Category: আন্তর্জাতিক

  • ৫৩ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হলেন এরদোয়ান

    ৫৩ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হলেন এরদোয়ান

    তুরস্কের নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। নির্বাচন কর্তৃপক্ষ-প্রধানের বরাত দিয়ে আজ সোমবার বিবিসি জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় এরদোয়ান বিজয়ী হয়েছেন।

    দেশটির কেন্দ্রীয় নির্বাচন কাউন্সিলের প্রধান সাদি গুভেনে বলেছেন, ‘প্রেসিডেন্ট এরদোয়ান সব বৈধ ভোটে নিশ্চিতভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।’ তবে আর কোনো বিস্তারিত কিছু বলেননি তিনি।

    দেশটির গণমাধ্যমে বলা হচ্ছে, ৯৯ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, এরদোয়ান ৫৩ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাররেম ইনজি পেয়েছেন ৩১ শতাংশ ভোট।

    বিরোধী দল এখনো আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে নেয়নি। তারা বলেছে, ফলাফল যা-ই হোক না কেন, তারা গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাবে।

    গতকাল রোববার একই দিনে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় তুরস্কে।

    সবশেষ ফলাফল অনুযায়ী পার্লামেন্ট নির্বাচনেও এরদোয়ানের একে পার্টি এগিয়ে আছে।

    এরদোয়ান বলেছেন, ‘পুরো বিশ্বকে গণতন্ত্রের একটি শিক্ষা দিল তুরস্ক।’

    ক্ষমতাসীন একে পার্টির সমর্থকদের উচ্ছ্বাস এএফপিবিবিসি জানিয়েছে, এরদোয়ান ২০১৪ সালে প্রেসিডেন্ট হওয়ার আগে ১১ বছর প্রধানমন্ত্রী ছিলেন। তুরস্কে ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে দেশটিতে জরুরি অবস্থা চলছে।

    এরদোয়ান প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তুরস্কের সংবিধানে তিনি যে পরিবর্তন এনেছেন, তাতে প্রেসিডেন্টকে নতুন এবং ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে।

    সমালোচকেরা যুক্তি দিয়ে বলছেন, এতে একজনের হাতে ব্যাপক ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যাবে। তুরস্কের ক্ষেত্রে ফ্রান্স বা যুক্তরাষ্ট্রের মতো নির্বাহী প্রেসিডেন্সিতে যে ভারসাম্য আছে, তাতে ঘাটতি দেখা যাবে।

    সিএইচপির প্রেসিডেন্ট প্রার্থী মুহাররেম ইনজি। তুরস্ক, ২৪ জুন। ছবি: এএফপিরাষ্ট্রীয় সংবাদমাধ্যম অনুযায়ী এবার নির্বাচনে ভোট দিয়েছেন ৮৭ শতাংশ ভোটার।

    এরদোয়ান বলেছেন, ‘আশা করি, কেউ ফলাফলের ওপর ছায়া ফেলার চেষ্টা করবেন না।’

    কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, এক সাংবাদিকের কাছে বার্তা দিয়ে পরাজয় মেনে নিয়েছেন বিরোধী দল সিএইচপির প্রার্থী ইনজি। তবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণার পর নিজের প্রতিক্রিয়া জানাবেন ইনজি।

  • মেক্সিকোতে ফূটবল দর্শকদের ওপর গুলিতে নিহত ১৪

    মেক্সিকোতে ফূটবল দর্শকদের ওপর গুলিতে নিহত ১৪

    মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলাকালে মেক্সিকোতেই দুটি স্থানে দর্শকদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হয়েছে ১৪ জনকে। শনিবার এ ঘটনা ঘটে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর  জুয়ারেজে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রথম হামলাটি হয় শহরটির দক্ষিণাঞ্চলে। সেখানে ফুটবল ম্যাচ দিখছিলেন আটজন মানুষ। অকস্মাৎ তাদের ওপর গুলি চালায় অস্ত্রধারীরা।

    এতে কমপক্ষে ৬ জন নিহত হন। আহত হন দু’জন। অন্যদিকে শহরের ডাউনটাউনে একটি সেলুনে ফুটবল খেলা উপভোগ করছিলেন বেশ কিছু মানুষ। তাদের ওপরও গুলি চালায় এক দল অস্ত্রধারী। তারা একটি নীল ভ্যানে করে সেখানে গিয়েই গুলি করা শুরু করে। এতে কমপক্ষে ৫ জন নিহত হন। দিনের শুরুতে আরো তিনজন ব্যক্তিকে একটি পার্টি থেকে তুলে নেয় অস্ত্রধারীরা। এরপর তাদেরকে হত্যা করে। এ নিয়ে শুধু এ মাসে এভাবে ওই শহরে হত্যা করা হলো ১২৮ জনকে। ২০০৬ সালে মেক্সিকো সরকার মাদক বিরোধী অভিযান শুরু করে। ওই অভিযানের পর এ পর্যন্ত সেখানে নিহত হয়েছেন দুই লাখেরও বেশি মানুষ। এ তথ্য সরকারি সূত্রের। তবে এর মধ্যে সুসংগঠিত অপরাধের সঙ্গে জড়িত কতজন তা বলা হয় নি।

