Category: গণমাধ্যম

  • মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক:   প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন ।

    তিনি আজ দুপুর ১টা ৩ মিনিটে শ্রীমঙ্গল এসে পৌঁছান ।

    প্রধানমন্ত্রী এর আগে সকাল ৯ টা ৩৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন।

    আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টা ২০ মিনিটে এসে পৌঁছানোর পর সিলেট বিভাগের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিলেটের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

    প্রধানমন্ত্রী এরপর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে সড়কপথে যাত্রা করেন।

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সিলেট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছে দুপুর একটায় ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তাঁর কর্মসূচি শুরু করবেন।

    শ্রীমঙ্গলের কর্মসূচি শেষ করে দুপুর আড়াইটায় মৌলভীবাজারের উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

    সেখান থেকে প্রধানমন্ত্রী দুসাই রিসোর্টে দলের নেতাদের সভায় অংশ নেবেন। এরপর বিকালে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে সিলেটে রওনা করবেন।

    দেড় দশকের বেশি সময় লন্ডন থাকার পরে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনী প্রচাররাভিযানে মৌলভীবাজার এসেছিলেন তিনি। নির্বাচনে  বিএনপি সংখ্যগরিষ্ঠতা অর্জন শেষে সরকার গঠন করে। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো দিনব্যাপী সফরে মৌলভীবাজারে এলেন তারেক রহমান।

  • স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী

    স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী

    অনলাইন ডেস্ক:  দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ (জাতীয় কর্মপরিকল্পনা) তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

    আজ মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রীর অফিস কক্ষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে, রাষ্ট্রদূতকে তিনি এ বিষয়ে জানান। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন।

    বৈঠকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

    এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ তা কাজে লাগাতে পারে।

    রাষ্ট্রদূতের মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তবে স্বাধীনতার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সরকারের অন্যতম দায়িত্ব।’

    তিনি আরও বলেন, এই দুই লক্ষ্যকে সামনে রেখেই সরকার একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে।

    তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যম খাতে সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামতের ভিত্তিতে একটি ‘ড্রাফট কমিটি’ গঠন করা হবে। এই কমিটি একটি ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ তৈরি করে সরকারের কাছে উপস্থাপন করবে। পরবর্তীতে এই ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের ওপর ভিত্তি করেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে।

  • অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের

    অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের

    দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সৃজনশীল অর্থনীতির অবদান ১.৫ শতাংশে উন্নীত করা এবং ৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী ‘ক্রিয়েটিভ হাব’বা সৃজনশীল কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার।

    একই সঙ্গে ‘ওয়ান-ভিলেজ, ওয়ান-প্রোডাক্ট’ বা ‘এক গ্রাম, এক পণ্য’ উদ্যোগের আওতায় অঞ্চলভিত্তিক সৃজনশীল অর্থনৈতিক পণ্যের প্রসারের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

    ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই উদ্যোগের কথা জানানো হয়েছে। এতে সৃজনশীল অর্থনীতি খাতের উন্নয়নে প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

    এছাড়া, বাংলাদেশ ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাত থেকে আরও ৫০০ কোটি টাকা সংগ্রহ করা হবে বলে আশা করা হচ্ছে।

    গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য দেশের সৃজনশীল শিল্পখাতের বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে উন্মুক্ত করা এবং সেগুলোকে মূলধারার অর্থনীতির সঙ্গে যুক্ত করা।

    তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি এই সম্ভাবনাময় খাতটি মানবসম্পদ উন্নয়ন, জাতীয় ব্র্যান্ডিং এবং ভবিষ্যতের কল্যাণমুখী বিনিয়োগ হিসেবে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

    ‘একগ্রাম, এক পণ্য’ উদ্যোগের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের নিজস্ব ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় সৃজনশীল অর্থনৈতিক পণ্যগুলো চিহ্নিত ও প্রসারের পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে রয়েছে তাঁত ও বয়ন শিল্প, মৃৎশিল্প, টেরাকোটা (পোড়ামাটির ফলক), শীতল পাটি, শতরঞ্জি ও কাঠের পুতুলের মতো ঐতিহ্যবাহী কারুশিল্প, হাতে তৈরি গহনা এবং অন্যান্য আঞ্চলিক বিশেষ পণ্য।

    পণ্যের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার একটি ‘ন্যাশনাল পুল অব ডিজাইনার্স’ গঠন করবে। পাশাপাশি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ডিজাইন সেন্টারকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আধুনিকায়ন করা হবে।

