Category: প্রচ্ছদ

  • এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান

    এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান

    অনলাইন ডেস্ক:     বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় জনগণ আবারো বিএনপি-কে বিজয়ী করেছে। আলহামদু লিল্লাহ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের।’

    তিনি বলেছেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশে জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।’

    আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে বিএনপি চেয়ারম্যান এসব কথা বলেন।

    বিএনপি চেয়ারম্যান বলেন, ‘জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী দল নির্বাচনী অঙ্গীকার ও ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’

    রাষ্ট্র মেরামতের অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠনের মধ্য দিয়েই নতুন যাত্রা শুরু হবে। জনগণের রায় পেলে রাষ্ট্র মেরামতের যে রূপরেখা বিএনপি উপস্থাপন করেছিল, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’

    তিনি উল্লেখ করেন, বিভিন্ন গণতান্ত্রিক দলের সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতে প্রণীত ৩১ দফা এবং দলীয় ইশতেহারের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি কাজ করবে। একই সঙ্গে ‘জুলাই সনদে’ দেওয়া নোট অব ডিসেন্টসহ সংস্কার প্রক্রিয়ায় দল প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলেও জানান তিনি।

    জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। অংশগ্রহণকারী প্রতিটি দলকে অভিনন্দন। আমাদের পথ ও মত ভিন্ন হতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সরকার ও বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে।’

    নির্বাচনোত্তর পরিস্থিতিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। কোনো রকম অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।’

    তিনি বলেন, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজয় মিছিল না করার নির্দেশ দেওয়া হয়েছিল। শত উসকানির মুখেও নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দলমত, ধর্ম বা ভিন্নমত নির্বিশেষে দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান।

    অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তারেক রহমান। দেশি-বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল বলে উল্লেখ করেন তিনি।

    শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ ও হতাহত হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা। যাদের রক্তের বিনিময়ে আজকের গণতান্ত্রিক বাংলাদেশ, তাদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে।’

    এ সময় তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন, ‘দেশের এমন এক আনন্দঘন সময়ে তাঁর অনুপস্থিতি দলকে ভারাক্রান্ত করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান জাতি কখনো ভুলবে না।’

    দুর্নীতি নিয়ন্ত্রণ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বলেন, ‘এখন দেশ গড়ার পালা। দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশকে একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।’

    সবশেষে বিশ্বের গণতান্ত্রিক শক্তি, প্রবাসী বাংলাদেশি এবং দেশের স্বাধীনতাপ্রিয় জনগণকে আবারো অভিনন্দন ও ধন্যবাদ জানান তারেক রহমান।

    সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  এছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

  • তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

    তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

    অনলাইন ডেস্ক:    দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তারেক রহমান, ডা. শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের প্রতি অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    আজ শনিবার পৃথক টেলিফোন আলাপে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেতাদের সঙ্গে কথা বলেন।

    এ সময়ে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর পরিমিতি, সংযম ও দায়িত্বশীল আচরণের ফলে নির্বাচন ঘিরে সারাদেশে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।

    প্রথমে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে কথা বলেন এবং তার দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের জন্য অভিনন্দন জানান।

    প্রধান উপদেষ্টা পরে শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে সাফল্যের জন্য এবং নির্বাচন পরবর্তী দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানান।

    তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো একইভাবে সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

  • তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

    তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

    অনলাইন ডেস্ক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    আজ শনিবার সকালে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টা বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।”

    বার্তায় তিনি উল্লেখ করেন, “গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা  এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে আপনি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন। আমি স্মরণ করছি আপনার বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং আপনার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা। তাঁদের আদর্শ ও মহান কর্ম আপনার আগামী দিনের চলার পথকে আলোকিত করবে বলে আমি একান্তভাবে আশা করি।”

    প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আজ বৈশ্বিক পরিমণ্ডলে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে অবস্থান করছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণ-এসব ক্ষেত্রে সুসমন্বিত মেধা, মননশীলতা ও প্রজ্ঞার প্রয়োগ অপরিহার্য। আশা করি, আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে।

    প্রফেসর ইউনূস বলেন, একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে আপনার মূল্যবান সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, সহনশীলতা প্রদর্শন এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে আপনার ইতিবাচক অবস্থান জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    বার্তার শেষে তিনি বলেন, “পরিশেষে, দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে আপনার সকল উদ্যোগ সফল হোক-এই কামনা করি। মহান আল্লাহ্ আপনাকে দেশ ও জাতির সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দান করুন।”

