Category: গণমাধ্যম

  • নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে কূটনীতিতে ‘ধ্বংসাত্মক’ প্রভাবের সতর্কতা ইরানের

    নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে কূটনীতিতে ‘ধ্বংসাত্মক’ প্রভাবের সতর্কতা ইরানের

    অনলাইন ডেস্ক:   ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের আগে কূটনৈতিক প্রক্রিয়ায় ‘ধ্বংসাত্মক’ প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের আলোচনাই নেতানিয়াহুর ওই সফরের মূল আলোচ্য হওয়ার কথা।

    তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

    সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, ‘আমাদের আলোচনার পক্ষ হলো যুক্তরাষ্ট্র। আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর চাপ ও ধ্বংসাত্মক প্রভাব থেকে স্বাধীনভাবে কাজ করবে কি না, সে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রেরই।’

    ‘তিনি বলেন, ‘জায়নবাদী সরকার বারবার, একটি নাশকতাকারী হিসেবে, দেখিয়েছে যে তারা আমাদের অঞ্চলে শান্তির দিকে পরিচালিত করে এমন যেকোনো কূটনৈতিক প্রক্রিয়ার বিরোধিতা করে।’

  • প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

    প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

    অনলাইন ডেস্ক:   তুরস্কের সাত সদস্যের একটি নির্বাচনী পর্যবেক্ষক দল আজ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে।

    রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এ সাক্ষাতে তুরস্কের পার্লামেনটারি সদস্যদের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টার্কিশ-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপার্সন মেহমেত আকিফ ইলমাজ।

    সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার   কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

    প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

    অনলাইন ডেস্ক:    কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

    রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ.ই. নানা আকুফো-আডো ২৩ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

    এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার

    শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার

    অনলাইন ডেস্ক:    শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরীফ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক রাজধানীর লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।

    এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।

  • গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

    গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

    অনলাইন ডেস্ক:   প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশ পাল্টে যাবে এবং দেশে আর অপশাসন ফিরে আসবে না। সামনে যে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা দেশের রাজনৈতিক কাঠামোয় এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে।

    আজ সোমবার সকালে সচিবদের সঙ্গে গেট টুগেদার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তার বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    প্রেস সচিব জানান, গেট টুগেদার অনুষ্ঠানে সিনিয়র সচিব ও সচিবসহ প্রায় ৭০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে প্রধান উপদেষ্টা সীমিত পরিসরে বক্তব্য রাখেন এবং পরে সচিবদের সঙ্গে ছবি তোলেন।

    শফিকুল আলম জানান, আসন্ন নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন, অতীতে যেসব নির্বাচন হয়েছে, সেগুলো প্রকৃত অর্থে নির্বাচন ছিল না; সেগুলো ছিল এক ধরনের ভুয়া নির্বাচন। তবে এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ। নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি এবং দেশ প্রায় লক্ষ্যে পৌঁছে গেছে।

    অধ্যাপক ইউনূস বলেছেন, এই নির্বাচন ও গণভোট দেশের রাজনৈতিক কাঠামোর মধ্যে একটি অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে। তিনি উল্লেখ করেন, এই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা সরাসরি দেশের রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছেন। অতীতে বাংলাদেশের বিভিন্ন গণঅভ্যুত্থান ও রাজনৈতিক আন্দোলনে প্রবাসীদের যে ভূমিকা ছিল, এবারের নির্বাচনের মাধ্যমে সেই ভূমিকা আরো মর্যাদাপূর্ণ ও সুসংহত হয়েছে। এখন থেকে তারা দেশের বিভিন্ন বিষয়ে আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন।

    প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হচ্ছে, যা ভোটদান প্রক্রিয়াকে সবার জন্য আরো সহজ করেছে। ভোটাররা কীভাবে ভোট দেবেন, সে বিষয়ে একটি অ্যাপ চালু করা হয়েছে। একই সঙ্গে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের নিরাপত্তা কীভাবে পর্যবেক্ষণ করা হবে, সে জন্যও আলাদা নির্বাচনভিত্তিক অ্যাপ ব্যবহৃত হচ্ছে।

