Category: প্রচ্ছদ

  • দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

    দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

    নিউজ ডেস্ক:  সুস্থভাবে দেশে ফিরতে পারায় দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া— এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    মঙ্গলবার (৬ মে) রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় ব্রিফিংয়ে একথা জানিয়েছেন তিনি।

    ডা. জাহিদ হোসেন বলেন, দেশে ফিরতে খালেদা জিয়াকে দীর্ঘ ১৭ ঘণ্টার ভ্রমণ করতে হয়েছে। এতে শারীরিকভাবে ক্লান্তি থাকলেও মানসিকভাবে সুস্থ রয়েছেন তিনি। বিএনপি চেয়ারপারসন এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান বলেও উল্লেখ করেন তিনি।

    ডা. জাহিদ আরও বলেন, চার মাস আগে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি। এইসময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিভিন্ন সংস্থার কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রাণালয়সহ আইনশৃঙ্খলা-বাহিনীর সদস্য ও দেশের মানুষ নানাভাবে ভূমিকা পালন করেছেন। তাই সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়া।

    উল্লেখ্য, মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ সময় গাড়ি থেকে নেমে হেঁটে বাসায় ঢোকেন তিনি।

  • এবার পবিত্র ঈদুল আজহায় ছুটি মোট ১০ দিন

    এবার পবিত্র ঈদুল আজহায় ছুটি মোট ১০ দিন

    নিউজ ডেস্ক:    এবার পবিত্র ঈদুল আজহায় সাধারণ ছুটিসহ মোট ১০ দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের মানুষ। মঙ্গলবার (৬ মে) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

    সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার ১০ দিনের ছুটির সমন্বয়ে আগামী ১৭ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে। সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়াও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় দেশের চলমান পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

    অন্যদিকে, বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিস্তারিত জানাবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

  • জামায়াত নেতার বাড়িতে হামলা ও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

    জামায়াত নেতার বাড়িতে হামলা ও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

    স্টাফ রিপোট :  গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জাহাঙ্গীর আলম (৫৭) নামে এক জামায়াত নেতার বাড়িতে হামলা ও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারসহ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার।

    সোমবার (৫ মে) দুপুরে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের বাড়ির উঠানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীর মিয়া জামালপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের (জামায়াতে ইসলামীর সাথে সংযুক্ত) সাবেক সভাপতি।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলমের ছেলে ইমরান মিয়া বলেন, রাজনৈতিক ও পূর্ব বিরোধের জেরে গত ২৮ এপ্রিল দিবাগত রাতে জামালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়ার নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাসায় হামলা করে। হামলাকারীদের মধ্যে আরও আছেন হোসেন আলী ফকির, আমজাদ মিয়া, আব্দুল জোব্বার, আতাউর মিয়া ও মোকাব্বর মিয়াসহ অজ্ঞাত আরও ৭-৮ জন।

    পরে আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে বসতঘর ও গোয়ালঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে দুটি ঘর, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এবং একটি গরু মারা যায়। এছাড়াও তার বাবা জাহাঙ্গীর আলম দগ্ধ হয়ে এখনও হাসপাতালে ভর্তি আছেন বলেও জানান তিনি।

    সংবাদ সম্মেলনে ইমরান মিয়া আরও বলেন, তার বাবাসহ পরিবারের লোকজন জামায়াতের রাজনীতির সাথে জড়িত। এ কারণে পরিকল্পিতভাবে এ ঘটনাটি ঘটানো হয়।

    তিনি আরও জানান, প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করলেও এখনও মামলা নেয়নি পুলিশ। এ সময় দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

    এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি অভিযুক্ত শহিদুল ইসলাম ও জাহাঙ্গীর মিয়াকে। এ সময় তাদের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

    সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, জামায়াত নেতা জাহাঙ্গীর মিয়ার বাড়িতে হামলা ও আগুনের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

  • ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শুল্ক বৃদ্ধি বাস্তবায়িত হলে থাইল্যান্ডের রফতানিতে বছরে ২৪ বিলিয়ন ডলার ক্ষতির আশংকা

    ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শুল্ক বৃদ্ধি বাস্তবায়িত হলে থাইল্যান্ডের রফতানিতে বছরে ২৪ বিলিয়ন ডলার ক্ষতির আশংকা

    আন্তর্জাতিক ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক বৃদ্ধি বাস্তবায়িত হলে থাইল্যান্ডের রফতানিতে বছরে ২৪ বিলিয়ন ডলার (প্রায় ২.৪ লক্ষ কোটি টাকা) ক্ষতি হতে পারে। সোমবার (৫ মে) জাপানিজ গণমাধ্যম নিক্কেই এশিয়া এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে দেশটির ইলেকট্রনিক্স, অটো পার্টস ও কৃষি পণ্য রফতানিতে এই শুল্কের প্রভাব পড়তে পারে বলে জানানো হয়েছে।

    ব্যবসায়িক সংগঠন সতর্ক করে দিয়ে বলেছে, এভাবে চলতে থাকলে মুদ্রাস্ফীতি সমস্যায় পড়বে থাইল্যান্ড। এছাড়াও আমদানি-রফতানি খাতে ক্ষতি কাটানো সম্ভব হবে না।

    ওয়াশিংটনের ব্যাপক শুল্ক নীতির আওতায় থাইল্যান্ডের রফতানিকৃত পণ্যের ওপর ৩৬% শুল্ক আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে থাইল্যান্ড সরকার ৯০ দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে বাধ্য হয়েছে।

    প্রাথমিক হিসাবে, এই শুল্ক নীতির প্রভাবে থাইল্যান্ডের বার্ষিক রপ্তানি আয়ে ২.৪ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে মার্কিন বাজারে থাই রাবার, কম্পিউটার কম্পোনেন্ট এবং ক্যানড ফুডের রফতানি মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

  • বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এসেছে

    বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এসেছে

    নিউজ ডেস্ক:  রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    জানা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ৫০ মিনিটের চেষ্টায় ৭ টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সিরাজ টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের তৎপরতায় ভবনের ছাদ থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। এরমধ্যে পুরুষ ৭ জন, মহিলা ৯ জন এবং শিশু ২ জন

    উল্লেখ্য, গত বছরে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন ৪৬ জন।

  • শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু

    শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু

    বিনোদন ডেস্ক:    রাজশাহীতে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে। শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামের এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে।

    শনিবার (৩ মে) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক রায়হান রাফী।

    তিনি জানান, মনির দুপুরের দিকে শট দিয়েছিল। এরপর সবার সঙ্গে স্বাভাবিকভাবে গল্প করছিল। হঠাৎ করেই দুই-এক ঘণ্টা পর তার শরীর খারাপ করে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    রাফী বলেন, অল্প বয়সে এমন মৃত্যু খুবই কষ্টদায়ক। আমরা তার মরদেহ ঢাকায় তার পরিবারের কাছে পাঠিয়েছি এবং তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো।

    শুটিং ইউনিটের সদস্যদের ধারণা, সকালেই মনির স্ট্রোক করেছিলেন। সে বিষয়টি কাওকে জানায়নি। কারও সঙ্গে অসুস্থতা বা অস্বস্তির কথাও বলেননি তিনি।

    মনির ঢাকার নারায়ণগঞ্জে বসবাস করতেন এবং কয়েক বছর ধরেই চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন। তিনি সহকারী ফাইট ডিরেক্টর নেপালীর সঙ্গে নিয়মিত কাজ করতেন।