Category: আন্তর্জাতিক

  • সব জিম্মিকে ছাড়া না হলে ‘গাজাকে নরকে পরিণত করার’ হুমকি ট্রাম্পের

    সব জিম্মিকে ছাড়া না হলে ‘গাজাকে নরকে পরিণত করার’ হুমকি ট্রাম্পের

    আন্তর্জাতিক ডেস্ক:  ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তিন জিম্মিকে মুক্তি দিয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতের মধ্যে সব জিম্মিকে মুক্তি দিতে আগেই আলটিমেটাম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীকে শনিবার রাতের মধ্যে সব জিম্মিকে ছাড়া না হলে ‘গাজাকে নরকে পরিণত করার’ হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

    তবে হামাস ও আরেকটি সংগঠনের কাছে জিম্মি থাকা তিনজনকে শনিবার মুক্তি দেয়া হয়েছে। এর কয়েক ঘণ্টা পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি জানান, আজ রাতে ইসায়েয়েল যে সিদ্ধান্ত নেবে সেটিকে সমর্থন জানাবে যুক্তরাষ্ট্র।

    ডোনাল্ড ট্রাম্প লেখেন, হামাস গাজা থেকে তিনজন জিম্মিকে মুক্তি দিয়েছে, যার মধ্যে একজন আমেরিকান নাগরিকও রয়েছে। তারা ভালো অবস্থায় আছে বলে মনে হচ্ছে! এটি গত সপ্তাহের তাদের বিবৃতি থেকে আলাদা যে তারা কোনও জিম্মিকে মুক্তি দেবে না। ইসরায়েলকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা আজ রাত ১২টায় সকল জিম্মিকে মুক্তি দেয়ার জন্য যে সময়সীমা আরোপ করা হয়েছে, সে সম্পর্কে কী সিদ্ধান্ত নেবে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সিদ্ধান্তকে সমর্থন করবে।

    এদিকে, ট্রাম্পের এমন হুমকির মধ্যে শনিবার রাতে নিরাপত্তা বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বৈঠকে চলমান যুদ্ধবিরতি ও ট্রাম্প সব জিম্মিকে মুক্তির যে আলটিমেটাম দিয়েছেন সেটি নিয়ে আলোচনা হবে।

    ট্রাম্পের হুমকির মধ্যে বিৃবতি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে, জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ইসরায়েলকে যেন যুদ্ধবিরতির চুক্তি মানতে বাধ্য করে তারা।

  • বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গেলেন মোদি

    বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গেলেন মোদি

    আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বে ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে এই দুই নেতার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন তারা। যেখানে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ।

    বাংলাদেশ প্রসঙ্গে এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করেন, ‘বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কী? কারণ এটা স্পষ্ট যে, বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমন কী, মুহাম্মদ ইউনূসও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী?’

    জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিলো না। এক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটেরও কোনও ভূমিকা ছিলো না। এটি এমন একটি ইস্যু যা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাই এই ইস্যুটি আমি মোদির হাতেই ছেড়ে দিচ্ছি।

    এরপর বাংলাদেশ ইস্যুতে করা প্রশ্নের উত্তর দিতে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে, সেই প্রশ্ন এড়িয়ে যান মোদি। আলোচনা শুরু করেন ইউক্রেন ইস্যুতে।

    জানা গেছে, এই দুই বিশ্ব নেতার বৈঠকে অর্থনৈতিক, সামরিকসহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয়। ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেন ট্রাম্প। পাশাপাশি দুই নেতা বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপরও জোর দেন।

    এর আগে, হোয়াইট হাউজে পৌঁছাতেই উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় দায়িত্ব পাওয়ার পর এই প্রথম হোয়াইট হাউজ সফর মোদির।

  • শনিবার দুপুরের মধ্যে হামাস জিম্মিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিল

    শনিবার দুপুরের মধ্যে হামাস জিম্মিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিল

    আন্তর্জাতিক ডেস্ক : শনিবার দুপুরের মধ্যে হামাস জিম্মিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিল হয়ে যাবে। আবারও শুরু হবে যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এমন হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    গাজার ভেতরে ও বাইরে সেনা জড়ো করার নির্দেশও দিয়েছেন নেতানিয়াহু। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার চার ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ভিডিওবার্তা দেন নেতানিয়াহু। গাজা ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির প্রতি সমর্থন জানান তিনি।

    তবে নেতানিয়াহু শনিবারের মধ্যে বন্দি বাকি ৭৬ জনের সবার মুক্তি চেয়েছেন কিনা স্পষ্ট করেননি। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী শনিবার তিন ইসরায়েলি জিম্মির মুক্তি পাওয়ার কথা।