  • বিএনপির মন্ত্রিসভায় থাকতে পারেন যারা

    বিএনপির মন্ত্রিসভায় থাকতে পারেন যারা

    অনলাইন ডেস্ক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ইতোমধ্যে সরকার গঠনের লক্ষ্যে দলীয় ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও প্রস্তুতি। এবারের মন্ত্রিসভায় দলের অভিজ্ঞ ও প্রবীণ নেতাদের পাশাপাশি গুরুত্ব পাচ্ছেন নতুন রাজনীতিবিদরাও। এছাড়া বর্তমান উপদেষ্টা পরিষদের চারজনের বিষয়ে ভাবছে বিএনপি।

    দলীয় সূত্র বলছে, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন, প্রশাসনে গতি আনা, নীতি নির্ধারণে নতুন ভাবনা এবং নতুন নেতৃত্ব সৃষ্টি করতেই তরুণদের অন্তর্ভুক্ত করার ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। ফলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, মন্ত্রিপরিষদ গঠন নিয়ে আলোচনা চলছে। দলের চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি দেখভাল করছেন। দুয়েকদিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

    শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত এমপি সালাহউদ্দিন আহমদ গতকাল সাংবাদিকদের বলেছেন, বিএনপির কেমন মন্ত্রিসভা হতে যাচ্ছে, তা দেখার জন্য দেশবাসীকে আর অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে।

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চার সদস্যকে মন্ত্রিপরিষদে রাখা নিয়ে ভাবছে বিএনপি। দলীয় সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। দলটির পর্যবেক্ষণ হচ্ছে এই চার উপদেষ্টা যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। গণঅভ্যুত্থানের পরবর্তী অস্থির সময়ে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছে। ফলে এসব উপদেষ্টাকে দেশের জন্য কাজে লাগাতে ইতিবাচক বিএনপি। আপত্তি না থাকলে নতুন মন্ত্রী পরিষদে টেকনোক্র্যাট হিসেবে জায়গা পেতে পারেন তারা। তবে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের আপত্তি রয়েছে।

    বিএনপির মন্ত্রিসভায় আলোচনায় যারা: বিএনপির সাবেক কয়েকজন মন্ত্রীকে এবারের মন্ত্রী পরিষদেও রাখার কথা ভাবছে বিএনপি। এ বিষয়ে দলীয় সূত্র জানায়, বিএনপির বিগত সরকারের সময়ে যেসব মন্ত্রণালয় বিতর্কের ঊর্ধ্বে ছিল, যাদের বিষয়ে বিতর্ক নেই, ক্লিন ইমেজ রয়েছে তাদের নতুন সরকারের বিভিন্ন দায়িত্বে রাখা হবে। এদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাসকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে। সালাহউদ্দিন আহমেদও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। এছাড়া আমীর খসরু মাহমুদ চৌধুরীকে পররাষ্ট্র অথবা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে। আ ন ম এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়ে ভাবা হচ্ছে। এছাড়া স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু মন্ত্রী পরিষদে থাকছেন। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    মন্ত্রিপরিষদে থাকছেন নতুন মুখ: নতুন মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে একাধিক নতুন মুখ। দলের নতুন নেতৃত্ব তৈরি করতে উচ্চশিক্ষিত তরুণদের যুক্ত করা হবে। সম্ভাবনাময়ী এমন কয়েকজনকে মন্ত্রী পরিষদে রাখা হচ্ছে। এদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (টেকনোক্র্যাট), চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় (টেকনোক্র্যাট), যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। দলের চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে বিবেচনায় আছে। এছাড়া স্থায়ী কমিটর সদস্য ড. এজেডএম জাহিদ হোসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনায় আছেন। অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় পেতে পারেন।

    আলোচনায় যুগপৎ আন্দোলনের শরিকরা: কয়েক বছর আগে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো নিয়ে জাতীয় সরকারের ঘোষণা দিয়েছিল বিএনপি। ফলে নতুন মন্ত্রী পরিষদে থাকছে যুগপৎ আন্দোলনের একাধিক নেতা। দলটির নেতারা বলছেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যারা একসঙ্গে ছিল, সরকার গঠন প্রক্রিয়াতেও তাদের অংশীদারত্ব নিশ্চিত করা হবে।

    অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বশীল কাঠামোর মাধ্যমে গণতন্ত্র পুনর্গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণই হবে এ উদ্যোগের মূল লক্ষ্য। এদের মধ্যে রয়েছে—সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়াকে অর্থ মন্ত্রণালয়, এনডিএম ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া ববি হাজ্জাজ, বিজেপির আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং টেকনোক্র্যাট কোটায় ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার আলোচনায় রয়েছে।

    সংবিধান অনুযায়ী, নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রধানমন্ত্রীকে নিয়োগ নেবেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শপথ গ্রহণের মধ্যে দিয়ে দায়িত্ব গ্রহণ করবেন। এরপর নতুন প্রধানমন্ত্রী তার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন শুরু করবেন। নতুন মন্ত্রিসভা কত সদস্যবিশিষ্ট হবে সেটা নির্ধারণ করবে নির্বাচনে বিজয়ী দল।

    সূত্র: আমার দেশ

  • উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

    উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

    অনলাইন ডেস্ক:     উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টায় সম্পন্ন হয়েছে। এখন কেন্দ্রগুলোতে গণনা চলছে।
    সকাল সাড়ে ৭টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কেন্দ্রগুলোতে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ভোর থেকেই ভোটারদের লাইন ধরে ভোট দিতে দেখা গেছে। অনেকেই সপরিবারে ভোট দিতে আসেন। প্রথমবারের মতো ভোট দিয়ে তরুণ ভোটাররা উচ্ছ্বাস প্রকাশ করেন। আবার অনেকে জানিয়েছেন, ২০০৮ সালের পর এবারই তারা ভোটকেন্দ্রে এসেছেন।

    নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাসসকে জানান, সকাল সাড়ে ৭টা থেকে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল হওয়ায় সেখানে ভোট হয়নি।

    ইসি সূত্র জানায়, যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট মাঠে সক্রিয় রয়েছে।

    নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন উপলক্ষ্যে প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ১ লাখ ৩ হাজার সেনাসদস্য, ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য, ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ আনসার ও ভিডিপি সদস্য, ৩৭ হাজার ৪৫৩ বিজিবি সদস্য, ৯ হাজার ৩৪৯ র‌্যাব সদস্যসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।

    প্রথমবারের মতো নির্বাচনে ইউএভি (ড্রোন) ও বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

    দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটকক্ষ রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি। নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল। মোট প্রার্থী ২ হাজার ২৮ জন—দলীয় ১ হাজার ৭৫৫ জন ও স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন।

    মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।

  • দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব

    দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব

    অনলাইন ডেস্ক:     ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাররা নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দুপুর ১২টা পর্যন্ত নির্বাচনে ভোট প্রদানের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ।

    আজ দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।

    তিনি বলেন সকাল সাড়ে সাতটা থেকে ২৯৯ টি আসনের সবকটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোনো একটা কেন্দ্রেও বিলম্বের কারণ ঘটেনি।

    ধানমন্ডির একটি কেন্দ্রে সকাল ৮টা ২০ মিনিটে নিজে ভোট দিয়েছেন উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘দুপুর ১২ টা পর্যন্ত ৪২ হাজার ৬৫১ টা কেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯ টা কেন্দ্রের খবর পেয়েছি সে অনুযায়ী ভোট প্রদানের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ।

    তিনি জানান, এবার তথ্য সংগ্রহের পদ্ধতি একটু চেঞ্জ করা হয়েছে। সে কারণে আমাদের লিড টাইমটা একটু বেশি লাগছে। কারণ আমরা অতীতে দেখেছি যে আপনার প্রিজাইডিং অফিসারের থেকে এটা তথ্য সংগ্রহ করতে গেলে সমস্যা হতো। সেই কারণে এবার এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে তথ্য সংগ্রহ করছি।

    বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা জানা গেছে উল্লেখ করে সচিব বলেন, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোন ভোট কেন্দ্রের ভোট স্থগিত হয়নি। সেগুলো এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

    তিনি জানান, মেহেরপুরে ভোট দিয়ে ফেরত যাওয়ার পথে একটা মারামারির ঘটনা ঘটেছে। দু’জন আহত হয়েছেন, প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাসায় চলে গেছেন। এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

    স্বতঃস্ফূর্ততার জন্য ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে তিনি এখনো যারা ভোট দেননি তাদের ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান।

    গতকাল ভোররাতে ময়মনসিংহের একটি আসনের এক ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার ইন্তেকাল করেছেন জানিয়ে সচিব তার মৃত্যুতে শোক প্রকাশ করেন। সেখানে আরেকজনকে দায়িত্ব দেয়া হয়েছে এবং ভোট গ্রহণ স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।