Category: প্রচ্ছদ

  • জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

    জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

    যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন-এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

    দিবসটি উপলক্ষ্যে ২৬ মার্চ নিউইয়র্কের একটি স্থানীয় হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত প্রায় ১৫০টি দেশের স্থায়ী প্রতিনিধি, জাতিসংঘ সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিকবৃন্দ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভের পর থেকে, বাংলাদেশ বহুপাক্ষিকতাকে তার পররাষ্ট্র নীতির অন্যতম ভিত্তি হিসেবে ধারণ করে আসছে।

    আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি অব্যাহত মানবিক সহায়তার বিষয়ে আলোকপাত করেন।

    এ সময় তিনি উল্লেখ করেন, গত পাঁচ দশকে বাংলাদেশ নানা প্রতিকূলতা অতিক্রম করে, জাতিসংঘ সনদের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক অগ্রগতি সাধন করেছে।

    অনুষ্ঠানের শুরুতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী স্বাগত বক্তব্য প্রদান করেন।

    তিনি বলেন, ২৬ মার্চ কেবল একটি জাতির জন্মলগ্নই নয়, বরং এ দিনটি বাঙালি জাতির অদম্য ইচ্ছাশক্তি, মর্যাদা ও স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের প্রতীক।

    এর আগে সকালে মিশনের অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

    এতে বিশিষ্টজনদের বাণী পাঠ করা হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

  • জ্বালানি তেল মজুত প্রতিরোধে ডিপোতে বিজিবি মোতায়েন

    জ্বালানি তেল মজুত প্রতিরোধে ডিপোতে বিজিবি মোতায়েন

    জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন জেলায় ডিপোগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

    বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশে অননুমোদিতভাবে তেল মজুতের অপচেষ্টা দেখা যাচ্ছে।

    এ প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ডিপোগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৫ মার্চ থেকে দেশের ৯টি জেলার ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করেছে। এর আওতায় ঢাকা জেলায় ১টি, কুড়িগ্রাম জেলায় ২টি, রংপুরে ৩টি, রাজশাহীতে ৩টি, সিলেটে ২টি, মৌলভীবাজারে ৩টি, কুমিল্লায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১টি এবং সুনামগঞ্জে ১টি ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

    ডিপোর নিরাপত্তা নিশ্চিত করতে, বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে মোতায়েন কার্যক্রম একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় চলছে।

    ইউনিট সদর দপ্তর থেকে দূরবর্তী স্থানে দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

    এ সব ক্যাম্প থেকে একজন কর্মকর্তার নেতৃত্বে বিজিবি সদস্যরা নিয়মিত তদারকি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।

    বিজিবি সদস্যরা গোয়েন্দা নজরদারি জোরদার, অবৈধ জ্বালানি মজুত, বিক্রয় প্রতিরোধ ও নাশকতা মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে।

    পাশাপাশি সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিপো এলাকায় বিজিবি’র দৃশ্যমান উপস্থিতি জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং জনমনে আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।

    এছাড়া সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার রোধে অতিরিক্ত টহল, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

    সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক-লরিসহ বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি জোরদার করা হয়েছে।

  • জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

    জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

    জ্বালানি তেলের ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশের সকল পেট্রোল পাম্পে  ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

    আজ শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, দেশের সকল পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে।

    বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ট্যাগ অফিসার নিয়োগ করবে।

    ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ছাড়া অন্যান্য জেলা ও বিভাগীয় শহরে জেলা প্রশাসক একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন।

    আর উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারগণ তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন।

    ট্যাগ অফিসার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বা বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন। একইসঙ্গে তিনি প্রতিটি পাম্পের দৈনিক প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেবেন।

    সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করে,  জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর বা সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

  • রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

    রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

    নগরীর স্বনামধন্য সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদ-এর ১২৫৭তম সাহিত্য বৈঠক শুক্রবার রাতে  টাউন হল চত্বর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

    বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি বিশিষ্ট সংগঠক ও শিক্ষাবিদ ড. নাসিমা আকতার।

    বৈঠকে বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর মোহাম্মদ শাহ আলম ‘সামাজিক সম্প্রীতি রক্ষায় খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম’— শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন।

    এ সময় স্বরচিত কবিতা পাঠ ও পঠিত লেখাগুলো নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন, বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক আতাহার আলী খান।

    কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করেন সংগঠনটির উপদেষ্টা ও লেখক এডভোকেট মাসুম হাসান।

    এই বৈঠকে স্বরচিত কবিতা পাঠ করেন— কবি আতাউল করিম অতুল, সুফি জাহিদ হোসেন, আজিজুল হক মোল্লা, আফরোজা বেগম, জাহাঙ্গীর আলম ও শাহীন হোসেন।

    এ সময় নির্মলেন্দু গুণের কবিতা আবৃত্তি করেন কবি মল্লিকা শর্মা এবং ফরহাদ মাজহারের কবিতা আবৃত্তি করেন কবি মেহেদী মাসুদ।

    নিজের লেখা সঙ্গীত পরিবেশন করেন কবি, গীতিকার, সুরকার শরীফ আহমেদ।

    বৈঠকে কবি সুফি জাহিদ হোসেন তার লেখা কবিতার বই ‘তুমি, আমি, প্রেম’ সংগঠনটিকে উপহার হিসেবে প্রদান করেন।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— কবি তাহমিদ হাসান হামীম ও ইয়াসির আরাফাত ফুয়াদ প্রমুখ।

    সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।

  • কুমিল্লায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ১জন নিহত

    কুমিল্লায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ১জন নিহত

    জেলার হোমনা উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কাউসার মিয়া নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।

    গতকাল শুক্রবার দিবাগত শনিবার রাত ২ টায় কুমিল্লা জেলার হোমনা-কোম্পানীগঞ্জ সড়কের শ্রীপুর কৃষ্ণপুর এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক কাউসার মিয়ার মৃত্য হয়। তিনি উপজেলার দড়িভাষানিয়া গ্রামের মৃত হাশেম মিয়ার পুত্র। কাউসার মিয়া ইলেকট্রিশিয়ান এর কাজ করতেন। আহত দুই জন হলেন, উপজেলার ঘারমোড়া ইউনিয়নের রহমত উল্লাহ ও আবদুল্লাহ।

    জানা গেছে, চার বন্ধু দুই মোটরসাইকেল নিয়ে মুরাদনগর উপজেলার তিতাস এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় কৃষ্ণপুর এলাকায় তাদের নিজেদের দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই কাউসার মিয়া নিহত এবং তার দুই বন্ধু আহত হন।

    পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আহত দুই জনকে ঢাকায় রেফার করেন।

    হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও দুই জন আহতের বিষয়টি বাসসকে নিশ্চিত করেন।

  • প্রায় ১৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৪৪ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ

    প্রায় ১৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৪৪ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ

     সুমন শাহ্(ক্রাইম) :র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২৫/০৩/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৪.৩০ ঘটিকার সময় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা হতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা এবং একটি পিকআপ উদ্ধারপূর্বক মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল ইউটার্নের নিকটবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে র‌্যাব সদস্যরা পিকআপ গাড়ির ভেতরে বিশেষ পদ্ধতিতে রাখা প্রায় ১৩,৫০,০০০/- (তের লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অবৈধ বাজার মূল্যের ৪৪ (চুয়াল্লিশ) কেজি গাঁজা উদ্ধারপূর্বক একজন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম ১। মো: খোকন শরীফ (৪০), পিতা-মোঃ লাল মিয়া, সাং-১নং রোড, চাঁদ উদ্যান, থানা-মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এ সময় মাদক বহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১২-৩৭৭৬ রেজিস্ট্রেশন নম্বরযুক্ত পিকআপ গাড়িটি জব্দ করা হয়।

    প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।

    মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

    *তাপস কর্মকার*সিনিঃ সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে।