Category: আন্তর্জাতিক

  • আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

    আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

    আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে মঙ্গলবারও হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা। এক প্রদেশজুড়ে তাণ্ডব চালানো এ বন্যায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।

    জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ও প্রাদেশিক গভর্নরের কার্যালয় জানায়, সোমবারের আকস্মিক বন্যার পর প্রায় ১০০ জনের এখনো খোঁজ পাওয়া যায়নি।

    একই সঙ্গে মৃতের সংখ্যা হালনাগাদ করে ২৩ জন বলে জানানো হয়েছে।

    আফগানিস্তানের পারুন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    এএফপি’র এক সাংবাদিক দেখেছেন, নুরিস্তান প্রদেশের রাজধানী প্রত্যন্ত পারুনে কয়েক ডজন মানুষ কাঠের খুঁটি ও খালি হাতে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।
    ৩৪ বছর বয়সী ওষুধ বিক্রেতা ফরিদ গুল জাহির বলেন, ‘আমি জীবনে এত ভয়ংকর বন্যা কখনও দেখিনি।’

    তিনি এএফপিকে বলেন, ‘মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। চারদিকে শিশু ও মানুষের চিৎকার শুনতে পাচ্ছিলাম।’ পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে তিনি আহত হন।
    মঙ্গলবার পারুনে ধ্বংসস্তূপ সরাতে একটি বুলডোজার ব্যবহার করা হলেও, তাতে খুব বেশি অগ্রগতি হয়নি। বন্যায় বহু দোকান কাদার নিচে চাপা পড়েছে।

    বিশাল বড় পাথর গড়িয়ে এসে ভবনগুলোতেও আঘাত হেনেছে।

    গভর্নরের কার্যালয় সোমবার জানায়, পারুনের মেয়র ও সরকারের আরও কয়েকজন কর্মচারী নিখোঁজদের মধ্যে রয়েছেন।

    স্পোগমাই হোটেলের ব্যবস্থাপক জাকিরুল্লাহ জাকি বলেন, ‘মনে হচ্ছিল আমাদের ওপর যেন খোদার গজব নেমে এসেছে।’

    ২৯ বছর বয়সী জাকি এএফপিকে বলেন, ‘অন্য সব হোটেল, বাজার ও দোকানপাট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।’

    আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির যোগাযোগ বিষয়ক প্রধান জুমা খান নাইয়েল পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন।

    তিনি বলেন, পানির উচ্চতা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছিল।

    তিনি জানান, সংস্থার কয়েক ডজন স্বেচ্ছাসেবক কোদাল ও খালি হাতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

    তিনি এএফপিকে বলেন, ‘এই মুহূর্তে জরুরি ভিত্তিতে আমরা খাদ্য, বিশুদ্ধ পানি ও যাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে তাদের জন্য তাঁবু সরবরাহ করছি।’

    আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

    অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে, তারা ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে।

    বন্যা ও ভারী বৃষ্টিতে প্রতিবেশী পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, সেখানে ১২ জনের মৃত্যু হয়েছে।

    গত মার্চ ও এপ্রিল মাসে আফগানিস্তান ও পাকিস্তানে বন্যা এবং ভারী বৃষ্টিতে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়।

    দেশটির পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধানের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে আফগানিস্তান বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। ফলে সেখানে বন্যার দুর্যোগ বাড়ছে।

    চলতি মাসে মাওলভি মতি-উল-হক খালিস বলেন, পরিবেশগত সমস্যাগুলো ‘আফগান জনগণকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং দেশে মানবিক সংকট আরও গভীর করেছে।’

  • চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা

    চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা

    চিলিতে ভারী বৃষ্টিতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    এ পরিস্থিতিতে সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।

    গত সপ্তাহ থেকে সাধারণত শুষ্ক উত্তরাঞ্চলীয় কোকিম্বো ও আতাকামা অঞ্চলে টানা ভারী বৃষ্টি হচ্ছে। এসব এলাকায় এত তীব্র বৃষ্টিপাত অত্যন্ত অস্বাভাবিক।

    সান্তিয়াগো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    চিলির জাতীয় জরুরি সেবা সংস্থা সেনাপ্রেডের পরিচালক আলিসিয়া সেব্রিয়ান সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, এ পর্যন্ত অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন ১৭ জন। এছাড়া চারজন নিখোঁজ রয়েছেন।

    সরকারি তথ্য অনুযায়ী, বৈরী আবহাওয়ার কারণে ১ হাজার ১০০টির বেশি বাড়িঘর ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    পরিস্থিতির ক্রমাবনতির কারণে প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত সাংবাদিকদের জানান, সোমবার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা  করা হয়েছে।

    উদ্ভূত পরিস্থিতিতে সরকার সেনাবাহিনী মোতায়েন, জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপ ও দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিচ্ছেন।

    নদীর পানি বেড়ে যাওয়ায় অনেক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক জনপদ বিচ্ছিন্ন হয়ে গেছে। কোকিম্বো অঞ্চলে কাদা ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে বিশুদ্ধ পানির সরবরাহও ব্যাহত হয়েছে।

    উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিমো পাভেজ সাংবাদিকদের বলেন, ‘রোববার এক ঘণ্টায় যত বৃষ্টি হয়েছে, স্বাভাবিক সময়ে তা হতে এক মাস লাগে।’

    তিনি এ বৃষ্টিপাতকে ‘অস্বাভাবিক ও চরম’ বলে অভিহিত করেন।

    জাতীয় আবহাওয়া বিভাগের কর্মকর্তা আরনালদো জুনিগা এএফপিকে বলেন, গত দুই দশকে চিলিতে এত বেশি বৃষ্টিপাত দেখা যায়নি।

    তিনি আরও বলেন, ‘অনেক বছর ধরে আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হইনি।’

  • হরমুজ প্রণালীতে হামলায় আগুন লাগা জাহাজ থেকে সরেছে নাবিকরা

    হরমুজ প্রণালীতে হামলায় আগুন লাগা জাহাজ থেকে সরেছে নাবিকরা

    হরমুজ প্রণালীতে হামলার শিকার হয়ে আগুন ধরে যাওয়া একটি জাহাজ থেকে নাবিকরা নিরাপদে সরে যেতে সক্ষম হয়েছেন। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস সোমবার এ তথ্য জানিয়েছে।

    সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ‘জাহাজটি একটি অজ্ঞাত ধরনের বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর নাবিকরা নিরাপদে জাহাজ ছেড়ে দেন এবং একটি টাগবোট তাদের উদ্ধার করে। জাহাজটিতে এখনো আগুন জ্বলছে এবং এটি নিয়ন্ত্রণহীনভাবে ভেসে যাচ্ছে।’
    তবে এ ঘটনায় পরিবেশের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    এর আগে ইউকেএমটিও জানিয়েছিল, ওমানের কুমজার এলাকার উত্তর-পশ্চিমে প্রায় আট নটিক্যাল মাইল দূরে একটি জাহাজে আগুন লেগেছে।

    এদিকে ইরানের  রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলো চলাচল বন্ধ হয়ে যায়।

    যুদ্ধ চলাকালে ইরান হরমুজ প্রণালীর নৌপথ বন্ধ করে দেয়। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচল করত।

    যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের অংশ হিসেবে ইরানকে ওমানের সঙ্গে কাজ করে এই জলপথের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।

    তবে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি আগের মতো থাকবে না।

    গত কয়েক সপ্তাহে ইরান ওমানের উপকূলঘেঁষা একটি নৌপথ ব্যবহারকারী কয়েকটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এর মাধ্যমে দেশটি জাহাজগুলোকে নিজেদের জলসীমা দিয়ে চলাচল করতে এবং নিরাপদ যাতায়াতের জন্য অর্থ দিতে চাপ সৃষ্টি করছে।

  • গাজায় ইসরাইলি হামলায় তিন শিশুসহ নিহত ১১: স্বাস্থ্য কর্মকর্তারা

    গাজায় ইসরাইলি হামলায় তিন শিশুসহ নিহত ১১: স্বাস্থ্য কর্মকর্তারা

     গাজা উপত্যকায় শনিবার ইসরাইলি হামলায় তিন শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওই তিন শিশুর বাবা-মাও রয়েছেন। গাজার সিভিল ডিফেন্স ও হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