  • ট্রাম্পের সেক্রেটারিকে বের করে দিলো রেস্টুরেন্টের মালিক

    ট্রাম্পের সেক্রেটারিকে বের করে দিলো রেস্টুরেন্টের মালিক

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কাজ করায় রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়া হলো হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্সকে। গত শুক্রবার ভার্জিনিয়া প্রদেশের একটি নামকরা রেস্টুরেন্ট থেকে ট্রাম্পের ওই কর্মীকে সপরিবারে বের করে দেওয়া হয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার উদ্দেশ্যে লেক্সিংটনের ‘রেড হেন’ নামে ওই রেস্টুরেন্ট থেকে প্রেস সেক্রেটারি সারাহকে বের হয়ে যাওয়ার জন্য বলা হয়।

    রেস্টুরেন্টের মালিক স্টেফিনি ওয়েলকিনসন মন্তব্য করেন, সারাহ একটি ‘অমানবিক ও অনৈতিক’ প্রশাসনের জন্য কাজ করছে। অন্যদিকে তার রেস্টুরেন্টের নির্দিষ্ট মান আছে। সততা,  সহানুভূতি ও সহযোগিতার সঙ্গে এখানে সবাইকে আমন্ত্রণ করা হয়। তাই রেস্টুরেন্টের অন্যান্য কর্মীদের সঙ্গে আলোচনা করে ট্রাম্পের মুখপাত্রকে ২৬ নাম্বার সিটটি ছেড়ে দিয়ে বের হয়ে যেতে বলেন।  এ বিষয়ে সারাহ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটের এক বার্তায়  জানান, ‘রেস্টুরেন্টের মালিক আমাকে বের হয়ে যেতে বললে আমি সবিনয়ে চলে আসি।’ এর একদিন আগে, ওয়াশিংটন ডিসির এক মেক্সিকো রেস্টুরেন্টে স্বরাষ্ট্র সচিবকে হেনস্থার ঘটনা ঘটে।

  • অবশেষে গুডবাই

    অবশেষে গুডবাই

    ঐতিহাসিক আলোচনা শেষে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একে অন্যকে গুডবাই জানালেন। এর মধ্য দিয়ে দৃশ্যত দুই দেশের মধ্যে সিঙ্গাপুরের বহুল প্রতীক্ষিত সামিটের শেষ হতে যাচ্ছে। আজই স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এয়ারফোর্স ওয়ানে করে সিঙ্গাপুর থেকে উড়াল দেয়ার কথা রয়েছে ট্রাম্পের। অন্যদিকে তার সঙ্গে আলোচনা শেষে এরই মধ্যে সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপ ত্যাগ করেছে কিম জং উনকে বহনকারী গাড়িবহর। এর আগে দু’নেতা একটি ‘কমপ্রিহেনসিভ’ ডকুমেন্টে স্বাক্ষর করেন। এতে কি আছে সে বিষয়ে বিস্তারিত জানা যায় নি। তবে স্থানীয় সময় দুপুর আড়াইটায় এ নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ট্রাম্পের। তাতে কিম উপস্থিত থাকবেন না বলেই মনে হচ্ছে। এদিন দু’নেতা শীর্ষ পর্যায়ের উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেন। নিজেদের মধ্যে আলোচনা করেন। সব মিলিয়ে এ আলোচনা হয়েছে প্রায় ৫ ঘন্টার মতো। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। ডকুমেন্টে স্বাক্ষরের পর পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, তিনি কিম জং উনকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানাবেন। আরও বলেছেন, কিম জং উনের সঙ্গে তিনি একটি অত্যন্ত স্পেশাল বন্ড তৈরি করেছেন। তাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার সঙ্গে এখানে উপস্থিত হতে পারা সম্মানের। ডকুমেন্টে স্বাক্ষর করার পর তারা দু’জনেই যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার পতাকার সামনে দাঁড়ান। এ দিনে শেষবারের মতো আবার তারা করমর্দন করেন। এ সময় সমবেত সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, তিনি (কিমের) চমৎকার একজন সমঝোতাকারী। তার দেশের মানুষের পক্ষে এই সমঝোতা। সাংবাদিকরা এ সময় তার কাছে জানতে চান উত্তর কোরিয়ার নেতার কাছ থেকে তিনি কি শিক্ষা পেলেন? জবাবে ট্রাম্প বলেন, আমি শিখেছি যে, তিনি একজন অত্যন্ত মেধাবী মানুষ। আমি আরো শিখেছি, তিনি নিজের দেশের মানুষকে খুবই ভালবাসেন। ট্রাম্প আবার আশস্ত করেন তারা আবারও সাক্ষাতে মিলিত হবেন। উত্তর কোরিয়া খুব দ্রুততার সঙ্গে পারমাণবিক অস্ত্রমুক্তকরণ প্রক্রিয়া অবলম্বন করবে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এ ইস্যুতে কি কিম রাজি হয়েছেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা এ প্রক্রিয়া খুব, খুব দ্রুততার সঙ্গে শুরু করছি।