    নেতানিয়াহুর মন্তব্যের প্রতিক্রিয়ায় হামাস জানিয়েছে, চুক্তির শর্ত মানতে অঙ্গীকারবদ্ধ তারা। সংকট তৈরির জন্য তেল আবিবকে দায়ি করে তারা।

    এর আগে, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগে জিম্মি মুক্তি স্থগিতের হুমকি দেয় হামাস।

  • বন্দিদের মুক্তি না দিলে গাজায় ফের যুদ্ধের হুঁমকি নেতানিয়াহুর

    বন্দিদের মুক্তি না দিলে গাজায় ফের যুদ্ধের হুঁমকি নেতানিয়াহুর

    আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১৫ ফেব্রুয়ারি (শনিবার) ইসরায়েলি ৩ বন্দিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা সম্প্রতি নিষেধ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আর এরই প্রেক্ষিতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার (১২ ফেব্রুয়ারি) তিনি জানিয়েছেন, হামাস ইসরায়েলি বন্দিদের মুক্তি না দিলে ফের গাজায় তীব্র অভিযান চালানো হবে। নেতানিয়াহুর দাবি, শনিবার দুপুরের মধ্যে হামাসের হাতে বন্দি ইসরায়েলি নাগরিকদের মুক্তি দিতে হবে।

    এরআগে কথা ছিল শনিবার তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস। নেতানিয়াহু এবার সমস্ত বন্দির মুক্তির কথা বলছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

    নেতানিয়াহুর কথায়, শনিবার দুপুরের মধ্যে ইসরায়েলি বন্দিদের মুক্তি না দিলে ইসরায়েলি ডিফেন্স ফোর্স হামাসের ওপর চরম হামলা চালাবে। হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না।

    নেতানিয়াহুর এই বার্তা পাওয়ার পর ইসরায়েলের সেনা জানিয়েছে, দেশের দক্ষিণে গাজা সীমান্তে তারা ইতোমধ্যেই অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে। রিজার্ভ ফোর্সকেও সেখানে পাঠানো হয়েছে। নির্দেশ এলেই অভিযান শুরু হবে।

  • শনিবারের মধ্যে সব জিম্মির মুক্তি না দিলে গাজা জাহান্নাম হয়ে যাবে: ট্রাম্প

    শনিবারের মধ্যে সব জিম্মির মুক্তি না দিলে গাজা জাহান্নাম হয়ে যাবে: ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পশিম তীরে হামলার জেরে জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছিলো হামাস। এমন ঘোষণার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাসকে গাজায় আটকে রাখা জিম্মিদের শনিবার দুপুরের মধ্যে মুক্তি দিতে হবে, নাহলে তিনি ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি বাতিলের প্রস্তাব দেবেন। তারপর গাজা জাহান্নাম হয়ে যাবে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ‘ফ্রান্স-২৪’ এ তথ্য জানায়।

    ট্রাম্প বলেন, ‘আমি চাই বন্দিরা একসঙ্গে মুক্তি পাক, ধাপে ধাপে নয়। আমরা সবাইকে ফিরিয়ে আনতে চাই।’ গত ৪ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক ঘোষণায় ট্রাম্প গাজার ২২ লাখ ফিলিস্তিনিকে পুনর্বাসিত করার প্রস্তাব দেন।

    তবে ইসরায়েলের আরব প্রতিবেশী মিশর ও জর্ডান মনে করছে, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে স্থানান্তরের যেকোনো পরিকল্পনা অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে।

    ফিলিস্তিনিদের গাজায় ফিরে আসার অধিকার থাকবে কি না, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘না, তাদের তা থাকবে না কারণ তারা আরও ভালো আবাসন পাবে।’

  • লিবিয়ার দক্ষিণ-পূর্বের কুফরা শহরে দুটি গণকবর থেকে প্রায় ৫০টি মরদেহ উদ্ধার

    লিবিয়ার দক্ষিণ-পূর্বের কুফরা শহরে দুটি গণকবর থেকে প্রায় ৫০টি মরদেহ উদ্ধার

    আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার দক্ষিণ-পূর্বের কুফরা শহরে দুটি গণকবর থেকে প্রায় ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, দেশটির সিকিউরিটি ডিরেক্টরেট জানিয়েছে, এসব মরদেহ উত্তর আফ্রিকার ওই দেশটির মধ্য দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারীর অভিবাসীদের মরদেহ।

    কুফরা শহরটি লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ১ হাজার ৭১২ কিলোমিটার দূরে। সিকিউরিটি ডিরেক্টরেট আরও জানায়, স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্বের কুফরা শহরের একটি খামারে পাওয়া এক গণকবরে ১৯টি মরদেহ পাওয়া যায়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আরেকটি গণকবরে ৩০টিরও বেশি মরদেহ পাওয়া যায়।