Category: প্রচ্ছদ

  • আমিরাত সফর স্থগিত করলেন এরদোগান, নেতার ‘স্বাস্থ্য সমস্যার’ বার্তা মুছে ফেলা হয়

    আমিরাত সফর স্থগিত করলেন এরদোগান, নেতার ‘স্বাস্থ্য সমস্যার’ বার্তা মুছে ফেলা হয়

    অনলাইন ডেস্ক:   সংযুক্ত আরব আমিরাতের নেতা মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের স্বাস্থ্য সমস্যার কথা জানিয়ে আবুধাবি সফর স্থগিতের ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তবে পরে বার্তাটি মুছে ফেলা হয়।

    রোববার এরদোগানের টিম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, তিনি আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

    ইস্তাম্বুল থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

    তিন অনুচ্ছেদের ওই বার্তায় বলা হয়, ‘আলাপের সময় প্রেসিডেন্ট এরদোগান প্রেসিডেন্ট আল নাহিয়ানের স্বাস্থ্য সমস্যায় দুঃখ প্রকাশ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।’

    বার্তায় আরও বলা হয়, পরবর্তী কোনো নির্ধারিত তারিখে এরদোগান সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।
    এএফপি জানায়, বার্তাটি দ্রুত মুছে ফেলা হলেও তার স্ক্রিনশট সংরক্ষিত রয়েছে। এরই মধ্যে তুরস্কের সরকারি গণমাধ্যম তা প্রচার করেছে।

    তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমও পরে আমিরাতের নেতার স্বাস্থ্য সমস্যার উল্লেখ থাকা এরদোগানের ওই সফরসংক্রান্ত প্রতিবেদনটি সরিয়ে নেয়।

    আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়াম দুই নেতার টেলিফোন আলাপের খবর প্রকাশ করলেও এরদোগানের সফর স্থগিতের বিষয়ে কিছু জানায়নি।

    এএফপি যোগাযোগ করলে তুরস্কের প্রেসিডেন্টের কার্য্যালয় বা আমিরাত কর্তৃপক্ষের কেউই জবাব দেয়নি।
    প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি আমিরাত কর্তৃপক্ষ।

    শনিবার সন্ধ্যায় আমিরাতের নেতার দফতর একই দিনে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে। সেখানে, মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে, কাতারের আমির আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে হাস্যোজ্জ্বল ও সুস্থ অবস্থায় দেখা যায়।

  • তারেক রহমান আজ সন্ধ্যায় চরমোনাইর পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন

    তারেক রহমান আজ সন্ধ্যায় চরমোনাইর পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন

    অনলাইন ডেস্ক:    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার সন্ধ্যায় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকারটি সন্ধ্যা ৭টায় রাজধানীর ৫৫/১ সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা-১২১৭ এলাকায় অবস্থিত রুপায়ন স্বপ্ন নিলয়ে অনুষ্ঠিত হবে।

  • প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

    প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

    অনলাইন ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

    প্রেস উইং জানিয়েছে, তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

    প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়, সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • ইইউতে হারাচ্ছে দেশের তৈরি পোশাকের বাজার, দখলের আশায় ভারত

    ইইউতে হারাচ্ছে দেশের তৈরি পোশাকের বাজার, দখলের আশায় ভারত

    অনলাইন ডেস্ক: বাংলাদেশের তৈরি পোশাক খাত দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে। স্বাধীনতার পর থেকে ধীরে ধীরে গড়ে ওঠা এই শিল্প আজ দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎসে পরিণত হয়েছে। বিশেষ করে ১৯৭৫ সাল থেকে এলডিসি সুবিধার আওতায় ইউরোপীয় বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়ার পর বাংলাদেশের পোশাক রপ্তানি দ্রুত বৃদ্ধি পায়। ডেনিম, ট্রাউজার, টি-শার্টের মতো কিছু পণ্যে বাংলাদেশ চীনকেও ছাড়িয়ে গেছে। ফলে ইইউ বাজারে বাংলাদেশের অবস্থান হয়ে ওঠে দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশ হিসেবে। কিন্তু সামপ্রতিক সময়ে এই বাজারে প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর) ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৬ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৯ দশমিক ৮৬ বিলিয়ন ডলারের তুলনায় ৪ দশমিক ১৪ শতাংশ কম। নিটওয়্যার পণ্যের রপ্তানি কমেছে ৫ দশমিক ৫৪ শতাংশ এবং ওভেন পণ্যের রপ্তানি কমেছে ১ দশমিক ৮৭ শতাংশ। এই নেতিবাচক প্রবণতা রপ্তানিকারকদের মধ্যে নতুন করে আশঙ্কা তৈরি করেছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার চাপের মধ্যে প্রতিযোগী দেশগুলো বাড়তি প্রণোদনা দিয়ে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে।

    গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং মজুরি বৃদ্ধির কারণে বাংলাদেশের উৎপাদন ব্যয় বেড়ে গেছে। অন্যদিকে চীন, ভারত ও ভিয়েতনাম নিজেদের শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করতে নানা উদ্যোগ নিচ্ছে। তিনি সংকট মোকাবিলায় সরকারকে নীতিগত সহায়তা ও নগদ প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো ড. মোস্তাফিজুর রহমান মনে করেন, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে যে বাণিজ্য স্থানান্তর ঘটেছে, বাংলাদেশ তা থেকে প্রত্যাশিত সুবিধা নিতে পারেনি। ভিয়েতনাম, ভারত কিংবা কিছু আফ্রিকান দেশ দ্রুত সিদ্ধান্ত নিয়ে ইইউ বাজারে নিজেদের অবস্থান শক্ত করেছে, কিন্তু বাংলাদেশ ধীর নীতিগত পদক্ষেপ, সীমিত বাজার বৈচিত্র্য এবং পোশাক খাতের ওপর অতিনির্ভরশীলতার কারণে পিছিয়ে পড়েছে। তিনি বলেন, মার্কিন বাজারে উচ্চ শুল্ক বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করেছে, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দেশগুলো কৌশলগতভাবে ইইউ বাজারের দিকে ঝুঁকেছে।

    একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারেও বাংলাদেশের রপ্তানি আশাব্যঞ্জক নয়, যা বহুমাত্রিক চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সদ্য ঘোষিত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য নতুন এক বড় শঙ্কা তৈরি করেছে। প্রায় দুই দশকের আলোচনার পর এই চুক্তি সইয়ের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। ইউরোপীয় কাউন্সিল, ইউরোপীয় পার্লামেন্ট ও ভারতের সংসদের অনুমোদন সাপেক্ষে এটি ২০২৭ সালে কার্যকর হবে। চুক্তি কার্যকর হলে ভারতীয় পোশাকপণ্যের ওপর ইউরোপের বিদ্যমান প্রায় ১২ শতাংশ শুল্ক শূন্যে নেমে আসবে। একইসঙ্গে চামড়াজাত পণ্য, সামুদ্রিক পণ্য, হস্তশিল্প ও গয়নার মতো খাতেও শুল্ক কমানো হবে বা বিনা শুল্কে প্রবেশাধিকার দেওয়া হবে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল ঘোষণা করেছেন, এই চুক্তির ফলে ইউরোপে ভারতের টেক্সটাইল রপ্তানি দ্রুতই ৭ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৩০-৪০ বিলিয়ন ডলারে নেওয়া সম্ভব হবে। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক ব্যবসার বড় অংশ ভারতের দখলে চলে যাবে বলে দিল্লি আশা করছে। বাংলাদেশ ২০২৪-২৫ অর্থবছরে মোট পোশাক রপ্তানির ৫০ শতাংশের বেশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পাঠিয়েছে, যার পরিমাণ ১ হাজার ৯৭১ কোটি ডলার। কিন্তু ভারতের সঙ্গে ইইউর মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে বাংলাদেশের এই সুবিধা ধীরে ধীরে কমে আসবে। প্রতিযোগিতামূলক দাম ও পণ্যের মানের কারণে ভারত দ্রুত ইউরোপীয় বাজারে অবস্থান শক্ত করবে। বাংলাদেশ যেখানে এখনও উচ্চ উৎপাদন ব্যয়, জ্বালানি সংকট, মজুরি বৃদ্ধি এবং সীমিত বাজার বৈচিত্র্যের সমস্যায় ভুগছে, সেখানে ভারত বাড়তি প্রণোদনা ও নীতিগত সুবিধা নিয়ে এগোচ্ছে। ফলে বাংলাদেশের পোশাক খাত আরও চাপের মুখে পড়বে।

