Category: প্রচ্ছদ

  • বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’

    বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’

    অন্য কার্যদিবসের মতোই আরেকটি দিনের সূচনা করতে বাড়ি থেকে সকালে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাড়ির দরজা খুলে উপস্থিত সবার উদ্দেশ্যে মুচকি হেসে বললেন, ‘চলেন যুদ্ধে যাই।’

    আজ রোববার, সকালে সপ্তাহের প্রথম কার্যদিবসের সূচনা করতে বাড়ি থেকে বের হওয়ার সময় ব্যতিক্রম এই দৃশ্যপট দেখা গেছে।

    এ সময় প্রতিদিনের মতো প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

    তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তিন শব্দের এই লাইন বললেন, তখন সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা হতচকিত হয়ে পড়েন। পরক্ষণেই উপস্থিত কারো-ই বুঝতে বাকি রইলা না যে তিনি দেশ পরিচালনার কাজকে ‘যুদ্ধ’ বলে বুঝিয়েছেন। তিন শব্দের চমকপ্রদ লাইনে দেশ গঠনে তাঁর প্রতিদিনের সংগ্রামের কথা বলেছেন।

    অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন, তিনি সকাল ৮টা ৪২মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্দেশ্যে রাজধানীর গুলশানের বাড়ি থেকে বের হন। দেশের প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বের হওয়ার আগে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা প্রস্তুত থাকেন। প্রতিদিনের মতো সেই প্রস্তুতি নিয়ে তারা যখন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তখন বাড়ির দরজা খুলেই চিরাচরিত হাস্যোজ্জ্বল মুখে সবার উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

    আতিকুর রহমান রুমন জানান, সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। আজও সারাদিন বেশ কয়েকটি বৈঠক আছে তাঁর।

    প্রধানমন্ত্রীর আজকের অনুষ্ঠান সূচির মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়াও তিনি আরো কয়েকটি বৈঠক করবেন বলে জানা গেছে।

  • তেহরানে তেল স্থাপনায় ইসরায়েলের হামলা

    তেহরানে তেল স্থাপনায় ইসরায়েলের হামলা

    আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তেহরান ও আশপাশের এলাকায় তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। একই সময়ে কয়েকজন মার্কিন সেনাকে আটক করার দাবি করেছে ইরান। তবে এই দাবি সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

    শনিবার রাতে তেহরান ও পার্শ্ববর্তী শহর কারাজসহ একাধিক তেল স্থাপনায় হামলা চালানো হয়। হামলার পর বিভিন্ন এলাকায় আগুন ধরে যায় এবং আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। শক্তিশালী বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

    ইরানের তেল মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তেহরান ও আলবোর্জ প্রদেশের কয়েকটি তেলের ডিপো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীও হামলার বিষয়টি স্বীকার করে দাবি করেছে, এসব জ্বালানি মজুত কেন্দ্র ইরানি সেনাবাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল। তাই সামরিক অবকাঠামো দুর্বল করতেই এই হামলা চালানো হয়েছে।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দক্ষিণ তেহরানের শাহর রেই এলাকায় একটি তেল ডিপোতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। ওই ডিপোর কাছেই রয়েছে শহরের প্রধান তেল শোধনাগার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিশাল আগুনের শিখা আকাশে উঠতে দেখা গেছে।

    স্থানীয় বাসিন্দা ও ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার প্রভাবে আশপাশের বসতবাড়ি, দোকানপাট, সড়ক, পানির পাইপলাইন এমনকি কিছু হাসপাতাল ও স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান ঘনবসতিপূর্ণ শহর হওয়ায় সামরিক ও বেসামরিক স্থাপনা কাছাকাছি অবস্থান করছে। ফলে ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    এর আগে শনিবার ভোরে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরেও হামলার খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর ও তেল ডিপো এলাকায় বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে।

    এই উত্তেজনার মধ্যেই ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি দাবি করেছেন, যুদ্ধ শুরুর পর কয়েকজন মার্কিন সেনাকে আটক করেছে ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমার কাছে খবর এসেছে যে কয়েকজন আমেরিকান সেনাকে বন্দি করা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র দাবি করছে তারা যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে।”

    তবে এই দাবি নাকচ করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স এক বিবৃতিতে বলেন, “ভিত্তিহীন গুজব ও বিভ্রান্তি ছড়ানোই এখন ইরানি প্রশাসনের প্রধান কৌশল।” আল জাজিরা জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডও ইরানের অভিযোগকে ভিত্তিহীন অপপ্রচার হিসেবে আখ্যা দিয়েছে।

    একই সময়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ছয় মাস তীব্র যুদ্ধ চালানোর সক্ষমতা রয়েছে তাদের। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, এখন পর্যন্ত ইরান প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ভবিষ্যতে আরও উন্নত ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

    এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সামরিক শক্তি দিয়ে বর্তমান সংকটের সমাধান হবে না।” বিবিসি জানিয়েছে, তিনি অবিলম্বে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন।

    যুদ্ধ পরিস্থিতির মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংক লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশসীমা লঙ্ঘনকারী একাধিক শত্রুভাবাপন্ন ড্রোন প্রতিহত করছে দেশটির সেনাবাহিনী। তবে হামলার জন্য কারা দায়ী তা এখনও নিশ্চিত করা হয়নি।

    এই সংঘাতের আরেকটি ঘটনায় লেবাননের রাজধানী বৈরুতে ইরানি বাহিনীর ওপর সুনির্দিষ্ট হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ বলছে, ইরানের কুদস ফোর্সের লেবানন কর্পসের কমান্ডারদের লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে।

    ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে সংঘাত দ্রুত বিস্তৃত হয়েছে। ইরানের সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ১৮০ জন শিশুসহ ১ হাজার ৩৩২ জন ইরানি নিহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই যুদ্ধে অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন।

  • যুদ্ধের আতঙ্কে ঢাকার বাজারে সয়াবিন তেলের টান

    যুদ্ধের আতঙ্কে ঢাকার বাজারে সয়াবিন তেলের টান

    রাজধানীর বিভিন্ন বাজারে হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে পাঁচ লিটারের বোতল বেশির ভাগ দোকানেই পাওয়া যাচ্ছে না। মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত ঘিরে দাম বাড়তে পারে এমন আশঙ্কায় অনেক ক্রেতা প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে রাখছেন। এতে বাজারে চাহিদা বেড়ে গিয়ে সরবরাহে চাপ তৈরি হয়েছে।

    রোববার (৭ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী, মোহাম্মদপুর, শেওড়াপাড়া, বাড্ডা ও দক্ষিণ বনশ্রীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, এক ও দুই লিটারের বোতল সীমিত পরিমাণে থাকলেও পাঁচ লিটারের বোতল অনেক দোকানেই নেই। কোথাও কোথাও আবার তেল থাকলেও একজন ক্রেতাকে একটির বেশি বোতল কিনতে দেওয়া হচ্ছে না।

    দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া বাজারের কয়েকটি দোকানে খোঁজ নিয়ে দেখা যায়, পাঁচ লিটারের সয়াবিন তেল একেবারেই নেই। এমনকি আশপাশের সুপারশপেও তেলের ঘাটতি দেখা গেছে। এক বিক্রেতা জানান, “সকাল থেকেই ক্রেতারা তেল কিনতে ভিড় করছেন। যাদের একটি বোতল লাগার কথা ছিল, তারাও দুইটি নিতে চাইছেন। ফলে দ্রুত শেষ হয়ে যাচ্ছে।”

    শেওড়াপাড়া এলাকার বাসিন্দা মিজানুর রহমান জানান, তিনি মূলত দুই লিটারের একটি বোতল কিনতে বের হয়েছিলেন। কিন্তু তিনটি মুদিদোকান ঘুরেও পাননি। পরে বাজারে কয়েকটি দোকান ঘুরে শেষ পর্যন্ত পাঁচ লিটারের একটি বোতল কিনতে হয়েছে। তার ভাষায়, “হঠাৎ তেলের এমন সংকট কেন হলো বুঝতে পারছি না।”