    সৃজনশীল অর্থনীতির প্রসারে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ‘ক্রিয়েটিভ হাব’ স্থাপনকে অন্যতম প্রধান উপাদান হিসেবে বাজেটে চিহ্নিত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এই হাবগুলো একাধারে সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে কাজ করবে। এখানে থাকবে সাংস্কৃতিক ভেন্যু, পাঠ সুবিধাসহ বইয়ের দোকান, সিনেপ্লেক্স, ক্যাফেটেরিয়া এবং ‘এক গ্রাম, এক পণ্য’ কর্মসূচির আওতায় চিহ্নিত আঞ্চলিক পণ্যগুলোর প্রদর্শনী, প্রচার ও বিপণনের জন্য নির্ধারিত ব্যবস্থা।

    এই উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে আঞ্চলিক ক্রিয়েটিভ হাব বা সৃজনশীল কেন্দ্র গড়ে তুলতে একটি ১০ বছর মেয়াদি বিনিয়োগ কৌশল এবং সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি সম্ভাব্য স্থানে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে সরকার। এর মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে পূর্বাচলে ১৬০ একর জমির ওপর একটি বিশ্বমানের কেন্দ্রীয় ক্রিয়েটিভ হাব স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।

    এছাড়া কারওয়ান বাজার, তেজগাঁওয়ে সার্ভেয়ার জেনারেলের কার্যালয় সংলগ্ন অব্যবহৃত জমি এবং বিসিকের আওতাধীন খালি শিল্প প্লটগুলোতে এই হাব স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে।

    রাজধানীর বাইরেও এই সম্প্রসারণ পরিকল্পনা ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে ক্রিয়েটিভ হাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

    বাংলাদেশ শিশু একাডেমি এবং শিল্পকলা একাডেমি প্রাঙ্গণেও একই ধরনের সুযোগ-সুবিধা তৈরির পরিকল্পনা রয়েছে। বাজেট নথিতে বলা হয়েছে, দেশে একটি প্রাণবন্ত সৃজনশীল অর্থনৈতিক ইকোসিস্টেম গড়ে তুলতে এবং সাংস্কৃতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টিতে ক্রিয়েটিভ হাবের উন্নয়নকে অপরিহার্য মনে করে সরকার।

    ক্রিয়েটিভ হাব কর্মসূচির পাশাপাশি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ইতোমধ্যে ইনোভেশন হাব (উদ্ভাবন কেন্দ্র) প্রতিষ্ঠা করা হয়েছে। দেশব্যাপী অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং স্নাতক পর্যায়ের কলেজগুলোতে এই সুবিধা সম্প্রসারণের জন্য একটি রোডম্যাপও তৈরি করা হচ্ছে।

    প্রস্তাবিত পদক্ষেপগুলোর লক্ষ্য সৃজনশীল অর্থনীতির পণ্যের উৎপাদন, প্রচার ও বিপণন জোরদার করার পাশাপাশি উদ্যোক্তা তৈরি, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

    অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, সরকার বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির মাধ্যমে সমাজের সকল স্তরে অর্থনৈতিক সুযোগের গণতান্ত্রিকীকরণ করতে চায়।

    তিনি বলেন, ‘আমরা সমাজে অর্থনৈতিক সুযোগের গণতন্ত্রীকরণ করতে চাই, যাতে জনমিতিক লভ্যাংশ ও দীর্ঘায়ুজনিত লভ্যাংশকে গণতান্ত্রিক লভ্যাংশে রূপান্তর করা যায়।’

    দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক রূপকল্পের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগ, উৎপাদনশীলতা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করার লক্ষ্য আমাদের।

    সরকার আশা করছে, ‘এক গ্রাম, এক পণ্য’ কর্মসূচি, ক্রিয়েটিভ হাব, ইনোভেশন হাব এবং ডিজাইন সহায়তা উদ্যোগের সমন্বিত বাস্তবায়নের মাধ্যমে জাতীয় উন্নয়নে সৃজনশীল অর্থনীতি খাতের অবদান বাড়বে।

    একই সঙ্গে এই খাতের মাধ্যমে ৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জিডিপিতে এর অবদান ১.৫ শতাংশে উন্নীত হবে।

  • লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা

    লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা

    ইসরাইলি বাহিনী বুধবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য  জানিয়েছে।

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করার লক্ষ্যে হওয়া শান্তি চুক্তির মধ্যেও এ হামলার ঘটনা ঘটে। শান্তি চুক্তির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান নাবাতিয়েহ আল-ফাওকা এলাকা ও এর পাশের শহর কফর তেবনিতের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠ লক্ষ্য করে এ হামলা চালায়।

    এছাড়া দক্ষিণের জাহরানি অঞ্চলের আনসারিয়েহ শহরেও একটি ড্রোন হামলা চালানো হয় বলে জানায় এনএনএ।

    লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ)-এর তথ্য অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করার চুক্তি ঘোষণার পর থেকে লেবাননে সহিংসতা কিছুটা কমেছে। তবে ওই চুক্তির পরও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছে।

