Category: গণমাধ্যম

  • মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ৮ম দিনের আপিল শুনানি চলছে

    মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ৮ম দিনের আপিল শুনানি চলছে

    অনলাইন ডেস্ক:     ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম চলছে।

    আজ (শনিবার) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) এই শুনানি শুরু হয়।

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করছেন।

    ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্রমিক নম্বর ৫১১ থেকে ৬১০ পর্যন্ত মোট ১০০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। দুপুরে এক ঘন্টা বিরতি দিয়ে বিকেল পর্যন্ত এই কার্যক্রম চলবে।

    এর আগে, গতকাল শুক্রবার শুনানির সপ্তম দিনে মোট ৪৩টি আবেদনের শুনানি গ্রহণ করে কমিশন। এতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৮টি আপিল মঞ্জুর করা হয়।

    একই বিষয়ে ১৭টি আপিল নামঞ্জুর এবং ৪টি আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে। এছাড়া অন্যের মনোনয়নপত্র বৈধ হওয়ার বিরুদ্ধে (গ্রহণ) করা ৪টি আপিলও নামঞ্জুর করেছে কমিশন।

    কমিশনের সময়সূচি অনুযায়ী, আগামীকাল (রোববার) শুনানির শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর আপিল এবং অবশিষ্ট অপেক্ষমাণ আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে।

    উল্লেখ্য, এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।

    গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা ৩শ’ নির্বাচনী এলাকায় মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টিকে বৈধ এবং ৭২৩টিকে বাতিল ঘোষণা করেন।

  • দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

    অনলাইন ডেস্ক:    দেশের ফ্রিল্যান্সারদের জন্য একটি স্বচ্ছ, নিরাপদ ও হয়রানিমুক্ত ভেরিফিকেশন ব্যবস্থা গড়ে তোলার ক্ষুদ্র প্রয়াস হিসেবে দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই সফটওয়্যার উদ্বোধন করেন।

    সভাপতির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, অতীতের অভিজ্ঞতা, বিশেষ করে হয়রানি ও আর্থিক জালিয়াতির অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে— আবেদন ফি, নবায়ন ফি ও প্রসেসিং ফিসহ সব ধরনের আর্থিক লেনদেন ও সংশ্লিষ্ট হয়রানি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। ডিওআইসিটি’র ২৯ জন প্রকৌশলী আইডি ভেরিফিকেশনে একটি রিসোর্স পুল হিসেবে দায়িত্ব পালন করবেন। কারিগরি সহায়তার জন্য চারজন সাপোর্ট এক্সপার্ট, শেয়ারড রিসোর্স পুল হিসেবে ফ্রিল্যান্সারদের পাশে থাকবেন। খুব শিগগিরই এপিআই (API) ভিত্তিক ভেরিফিকেশন ব্যবস্থা চালু হবে। এপিআই ভেরিফিকেশনের দুই স্তর নিয়ে কমিউনিটির সঙ্গে সমঝোতা হয়েছে।

    তিনি আরও বলেন, ইতোমধ্যে সাইটের ভিএপিটি (VAPT) সফলভাবে সম্পন্ন করা হয়েছে। আজ থেকেই সাইন আপ এবং ফ্রিল্যান্সার আইডির জন্য আবেদন করা যাবে।

    বিশেষ সহকারী বলেন, উল্লেখযোগ্য সংখ্যক ফ্রিল্যান্সারের ইউজার এক্সপেরিয়েন্স উন্নয়নে ফ্রিল্যান্সার কমিউনিটি লিডার ও বাংলাদেশ কল সেন্টার অ্যাসোসিয়েশন যৌথভাবে কাজ করবে।

    আইসিটি বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকে  একটি ফরমাল চিঠি পাঠানো হবে, যাতে ভবিষ্যতে ম্যানুয়াল আইডির পরিবর্তে এই ডিজিটাল ফ্রিল্যান্সার আইডি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রহণ করে।

    ইতোমধ্যে জালিয়াতি ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে আগের চুক্তি বাতিল করা হয়েছে এবং ফ্রিল্যান্সার কমিউনিটি লিডাররা স্বীকৃত পেমেন্ট মেথডে বার্ষিক ৫০ ডলারের মার্জিনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। আইসিটি বিভাগের প্রকৌশলীরা এই সফটওয়্যারটি তৈরি করেছেন তারাই এর রক্ষণাবেক্ষণ করবেন বলেও তিনি মন্তব্য করেন।

