Category: প্রচ্ছদ

  • জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যে জয়পুরহাটে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

    আজ মঙ্গলবার জয়পুরহাট শহরের কালেক্টর চত্বর মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এই মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প, গ্যাস সিলিন্ডারের আগুন নিভানোসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে সচেতনতা বাড়াতে নানা কার্যক্রম প্রদর্শন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।

    এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান, ফায়ার সার্ভিসের ডিএডি শরিফুল ইসলাম, জেলা রোভার স্কাউটের সম্পাদক আজিজার রহমান, জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা আব্দুল করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ফায়ার সার্ভিস সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

    মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

    জেলায় আজ যথাযথ মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রি এবং পণ্যের মোড়কীকরণ আইন লঙ্ঘনের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

    অভিযানকালে যথাযথ মুল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় ভাউচার সঠিকভাবে সংরক্ষণ না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রি ও পণ্যের মোড়কীকরণ আইন অমান্য করার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স মাম্পি ভান্ডারকে যথাযথ মুল্যতালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণ, বিক্রয় ভাউচার প্রদান না করা এবং জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য নেওয়ার কারণে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত

    ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত

    ভেনেজুয়েলার জাতীয় সংসদ গতকাল সোমবার এমন খনিজসম্পদ বিষয়ক আইন সংস্কারের প্রথম ধাপ পাশ করেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চাইছিল।

    এই সংস্কারের মূল উদ্দেশ্য হচ্ছে বিদেশি ও স্থানীয় ব্যবসায়ীদের জন্য খনিজ খাতে বিনিয়োগের সুযোগ বাড়ানো এবং বিনিয়োগে বিশ্বাসযোগ্যতা তৈরি করা।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    এএফপি একটি খসড়া তথ্য অনুসারে জানায়, বিলটি ভেনেজুয়েলার খনির কাজে বেসরকারি কোম্পানিগুলোকে আরও বেশি বিনিয়োগের সুযোগ দেবে এবং পাশাপাশি পক্ষগুলোর মধ্যে সালিশ এবং বিরোধ নিষ্পত্তির জন্য ব্যবস্থার রূপরেখাও দেবে।

    জ্বালানি ও পেট্রোলিয়াম কমিশনের আইন প্রণেতা অরল্যান্ডো কামাচো বিতর্কের সময় বলেন যে, সংস্কারগুলো ‘জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগে আমাদের আস্থা প্রদানের জন্য সমস্ত আইনি গ্যারান্টি বৃদ্ধি করতে সহায়তা করতে পারে।’

    গত সপ্তাহে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে খনিজ সম্পদের দায়িত্বে আছেন এবং বর্তমান প্রশাসনের নীতি অনুসারে খনিজসম্পদের ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করেন। তিনি ভেনেজুয়েলায় গিয়ে দেশের খনিজ আইনকে আরও  বিনিয়োগবান্ধব করার জন্য চাপ দিয়েছিলেন।
    সেই সফরের উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলার খনিজ খাতে বিদেশি ও বিশেষ করে মার্কিন খনি কোম্পানিগুলোর জন্য সুযোগ তৈরি করা এবং বিধি‑বিধান সহজ করে দেওয়া।

    তিনি বলেন, দীর্ঘদিনের সমাজতান্ত্রিক নেতা নিকোলাস মাদুরোর উৎখাতের দুই মাস পর, দক্ষিণ আমেরিকার দেশটিতে মার্কিন খনি কোম্পানিগুলো কাজ ‘শুরু করতে আগ্রহী’।

    ভেনেজুয়েলা শুধু তেলের জন্যই গুরুত্বপূর্ণ নয় — সেখানে স্বর্ণ ও হীরাসহ বক্সাইট, কোলটান এবং এমন কিছু দুর্লভ খনিজ রয়েছে, যেগুলো কম্পিউটার, স্মার্টফোন ও অন্যান্য আধুনিক ইলেকট্রনিক ডিভাইস তৈরিতে ব্যবহার হয়।

    ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ গত মাসের  শেষের দিকে রাষ্ট্র-নিয়ন্ত্রিত তেল খাতে বেসরকারীকরণ এবং বিদেশী বিনিয়োগের পথ সুগম করতে নতুন আইন পাস করেছেন। মার্কিন নিষেধাজ্ঞার শিথিলতার সুযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপর তিনি খনি আইন হালনাগাদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খনিজ সম্পদ ও তেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন।

  • রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত

    রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত

    বিশ্বে এ বছর ফেব্রুয়ারি ছিল রেকর্ডকৃত পঞ্চম উষ্ণতম মাস। একই সময়ে পশ্চিম ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত ও ব্যাপক বন্যা দেখা গেছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা।