    খুচরা ব্যবসায়ীরা বলছেন, কয়েক দিন ধরেই ডিলারদের কাছ থেকে তেলের সরবরাহ কম পাওয়া যাচ্ছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটের এক দোকানি বলেন, স্বাভাবিক সময়ে তিনি দিনে ৮ থেকে ১০ কার্টন তেল আনতেন। কিন্তু গত কয়েক দিনে মাত্র ২ থেকে ৩ কার্টন পাওয়া যাচ্ছে। তাও আগের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে।

    শাহজাদপুরের ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম বলেন, “কোম্পানিগুলো পাঁচ লিটারের বোতল দিচ্ছে না। দুই লিটারের বোতলও মাঝে মাঝে পাওয়া যায়। কোম্পানি বলছে তাদের কাছে নাকি সরবরাহ কম।” আরেক বিক্রেতা ইলিয়াস হোসেন জানান, প্রায় দুই সপ্তাহ ধরে তাদের দোকানে নিয়মিত তেল আসছে না।

    ডিলার পর্যায়েও তেলের দাম কিছুটা বেড়েছে বলে জানান বিক্রেতারা। পাঁচ লিটারের একটি বোতল আগে ডিলারদের কাছ থেকে প্রায় ৯৩০ টাকায় পাওয়া গেলেও এখন সেটি ৯৫০ টাকা পর্যন্ত কিনতে হচ্ছে। ফলে খুচরা বিক্রেতাদের লাভ কমে গেছে।

    বোতলজাত তেলের ঘাটতির মধ্যে খোলা সয়াবিন ও পাম তেলের দামও বেড়েছে। কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানান, গত চার দিনে খোলা সয়াবিন তেলের দাম কেজিতে প্রায় ৫ টাকা বেড়ে ১৯৮ থেকে ২০০ টাকায় উঠেছে। খোলা পাম তেল বিক্রি হচ্ছে কেজি প্রতি প্রায় ১৭০ টাকায়।

    তবে তেল উৎপাদনকারী কোম্পানিগুলো বাজারে সরবরাহ সংকটের অভিযোগ অস্বীকার করেছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহকারী সিনিয়র মহাব্যবস্থাপক তাসলিম শাহরিয়ার বলেন, “রমজানকে সামনে রেখে আমরা অতিরিক্ত তেল আমদানি করেছি। মাসে ৫০ হাজার টনের বেশি তেল সরবরাহ হচ্ছে। বাজারে সংকট হওয়ার কথা নয়।”

    তিনি মনে করেন, গুজব বা আতঙ্কে অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনে রাখছেন। এতে সাময়িকভাবে বাজারে চাপ তৈরি হয়েছে।

    সিটি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর বিশ্বজিৎ সাহাও বলেন, তাদের পক্ষ থেকে সরবরাহ কমানো হয়নি। তার মতে, কিছু ছোট কোম্পানি এলসি–সংক্রান্ত জটিলতার কারণে তেল আমদানি করতে পারছে না। পাশাপাশি যুদ্ধ পরিস্থিতি ও বাড়তি চাহিদাও বাজারে চাপ তৈরি করেছে।

    ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভোক্তা অধিকার কর্মীরাও। কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, “ব্যবসায়ীরা প্রায়ই আন্তর্জাতিক পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করেন। যুদ্ধের প্রভাব বাজারে পড়তে কিছুটা সময় লাগার কথা, কিন্তু তার আগেই দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।”

    বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, সরবরাহ সংকট ও দাম বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে বাজারে তদারকি জোরদার করা হবে।

  • স্বাধীনতা দিবসে থাকবে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বাধীনতা দিবসে থাকবে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী

    অনলাইন ডেস্ক: জ্বালানি সংকট মাথায় রেখে এবার স্বাধীনতা দিবসে দেশজুড়ে কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কৃচ্ছ্র সাধনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

    রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, স্বাধীনতা দিবসে সাধারণত বিভিন্ন স্থানে আলোকসজ্জা করা হয়। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে এবার দেশব্যাপী এই আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সালাহউদ্দিন আহমদ বলেন, “এই দিবসে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে জ্বালানি সংকট তৈরি না হয়, সে জন্য কৃচ্ছ্র সাধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এবার দেশব্যাপী স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না।”

    তিনি জানান, ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদা ও গভীর শোকের আবহে পালন করা হবে। এ উপলক্ষে ধর্ম মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মসূচির নেতৃত্ব দেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলের নেতা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যাতায়াত ব্যবস্থা সহজ করতে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।

    ঈদকে সামনে রেখে সম্ভাব্য যাত্রাপথের চাপ ও শিল্পাঞ্চলের পরিস্থিতিও আলোচনায় এসেছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, ঈদের আগে যাতে কোনো ধরনের অস্থিরতা বা ভোগান্তি না হয়, সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শিল্পাঞ্চল ও শ্রমিক সংশ্লিষ্ট বিষয়ে সমন্বয়ের জন্য শিল্প পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শককে একটি কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ, শ্রমিক প্রতিনিধি এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সঙ্গে সমন্বয় করবেন।

    মব জাস্টিস নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মব এক জিনিস আর কিছু কিছু অপরাধ আরেক জিনিস। সবকিছু মবের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না।” তিনি জানান, নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তদন্তে অনেকেই স্বীকারোক্তিও দিয়েছেন।

    তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সরকার সেগুলো গুরুত্ব দিয়ে দেখছে। “মব কালচার বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে। এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।”

    গার্মেন্টস শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের আগে যাতে শ্রমিকদের পাওনা বেতন, ভাতা ও বোনাস পরিশোধ করা হয়, সে বিষয়ে পোশাক শিল্প মালিকদের সংগঠনের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অধিকাংশ প্রতিষ্ঠানই ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধ করতে পারবে।

  • বিশেষ অভিযানে ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল(৪৭৮ লিটার)বিদেশী মদসহ একজন গ্রেফতার

    বিশেষ অভিযানে ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল(৪৭৮ লিটার)বিদেশী মদসহ একজন গ্রেফতার

    বিশেষ প্রতিনিধি (ক্রাইম) সুমন শাহ্ :
    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে মাদকদ্রব্য সহ সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৮ মার্চ ২০২৬ ইং তারিখ রাত ০০৪৫ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার বনানী থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ বিদেশী মদ নিয়ে গুলশান-১ হতে মহাখালী এলাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে র‌্যাবের আভিযানিক দলটি ডিএমপি ঢাকার বনানী থানাধীন ব্লক -জি, রোড নং-৮, বাসা-১৯, SELTECH Abir Garden ভবনের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে, উক্ত চেকপোস্ট পরিচালনা কালে গুলশান-১ হতে মহাখালীর দিকে আগত একটি পাজেরো গাড়ীকে র‌্যাবের চেকপোস্টকারী দল থামানোর সংকেত দিলে র‍্যাব এর উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পাজেরো গাড়ী রেখে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক টিমের সহায়তায় মোঃ আল-আমিন (৩০), পিতা-মৃত জিয়াউর রহমান , গ্রাম-শাকতলী , ডাকঘর-পেরিয়াবাজার, থানা- নাঙ্গলকোট , জেলা-কুমিল্লা’কে ৫৩৮ বোতল (৪৭৮ লিটার) বিদেশী মদ ও ০১ টি পাজেরো গাড়ীসহ গ্রেফতার করা হয়।

    উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।

  • খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন

    খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন

    জেলার দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন।

    দীঘিনালা জোন ও দীঘিনালা উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে আজ শনিবার দুপুরে দীঘিনালা উপজেলার বিভিন্ন প্যাকড পয়েন্ট ও ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানকালে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধ মজুদ না করতে সতর্ক করা হয় ব্যবসায়ীদের।

    দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ ও দীঘিনালা জোনের ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী এ সময় উপস্থিত ছিলেন।