    নতুন এই ফ্রিল্যান্সার আইডি কার্ডের মাধ্যমে নিবন্ধিত ফ্রিল্যান্সাররা ব্যাংকিং সেবা গ্রহণ, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা এবং সরকারি ও বেসরকারি প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে এই প্ল্যাটফর্মটি একটি জাতীয় ফ্রিল্যান্সার ডেটাবেজ হিসেবে কাজ করবে, যেখানে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতা ও কাজের ধরন সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যৎ নীতিনির্ধারণে সহায়ক হবে।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, এই উদ্যোগের ফলে ফ্রিল্যান্সারদের পরিচয় যাচাই সহজ হবে, ব্যাংকিং ও ভিসা সংক্রান্ত জটিলতা কমবে এবং দেশের ফ্রিল্যান্সিং খাত আরও স্বচ্ছ ও গতিশীল হবে।

    আগে যে সকল ফ্রিল্যান্সাররা টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছেন তাদের বিষয়ে আইসিটি বিভাগের পদক্ষেপ বিষয়ে জানতে চাইলে তথ্যপ্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক মো. আবু সাঈদ বলেন, যদি কেউ অভিযোগ করে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    প্ল্যাটফর্ম উদ্বোধনের পর উপস্থিত একজন ফ্রিল্যান্সারের আইডি কার্ড এর আবেদন অনুমোদন করা হয়।

    অংশীজন সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক মো. আবু সাঈদ, বাক্য এর সভাপতি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, আপওয়ার্ক বাংলাদেশ গ্রুপের প্রতিনিধি, বিভিন্ন ফ্রিল্যান্সার এবং বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ৪০ কোটি বছর আগের উদ্ভিদ নিয়ে বিস্ময়

    ৪০ কোটি বছর আগের উদ্ভিদ নিয়ে বিস্ময়

    অনলাইন ডেস্ক:       পৃথিবীতে টিকে থাকা প্রাচীনতম উদ্ভিদ গোষ্ঠীর অন্যতম হর্সটেইল সম্পর্কে বিস্ময়কর তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা।

    তাদের মতে, এই উদ্ভিদের ভেতর দিয়ে পানি প্রাকৃতিক পরিশ্রাবণের মাধ্যমে প্রবাহিত হয়। শুধু তাই নয়, উদ্ভিদটির ভেতরে থাকা আইসোটোপের বৈশিষ্ট্যও বেশ অস্বাভাবিক।

    নতুন এ তথ্য আদিম বায়ুমণ্ডলীয় অবস্থা ও প্রাচীন পানি চক্র সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে।

    বিজ্ঞানীদের তথ্যমতে, হর্সটেইল এমন এক বংশধারার অংশ, যা একাধিকবার বিলুপ্ত হওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন সত্ত্বেও ৪০ কোটি বছরেরও বেশি সময় ধরে টিকে আছে।

  • হাসিনা, টিউলিপ ও আজমিনাসহ ১৮ জনের মামলার যুক্তিতর্ক ১৩ জানুয়ারি

    হাসিনা, টিউলিপ ও আজমিনাসহ ১৮ জনের মামলার যুক্তিতর্ক ১৩ জানুয়ারি

    ‎‎‎‎‎‎‎অনলাইন ডেস্ক:‎‎‎‎‎‎‎‎‎‎‎   রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।

    আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম দিনটি ধার্য করেন।

    এদিকে আজ আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। কারাগারে আটক থাকা আসামি খুরশীদ আলম আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবী করে আদালতে ন্যায় বিচার প্রত্যাশা করেন। শেখ হাসিনাসহ ১৭ জন পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়নি। এরপর আদালত মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেন।

    আদালতের পেশকার বেলাল উদ্দিন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

    উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। মামলায় টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত বছরের ১০ মার্চ আরো দুই আসামিসহ মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন আফনান জান্নাত কেয়া।

    মামলার অন্য আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, পরবর্তী সময়ে যুক্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

