Category: প্রচ্ছদ

  • বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান

    বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান

    সাভারে বাংলাদেশ ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিকেএসপি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সেখানে নারী ফুটবলারদের সঙ্গে খেলাতেও অংশ নেন তিনি।

    গতকাল (সোমবার) জাইমা রহমানের ফুটবল খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি দেখে ফুটবলের প্রতি জাইমার অনুরাগের প্রশংসায় ভাসছেন নেটিজেনরা।

    সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করেছেন যে, বিশ্বকাপের এই সময়ে জাইমা রহমানের ভিডিওটিতে ফুটবলের প্রতি বাংলাদেশিদের ভালোবাসা যেনো গভীরভাবে ফুটে উঠেছে।

    এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘বিকেএসপি কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রতিষ্ঠানটি পরিদর্শনে গেছেন ব্যারিস্টার জাইমা রহমান। ক্রীড়া শিক্ষার্থীদের উৎসাহ দিতেই মূলত তিনি সেখানে যান। পরে প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ক্রীড়া প্রশিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন।

    ভাইরাল ভিডিওতে দেখা যায়, গোলবারের সামনে ‘ডি’ বক্সের কাছাকাছি থাকা এক নারী ফুটবলারকে প্রথমে বল পাস করেন তিনি। এরপর চমৎকার দক্ষতায় বল নিজের নিয়ন্ত্রণে রেখে আবারও পাসের মাধ্যমে সামনে এগিয়ে যান।

    একপর্যায়ে ডি বক্সের ভেতরে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জোরালো শটে বল জাল স্পর্শ করান জাইমা রহমান। বলের ওপর তার নিখুঁত নিয়ন্ত্রণ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ও দৃষ্টিনন্দন গোল করা দেখে মুগ্ধ হয়েছেন ফুটবলপ্রেমীরা।

    গতকাল সকাল ১০টায় ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে সাভারের শিমুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছান জাইমা রহমান। বিকেল পর্যন্ত তিনি সেখানেই ছিলেন।

    এ সময় জাইমা রহমান বিভিন্ন ক্রীড়া ভেন্যু ঘুরে দেখেন এবং বিকেএসপির কর্মকর্তা, প্রশিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে মিনি কনরফারেন্স কক্ষ পরিদর্শন করেন এবং জিমনেসিয়ামে ক্রীড়া প্রদর্শনী উপভোগ করেন।

    জাইমা রহমান ক্রিকেট ইনডোর সুবিধা, ক্রিকেট মাঠ এবং ফুটবল ভেন্যুর কৃত্রিম টার্ফ, বেইলম্যান হ্যাঙ্গার ও শুটিং ভেন্যু পরিদর্শন করেন। এছাড়া শিক্ষার্থীদের হোস্টেলে যান এবং তাদের সঙ্গেও কুশল বিনিময় করেন।

    এ সময় এমপি ফরিদা ইয়াসমিন, বিকেএসপির  মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাবুদ হাসান, প্রিন্সিপ্যাল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইমরান হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্সের অধ্যাপক নাসরিন সুলতানা, সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন।

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ দুপুর ১২ টা ২০ মিনিটে এ সভা শেষ হয়।

    এর আগে সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু হয়।

    প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান।

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সর্বশেষ একনেক সভা গত ৯ জুন অনুষ্ঠিত হয়।

  • বরগুনায় অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার

    বরগুনায় অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার

    বরগুনায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর জাতীয় প্রতিবেদন বিষয়ক এক সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

    সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।

    সেমিনারে বক্তব্য রাখেন বরগুনা জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ,বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ কর্মকার, কমিউনিটি রেডিও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল।

    অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিসংখ্যান কার্যালযের উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান।

    সেমিনারে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর জাতীয় প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং জেলার অর্থনৈতিক কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য, শিল্পপ্রতিষ্ঠান ও সেবাখাত সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়।

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী পরিসংখ্যান অফিসের পরিসংখ্যান কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসের পরিসংখ্যান তদন্তকারী মো. হাফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

  • হরমুজ প্রণালী শুক্রবার পুরোপুরি খুলে যাবে : ট্রাম্প

    হরমুজ প্রণালী শুক্রবার পুরোপুরি খুলে যাবে : ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে আবারও জাহাজ চলাচল শুরু হয়েছে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চুক্তি ঘোষণার পর শুক্রবারের মধ্যে এই গুরুত্বপূর্ণ নৌপথ পুরোপুরি উন্মুক্ত হবে।

    বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথটি পুনরায় চালু হওয়া, কয়েক মাসের প্রাণঘাতী সংঘাত ও অর্থনৈতিক অস্থিরতা নিরসনের পথে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

    গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর এই সংকটের সূচনা হয়েছিল।

    তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    ট্রাম্প সোমবার বলেন, ‘হরমুজ প্রণালী থেকে তেলবোঝাই অনেক জাহাজ চলাচল শুরু করেছে।’

    পরে তিনি আরও বলেন, এই নৌপথ খোলা রাখতে যুক্তরাষ্ট্রের ‘খুব বেশি সহায়তার প্রয়োজন হবে বলে মনে করি না।’

    সোমবার সন্ধ্যায় ইরানের গণমাধ্যম জানায়, তিনটি তেলবাহী ট্যাংকার ও পণ্যবাহী দুটি জাহাজ ওই এলাকা অতিক্রম করেছে, যা আগে মার্কিন নৌ অবরোধের আওতায় ছিল।

    যুদ্ধ শুরুর পর থেকেই ইরান হরমুজ প্রণালী অবরোধ করে রাখে। এতে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায় এবং দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে যাওয়া-আসার জাহাজ চলাচল বন্ধ করে দেয়।

    যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যস্থতাকারী পাকিস্তান জানায়, শান্তি চুক্তিটি শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হবে।

    তবে যুক্তরাষ্ট্র প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ইতোমধ্যেই ইলেকট্রনিকভাবে চুক্তির পাঠে স্বাক্ষর করেছেন।

    ওই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে এতে স্বাক্ষর করতে চেয়েছিলেন। কারণ তিনি এই প্রক্রিয়াকে সফল পরিণতিতে পৌঁছানোর প্রতি তার অঙ্গীকার প্রদর্শন করতে চেয়েছেন।’

    ফ্রান্সে জি-৭ সম্মেলনে চুক্তির পাঠ কবে প্রকাশ করা হবেÑ এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটি অত্যন্ত শক্তিশালী একটি দলিল। আমি চাই এটি প্রকাশ করা হোক। সম্ভবত খুব শিগগিরই।’

    ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, এই চুক্তির ফলে যুদ্ধের ‘তাৎক্ষণিক অবসান’ ঘটেছে। পাশাপাশি দুই মাসের মধ্যে একটি ‘চূড়ান্ত চুক্তি’ নিয়ে আলোচনা হবে।

    ইরানের সামরিক বাহিনী এই সমঝোতাকে বিজয় হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, এটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ‘অপমানিত’ করেছে। আর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একে অঞ্চলের জন্য ‘বড় অর্জন’ বলে বর্ণনা করেছেন।

    তবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুলনামূলক সতর্ক অবস্থান নেন।

    তিনি বলেন, ‘প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস আমাদের আছে। চুক্তি বাতিল হয়ে যাওয়ার ইতিহাসও আছে। এসব বিষয় আমাদের মনে রয়েছে।’

    -শর্ত নিয়ে অনিশ্চয়তা-

    চুক্তিটি কয়েক সপ্তাহের টানাপোড়েনপূর্ণ আলোচনা এবং নতুন করে সংঘাত শুরুর হুমকির পর এসেছে। তবে এর গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখনও স্পষ্ট নয়।