    সহিংসতা কিছুটা কমে আসায় দক্ষিণ লেবাননের কিছু বাসিন্দা তাদের গ্রাম ও শহরে ফিরে  যেতে শুরু করেছেন। তবে লেবাননের সেনাবাহিনী নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে, স্থানীয়দের এখনই ফিরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

    ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মার্চের শুরুতে ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করে মধ্যপ্রাচ্যের সংঘাতে লেবাননকে জড়িয়ে ফেলে। এর জবাবে ইসরাইল ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালায়।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মঙ্গলবার বলেন, ইসরাইলি বাহিনী লেবাননসহ দখলকৃত অঞ্চল থেকে সরে না গেলে, সংঘাতের পূর্ণ সমাধান সম্ভব নয়।

    অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইলি বাহিনী প্রয়োজন অনুযায়ী লেবাননে অভিযান চালিয়ে যাবে ও মোতায়েন থাকবে।

    হিজবুল্লাহ এখন পর্যন্ত মঙ্গলবারের পর থেকে দক্ষিণ লেবাননে ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলার কোনো নতুন দাবি করেনি। সংগঠনের নেতা নাইম কাসেম বুধবার টেলিভিশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

    মঙ্গলবার তিনি ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইরান ইসরাইলের সামরিক অভিযান ‘তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ করতে’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি হামলায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮২৬ জনে পৌঁছেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে আরও লাশ উদ্ধার করছেন।

  • জাপান-মারকোসুর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হচ্ছে

    জাপান-মারকোসুর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হচ্ছে

    জাপান ও মারকোসুর একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে। মঙ্গলবার ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ব্রাসিলিয়া ও টোকিও এ ঘোষণা দিয়েছে।

    ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠকের পর এ ঘোষণা আসে।

    সাও পাওলো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    লুলার সরকার দীর্ঘদিন ধরে দক্ষিণ আমেরিকার বাণিজ্য জোট মারকোসুরের সঙ্গে বাইরের অংশীদারদের মুক্ত বাণিজ্যের পক্ষে অবস্থান নিয়ে আসছে। আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে নিয়ে গঠিত এ জোটের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন চলতি বছরের জানুয়ারিতে একটি চুক্তি করেছে।

    যৌথ বিবৃতিতে বলা হয়, ‘সব পক্ষের অভিন্ন ইচ্ছার ভিত্তিতে দুই নেতা মারকোসুর ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর ঘোষণা দিয়েছেন।’

    এ মাসের শেষ দিকে প্যারাগুয়েতে অনুষ্ঠেয় মারকোসুর শীর্ষ সম্মেলনে এ আলোচনা শুরু হবে।

    বামপন্থী নেতা লুলা, রক্ষণশীল নেতা তাকাইচির সঙ্গে বৈঠকে জাপানের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে ‘অত্যন্ত সন্তুষ্টি’ প্রকাশ করেন।

    তিনি বলেন, ‘আমি আশা করি, ৩০ জুনের পরবর্তী মারকোসুর বৈঠকে আমরা ভালো খবর পাব।’

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রফতানি নির্ভর ব্রাজিলের পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন।

    গত বছর থেকেই তিনি এ ধরণের হুঁশিয়ারি দিয়ে আসছেন।

  • অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

    অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

    তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ১৩২ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয় টাইগাররা।

    চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ১৭ বলে ২৬  রান তুলে ভালো শুরুর ইঙ্গিত দেন টাইগার দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান।

    তবে তৃতীয় ওভারের পঞ্চম বলে আউট হন তানজিদ। ১টি চারে ৯ বলে ১০ রান করেন তিনি।

    দলীয় ২৬ রানে তানজিদ ফেরার পর বেশিক্ষন টিকতে পারেননি সাইফও। ৩টি চারে ১৪ বলে ২০ রান করেন সাইফ।

    এরপর মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংসে খেলতে ব্যর্থ হন। সৌম্য সরকার ১৭, অধিনায়ক তাওহিদ হৃদয় ৮, পারভেজ হোসেন ইমন ও আব্দুল গাফফার সাকলাইন ১০ রান করে করেন।

    পাশাপাশি লোয়ার অর্ডার ব্যাটাররাও ব্যর্থ হলে ১০৮ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ। শেষ উইকেটে মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমান ১২ বলে ২৩ রানের জুটির সুবাদে সম্মানজনক সংগ্রহ পায় বাংলাদেশ। ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয় টাইগাররা।

    ৪টি চারে ২২ বলে ২৯ রানে অপরাজিত থাকেন মাহেদি। ৭ রান করেন মুস্তাফিজ।

    অস্ট্রেলিয়ার এডাম জাম্পা ও জোয়েল ডেভিস ৩টি করে উইকেট নেন।