    প্যারিস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

    সংস্থাটি জানায়, গত মাসে বৈশ্বিক তাপমাত্রা শিল্পপূর্ব সময়ের তুলনায় ১ দশমিক ৪৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। শিল্পপূর্ব সময় বলতে ১৮৫০ থেকে ১৯০০ সাল পর্যন্ত সময়কে বোঝানো হয়েছে, যখন বড় আকারে জীবাশ্ম জ্বালানির ব্যবহার শুরু হয়নি।

    ইউরোপে তাপমাত্রা ও বৃষ্টিপাতের চিত্র ছিল ভিন্ন ভিন্ন।

    মহাদেশটিতে গড় তাপমাত্রা ছিল মাইনাস ০ দশমিক ০৭ ডিগ্রি সেলসিয়াস। যা গত ১৪ বছরের মধ্যে তিনটি শীতলতম ফেব্রুয়ারির একটি।

    তবে কোপার্নিকাস ক্লাইমেট চেইঞ্জ সার্ভিসের তথ্যে জানা যায় পশ্চিম, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ইউরোপে তাপমাত্রা ছিল গড়ের চেয়ে বেশি।

    অন্যদিকে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল, বাল্টিক দেশগুলো, ফিনল্যান্ড ও স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোর তাপমাত্রা ছিল বেশি শীতল।

    সংস্থাটি তাদের মাসিক প্রতিবেদনে জানায়, মহাদেশজুড়ে আর্দ্র ও শুষ্ক আবহাওয়ার মধ্যে স্পষ্ট বৈপরীত্য দেখা গেছে। ইউরোপের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বড় অংশে বৃষ্টিপাত ছিল গড়ের চেয়ে বেশি। আর বাকি অঞ্চলের বেশিরভাগ জায়গায় ছিল গড়ের চেয়ে শুষ্ক।

    যুক্তরাষ্ট্র, উত্তর-পূর্ব কানাডার, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং পূর্ব অ্যান্টার্কটিকায় তাপমাত্রা ছিল গড়ের চেয়ে বেশি।
    ফেব্রুয়ারি মাসে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ছিল রেকর্ডের দ্বিতীয় সর্বোচ্চ।

    আর্কটিকে সমুদ্রের বরফের বিস্তৃতি ছিল গড়ের তুলনায় পাঁচ শতাংশ কম। এটি ফেব্রুয়ারি মাসের জন্য তৃতীয় সর্বনিম্ন।

    অ্যান্টার্কটিকায় ফেব্রুয়ারিতে সমুদ্রের বরফের বিস্তৃতি গড়ের কাছাকাছি ছিল। গত চার বছরে যেখানে এটি গড়ের তুলনায় অনেক কম ছিল, তার সঙ্গে এটি স্পষ্ট বৈপরীত্য তৈরি করেছে বলে জানিয়েছে কোপার্নিকাস।
    কোপার্নিকাস পরিচালিত ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টসের জলবায়ু কৌশল বিভাগের প্রধান সামান্থা বার্জেস বলেন,‘২০২৬ সালের ফেব্রুয়ারির চরম আবহাওয়া জলবায়ু পরিবর্তনের বাড়তে থাকা প্রভাবকে তুলে ধরেছে। একই সঙ্গে বৈশ্বিক পদক্ষেপের জরুরি প্রয়োজনও স্পষ্ট করেছে।’

    তিনি বলেন, ইউরোপে তাপমাত্রায় তীব্র বৈপরীত্য দেখা গেছে।

    তার ভাষায়, ‘অস্বাভাবিক বায়ুমণ্ডলীয় নদী—অত্যন্ত আর্দ্র বাতাসের সরু প্রবাহ—পশ্চিম ও দক্ষিণ ইউরোপে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও ব্যাপক বন্যা ডেকে এনেছে।’

    জলবায়ু বিজ্ঞানীদের নেটওয়ার্ক  ওয়ারল্ড ওয়েদার এট্রিবিউশন জানিয়েছে, মানুষের কর্মকাণ্ডে সৃষ্ট জলবায়ু পরিবর্তন প্রবল বর্ষণকে আরও তীব্র করেছে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে এই বৃষ্টিতে কয়েক ডজন মানুষ নিহত হন এবং হাজারো মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন।

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব

    মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ঘিরে মঙ্গলবার পর্যন্ত বিশ্ব অর্থনীতিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলো নিচে তুলে ধরা হলো—

    তেলের দাম কমেছে

    মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রায় শেষ’ বলে মন্তব্য করার পর, তেলের দাম কমে যায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ঊর্ধ্বমুখী হয়।

    প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

    যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের  বেঞ্চমার্ক টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ও  ব্রেন্ট ক্রুড— উভয়ের দামই ১০ শতাংশের বেশি কমে যায়।

    গ্রিনীচ মান সময় রাত প্রায় ০২৩০টায় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এ দাম ব্যারেল প্রতি ৮৫ দশমিক ২৯ ডলারে নেমে আসে ও ব্রেন্টের দাম দাঁড়ায় ৮৮ দশমিক ৯৫ ডলার।

