি ব্লু হোয়েল প্রতিযোগিতায় জড়িত ছিল বলে জানিয়েছে তার বন্ধুরা।

    তার বাবা বলেন, তার আচার-ব্যবহারে কোনো অস্বাভাবিকতা দেখিনি। তার কোনো স্মার্টফোনও ছিল না। তবে পারিবারিক কম্পিউটার ব্যবহার করত সে।

    তিনি বলেন, যেদিন সে আত্মহত্যা করে সেদিন আমাদের সঙ্গে রোজা রেখেছিল। আমরা একসঙ্গেই ইফতার করি। এর পর সে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়।

    আল আহমারির বাবা বলেন, আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল। যখন আমরা সবাই প্রস্তুত হয়েছি, তখন তাকে খুঁজে পাচ্ছিলাম না। সারা বাড়ি খোঁজাখুজির পর জানালার পর্দা দিয়ে শ্বাসরোধ করা অবস্থায় তাকে দেখতে পাই।

    এর পর তার জিনিসপত্র খুঁজে দেখতে পেলাম সে ব্লু হোয়েল গেমে আসক্ত হয়েছিল। ব্লু হোয়েলের ৫০টি পর্ব শেষ করে সে আত্মহত্যা করেছে।

    ধাপে ধাপে প্ররোচিত করে আত্মহত্যার দিকে ঠেলে দেয়া কথিত অনলাইন গেম ব্লু হোয়েলে অনেককে জীবন দিতে দেখা গেছে।

    মানসিক বিকারগ্রস্ত এক রুশ তরুণ ব্লু হোয়েল নামের এই অনলাইন গেম তৈরি করেন। যা ইন্টারনেটে কোনো প্রকাশ্য ওয়েবসাইটে পাওয়া যায় না।

    কারও কাছ থেকে পাওয়া ওয়েবসাইটের ঠিকানা থেকে গেমটি নামিয়ে নিয়ে খেলতে হয়।

  • পাকিস্তানের নারী পাইলটের ছবি কেন ভাইরাল

    পাকিস্তানের নারী পাইলটের ছবি কেন ভাইরাল

    পাহাড় আর উপত্যকার মধ্য দিয়ে যাত্রীবাহী উড়োজাহাজ চালিয়ে ইন্টারনেট সেনসেশনে পরিণত হলেন পাকিস্তানের দুই নারী পাইলট। ওই উড়োজাহাজের সব ক্রু-ও ছিলেন নারী। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়, ক্যাপ্টেন মরিয়ম মাসুদ ও ফার্স্ট অফিসার সুমায়লা মাজহারের কারণে এ কাজ করা সম্ভব হয়েছে।

    খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, গিলগিট ও হাঞ্জা নদীর সংযোগস্থলে গড়ে ওঠা পাকিস্তানের শহর গিলগিট। একসময়ে সিল্ক রুটের প্রধান কেন্দ্র ছিল উত্তর পাকিস্তানের এই শহর। শহরের চারদিকে পাহাড়, মাঝে এক উপত্যকা। এর মধ্য পিআইএর প্রাণবন্ত দুজন কর্মী উড়োজাহাজ চালিয়ে অনন্য এক কাজ করেছেন। ২০ জুন গিলগিটে প্রথমবার যাত্রীবাহী উড়োজাহাজ পরিচালনা করলেন নারীরা। ক্যাপ্টেন মরিয়ম মাসুদ ও ফার্স্ট অফিসার সুমাইলা মাজহারসহ বিমানের ক্রু-ও ছিলেন সবাই নারী। পিআইএর উড়োজাহাজটি ইসলামাবাদ থেকে গিলগিট হয়ে আবারও রাজধানী শহরে ফিরে আসে কোনো রকম বাধা-বিপত্তি ছাড়াই।

    প্রসঙ্গত, গিলগিট পৌঁছাতে ও বিমান অবতরণ করতে যে পাহাড়ি পথের মধ্যে দিয়ে যেতে হয়, তা যে বেশ ঝুঁকিপূর্ণ। আর তাই মরিয়মদের এ কাজকে অন্যতম কীর্তির স্বীকৃতি দেওয়া হয়েছে। এ জন্য পিআইএর পক্ষ থেকে মরিয়ম মাসুদ ও সুমাইলা মাজহারের ছবিসহ একটি টুইট করা হয়েছে। সেই টুইটে অনেকেই কমেন্ট করেছেন। বলছেন, তাঁরাও চান বড় হয়ে তাঁদের মেয়ে এমন সম্মানজনক কাজ করুক। টুইট প্রকাশের পরই ৮ হাজার ৭০০ লাইক এবং এই টুইট নিয়ে ২ হাজার ৭০০ রিটুইট হয়েছে।

    বেশ কয়েকজন যাত্রীও ওই টুইটে জানিয়েছেন মনের অনেক কথা। মেঘলা আকাশ থাকা সত্ত্বেও কীভাবে কোনো সমস্যা ছাড়াই সুন্দর ফ্লাইট ছিল তাঁদের। ধন্যবাদ জানিয়েছেন ক্যাপ্টেন মরিয়ম মাসুদকে।

  • নেতানিয়াহুর সঙ্গে সৌদি যুবরাজের গোপন বৈঠক

    নেতানিয়াহুর সঙ্গে সৌদি যুবরাজের গোপন বৈঠক

    সৌদি আরবের সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠকে মিলিত হয়েছেন।

    জর্দানের রাজধানী আম্মানে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের দৈনিক মারিভ।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও তার জামাতা জারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যে মার্কিন দূত জেসন গ্রিনব্লাটের সঙ্গে আলাপের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    এর আগে গত বছরের নভেম্বরে নেতানিয়াহু স্বীকার করেন, তিনি সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করেছেন।

    সে মাসেই ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান গাডি আইসেনকট বলেন, ইরানকে মোকাবেলায় তার দেশ সৌদি আরবের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা বিনিময়ে ইচ্ছুক।

    সৌদি আরব ও ইহুদিবাদী ইসরাইল মধ্যপাচ্যে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানকে তাদের সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করে আসছে।

    গত এপ্রিলে দি আটলান্টিক ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে সৌদি যুবরাজ বলেন, ইসরাইলের নিজস্ব ভূমির অধিকার আছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের উচিত ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তি গ্রহণ করা কিংবা চুপ থাকা।

  • গাজীপুরে ইসিকে সহায়তা করছে সরকার: ওবায়দুল কাদের

    গাজীপুরে ইসিকে সহায়তা করছে সরকার: ওবায়দুল কাদের

    গাজীপুর সিটি কর্পোরেশনের আজকের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী জাহাঙ্গীর আলমের বিজয়ের বিষয়ে ১০০ ভাগ আশাবাদ প্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    এ নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার নির্বাচন কমিশনকে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করছে।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, দলের বিশেষ বর্ধিত সভার অংশ হিসেবে আগামী ৩০ জুন ও সাত জুলাই ইউনিয়ন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যানদের সঙ্গে বসবেন সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    দলের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের আজকের নির্বাচন নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

    এতে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গির কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামূল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মুহিবুল হাসান চৌধুরীন ওফেল, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাওছার প্রমুখ।

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, রংপুর, কুমিল্লা, খুলনায় যেমন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তেমনি গাজীপুরেও অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার এতে কোনো হস্তক্ষেপ করছে না। বরং নির্বাচন কমিশনকে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করছে। জনগণকে স্বতঃস্ফুর্তভাবে যাকে খুশি তাকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ আমলে সব নির্বাচন সুষ্ঠু হয়েছে। এ সরকার ১৫ ফেব্রুয়ারি, মাগুরা ও ঢাকা-১০ মার্কা নির্বাচন করতে চায় না।

    বিএনপি নেতা মওদুদ আহমদের সমালোচনা করে কাদের বলেন, যিনি নির্বাচন নিয়ে বড় বড় কথা বলেছেন, তার এলাকায় নির্বাচনের সময় সিরাজপুর কেন্দ্রে ১টার সময় গিয়ে তিনি (মওদুদ) বলেছিলেন, এখনো নির্বাচন শেষ হয়নি। তারা সকাল ১০টার মধ্যে নির্বাচন শেষ করতে চায়, ভোট ডাকাতি করে, কেন্দ্র দখল করে এবং ভোট জালিয়াতি করে নির্বাচনের রাজনীতি প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেন কাদের।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি বরাবরের মতোই বিভিন্ন অভিযোগ করে। এসব তাদের পুরনো ভাঙা রেকর্ড। নির্বাচন এলে বিএনপি যদি নির্বাচনে অংশ নেয়, তাহলে রেজাল্ট হওয়া পর্যন্ত ‘নির্বাচনে কারচুপি হবে, নির্বাচনে ভোট ডাকাতি চলছে এজেন্ট বের করে দেয়া হচ্ছে’ বলে অভিযোগ করে যাবে বলে মন্তব্য করেন কাদের।

    তিনি বলেন, এমন কিছু বাক্য আছে যা তারা রেজাল্টের আগ পর্যন্ত আওড়াতে থাকে। রেজাল্টের আগ পর্যন্ত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা বিএনপির পুরনো অভ্যাস। তাদের খুশি করতে হলে নির্বাচনে জিতিয়ে দিতে হবে, তাহলে তারা ইসির প্রশংসা করবে।

    আওয়ামী লীগের বর্ধিত সভার অংশ হিসেবে দুই ধাপে ইউনিয়ন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দলীয় চেয়ারম্যানরা দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে বৈঠকে যোগ দেবেন বলে জানান ওবায়দুল কাদের।

    তিনি বলেন, এর প্রথম ধাপ অনুষ্ঠিত হবে ৩০ জুন সকাল সাড়ে ১১টায়। এতে অংশগ্রহণ করবে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, রাজশাহী এবং বরিশাল বিভাগ। ৭ জুলাই সকাল সকাল সাড়ে ১১টায় দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করবে ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ ও খুলনা বিভাগের অন্তর্গত ইউনিয়নগুলোর দলীয় চেয়ারম্যান, সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

    উল্লেখ্য, দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গত ২৩ জুন জেলা, থানা, মহানগর ও পৌরসভার নেতাদের ঢাকায় ডেকে বর্ধিত সভা করে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।