  • হাদি হত্যায় বৈঠক করেন নানকসহ প্রভাবশালী আ.লীগ নেতারা

    হাদি হত্যায় বৈঠক করেন নানকসহ প্রভাবশালী আ.লীগ নেতারা

    অনলাইন ডেস্ক:     ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগপত্রে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের ভূমিকার বিস্তারিত তুলে ধরা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এসব কথা বলেন।

    এদিকে মঙ্গলবার হাদি হত্যা সংক্রান্ত একটি এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করে যমুনা টেলিভিশন। বলা হয়, সিঙ্গাপুরে বসে ওই নেটওয়ার্কের পাঁচ দিনব্যাপী একাধিক বৈঠকেই চূড়ান্ত হয় এ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পরিকল্পনা।

    এর কেন্দ্রবিন্দুতে ছিল আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা এবং তাদের সুসংগঠিত নেটওয়ার্ক। হত্যা পরিকল্পনার বৈঠকে উপস্থিত ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক এমপি ইলিয়াস মোল্লা, সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পী এবং হত্যায় সরাসরি অংশ নেওয়া শুটার ফয়সাল করিম মাসুদ।

    সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, কাউন্সিলর বাপ্পীর নির্দেশনা ও সরাসরি পরিকল্পনায় হত্যাকাণ্ডটি বাস্তবায়িত হয়। গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদ ছাত্রলীগের সাবেক নেতা এবং তাকে সহযোগিতা করেন আদাবর থানা যুবলীগের কর্মী আলমগীর হোসেন শেখ। হত্যাকাণ্ডের পরপরই তারা ভারতে পালিয়ে যান। তদন্তে আরও উঠে এসেছে, ফয়সালের ভগিনীপতি মুক্তি মাহমুদ ও দালাল ফিলিপ স্নাল নামে আরেক সহযোগীও তাদের দেশত্যাগে সক্রিয় ভূমিকা রাখেন। কাউন্সিলর তাইজুল ইসলাম ওরফে বাপ্পীর এই নির্দেশের কারণ প্রসঙ্গে বলা হয়েছে, শরিফ ওসমান বিন হাদি একটি নতুন ধরনের রাজনীতি শুরু করেছিলেন এবং তার বক্তৃতার মাধ্যমে সরকার, আওয়ামী লীগ বা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সত্য ও সমালোচনামূলক বক্তব্য দিচ্ছিলেন। এসব সমালোচনার কারণেই আওয়ামী লীগের এই কাউন্সিলর ফয়সালকে হত্যা করতে বলেন। এ হত্যা মামলার তদন্তকালে উদ্ধার হওয়া অস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষার প্রতিবেদন ‘পজিটিভ’ এসেছে বলেও জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

    আলোচিত সিঙ্গাপুর বৈঠক

    সংশ্লিষ্ট সূত্রের তথ্যে জানা গেছে, সিঙ্গাপুরে বসেই চূড়ান্ত করা হয় শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ছক। এ উদ্দেশ্যে শুটার ফয়সাল করিম মাসুদ গত বছরের ২১ জুলাই সিঙ্গাপুরে যান। পরদিন ২২ জুলাই সন্ধ্যায় সিঙ্গাপুর-মালয়েশিয়া সীমান্তবর্তী একটি হোটেলে আওয়ামী লীগের চারজন প্রভাবশালী নেতার সঙ্গে তার গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন-জাহাঙ্গীর কবির নানক, ইলিয়াস মোল্লা এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পীসহ আরও একজন। সূত্রের দাবি, ৫ দিনব্যাপী ওই বৈঠকেই হত্যার চূড়ান্ত রূপরেখা, অর্থের লেনদেন এবং দায়িত্ব বণ্টন নির্ধারণ করা হয়। ২৬ জুলাই দেশে ফেরার পরপরই ফয়সালের সন্তানের নামে একটি ব্যাংকে ৫৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিট (এফডি) খোলার তথ্য পায় তদন্ত সংস্থা। তদন্তকারীদের মতে, এই অর্থ হত্যাকাণ্ডের পারিশ্রমিক ও পরবর্তী নিরাপত্তা ব্যয়ের অংশ।

    হাদি হত্যায় কার কী দায়

    ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মামলার তদন্তে গ্রেফতার আসামিদের জবানবন্দি, প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীদের বক্তব্য, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বুলেট, পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে। এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে এ পর্যন্ত আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।