    এদিকে যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ার সূচকই হঠাৎ ঊর্ধ্বমুখী হয়।

    জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ডো দিনের লেনদেন শেষে ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪৭,৭৪০ দশমিক ৮০ পয়েন্টে দাঁড়ায়।

    দিনের আগের অবস্থান থেকে এটি ১,১২৫ পয়েন্টের উত্থান।এদিকে যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ার সূচকই হঠাৎ ঊর্ধ্বমুখী হয়।

    তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র

    সোমবার ট্রাম্প ঘোষণা দেন, বাজারের অস্থিরতার কারণে তেলসংক্রান্ত কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হবে।

    তিনি সাংবাদিকদের বলেন, ‘দাম কমাতে আমরা তেলসংক্রান্ত কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করছি।’

    এর আগে তার প্রশাসন রাশিয়ার তেল রপ্তানির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার ইঙ্গিত দিয়েছিল।
    এশিয়ার শেয়ারবাজারে ঘুরে দাঁড়ানো

    মঙ্গলবার দিনের শুরুতে দক্ষিণ কোরিয়া ও জাপানের শেয়ারবাজারে বড় উত্থান দেখা যায়।

    দক্ষিণ কোরিয়ার প্রধান সূচক কোস্পি পাঁচ শতাংশের বেশি বেড়ে যায়। টোকিওর নিক্কি ২২৫ তিন শতাংশের বেশি বাড়ার পর কিছুটা নেমে আসে।

    জি-৭ অর্থ মন্ত্রীদের আলোচনা

    ফ্রান্সের অর্থ মন্ত্রী জানিয়েছেন, কৌশলগত তেল মজুত ছাড়ার বিষয়ে এখনও  জি-৭-এর দেশগুলো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে শিল্পোন্নত দেশগুলোর এই জোট সংকটকালীন আলোচনা চালিয়ে যাচ্ছে।

    তবে প্রয়োজন হলে তারা তেল মজুত ছাড়তে প্রস্তুত রয়েছে।

    মঙ্গলবার জি-৭ জ্বালানি মন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

    পরিবহন ও পর্যটন

    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করায়, ফ্রান্স ও তার মিত্ররা হরমুজ প্রণালী পুনরায় খুলতে একটি ‘প্রতিরক্ষামূলক’ মিশনের প্রস্তুতি নিচ্ছে।

    শিপিং ট্র্যাকার মেরিন ট্র্যাকার এর তথ্য বিশ্লেষণ করে এএফপি জানিয়েছে, উপসাগরে নোঙর করা বা হরমুজ প্রণালী অতিক্রম করা কয়েকটি জাহাজ নিজেদের ট্র্যাকিং তথ্য পরিবর্তন করে চীনের সঙ্গে সংযোগ দেখাচ্ছে। ইরানের হামলা এড়াতেই তারা এমনটি করছে।

    বিমান সংস্থা লুফথানসা গেস এয়ার ফ্রান্স মধ্যপ্রাচ্যের গন্তব্যে ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়েছে।

    বিশ্বের শিপিং কোম্পানি এমএসসি ঘোষণা দিয়েছে, যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে কিছু রফতাানি চালান আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হচ্ছে। প্রভাবিত সব পণ্য জাহাজ থেকে খালাস করা হবে।

    প্রাথমিক পদক্ষেপ

    ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড জ্বালানির দামে সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে।

    চীন মার্চের শুরুতে গুরুত্বপূর্ণ তেল শোধনাগারগুলোকে ডিজেল ও পেট্রোল রফতানি স্থগিত রাখতে বলেছে।

    নাইজেরিয়ার ডাঙ্গোট রিফাইনারি ঘোষণা দিয়েছে, জ্বালানি সংকট ঠেকাতে তারা দেশের অভ্যন্তরীণ বাজারকে অগ্রাধিকার দেবে।

    জাপানের সংবাদপত্র নিক্কেই জানিয়েছে, দেশটির কর্তৃপক্ষ তেলের মজুত থেকে সরবরাহ ছাড়ার প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে।

  • আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী

    আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আগামী মাসের মধ্যে আমরা কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।’

    তিনি বলেন, ‘আমরা আরো কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার মধ্যে যেগুলো আমাদের প্রায়োরিটি প্রয়োজন ছিল, সেগুলোর মধ্যে আরেকটি আছে কৃষক কার্ড। সেই কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে ৩৭ হাজার নারীর কাছে ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে আগামী মাসের মধ্যে আমরা কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।’

    আজ সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় পাশে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের কৃষক ভাইদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে তাদের কৃষি ঋণ মওকুফ করব। আল্লাহর রহমতে আমরা গত সপ্তাহে সেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সরকারের পক্ষ থেকে মওকুফ করে দেওয়া হয়েছে সুদসহ। এইভাবে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। যেই প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে দেশের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব।