Category: আন্তর্জাতিক

  • এক প্রেমিককে দিয়ে আরেক প্রেমিককে খুন

    এক প্রেমিককে দিয়ে আরেক প্রেমিককে খুন

    ভারতে খুন এবং ধর্ষণের ঘটনা ভয়ানক আকার ধারণ করেছে। এবার এক প্রেমিককে দিয়ে অন্য এক প্রেমিককে হত্যা করানোর অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে মৃত বক্তির ক্ষতবিক্ষত দেহ।

    এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। শুক্রবার থানার সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে পুলিশ অভিযুক্ত গৃহবধূ এবং তার প্রেমিককে গ্রেপ্তার করেছে। খবর বর্তমানের।

    পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম অজয় কর (২৬)। অশোকনগর থানা এলাকায় তার বাড়ি। আটকদের নাম সখী চৌধুরী বিশ্বাস এবং বিশ্বজিৎ ভট্টাচার্য। তাদের বাড়িও অশোকনগরে। অজয় একজন প্রতিভাবান উঠতি ক্রিকেটার ছিলেন। অনেক পুরস্কারও জিতেছেন।

    অজয়ের পরিবারের অভিযোগ, তার (অজয়) সঙ্গে সখীর অনেক দিনের সম্পর্ক ছিল। কিছুদিন থেকৈ অজয় জানতে পারেন, সখীর আরও অনেক পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। বর্তমানে বিশ্বজিতের সঙ্গে সখীর প্রেমের সম্পর্ক গভীর হয়েছিল। এটা জানার পর অজয়কে দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলেন বিশ্বজিৎ। এমনকি, বুধবার বিশ্বজিৎই নাকি অজয়কে বাইকে করে চাপিয়ে নিয়ে গিয়েছিলেন। তারপর থেকে অজয় আর বাড়ি ফেরেননি।

    পুলিশ আরও জানিয়েছে, বুধবার রাতেই অশোকনগর ৩ নম্বর রেলগেট এলাকা থেকে একটি ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

    বৃহস্পতিবার খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে অজয়ের মৃতদেহ বলে চিহ্নিত করেন। তারপরই অভিযোগ ওঠে, বিশ্বজিৎকে দিয়ে অজয়কে খুন করিয়েছেন সখী। ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর জন্য লাইনের ধারে দেহ ফেলে দেওয়া হয়।

    শুক্রবার ময়নাতদন্তের পর মৃতদেহ অশোকনগর থানায় নিয়ে বিক্ষোভ শুরু করেন পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা। থানার সামনে রাস্তা অবরোধ করেও বিক্ষোভ চলে।

    এক পুলিশ অফিসার বলেন, যে দু’জনের বিরুদ্ধে মূল অভিযোগ, সেই সখী চৌধুরী বিশ্বাস ও বিশ্বজিৎ ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

  • চীনে মাটির নিচে আটকা পড়া ২৩ শ্রমিক উদ্ধার

    চীনে মাটির নিচে আটকা পড়া ২৩ শ্রমিক উদ্ধার

    চীনের উত্তরপূর্বের একটি খনি থেকে বুধবার ২৩ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। সেখানে এক বিস্ফোরণের ঘটনায় তারা আটকা পড়ার কয়েক ঘণ্টা পর তাদেরকে উদ্ধার করা হলো। ওই বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছে এবং অপর দু’জন নিখোঁজ রয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানায়। খবর এএফপির।

    লিয়াওনিং প্রদেশের বেনজিতে চীনের জাতীয় কয়লা গ্রুপ কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান হুয়ামির গ্রুপের আকরিক লোহা খনিতে মঙ্গলবারের বিস্ফোরণে অপর নয়জন কর্মী আহত হয়েছে।

    সিনহুয়ার খবরে বলা হয়, খনিটির প্রায় এক হাজার মিটার গভীরে শ্রমিকরা বিস্ফোরক নামানোর সময় এ দুর্ঘটনা ঘটে। এতে খনির উত্তোলন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।

    এ বিস্ফোরণের পর স্থানীয় সময় বুধবার ভোর ৫ টা ২০ মিনিটের দিকে খনি থেকে ছয় শ্রমিককে উদ্ধার করা হয়। এর দুই ঘণ্টা পর সেখান থেকে আরো ১৭ জনকে বের করে আনা হয়। তারা সকলেই খনির অভ্যন্তরে আটকা পড়েছিল। তারা সুস্থ রয়েছে।

    কর্তৃপক্ষ নিখোঁজ অপর দুজনের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

  • যুক্তরাষ্ট্র-ফ্রান্স-ব্রিটেনকে সাবধান করল চীন

    যুক্তরাষ্ট্র-ফ্রান্স-ব্রিটেনকে সাবধান করল চীন

    চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনকে সতর্ক করে বলেছে, এসব দেশ দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠানোর যে পরিকল্পনা করেছে বেইজিং তা সহ্য করবে না।

    চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

    বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে পাশ্চাত্যের সামরিক তৎপরতার মোকাবিলায় চীনের সশস্ত্র বাহিনী সুনিশ্চিতভাবে নিজের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা করবে।

    বিবৃতিতে আরো বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে আত্মরক্ষার স্বার্থে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করছে বেইজিং এবং এ কাজে দেশটি অন্য কারো কাছ থেকে অনুমতি নেয়ার প্রয়োজন মনে করে না।

    ব্রিটেন ও চীন সম্প্রতি ঘোষণা করেছে, তারা অচিরেই দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠাবে। ওই অঞ্চলে আগে থেকেই মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি রয়েছে। অন্যদিকে চীন সেখানে কৃত্রিম দ্বীপ নির্মাণ করে সামরিক ঘাঁটি বসিয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের তীব্র টানাপড়েন চলছে।

  • সৌদির ১০ নারী পেল ড্রাইভিং লাইসেন্স

    সৌদির ১০ নারী পেল ড্রাইভিং লাইসেন্স

    সৌদি নারীদের গাড়ি চালানোর লাইসেন্স প্রদান শুরু করেছে দেশটির ট্রাফিক বিভাগ৷ সোমবার প্রথম দফায় দশ জন সৌদি নারী প্রথম গাড়ি চালানোর অনুমতিপত্র পেয়েছেন৷

    আরব নিউজ জানায়, আগামী তিন সপ্তাহের মধ্যে নারীদের গাড়ি চালানোর অনুমতিপত্র প্রদান কার্যক্রম পুরোপুরি শুরু করবে সৌদি।

    দেশটির ট্রাফিক বিভাগ আনুষষ্ঠানিক এক বিবৃতিতে বলেছে, দশ জন নারীকে ইতোমধ্যে আন্তর্জাতিক লাইসেন্স প্রদান করা হয়েছে। লাইসেন্স দেয়ার আগে তাদের গাড়ি চালানো ও চোখের পরীক্ষা দিতে হয়েছে।

    সৌদি আরবের নারী অধিকারকর্মীরা গাড়ি চালানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন। আন্দোলনরত বেশ কয়েকজন নারী অধিকারকর্মীকে আটকও করা হয়। এরপরই এই পদক্ষেপ নিল সৌদি সরকার।

    সৌদি আরবে কয়েক দশক ধরেই নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা ছিল। গত ২৪ জুন আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

  • সৌদির হুমকির খবর প্রত্যাখ্যান কাতারের

    সৌদির হুমকির খবর প্রত্যাখ্যান কাতারের

    কাতার রাশিয়া থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিনলে সৌদি বাদশা দোহারের বিরুদ্ধে যে সামরিক পদক্ষেপ নেবেন বলে হুমকি দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। খবর আল জাজিরার।

    তিনি বলেছেন, কাতারের অস্ত্র কেনার সিদ্ধান্ত সার্বভৌমত্বের সঙ্গে জড়িত।

    হুমকি সম্পর্কে সোমবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, আন্তর্জাতিক আইন এবং সব ধরনের আন্তর্জাতিক নিয়মনীতির লঙ্ঘন।

    আল জাজিরাকে আল থানি বলেছেন, ‘যেকোনো ধরনের সামরিক সরঞ্জাম কেনা একটি স্বাধীন, সার্বভৌম দেশের সিদ্ধান্ত। অন্য কোনো দেশ এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না।’

    শুক্রবার ফ্রান্সের দৈনিক লা মন্ড পত্রিকা জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ কেনার জন্য কাতার যে আলোচনা চালাচ্ছে চিঠিতে সে ব্যাপারে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন সৌদি বাদশা। প্রেসিডেন্ট ম্যাকরনকে লেখা চিঠিতে বাদশা সালমান বলেন, দোহা ‘এস-৪০০’ কিনলে মধ্যপ্রাচ্যে রিয়াদের নিরাপত্তাগত স্বার্থ বিপন্ন হবে।

    কাজেই কাতার যাতে এ ব্যবস্থা ক্রয় না করে সেজন্য দেশটির ওপর চাপ সৃষ্টি করতে ফরাসি প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছেন বাদশা সালমান।

    চিঠিতে সৌদি বাদশা লিখেছেন, ‘কাতার এস-৪০০ কিনলে সৌদি আরব ওই ব্যবস্থা ধ্বংস করার জন্য সামরিক ব্যবস্থাসহ সব ধরনের ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত থাকবে।’

    কাতারের পররাষ্ট্রমন্ত্রী আল থানি সৌদি বাদশার এই চিঠি সম্পর্কে বলেছেন, ‘কোনো পদক্ষেপ নেয়ার জন্য এই চিঠির আইনগত কোনো ভিত্তি নেই।’

    তিনি বলেছেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে তারা এটাকে অস্থিতিশীল আচরণ হিসেবে দেখছে। কাতার সৌদির জন্য হুমকি নয়।’

    এই ধরনের হুমকি উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপোরেশন কাউন্সিলের (জিসিসি) সনদের লঙ্ঘন। সনদ অনুযায়ী, এই সংগঠনের কোনো সদস্য দেশ একে অপরের বিরুদ্ধে হামলা চালাতে পারে না বলে তিনি জানান।

    আল থানি বলেন, বর্তমানে কাতার ফরাসি সরকারের কাছ থেকে হুমকির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার চেষ্টা করছে।

  • ‘ইমরান খুব শয়তান, নামাজ পড়ে না, রোজাও রাখে না’

    ‘ইমরান খুব শয়তান, নামাজ পড়ে না, রোজাও রাখে না’

    পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও পিটিআই প্রধান ইমরান খানকে শয়তান বলে আখ্যা দিয়েছেন তার সাবেক স্ত্রী রেহাম খান। ওই স্ত্রীর সঙ্গে ইমরানের মাত্র কয়েক দিন সংসার করেছিলেন। সেই সংসার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে রেহাম খানের একটি বইয়ের পাণ্ডুলিপি অনলাইনে প্রকাশ হয়েছে। সেটি প্রকাশের পরই দেশটির রাজনীতিতে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

    টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ওই পাণ্ডুলিপিতে রেহাম খান উল্লেখ করেছেন, ‘ইমরান খান খুবই শয়তান। সে নামাজ পড়ে না, রোজাও রাখে না।’

    পিটিআইর কয়েকজন নেতার দাবি, পাকিস্তানের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইমরান খানের চরিত্র ও সম্মান নষ্ট করতে বিরোধী দলের কাছ থেকে অর্থ নিয়ে রেহাম পাণ্ডুলিপিগুলো প্রকাশ করেছেন।

    পাকিস্তানের বিখ্যাত সংগীশিল্পী ও পিটিআইয়ের সদস্য সালমান আহমেদ বলেন, ‘সাবেক স্বামীর ক্ষতি করতে রেহাম পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) কাছ থেকে অর্থ নিয়েছেন। একটি ঘনিষ্ঠ সূত্র আমাকে জানিয়েছে, এ বইটি লিখতে রেহামকে পিএমএল-এন ৯০ লাখ রুপির বেশি দিয়েছে।’

    ১৯৯৫ সালে জেমিমা গোল্ডস্মিথকে প্রথম বিয়ে করেন ইমরান খান।  ২০০৪ সালে সেই বিয়ে ভেঙে যায়। পরে ২০১৫ সালের জানুয়ারিতে তিনি আবার বিয়ে করেন পাকিস্তান বংশদ্ভূত ব্রিটিশ সাংবাদিক রেহাম খানকে। ওই বছরের অক্টোবরেই তাদের বিয়ে ভেঙে যায়।