    ইসরাইল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে, এতে গাজায় সহিংসতা থামেনি। যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে একটি দীর্ঘমেয়াদি চুক্তির প্রচেষ্টাও স্থবির হয়ে আছে।

    গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    হামাস পরিচালিত উদ্ধার সংস্থা গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরাইলি হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হন। তারা হলেন তিন শিশু ও তাদের বাবা-মা।

    সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসসাল এএফপিকে বলেন, ‘পরিবারটির একমাত্র জীবিত সদস্য একটি শিশু। হামলার সময় সে বাড়ির ভেতরে ছিল না।’

    গাজার আল-শিফা হাসপাতাল পাঁচটি মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

    ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, শনিবার গাজা সিটিতে হামাসের এক যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

    তিনি বলেন, হামলার ফলাফল এখনও মূল্যায়ন করা হচ্ছে।

    গাজার বাসিন্দা মুসা আল-আইমাউই বলেন, হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।

    তিনি এএফপিকে বলেন, হঠাৎ একটি ক্ষেপণাস্ত্র ভবনটিতে আঘাত হানে। কেউ কিছু জানত না। এ সময় কোনো সতর্কবার্তা ছিল না।

    তিনি আরও বলেন,  ‘তারা কোনো পরোয়া না করেই হামলা চালিয়েছে। সেখানে বেসামরিক মানুষ, শিশু, নারী ও মেয়েরা ছিল।’

    একই ভবনের বাসিন্দা মোহাম্মদ কালি বলেন, তিনি ঘটনাস্থলে কয়েকজনকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন।
    তিনি বলেন, মাটিতে মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে ছিল। নারী ও শিশু বয়স্কও নিহত হয়।

    ঘটনাস্থলের এএফপির ভিডিওতে দেখা যায়, ভবনটির সামনের বড় অংশ ধসে গেছে। উদ্ধারকর্মীরা আহতদের সরিয়ে নিচ্ছেন।

    এ সময় উপস্থিত লোকজন ধ্বংসস্তূপে ছড়িয়ে থাকা কংক্রিটের টুকরা ও বাঁকানো লোহার মধ্যে উদ্ধারযোগ্য জিনিসপত্র খুঁজছিলেন।

    সিভিল ডিফেন্স জানায়, গাজা সিটির জেইতুন এলাকায় বেসামরিক লোকজনের একটি দলের ওপর ইসরাইলি বিমান হামলায় আরও তিনজন নিহত হয়েছেন।

    আল-শিফা হাসপাতাল তিনটি মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

    কয়েক ঘণ্টা পর বাসসাল জানান, জেইতুন এলাকার পূর্বে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল একটি তাঁবুতে ইসরাইলি গোলাবর্ষণে এক নারী নিহত হয়েছেন।

    গাজার আল-আহলি হাসপাতাল জানায়, নিহত ওই নারীর মরদেহের পাশাপাশি কয়েকজন আহতকে হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে তার মেয়েও রয়েছে।

    বাসসাল বলেন, হামলার ওই এলাকায় আরও কয়েকজন আহত এবং তিনজন এখনও নিখোঁজ রয়েছেন।

    স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গাজার অন্য এলাকাগুলোতে ইসরাইলি হামলায় আরও দুইজন নিহত হয়েছেন।

    এসব হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী।

    যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সহিংসতা অব্যাহত রয়েছে।

    হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবারের হতাহতের আগে, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ১ হাজার ১৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ এ মন্ত্রণালয়ের তথ্যকে নির্ভরযোগ্য বলে মনে করে।

    ইসরাইলি সেনাবাহিনী জানায়, একই সময়ে গাজায় পাঁচজন সেনাসদস্য এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।

  • যুক্তরাষ্ট্র সফরে ৪৮টি চুক্তি ও অংশীদারিত্বে সই ইরাকের প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্র সফরে ৪৮টি চুক্তি ও অংশীদারিত্বে সই ইরাকের প্রধানমন্ত্রীর

    ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদির যুক্তরাষ্ট্র সফরকালে ইরাক ও মার্কিন বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে মোট ৪৮টি চুক্তি, সমঝোতা স্মারক, সহযোগিতা ও অংশীদারিত্বের ঘোষণা সই হয়েছে।

    এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক চুক্তি জ্বালানি, বিশেষ করে তেল খাত সংশ্লিষ্ট। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে।

    তেলসমৃদ্ধ দেশ ইরাক কয়েক দশকের যুদ্ধ ও অস্থিরতা কাটিয়ে অর্থনীতি পুনর্গঠনের চেষ্টা করছে। তবে দেশটি এখনও দুর্বল অবকাঠামো, ভঙ্গুর জনসেবা, অব্যবস্থাপনা এবং ব্যাপক দুর্নীতির মতো সমস্যায় ভুগছে।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় রাজস্বে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ইরাক। ফলে, দেশটির অর্থনীতিকে চাঙ্গা করতে জরুরি ভিত্তিতে নতুন বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন হয়ে পড়েছে।

    প্রধানমন্ত্রীর গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানায়, ‘ইরাক ও যুক্তরাষ্ট্রের সরকারি এবং বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে মোট ৪৮টি চুক্তি, সমঝোতা স্মারক, সহযোগিতা চুক্তি এবং অংশীদারিত্বের ঘোষণা স্বাক্ষরিত হয়েছে।’

    এসবের মধ্যে ইরাকের তেল ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে ‘এক্সনমোবিল, কেবিআর, জিই ভার্নোভা, শেল এবং হ্যালিবার্টন-এর সহযোগিতা ও অংশীদারিত্ব চুক্তি রয়েছে। এছাড়া ইরাক ও সিরিয়ার মধ্যে একটি বড় অপরিশোধিত তেল পাইপলাইন নির্মাণসংক্রান্ত কয়েকটি চুক্তিও হয়েছে।

    এ ছাড়া স্যাটেলাইটভিত্তিক যোগাযোগসেবায় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘স্টারলিংকের’ সঙ্গে একটি চুক্তি করেছে ইরাক। এর মাধ্যমে দেশটিতে স্টারলিংকের সেবা চালু করা হবে।

    মঙ্গলবার হোয়াইট হাউসে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী আলি আল-জাইদিকে ‘চ্যাম্পিয়ন’ বলে অভিহিত করেন।

    ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসা আলি আল-জাইদি চলতি বছর যুক্তরাষ্ট্রের সমর্থনে প্রধানমন্ত্রী হন। ট্রাম্প অন্য এক প্রার্থীর মনোনয়ন প্রত্যাখ্যান করার পর তিনি এই পদে আসীন হন।

    ক্ষমতায় এসে জাইদি ইরাকের নাজুক অর্থনীতি শক্তিশালী করা এবং যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে হামলা চালানো ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার অঙ্গীকার করেছেন।

    দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী ইরানের পারস্পরিক প্রতিদ্বন্দ্বী প্রভাবের মধ্যে ভারসাম্য বজায় রেখে কূটনৈতিক পথ অনুসরণ করে আসছে ইরাক।

  • যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে উৎসাহ দেবে পাকিস্তান

    যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে উৎসাহ দেবে পাকিস্তান

    পাকিস্তান বৃহস্পতিবার জানিয়েছে, গত মাসে নিজেদের মধ্যস্থতায় হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় যুক্তরাষ্ট্র ও ইরানকে সহিংসতা বন্ধ করে, আবার আলোচনায় ফিরতে উৎসাহিত করবে।

    ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি ইসলামাবাদে সাংবাদিকদের বলেন, ‘সমঝোতা স্মারক বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ থাকলেও, পাকিস্তান সব পক্ষকে সহিংসতা বন্ধ করতে ও সমঝোতা স্মারকের আলোকে  কৌশলগত পর্যায়ের আলোচনা পুনরায় শুরু করতে উৎসাহিত করে যাবে।’