Category: আন্তর্জাতিক

  • ইয়েমেনের রাজধানী সানার প্রধান বিমানবন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল

    ইয়েমেনের রাজধানী সানার প্রধান বিমানবন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল

    আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানার প্রধান বিমানবন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ৩ জন। হুতি বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    মঙ্গলবার (৬ মে) রাজধানীর বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার সতর্কবার্তা দিয়ে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমে হামলা চালায় তেল আবিব। বিমান হামলায় আগুন ধরে যায় স্থাপনাটিতে। রানওয়েতে পড়ে থাকতে দেখা যায় বিমানের ধ্বংসাবশেষ। বিমান বন্দরে হামলার সাথে সাথে সানার তিনটি জ্বালানি স্থাপনা ও তিনটি সেনাঘাঁটিতেও বিমান হামলা চালায় ইসরায়েল।

    গত রোববার (৪ মে) ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুতিদের হামলার জবাবে ইয়েমেনে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।

  • সুদান শহরে টানা তৃতীয় দিনেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে

    সুদান শহরে টানা তৃতীয় দিনেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে

    আন্তর্জাতিক ডেস্ক:  সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে যুদ্ধের জেরে পোর্ট সুদান শহরে টানা তৃতীয় দিনেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং একটি বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার শহরটিতে হামলার পর দেশটির প্রধান সমুদ্রবন্দরের আশেপাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এই শহরটি দেশটির সেনাবাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি এবং দুই বছর ধরে চলা সংঘাতে বাস্তুচ্যুত লাখ লাখ মানুষের আশ্রয়স্থল।

    সম্প্রতি, খার্তুমসহ গুরুত্বপূর্ণ এলাকা হাতছাড়া হয়ে যায় র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ)। মূলত এরপর থেকেই ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে তারা। ২০১৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে আরএসএফ।

  • রাশিয়ার রাজধানী মস্কোতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

    রাশিয়ার রাজধানী মস্কোতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

    আন্তর্জাতিক ডেস্ক:  রাশিয়ার রাজধানী মস্কোতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার পর নিরাপত্তার কারণে মস্কোর চারটি আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের পাঠানো একাধিক ড্রোন মস্কোর আকাশে ধরা পড়েছে। রুশ বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াটসিয়া জানিয়েছে, ভনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো ও ঝুকোভস্কি বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে।

    মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন দিক থেকে ছোড়া অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন রুশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

    তবে কিছু ড্রোনের ধ্বংসাবশেষ শহরের একটি প্রধান সড়কে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও জনমনে আতঙ্ক ছড়িয়েছে।

  • এরদোগানের সাথে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    এরদোগানের সাথে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক:  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা হয়েছে গাজা, সিরিয়া, রাশিয়া-ইউক্রেনসহ বিভিন্ন ইস্যুতে। সোমবার (৫ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

    ফোনালাপে, একে অন্যকে নিজ নিজ দেশে সফরের আমন্ত্রণ জানান দুই নেতা। এ সময় ওয়াশিংটন সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট। আলোচনায় গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দেন তিনি। এ সময় উপত্যকাটিতে মানবিক সংকট দূর করতে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নেয়ারও আহ্বানও জানান তিনি।

    অপরদিকে, তুরস্কে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, আন্তর্জাতিক-আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে এরদোগানের সাথে গঠনমূলক আলোচনা হয়েছে তার। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প।

  • ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শুল্ক বৃদ্ধি বাস্তবায়িত হলে থাইল্যান্ডের রফতানিতে বছরে ২৪ বিলিয়ন ডলার ক্ষতির আশংকা

    ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শুল্ক বৃদ্ধি বাস্তবায়িত হলে থাইল্যান্ডের রফতানিতে বছরে ২৪ বিলিয়ন ডলার ক্ষতির আশংকা

    আন্তর্জাতিক ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক বৃদ্ধি বাস্তবায়িত হলে থাইল্যান্ডের রফতানিতে বছরে ২৪ বিলিয়ন ডলার (প্রায় ২.৪ লক্ষ কোটি টাকা) ক্ষতি হতে পারে। সোমবার (৫ মে) জাপানিজ গণমাধ্যম নিক্কেই এশিয়া এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে দেশটির ইলেকট্রনিক্স, অটো পার্টস ও কৃষি পণ্য রফতানিতে এই শুল্কের প্রভাব পড়তে পারে বলে জানানো হয়েছে।

    ব্যবসায়িক সংগঠন সতর্ক করে দিয়ে বলেছে, এভাবে চলতে থাকলে মুদ্রাস্ফীতি সমস্যায় পড়বে থাইল্যান্ড। এছাড়াও আমদানি-রফতানি খাতে ক্ষতি কাটানো সম্ভব হবে না।

    ওয়াশিংটনের ব্যাপক শুল্ক নীতির আওতায় থাইল্যান্ডের রফতানিকৃত পণ্যের ওপর ৩৬% শুল্ক আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে থাইল্যান্ড সরকার ৯০ দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে বাধ্য হয়েছে।

    প্রাথমিক হিসাবে, এই শুল্ক নীতির প্রভাবে থাইল্যান্ডের বার্ষিক রপ্তানি আয়ে ২.৪ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে মার্কিন বাজারে থাই রাবার, কম্পিউটার কম্পোনেন্ট এবং ক্যানড ফুডের রফতানি মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

  • ভারতের ওপর খারাপ দৃষ্টি কারিদের উপযুক্ত জবাব দেয়ার অঙ্গীকার রাজনাথ সিং এর

    ভারতের ওপর খারাপ দৃষ্টি কারিদের উপযুক্ত জবাব দেয়ার অঙ্গীকার রাজনাথ সিং এর

    আন্তর্জাতিক ডেস্ক:   ভারতের ওপর যারা খারাপ দৃষ্টি দিয়েছে তাদের উপযুক্ত জবাব দেয়ার অঙ্গীকার করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি নরেন্দ্র মোদির ওপর আস্থা রাখতে দেশটির জনগণের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। খবর, দ্য টাইমস অব ইন্ডিয়া’র।

    রোববার (৪ মে) নয়াদিল্লিতে সংস্কৃতি জাগরণ মহোৎসবের ভাষণে এ কথা বলেন তিনি।

    রাজনাথ সিং বলেন, পেহেলগাম সন্ত্রাসী হামলার জবাব দিতে সামরিক বাহিনীর সাথে সব ধরণের আলাপ-আলোচনা চলছে। ভারতের সার্বভৌমত্ব বিনষ্টকারীদের দ্রুতই উপযুক্ত জবাব দেয়া হবে।

    তিনি বলেন, যারা আমাদের দেশের প্রতি খারাপ নজর দিয়েছে, সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাদের একটি উপযুক্ত জবাব দেয়া আমার দায়িত্ব।

    পেহেলগাম হামলার ঘটনায় ভারতীয়রা পাকিস্তানে পাল্টা প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজনীয়তার বিষয়ে যে কথা বলছেন সেদিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আপনারা যা চান তা অবশ্যই ঘটবে।

    গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বাইসারন উপত্যকায় বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও ১ নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এই হামলার ঘটনায় জড়িতদের সঙ্গে পাকিস্তানের আন্তঃসীমান্ত সংযোগ রয়েছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। যদিও বরাবরের মতো এই হামলার সঙ্গে যেকোনও ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।

    উল্লেখ্য, এ হামলার ঘটনার প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা নিষিদ্ধ ও সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে ভারত। এর পাল্টায় পাকিস্তানও ভারতের বিরুদ্ধে প্রায় একই ধরনের পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আবহে আরও নেতিবাচকতা লক্ষ্য করা যাচ্ছে।