    ইরানের মুখপাত্র বাকাই বলেন, ওয়াশিংটন বিদেশে জব্দ থাকা ইরানের অর্থ ছাড় করতে ও যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

    এর আগে ইরানের মেহর সংবাদ সংস্থা জানায়, আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্র ১ হাজার ২০০ কোটি ডলারের জব্দকৃত সম্পদ মুক্ত করবে।

    বাকাই আরও বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তি হওয়ার পর তেহরান তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের জন্য উপস্থাপন করবে।

    তবে বিষয়টি বিতর্কের জন্ম দিতে পারে। কারণ ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচির সমাপ্তি ও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের বিষয়ে সমাধান চায়।

    যুক্তরাষ্ট্রের দাবি, গত বছরের হামলায় এসব মজুত ভূগর্ভে চাপা পড়ে গেছে।

    ট্রাম্প নিউইয়র্ক টাইমসকে বলেন, ইরান ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করবে কি না, তা নিয়ে এখনও আলোচনা চলছে।

    তবে তিনি ইঙ্গিত দেন, ১৫ বছরের মেয়াদেও তিনি রাজি হতে পারেন।

    বাকাই জানান, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে ইরান টোল নয়, সামুদ্রিক সেবা ফি আদায় করবে।

    চুক্তির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা দেয়।

    ব্যবসায়ীরা মনে করছেন, বিশ্বের মোট অপরিশোধিত তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ বহনকারী এই নৌপথ পুনরায় চালু হলে জ্বালানি সরবরাহের ওপর চাপ কমবে।

    যুদ্ধ শুরুর পর ব্যারেল প্রতি তেলের দাম ১১০ ডলারের বেশি ছাড়িয়ে গেলেও চুক্তির পর তা প্রায় ৫ শতাংশ কমে ৮০ ডলারের কাছাকাছি নেমে আসে।

  • ভোলায় পিআইবির সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু

    ভোলায় পিআইবির সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু

    জেলায় তিন দিনব্যাপী সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

    প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলার প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

    কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

    জেলা প্রশাসক সাংবাদিকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

    জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড.নজরুল হক অনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন।

    এ কর্মশালায় জেলার ৪০ জন সাংবাদিক অংশ নিয়েছেন। এতে অংশগ্রহণকারীদের আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা, এআই, ফ্যাক্ট চেকিং ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

    প্রশিক্ষণের শুরুতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    কর্মশালার প্রথম দিনে স্টোরিবোর্ড তৈরি, সেটিংস ও পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ দেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ সাহাবউদ্দিন।

  • কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

    কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

    খেলাধুলা ডেস্ক:  বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করেছে জার্মানী। অন্যদিকে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে জাপান।

    বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট দেশ কুরাসাও। হিউস্টনে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে তারা দারুন শুরু করেছিল। লিভানো কোমেনেন্সিয়া দ্রুত সমতা ফিরিয়ে এনে ক্যারিবীয় অঞ্চলের মাত্র ১ লাখ ৬০ হাজার জনসংখ্যার এই দেশের জন্য বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোলটি উপহার দেন।

    তবে এরপর জার্মানির শ্রেষ্ঠত্ব স্পষ্ট হয়ে ওঠে। ফেলিক্স এনমেচা জার্মানির হয়ে প্রথম গোল করেন এবং কেই হাভার্টজ দুই অর্ধে একটি করে গোল করেন, যার একটি ছিল পেনাল্টি থেকে।

    ৩৮ মিনিটে কর্নার থেকে আসা বলে হেডে গোল করেন নিকো শ্লটারবেক। তার গোলে আবারও এগিয়ে যায় জার্মানি। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান কেই হাভার্টজ। ফেলিক্স এনমেচাকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় জার্মানি। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন হাভার্টজ।

    বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জার্মানি। ৫২ মিনিটে জশুয়া কিমিচের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন জামাল মুসিয়ালা। তাতে ব্যবধান দাঁড়ায় ৪-১। এরপর কুরাসাওয়ের রক্ষণভাগ যেন ভেঙে পড়ে। ৬৮ মিনিটে পঞ্চম গোলটি করেন লেফটব্যাক নাথানিয়েল ব্রাউন। ১০ মিনিট পর গোলদাতাদের তালিকায় নাম লেখান ডেনিজ উনদাভ। জার্মানদের গোল উৎসব শেষ হয় ম্যাচের শেষ দিকে। হাভার্টজ নিজের দ্বিতীয় ও দলের সপ্তম গোলটি করলে স্কোরলাইন দাঁড়ায় ৭-১।

    বিশ্বকাপে গৌরবময় ইতিহাস থাকা সত্ত্বেও সাম্প্রতিক আসরগুলোতে জার্মানি সংগ্রাম করেছে। ২০১৪ সালে শিরোপা জযয়ের পর এবারই প্রথম তারা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেল।

    জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেন, “তারা সমতা ফেরানোর পর খেলায় ফিরতে আমাদের কয়েক মিনিট সময় লেগেছে। কুরাসাও ভালো ফুটবল খেলতে পারে, যেমনটা আমরা দেখেছি। গ্রুপের পরবর্তী ম্যাচগুলোতে তারা কেমন করে, তা দেখার অপেক্ষায় আছি।”

    তিনি আরও বলেন, “আমরা সাতটি গোল করেছি এবং বেশিরভাগ সময় দারুণ খেলেছি, এতে আমি খুবই সন্তুষ্ট। বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে করা সবসময়ই গুরুত্বপূর্ণ, আর আমরা সেটা করতে পেরেছি বলে খুশি।”

    কুরাসাও এখন আশা করবে যে গ্রুপ ‘ই’-তে তাদের বাকি দুই ম্যাচ- ইকুয়েডর ও আইভরি কোস্টের বিপক্ষে আরও ভালো ফল করতে।

    তাদের ৭৮ বছর বয়সী ডাচ কোচ ডিক অ্যাডভোকাট বলেন, “এমন একটি দলের বিপক্ষে এভাবে হারাটা লজ্জার কিছু নয়।”

    রোবারের অন্য ম্যাচে জাপান দুবার পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র করে।

    টেক্সাসের আর্লিংটনে ডালাস কাউবয়েজ স্টেডিয়ামে ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডিক দুর্দান্ত হেডে দলকে এগিয়ে দেন। তবে কেইতো নাকামুরা দ্রুত সমতা ফেরান। এরপর এক ঘণ্টা পার হওয়ার পর উইঙ্গার ক্রিসেনসিও সামারভিল চমৎকার কার্লিং শটে আবারও নেদারল্যান্ডসকে এগিয়ে দেন।

    কিন্তু ম্যাচের ৮৯তম মিনিটে দাইচি কামাদার ডিফ্লেক্টেড শট থেকে জাপান সমতাসূচক গোল পেয়ে মূল্যবান এক পযয়েন্ট নিশ্চিত করে।

    ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘ই’-এর আরেক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের আমাদ দিয়ালেল্লার ৯০তম মিনিটের শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্ট ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারায়।

    রোববারের শেষ ম্যাচে মেক্সিকোর মন্টেরেতে গ্রুপ ‘এফ’-এ সুইডেন দুর্দান্ত ফুটবল খেলে তিউনিসিয়াকে ৫-১ গোলে পরাজিত করে।

    নেশন্স লিগে পারফরম্যান্সের সুবাদে প্লে-অফ পেরিয়ে বিশ্বকাপে আসা সুইডেন উত্তর আফ্রিকার দলটিকে পুরো ম্যাচজুড়ে চাপে রাখে। ইয়াসিন আয়ারি দুটি গোল করেন। সাথে আলেকজান্ডার ইসাক, ভিক্টর গিওকেরেস ও ম্যাতিয়াস সাভেনবার্গ একটি করে গোল যোগ করেন।