    ডিবির ভাষ্য অনুযায়ী, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ছিলেন মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী। শরিফ ওসমান বিন হাদিকে সরাসরি গুলি করেন ফয়সাল করিম। তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন। এই তিনজনই ঘটনার পর ভারতে পালিয়ে যান।

    ডিবি জানায়, ফয়সাল করিমের ভগিনীপতি মুক্তি মাহমুদ (৫১) ফয়সাল ও আলমগীরকে নিজ বাসায় আশ্রয় দেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সংরক্ষণ করেন। আর ফিলিপ স্নাল (৩২) ফয়সালসহ অন্য আসামিদের সীমান্ত পারাপারে সরাসরি সহায়তা করেন।

    অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, নুরুজ্জামান ওরফে উজ্জ্বল (৩৪), সিবিয়ন দিও (৩২) ও সঞ্জয় চিসিম (২৩) ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ফয়সাল ও আলমগীরকে পালিয়ে যেতে সহায়তা করেন।

    ফয়সাল করিমের বাবা মো. হুমায়ুন কবির (৭০) হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরপ্লেট পরিবর্তন, অস্ত্র রক্ষণাবেক্ষণ এবং নরসিংদীতে অস্ত্র স্থানান্তরের কাজে যুক্ত ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তার মা হাসি বেগম (৬০) ফয়সাল ও আলমগীরকে আশ্রয় দেওয়ার পাশাপাশি অস্ত্র সংরক্ষণে ভূমিকা রাখেন। ফয়সালের বোন জেসমিন আক্তারও (৪২) একইভাবে আসামিদের আশ্রয় দেন এবং অস্ত্র সংরক্ষণে সহায়তা করেন।

  • নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

    নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

    জাহানারা আক্তার: নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক ২১ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। ২ ফেব্রুয়ারি (শুক্রবার সকাল) ১১টায় সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নে ঢাকা সিলেট মহাসড়কের পাশে মেঘা কমপ্লেক্সে অবস্থিত ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে এবং আহ্বায়ক কমিটির অনুমোদনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে ।

    নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও সময়ের কাগজের ক্রাইম রিপোর্টার্স মো.মনিরুল আলম, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিজয় টিভির আড়াইহাজার প্রতিনিধি মোস্তফা কামাল এবং সহ-সভাপতি বাংলাদেশ প্রতিদিনের রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাগরিক টেলিভিশনের সোনারগাঁও বন্দর উপজেলা প্রতিনিধি আক্তার হোসেন ৷ যুগ্ন সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিনের সোনারগাঁও প্রতিনিধি ও দৈনিক বাংলাভূমি’র নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি উজ্জ্বল হোসেন মাসুম। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ই-টেন টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সানাউল্লাহ মুন্সি, যুগ্ম-সাধারণ সম্পাদক সকালের সময়ের ষ্টাফ রিপোর্টার্স মো.বজলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ সুজন, অর্থ বিষয়ক সম্পাদক নাগরিক সংবাদের সাইফুল ইসলামকে, দপ্তর সম্পাদক চ্যানেল এ-১ এর রূপগঞ্জ ও ডেমরা প্রতিনিধি মাকসুদুল হোসেন তুষার, প্রচার সম্পাদক চ্যানেল এস এর রূপগঞ্জ প্রতিনিধি সাজিদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক যুগান্তরের আড়াইহাজার প্রতিনিধি মোক্তার হোসেন আজাদ, মহিলা বিষয়ক সম্পাদিকা দৈনিক দেশের পত্রের মোছাম্মৎ সাজেদা আক্তার, মহিলা বিষয়ক সহ সম্পাদিকা বিজয় টেলিভিশনের মনি ইসলাম, আইন বিষয়ক সম্পাদক দৈনিক সমকালীন কাগজের বন্দর প্রতিনিধি ইব্রাহিম সুমন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডে নাইট নিউজের স্টাফ রিপোর্টার সূর্য আহমেদ মিঠুন দায়িত্ব পেয়েছেন। কার্যকরী সদস্য হলেন মোঃ হাবিবুর রহমান, মাসুম বিল্লাহ, আরিফুর রহমান ও হারুন অর রশিদ। আশিকুর রহমান, মোঃ সোহাগ মিয়া, তরিকুল ইসলাম। কমিটির ঘোষণার পর সকলের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।