    তিনি জানান, ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’ চালু করা হয়েছে। প্রায় ২৫ হাজার ৭০০টি বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এবং সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে এবারের নির্বাচন আগের যেকোনো সময়ের তুলনায় ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    অধ্যাপক ইউনূস বলেন, নানা দেশ থেকে বিপুলসংখ্যক নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন। এটি প্রমাণ করে যে, বাংলাদেশের গণতন্ত্রের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ফিরে এসেছে। একই সঙ্গে এটি প্রতিফলন করে যে, তারা বাংলাদেশের এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনার সময়ে অনুষ্ঠিত আগের তিনটি নির্বাচনের কোনো বৈধতা ছিল না এবং সে সময় উল্লেখযোগ্য কোনো আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকও আসেননি।

    প্রধান উপদেষ্টা বলেন, এ পর্যন্ত নির্বাচনকে ঘিরে তেমন কোনো উত্তেজনা সৃষ্টি হয়নি। নির্বাচনী প্রচারণা খুবই শান্তিপূর্ণভাবে হচ্ছে। রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করছে। নেতারা যেখানে যাচ্ছেন, সেখানে মানুষের উপস্থিতি বেশি হলেও প্রচারণা শান্তিপূর্ণ থাকছে।

    অধ্যাপক ইউনূস সচিবদের ধন্যবাদ জানিয়ে বলেন, গত ১৮ মাসে তারা যে কাজ করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। প্রায় ১৩০টি অধ্যাদেশ জারি ও বাস্তবায়নের ক্ষেত্রে সচিবরা সহযোগিতামূলক ভূমিকা রেখেছেন এবং এসব কাজ দ্রুত সম্পন্ন করেছেন।

    তিনি বলেন, বাংলাদেশ সামনে উত্তরোত্তর উন্নতির পথে এগিয়ে যাবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা বাংলাদেশে এসে কারখানা স্থাপন করবেন। দেশের তরুণ জনগোষ্ঠী একটি বিশাল সম্পদ, যা ভবিষ্যতে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

    প্রধান উপদেষ্টা বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির কারণে বাংলাদেশে বিনিয়োগ করলে অন্যান্য দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া যাবে। এই বাস্তবতার কারণে অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে কারখানা স্থাপনে আগ্রহী হবেন।

    গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দরভাবে নির্মিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

  • মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন

    মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন

    অনলাইন ডেস্ক:    মার্কিন বিচার বিভাগ গতকাল শুক্রবার জানিয়েছে, গত জানুয়ারিতে ওহাইও অঙ্গরাজ্যে সফরের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ফেডারেল গ্র্যান্ড জুরি ৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে অভিযুক্ত করেছে।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ওহাইওর টলেডোর বাসিন্দা শ্যানন ম্যাথ্রেকে ‘ভাইস প্রেসিডেন্টের জীবন নেওয়ার এবং শারীরিক ক্ষতি করার হুমকি দেওয়ার’ অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, ম্যাথ্রে বলেছেন যে তিনি ভাইস প্রেসিডেন্ট কোথায় থাকবেন, তা খুঁজে বের করবেন এবং এম১৪ স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে তাকে হত্যা করবেন।

    তবে, তিনি কোথায় এই মন্তব্যটি করেছিলেন, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

    গতকাল শুক্রবার মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টরা ম্যাথরেকে গ্রেফতার করেছে।

    ভ্যান্স জানুয়ারির শুরুতে বলেছেন, ‘মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি’ জানালায় হাতুড়ি দিয়ে তার ওহাইওর বাড়িতে প্রবেশের চেষ্টা করেছে।

    মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভাইস প্রেসিডেন্ট এবং তার পরিবার সেই সময় বাড়িতে ছিলেন না এবং ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়।

    বিচার বিভাগ শুক্রবার জানিয়েছে, ভ্যান্সকে  হুমকির বিষয়টি তদন্ত করার সময় ম্যাথ্রেরের কাছ থেকে ‘শিশু যৌন নির্যাতনের একাধিক ডিজিটাল ফাইল’ পাওয়া গেছে।

    শুক্রবার ওহাইওর উত্তর জেলার একজন মার্কিন ম্যাজিস্ট্রেট বিচারকের সামনে ম্যাথ্রে আদালতে হাজির হন।