    ড. মোস্তাফিজুর রহমানের মতে, প্রতিক্রিয়াশীল নীতির বাইরে গিয়ে বাংলাদেশকে দীর্ঘমেয়াদি কৌশল নিতে হবে। এর মধ্যে রয়েছে পণ্য বৈচিত্র্যকরণ, মূল্য সংযোজন বৃদ্ধি, আন্তর্জাতিক মান ও কমপ্লায়েন্স উন্নয়ন এবং প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে বাণিজ্য কূটনীতি জোরদার করা। পাশাপাশি লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন, ব্যবসার ব্যয় কমানো এবং ইইউসহ বড় বাজারের সঙ্গে বাণিজ্য চুক্তি আলোচনায় গতি আনা জরুরি। তিনি সতর্ক করেছেন, সময়োপযোগী ও সমন্বিত নীতি গ্রহণ না করা হলে বৈশ্বিক প্রতিযোগিতামূলক পরিবেশে বাংলাদেশ আরও বেশি বাজার হারানোর ঝুঁকিতে পড়বে। বাংলাদেশের পোশাক খাতের জন্য ইউরোপীয় ইউনিয়ন শুধু একটি বড় বাজার নয়, বরং বৈশ্বিক প্রতিযোগিতায় অবস্থান ধরে রাখার পরীক্ষাক্ষেত্র। প্রতিযোগী দেশগুলো যখন দ্রুত নীতি পরিবর্তন ও প্রণোদনা দিয়ে নিজেদের শক্ত করছে, তখন বাংলাদেশকে কৌশলগতভাবে এগোতে হবে। নইলে প্রতিযোগিতার চাপে ইউরোপে বাজার হারানোর শঙ্কা বাস্তবে রূপ নিতে পারে। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাজার বৈচিত্র্যকরণ এবং মূল্য সংযোজন বৃদ্ধি। শুধু পোশাকের ওপর অতিনির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে নতুন খাত যেমন টেকসই টেক্সটাইল, প্রযুক্তিনির্ভর উৎপাদন এবং পরিবেশবান্ধব পণ্য উন্নয়নে বিনিয়োগ করতে হবে। একইসঙ্গে ইইউর সঙ্গে নিজস্ব বাণিজ্য চুক্তি আলোচনায় গতি আনা জরুরি। বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে ইইউ বাজার সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সামপ্রতিক সময়ে প্রবৃদ্ধি কমে যাওয়ার পাশাপাশি ভারতের নতুন চুক্তি বাংলাদেশের জন্য দ্বিগুণ চাপ তৈরি করেছে। একদিকে উৎপাদন ব্যয় ও নীতিগত দুর্বলতা, অন্যদিকে প্রতিযোগীদের বাড়তি সুবিধা—এই দুইয়ের সমন্বয়ে বাংলাদেশের অবস্থান দুর্বল হয়ে পড়ছে।

  • ৪ হাজার রানের এলিট ক্লাবে বাটলার

    ৪ হাজার রানের এলিট ক্লাবে বাটলার

    অনলাইন ডেস্ক:     বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ হাজার রানের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের জশ বাটলার।

    চলমান বিশ্বকাপে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের তৃতীয় ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪ হাজার রান পূর্ণ করেন বাটলার।

    আজ কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে বাটলারের টি-টোয়েন্টি পরিসংখ্যান ছিল- ১৪৯ ম্যাচে ৩৯৯৭ রান। এ ম্যাচে ৪ বলে ৩ রান করে আউট হবার আগে ৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি।

    বাটলারের আগে টি-টোয়েন্টিতে ৪ হাজার রান করেছেন পাকিস্তানের বাবর আজম, ভারতের রোহিত শর্মা ও বিরাট কোহলি। ১৪১ ম্যাচে ৪৫৬৬ রান নিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড রয়েছে বাবরের দখলে।

    ১৫৯ ম্যাচে ৪২৩১ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রোহিত। তৃতীয় স্থানে থাকা কোহলির রান ১২৫ ম্যাচে ৪১৮৮।

  • চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

    চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

    অনলাইন ডেস্ক:    চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন সভায় সভাপতিত্ব করেন।

    অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নয়ন কুমার রাজবংশীর সঞ্চালনায় সভায় গত মাসের কার্যবিবরণী পাঠ করেন সহকারী কমিশনার আবদুর রউফ শিবলু।

    সভায় নির্বাচন পরবর্তী সময়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জেলার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তর আলোচনা করা হয়।

    এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমরা ইতোমধ্যেই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করেছি। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই চুয়াডাঙ্গায় নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। সারা বাংলাদেশে যেখানে ভোট পোলিং সংখ্যা ৬০ শতাংশ, সেখানে চুয়াডাঙ্গায় ভোট পোলিং হয়েছে ৭৬ শতাংশ। নির্বাচন পরবর্তী সময়ে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে পুলিশ। জেলার সার্বিক উন্নয়নের সকল দপ্তরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

    তিনি বলেন, আবাসিক ভবন ও সরকারি ভবনের মালিকদের সুয়ারেজ লাইন পৌরসভার ড্রেনেজের সঙ্গে যুক্ত করা যাবে না। এতে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

    সভায় সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ জানান, ৪৮তম বিসিএস এর মাধ্যমে জেলার ৩টি উপজেলায় ২১ জন ডাক্তার নিয়োগ দেয়া হবে। এতে প্রত্যন্ত অঞ্চলে মানুষের স্বাস্থ্য সেবার মানের উন্নয়ন ঘটবে।

    আলোচনা অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা হাদি জিয়া উদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, জেলা প্রাণিসম্পদ অফিসার শাহাবুদ্দিন আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী সুজাত কাজী, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীদ্র কুমার মণ্ডল, জেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি।