Category: প্রচ্ছদ

  • চট্টগ্রামের কেইপিজেড এলাকায় পাহাড় ধসে দুই শিশু নিহত

    চট্টগ্রামের কেইপিজেড এলাকায় পাহাড় ধসে দুই শিশু নিহত

    স্টাপ রিপোর্ট : চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড) এলাকায় পাহাড় ধসে দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে কেইপিজেডের বৈরাগ এলাকার এ ঘটনা ঘটে।

    নিহত শিশুরা হলো, আব্দুর রহিমের ছেলে রোহান, ইমরান হোসেনের ছেলে মিসবাহ। আহতরা হলো, মোস্তাক মিয়ার ছেলে সিয়াম ও আবুল কাশেমের ছেলে সিফাত।

    স্থানিয়রা জানান, বৃহস্পতিবার সকালে ওই পাহাড়ের পাদদেশে শিশুরা ফুটবল খেলছিল। এ সময় হঠাৎ চারজন শিশুর উপর পাহাড় ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন শিশু মারা যায়। আহত হয় দুইজন শিশু।

    তারা আরও জানান, কেইপিজেড এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কাটার ফলে আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থা ছিল। গতরাতের বৃষ্টিতে পাহাড়ের মাটি আরও নরম হয়ে যায়। এর ফলে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।

  • নারায়ণগঞ্জের টেক্সটাইল মিলে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ

    নারায়ণগঞ্জের টেক্সটাইল মিলে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ

    স্টাফ রিপোর্ট :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এতে ওই মিলের এক কর্মকর্তাসহ তিনজন দগ্ধ হয়েছেন।

    বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে আটটার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    দগ্ধরা হলেন– কারখানার সিনিয়র অফিসার সাইফুল ইসলাম (২৫), নিরাপত্তা কর্মী আব্দুল হান্নান (৫২) এবং কবির হোসেন (৪৫)।

    তিনজনের অবস্থাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

    শিল্পাঞ্চল পুলিশ জানায়, ‘মঞ্জু টেক্সটাইল অ্যান্ড ডাইং কারখানা’র গ্যাস কন্ট্রোল রুমে হঠাৎই বিকট শব্দে রাইজার বিস্ফোরণ হয়। এতে প্রতিষ্ঠানের একটি ভবনে আগুন লেগে যায়। এ সময় দগ্ধ হন কারখানার সিনিয়র অফিসার সাইফুল ইসলামসহ দুই নিরাপত্তা কর্মী। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানা বন্ধ থাকায় গ্যাসের চাপ সৃষ্টি হয়ে বিস্ফোরণ ঘটেছে। মে দিবস উপলক্ষ্যে কারখানাটি আজ বন্ধ ছিল।

  • লাইন অব কন্ট্রোলে গোলাগুলি হয়েছে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মাঝে

    লাইন অব কন্ট্রোলে গোলাগুলি হয়েছে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মাঝে

    আন্তর্জাতিক ডেস্ক: লাগাতার সপ্তম রাতের মতো লাইন অব কন্ট্রোলে গোলাগুলি হয়েছে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মাঝে। বুধবার (৩০ এপ্রিল) রাতে কুপওয়ারা, উরি এবং আখনুর সেক্টরের বিভিন্ন এলাকায় চলে এই পাল্টাপাল্টি গুলিবর্ষণ।

    বৃহস্পতিবার (১ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সেনাবাহিনী। তবে এতে হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।

    নয়াদিল্লির অভিযোগ, সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রথমে গুলি চালায় পাক সেনারা। জবাবে পাল্টা গুলি ছোঁড়ে ভারতীয় সেনারা।

    এর আগে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় প্রতিবেশী দু’দেশের সম্পর্কে। এরপর থেকেই নিয়মিত প্রতিরাতে গোলাগুলি হচ্ছে দু’পক্ষের মধ্যে।

  • শ্রমিকদের অবস্থা আগের মতো থাকলে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে না: প্রধান উপদেষ্টা

    শ্রমিকদের অবস্থা আগের মতো থাকলে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে না: প্রধান উপদেষ্টা

    নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের পহেলা মে ভিন্ন। কারণ ছাত্র-শ্রমিক-জনতার আকাঙ্খা নিয়ে নতুন বাংলাদেশ যাত্রা শুরু করেছে। কিন্তু শ্রমিকদের অবস্থা আগের মতো থাকলে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে না।