  • সিঙ্গাপুরকে ধন্যবাদ কিমের

    সিঙ্গাপুরকে ধন্যবাদ কিমের

    মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ঐতিহাসিক বৈঠক আয়োজন করায় সিঙ্গাপুরকে ধন্যবাদ জানিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। রবিবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি বৈঠকের আয়োজন করার জন্য সিঙ্গাপুরকে ধন্যবাদ জানান।

    কিম বলেন, যদি বৈঠক সফল হয় তবে সিঙ্গাপুর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

    এ সময় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হুসেন লুঙ বৈঠকের জন্য সিঙ্গাপুরে আসায় কিমকে সাধুবাদ জানান। এছাড়া দুই নেতার এই বৈঠককে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন লি হুসেন।

    সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

    এছাড়া সিঙ্গাপুর ও উত্তর কোরিয়ার মধ্যে পারস্পারিক সম্পর্ক স্থাপনের বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

    সোমবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর মঙ্গলবার সকাল নয়টার দেশটির স্যান্টোসা দ্বীপের দ্য ক্যাপেলো হোটেলে ঐতিহাসিক বৈঠকে মিলিত হবেন ট্রাম্প ও কিম।

    বৈঠক সফল হলে উত্তর কোরিয়ার সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা রাজ্য বিষয়ক কমিশনের চেয়ারম্যান কিমকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাবেন বলে সম্প্রতি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আর বৈঠক ফলপ্রসূ না হলে উত্তর কোরিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

  • সিঙ্গাপুরের পথে উত্তর কোরীয় নেতা

    সিঙ্গাপুরের পথে উত্তর কোরীয় নেতা

    উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে রবিবার সকালে ভিন্ন ভিন্ন সময়ে তিনটি উড়োজাহাজ সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছে। এর মধ্যে যে কোনও একটি বিমানে রয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন।

    মঙ্গলবার সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বহুল আলোচিত ঐতিহাসিক বৈঠক করতেই তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন।

    তিনটি উড়োজাহাজের মধ্যে প্রথমটি রাশিয়ার তৈরি কার্গো বিমান। যাতে কিমের জন্য খাদ্য সামগ্রী, গাড়ি এবং নিরাপত্তার জন্য  অনুমোদিত অস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ খবর দিয়েছে সিঙ্গাপুরভিত্তিক গণমাধ্যম স্ট্রেইট টাইমস।

    দ্বিতীয় উড়োজাহাজটি চীনা বোয়িং সেভেন হান্ড্রেড ফোরটি সেভেন। যা স্থানীয় সময় আনুমানিক সকাল সাড়ে আটটায় উড্ডয়ন করে।

    সূত্রের বরাত দিয়ে স্ট্রেইট টাইমস জানিয়েছে, এ বিমানে রয়েছেন কিম এবং তার সঙ্গে সফররত কর্মকর্তাবৃন্দ। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহোপ ও কিমের ব্যাপারে এ প্রতিবেদন দিয়েছে। সে অনুযায়ী দুপুর তিনটায় সিঙ্গাপুরে পোঁছবেন উত্তর কোরীয় নেতা।

    আর সোভিয়েত যুগে তৈরি বিমান ইলিয়াসিন ইল-টুয়েন্টি টু বিমানটি সর্বশেষ সকাল দশটার দিকে উড্ডয়ন করেছে।

    সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার সিঙ্গাপুরে পৌঁছানোর পর এদিনই দেশটির প্রধানমন্ত্রী লি হুসেন লুং এর সঙ্গে সাক্ষাৎ করবেন কিম।

    এদিকে কিম এবং ট্রাম্পকে স্বাগত জানাতে প্রস্তুত সিঙ্গাপুরের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর চাঙ্গি।

    উত্তর কোরিয়া থেকে সিঙ্গাপুরে আসা কার্গো বিমানে সম্ভবত কিমের বিলাসবহুল গাড়ি বহর থাকবে। তার মধ্যে রয়েছে মার্সিডিজ বেঞ্জের বিভিন্ন মডেল। আর কিম সম্ভবত ব্যবহার করবেন বিএমডব্লিউ সেভেন। যা আগেই সিঙ্গাপুরে চলে এসেছে।

    এছাড়া নিরাপত্তারক্ষীসহ কমপক্ষে ১০০ জন কর্মকর্তা কিমের সঙ্গে সফরে আসছেন বলে জানিয়েছে স্ট্রেইট টাইমস।