Category: আন্তর্জাতিক

  • কানাডায় নাগরিক সংবর্ধনা পাচ্ছেন শেখ হাসিনা

    কানাডায় নাগরিক সংবর্ধনা পাচ্ছেন শেখ হাসিনা

    নারী ক্ষমতায়ন এবং উদ্বাস্তুদের আশ্রয় প্রদানের অবিস্মরণীয় পদক্ষেপ গ্রহণে সাহসিকতার কথা জানতে চায় জি-সেভেন সামিট। এ জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে কানাডার কুইবেকে অনুষ্ঠিতব্য শীর্ষ ধনীদেশগুলোর বার্ষিক সম্মেলনে। এটি হবে ৮ ও ৯ জুন।

    জানা গেছে, এই সম্মেলনে শেখ হাসিনাকে বিশেষভাবে সম্মান জানানো হবে। সম্মেলনের পর ১০ জুন টরন্টোতে প্রবাসীরা নাগরিক সংবর্ধনা দেবেন শেখ হাসিনাকে।

    এ উপলক্ষে কানাডা আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রবাসীরা নানা প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিনের অনৈক্য ঘুচে গেছে কানাডা আওয়ামী পরিবারে। সকলের সম্মিলিত উদ্যোগে সংবর্ধনা সমাবেশটি হবে ডাউন টাউন টরন্টোতে মেট্র কনভেনশন সেন্টারে।

    সম্মেলনের হোস্ট কান্ট্রি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে বলেছেন, চলতি বছরের জি-৭ শীর্ষ সম্মেলনের এজেন্ডা নির্ধারণে প্রগতিতে প্রাধান্য দেওয়ায় কানাডা গৌরববোধ করছে। লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, ক্লিন এনার্জি এবং সকলের উপকারে আসে এমনভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই সম্মেলনে।

    কানাডার প্রধানমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেছেন, ‘আমরা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে শলাপরামর্শ করতে চাই যা সব নাগরিকের জন্যেই কল্যাণকর হবে। আর এভাবেই আমরা আমাদের সন্তান ও নাতি-পুতিদের জন্যে নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং শান্তিপূর্ণ বিশ্ব রচনায় ব্রতী হতে চাই।’

    আগামী ১১ জুন ঢাকার উদ্দেশে কানাডা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। টরন্টোর এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের নেতাকর্মীরাও যোগ দেবেন বলে জানা গেছে।

  • দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ নাজিবের স্ত্রীকে

    দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ নাজিবের স্ত্রীকে

    মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী ব্যাপক আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাকে দেশটির দুর্নীতি দমন কমিশন কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। খবর এএফপির।

    মঙ্গলবার মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের সদরদপ্তরে নাজিবের স্ত্রী রোজমাহ মানসুরকে চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) এক কোটি ৬০ লাখ ডলার নাজিব রাজাকের নিজ ব্যাংক হিসাবে কিভাবে জমা হলো – এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় রোজমাহকে।

    নাজিব বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।  নাজিব ওয়ানএমডিবির উপদেষ্টামণ্ডলীর চেয়ারপারসন ছিলেন।

    জিজ্ঞাসাবাদের পর রোজমাহ মানসুরের আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘রোজমাহ তদন্তে সর্বাত্মক সহযোগিতা করেছেন। তদন্ত কর্মকর্তারা তার সঙ্গে ভালো আচরণ করেছেন। তার বয়ান রেকর্ড করা হয়েছে।যখনই তাকে ডাকা হয় যেন ভালোভাবে সহযোগিতা করেন।’

    গত মাসে পুলিশ ‘ওয়ান এমডিবি’ কেলেঙ্কারির ঘটনায় নাজিবের ভূমিকার ব্যাপারে তদন্তের অংশ হিসেবে দেশটির সাবেক এ প্রধানমন্ত্রী ও তার পরিবারের নিয়ন্ত্রণে থাকা দুটি বিলাসবহুল বাসভবনে অভিযান চালিয়ে নগদ অর্থ ও দামি অলংকারের অনেক ব্যাগ উদ্ধারের পর এখন সবার নজর রোসমাহ মানসুরের ওপর।