    বৃহস্পতিবার (১ মে) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    প্রধান উপদেষ্টা বলেন, সব পক্ষের অংশীদারিত্বের শ্রম সংস্কার কমিশন তৈরি হয়েছে। কমিশনের প্রতিবেদন দেখে ব্যক্তিগতভাবে অভিভূত হয়েছি। প্রতিবেদনটি বাস্তবায়িত হলে নতুন বাংলাদেশের ভিত্তি গড়তে পারবো। এ সময় শ্রমিকের অধিকার আদায় না হলে অভ্যুত্থানের স্বপ্ন পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি আরও বলেন, পোশাক, পরিবহন, প্রযুক্তিসহ প্রতিটি খাতে শ্রমিকের পরিশ্রম ও মালিকের মেধা রয়েছে। শ্রমিকরা যাতে উদ্যোক্তা হওয়ার সুযোগ পায় সেটি দেখতে হবে। শ্রমিকদের কল্যাণে ২০০৬ সালের শ্রম আইন সংশোধন করা হয়েছে। ৪৪টি সেক্টরে ন্যূনতম মজুরি ঠিক করা হয়েছে। এছাড়া, শ্রম আদালতকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার। এ সময় ১১৩ তম শ্রম সম্মেলনে বাংলাদেশ যোগদান করবে বলেও জানান তিনি।

    শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ জানান, অন্তর্বর্তী সরকার শ্রমিকদের নিয়ে নতুন করে কাজ শুরু করেছে। দক্ষতা অনুযায়ী কর্মসংস্থান অধিদফতর তৈরি করা হচ্ছে। সারাদেশে শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে সংস্কার বাস্তবায়নের কাজ শুরু হবে বলেও জানান তিনি।

  • মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার

    মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার

    স্টাফ রিপোর্ট :   গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন এক বাবা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

    নিহত আনোয়ার হোসেন (২৫) ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ঘাতক বাবা মোহাম্মদ আলী একই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

    শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, সাত-আট বছর আগে ছেলেকে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়াতে পাঠান তার বাবা। সেখান থেকে ফিরে এসে মাদকাসক্ত হয়ে উঠলে ছেলেকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে আবারও তাকে মালয়েশিয়া পাঠানো হয়।

    তিনি আরও জনান, বছরখানেক আগে মালয়েশিয়া থেকে আবার ফিরে আসে নিহত আনোয়ার হোসেন। দেশে ফিরে আর কোনও কাজ করতেন না তিনি। সেইসাথে বাবার জমানো ৮ লাখ টাকাও খরচ করে ফেলে। এরপর বাবার কাছে আবার টাকা চাইলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং সম্পর্কের অবনতি ঘটে। সবশেষ বাবার অজান্তে পুকুরের মাছ বিক্রি করে দিলে পিতা-পুত্রের দ্বন্দ্ব চরমে পৌঁছে।

    একপর্যায়ে গতকাল মঙ্গলবার বিকেলে বাবার গোয়ালঘরে থাকা ১১টি গরুকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে ছেলে। এ সময় বাবা গিয়ে বাধা দিলে তাকেও মারধর করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

    তাতে ক্ষোভের বশবর্তী হয়ে গভীর রাতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করে পিতা এবং নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে। এরপর ঘাতক বাবাকে হেফাজতে নেয়া হয়।

    পরবর্তীতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • ভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া করলো পাকিস্তানি ফাইটার জেট

    ভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া করলো পাকিস্তানি ফাইটার জেট

    আন্তর্জাতিক ডেস্ক:   এবার লাইন অব কন্ট্রোলে ভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া করলো পাকিস্তানের ফাইটারজেট। মঙ্গলবার (২৯ এপ্রিল) মধ্যরাতে জম্মু-কাশ্মিরে দু’দেশের সীমান্তরেখা লাইন অব কন্ট্রোলে এ ঘটনা ঘটে।

    নিরাপত্তা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এমনটা দাবি করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম পিটিভি নিউজ।

    গণমাধ্যমটি জানিয়েছে, আকাশসীমা লঙ্ঘন না করলেও নিয়ন্ত্রণরেখার খুবই কাছে টহল দিচ্ছিলো যুদ্ধবিমানগুলো। যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করেনি।

    তবে, পাকিস্তান বিমানবাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে। তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

    এই ঘটনায় কয়েকঘণ্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গণমাধ্যমকে জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত।

    উল্লেখ্য, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর গত এক সপ্তাহ ধরেই পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে উত্তেজনা ছড়াচ্ছেন দুই দেশের রাজনীতিবিদরা। সরকারকে সরাসরি যুদ্ধে জড়ানোর উসকানিও দিচ্ছেন কেউ কেউ।

    মূলত, দেশভাগের পর থেকেই বৈরি সম্পর্ক দুই দেশের মধ্যে। সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে প্রতিবেশী দুই দেশের শত্রুতা পৌঁছেছে নতুন মাত্রায়।