Category: প্রচ্ছদ

  • আইভীর জামিন আবেদন নামঞ্জুর

    আইভীর জামিন আবেদন নামঞ্জুর

    নিউজ ডেস্ক:   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুরের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।

    সোমবার (১২ মে) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমানের আদালত এ আদেশ দেন। তবে এ সময় আইভীর আইনজীবীরা কারাগারে ডিভিশনের জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

    আইভীর আইনজীবীরা জানান, জুলাই আন্দোলন চলাকালে আইভী কখনই মাঠে নামেননি। শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে দেয়া হলেও, আইভীকে গ্রেফতারে আপত্তি জানান তারা।

    অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা জামিন চেয়েছিলাম। তবে আদালত তা মঞ্জুর করেননি। এ সময় উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে বলেও জানান তিনি।

    এর আগে, গত বৃহস্পতিবার রাতে সেলিনা হায়াত আইভীর বাড়িতে অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানায় গার্মেন্টস শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে আদালত তাকে জেল হাজতে পাঠান।

  • মোদিকে রাহুলের সংসদে বিশেষ অধিবেশনের আহ্বান

    মোদিকে রাহুলের সংসদে বিশেষ অধিবেশনের আহ্বান

    আন্তর্জাতিক ডেস্ক:  পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তিনি সংসদের বিশেষ অধিবেশন ডাকতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান। খবর এনডিটিভি‘র।

    রাহুল গান্ধি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বিরোধী দলগুলোর পক্ষ থেকে সংসদের বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ পুনর্ব্যক্ত করছি। পেহেলগামের জঙ্গি হামলা, অপারেশন সিন্ধুর ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হওয়া জরুরি। দেশের মানুষের প্রতিনিধি হিসেবে আমাদের ঐক্য দেখানোও প্রয়োজন।’

    রাজ্যসভায় বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও একই অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। তিনি বলেন, ‘২৮ এপ্রিল আমি ও রাহুল গান্ধি আপনাকে চিঠি দিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ জানিয়েছিলাম। পেহেলগামের নৃশংস হামলার প্রেক্ষিতে এই আলোচনা জরুরি।’

    তিনি আরও লেখেন, ‘যুদ্ধবিরতির ঘোষণাটি প্রথমে এসেছে ওয়াশিংটন ডিসি থেকে। পরে ভারত ও পাকিস্তান সরকার সেটি নিশ্চিত করে। এই প্রেক্ষাপটে আমি রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধির আহ্বানকে সমর্থন জানাচ্ছি।’

    পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছিল। এরপর পাকিস্তান ও পিওকে-তে চালানো হয় বিমান হামলা, যেটিকে ‘অপারেশন সিন্ধুর’ বলা হয়েছে। প্রধানমন্ত্রীর সেই বৈঠকে উপস্থিত না থাকাটা সমালোচনার কারণ হয়েছে। তবে সেই বৈঠকে বিরোধীরা সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছিল।

    এদিকে হঠাৎ করেই যুদ্ধবিরতির ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে। তিনি ট্রুথ সোস্যালে লেখেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শুভবুদ্ধি ও বুদ্ধিমত্তার জন্য দুই দেশকে অভিনন্দন।’

  • পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন

    আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।

    রোববার (১১ মে) এক্স-এ দেওয়া এক পোস্টে শাহবাজ লেখেন, ‘বিশ্ব শান্তির জন্য ট্রাম্পের অগ্রণী নেতৃত্ব ও অঙ্গীকারের জন্য আমি কৃতজ্ঞ। তিনি দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি আনতে বড় ভূমিকা রাখছেন এবং আরও সক্রিয় হতে চেয়েছেন। যা অত্যন্ত প্রশংসনীয়।’

    তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট ট্রাম্পের মাধ্যমে পাকিস্তান একজন প্রকৃত অংশীদার পেয়েছে। এই অংশীদারিত্ব শুধু বাণিজ্য ও বিনিয়োগেই সীমাবদ্ধ থাকবে না, বরং সব ধরনের সহযোগিতার ক্ষেত্রেই শক্তিশালী হবে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক।’

    এরআগে ট্রাম্প এক ঘোষণায় জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপরই পাকিস্তানের তরফে ধন্যবাদ জানান দেশটির শীর্ষ নেতারা।

    এদিকে ভারতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের ভূমিকা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কোনো মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি।

  • সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের স্ট্যাটাস

    সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের স্ট্যাটাস

    নিউজ ডেস্ক:  সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। নতুন এ অধ্যাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের সব প্রচার-প্রচারণা নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    রোববার (১১ মে) নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি এ বিষয়ে জানান।

    ফেসবুক পোস্টে ক্রীড়া উপদেষ্টা লেখেন, আওয়ামী লীগের পক্ষে বা সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিকমাধ্যম বা অন্য যেকোনো মাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা-সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করবে।

    এর আগে, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তার এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

    রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই খসড়া অনুমোদন করা হয়।

  • অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না ক্রিকেটার মোহাম্মদ সালমান হোসেন

    অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না ক্রিকেটার মোহাম্মদ সালমান হোসেন

    খেলাধুলা ডেস্ক:  অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা খুলনা বিভাগের প্রথম শ্রেণির ক্রিকেটার মোহাম্মদ সালমান হোসেন।

    গত ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগেই ইনজুরিতে পড়েন ডানহাতি এই পেসার। তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। চিকিৎসকেরা তাকে সার্জারির পরামর্শ দিয়েছেন, যার জন্য প্রয়োজন অন্তত ৪ লক্ষ টাকা। তবে এনসিএলের বেতন কাঠামোর বাইরে থাকা সালমানের পক্ষে এই ব্যয় বহন করা কঠিন। অসহায় অবস্থায় সালমান সাহায্যের আবেদন জানিয়েছেন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে।

    উল্লেখ্য, সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার কথা ছিল তার।

  • ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে ইরান

    ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে ইরান

    আন্তর্জাতিক ডেস্ক:  ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী উত্তেজনার পর ঘোষিত যুদ্ধবিরতিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে ইরান। স্থানীয় সময় শনিবার (১০ মে) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক বিবৃতিতে বলেন, ‘এই যুদ্ধবিরতি অঞ্চলে উত্তেজনা কমাতে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

    দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, ভারত ও পাকিস্তানের নেতাদের এই সিদ্ধান্তকে দায়িত্বশীল ও দূরদর্শী পদক্ষেপ’ হিসেবে আখ্যা দেন এবং আশা প্রকাশ করেন, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে।

    ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি ভয়াবহ মোড় নেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে মধ্যস্থতা করেন।  যুক্তরাষ্ট্রের উদ্যোগে শনিবার দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।  ট্রাম্প এই যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক ও বীরোচিত’ পদক্ষেপ বলে উল্লেখ করেন এবং কাশ্মীর সমস্যা সমাধানে ভবিষ্যতে কাজ করার ঘোষণা দেন।