    বিলাসবহুল জীবনযাপনের জন্য অনেক পরিচিত রোসমাহ তিনটি গাড়ির একটি বহরে করে দুর্নীতি দমন সংস্থায় পৌঁছান।

    মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) সাবেক তদন্ত ও গোয়েন্দা পরিচালক আব্দুল রাজাক ইদ্রিস এএফপিকে বলেন,‘ব্যাপক দুর্নীতির ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।তার ব্যাংক হিসাব এবং সম্প্রতি দু’টি বাসভবনে পুলিশি অভিযানে পাওয়া তার নগদ অর্থ ও অংলকারের উৎসের ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।’

    সূত্র: বাসস ও চ্যানেল নিউজ এশিয়া

  • বাংলাদেশে ‘কাশ্মির পরিস্থিতি’ নিয়ে দিল্লিকে রিজভীর সতর্কতা

    বাংলাদেশে ‘কাশ্মির পরিস্থিতি’ নিয়ে দিল্লিকে রিজভীর সতর্কতা

    বাংলাদেশ ‘কাশ্মিরের মতো পরিস্থিতি’ সৃষ্টির সম্ভাবনা নিয়ে ভারতকে সতর্ক করেছেন রুহুল কবির রিজভী। বাংলাদেশে কাশ্মিরের মতো পরিস্থিতি কেন হবে, সেটি ব্যাখ্যা না করে এটির সম্ভাবনা উচিত হবে কি না, সেই প্রশ্ন রেখেছেন বিএনপি নেতা।

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এও বলেন, ‘এদেশের জনগণের মতামতকে উপেক্ষা করে আওয়ামী লীগের পক্ষে অনধিকার হস্তক্ষেপ করে তাতে জনগণের মনে ভারতের গণতান্ত্রিক ভাবমর্যাদা ক্ষুন্ন হবে।’

    মঙ্গলবার নয়াপল্টনে নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন রিজভী। এ সময় তিনি অন্যান্য নানা বিষয়ের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে কলকাতার দৈনিক আনন্দবাজারের একটি খবর নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন।

    গত ২৫ ও ২৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পশ্চিমবঙ্গ সফরে গিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। একান্ত এই বৈঠকের বিষয়বস্তু দুই দেশ প্রকাশ না করলেও রিজভী জেনেছেন কী নিয়ে কথা হয়েছে।

    ‘শেখ হাসিনা ভারতের ক্ষমতাসীন মহলকে এরকম বার্তা নাকি দিয়েছেন-মুক্তিযুদ্ধের শক্তিকে সরাতে, বাংলাদেশকে ফের পাকিস্তান বানানোর চক্রান্ত চলছে। আওয়ামী লীগ ক্ষমতা হারালে পশ্চিমে ও পূবে-দুদিকেই পাকিস্তানকে নিয়ে ঘর করতে হবে ভারতকে।’

    বিএনপি নেতার অভিযোগ, ভারত তাদের গণতান্ত্রিক ভাবমূর্তি জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র ‘জনসমর্থনহীন একটি সরকারকে’ টেকানোর জন্য বাংলাদেশের জনগণের ভোটাধিকারকে অবজ্ঞা করছে। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের সামিল।

    ‘বাংলাদেশের প্রতি ভারতের এই নীতি যদি অব্যাহত থাকে তাহলে শুধু ভারতের পশ্চিমে নয়, পূবে স্বাধীন বাংলাদেশেও কাশ্মিরের ন্যায় পরিস্থিতির সম্ভাবনা সৃষ্টি করা ভারতের জন্য কি উচিত হবে?’

    বাংলাদেশে চরমপন্থা মাথাচাড়া দিতে পারে সতর্ক করে রিজভী আরও বলেন, ‘মনে রাখা দরকার মানুষের মৌলিক ও মানবিক অধিকার, নাগরিক স্বাধীনতা কেড়ে নিলে চরমপন্থা মাথাচাড়া দিয়ে ওঠে।’

    বাংলাদেশ সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেয়া, উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলো থেকে বাংলাভাষীদের ঠেলে দেয়ার ‘টালবাহানা’ করা, তিস্তা চুক্তির আশ্বাস ঝুলিয়ে থাকা, রোহিঙ্গা সংকটে সহানুভূতি না পাওয়ার কথা তুলে ধরে বিএনপি নেতা বলেন, ‘এভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক ঘনিষ্ঠতর হয় না।’

    মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠকের পর ভারতীয় দৈনিক আনন্দবাজার লিখেছে, প্রতিদান চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে দেশে ফিরে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, তিনি কোনো প্রতিদান চাননি। বরং ভারতকে যা দিয়েছেন, সেটি তারা সারাজীবন মনে রাখবেন।

    ভারতকে কী দিয়েছেন, সেটিও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ দেশে থাকা ভারতীয় বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠীর আস্তানা গুঁড়িয়ে দেয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।

    রিজভী বলেন, ‘সম্প্রতি শেখ হাসিনা ভারত থেকে এসে সাংবাদিক সম্মেলনে বলেছেন, আমরা ভারতকে যা দিয়েছি তা ভারত সারাজীবন মনে রাখবে। আমরা কিন্তু তাদের শান্তি ফিরিয়ে দিয়েছি। আমরা কোনো প্রতিদান চাই না। অন্যদিকে ভারতের আনন্দবাজার পত্রিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতিদান চেয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে।’

    ‘তাই যদি হয়ে থাকে তবে জনগণের জানার অধিকার আছে যে, ভারতের কাছে কী প্রতিদান চাওয়া হয়েছে, তাদের কাছ থেকে কী আশ্বাস পাওয়া গেছে?’

    ‘প্রতিবেদনের অর্থ হচ্ছে শেখ হাসিনা আগামী নির্বাচন একতরফা করতে গ্যারান্টি চাচ্ছেন ভারতের কাছ থেকে। এটাই একমাত্র প্রতিদান আশা করেন ভারতের কাছ থেকে, অন্য কিছু নয়।’

    ‘ভারতের পত্রিকায় যে প্রতিদানের কথা বলা হয়েছে তা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব খাটানোর ইঙ্গিত।’

  • ভাগ্যিস তিনি বিমান ভালোবাসতেন না!

    ভাগ্যিস তিনি বিমান ভালোবাসতেন না!

    চীনের হেবেই অঞ্চলে কিউআই নামের এক ব্যক্তিকে গাড়ির ভেতরে রেখে কবর দিয়েছে তার পরিবার। কারণ মৃত্যুর আগে ওই ব্যক্তি স্বজনদের বলে রেখেছিলেন, তাকে যেন চিরাচরিত কফিনে মুড়িয়ে কবর না দেওয়া হয়।

    সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, সোমবার প্রিয় গাড়িটাকে কফিন করে কিউআইকে কবর দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন, এই আধুনিক কালেও মিশরের ফারাও যুগের সন্ধান মিলল, তবে একটু অন্য ভাবে।

    সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, কিউআই সবসময় চেয়েছিলেন মৃত্যুর পর তাকে যেন তার ব্যক্তিগত গাড়িটির ভেতরে ঢুকিয়ে কবর দেওয়া হয়। তিনি ছিলেন প্রচণ্ড গাড়িপ্রেমী। দশ বছরেরও বেশি সময় ধরে হুন্দাইয়ের সোনাটা সেডানের ধূসর রঙের একটি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছিলেন তিনি। আর গাড়িটিকে পাগলের মতো ভালোবাসতেন। দীর্ঘ সময় কেটে গেলেও গাড়ি পরিবর্তন করেননি তিনি।

    মৃত্যুর পর পরিবার তার অনুরোধ রাখে। গাড়িটির মাপে বড় গর্ত খোঁড়া হয়। গাড়ির ভেতরে শোওয়ানো হয় কিউকে। তারপর ক্রেনের সাহায্যে দড়ি বেঁধে আস্তে আস্তে গর্তের ভেতরে গাড়ি নামিয়ে কবর দেওয়া হয় তাকে।

    এদিকে কিউআইয়ের কবর দেওয়ার ভিডিওটি ইউটিউবে ভাইরাল হয়েছে। মানুষজন করছেন নানা মন্তব্য। কেউ একজন লিখেছেন, ‘ভাগ্যিস তিনি বিমান ভালোবাসতেন না।’

  • আফগানিস্তানে যৌথ অভিযানে ৮৭ সন্ত্রাসী নিহত

    আফগানিস্তানে যৌথ অভিযানে ৮৭ সন্ত্রাসী নিহত

    আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ৮৭ সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনী ও বিমান বাহিনী যৌথভাবে ওই অভিযান চালায় বলে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তা বিভাগ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে।

    গত শনিবার থেকে রবিবার পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টার অভিযানে তারা নিহত হন।

    বিবৃতিতে জানানো হয়েছে, সন্ত্রাসীদের নির্মূলে নানগারহার, গজনি, উরুজগান, জাবুল, হেরাত, ফারিয়াব, হেলমান্দ, বাগলান, তাখার ও বাদাখশানে যৌথ অভিযান চালায় দেশটির সশস্ত্র ও বিমানবাহিনী। এতে অন্তত ৮৭ সন্ত্রাসী নিহত হয়। আহত হয় ২৩ জনের মতো। আহতরাও সন্ত্রাসী বলে জানানো হয়।

    ফারিয়াব প্রদেশে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে তালেবান কমান্ডারসহ সংগঠনটির বেশ কজন সদস্য রয়েছেন। এছাড়া নানগারহারে নিহতদের মধ্যে তাকফিরি দায়েশ সন্ত্রাসীদের ১৯ সদস্য ছিল। এছাড়া অভিযানে জাবুলে পাঁচ জঙ্গি নিহত হয়েছেন। অন্যান্য কোন জায়গায় কতজন নিহত হয়েছেন তা জানা যায়নি।

  • তিউনিসিয়ায় নৌকাডুবে নিহত ৪৮

    তিউনিসিয়ায় নৌকাডুবে নিহত ৪৮

    তিউনিসিয়ার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবিতে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। এছাড়া উপকূলবর্তী এলাকা থেকে ৬৭ জনকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। রবিবার তিউনিশ সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এটি চলতি বছরে অভিবাসী নৌকা দুর্ঘটনার মধ্যে অন্যতম।

    তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার রাতে নৌকাটি পর্যটন এলাকা দক্ষিণের কের্কেন্না দ্বীপের কাছাকাছি যাওয়ার পর ডুবে যায়। এতে ৪৮ জন নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে ৬৭ জনকে।

    এসব অভিবাসী প্রত্যাশীরা তিউনিসিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক বলে জানানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

    রবিবার শেষ রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালিত হয় বলে সরকারিভাবে জানানো হয়েছে।

    ইউরোপে পাড়ি দিতে তিউনিসিয়া উপকূল গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহার করছে অভিবাসন প্রত্যাশীরা। বেকার তিউনিসরা এবং আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকরা তিউনিসিয়া হয়ে ইউরোপের ইতালিতে ঢোকার চেষ্টা করে।

    উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নৌকাটিতে ১৮০জনের মত অভিবাসী প্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে শতাধিক তিউনিস নাগরিক এবং বাকিরা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

    নৌকায় থাকা অভিবাসী প্রত্যাশিদের একজন জানান, ‘কোস্টগার্ডের হাতে গ্রেপ্তার হওয়ার ভয়ে নৌকাটির নাবিক পালিয়ে যান। তখনই নৌকাটি ডুবতে শুরু করে। আমি একটি কাঠের টুকরোতে নয় ঘণ্টা ধরে ভেসেছিলাম।’