Category: প্রচ্ছদ

  • প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে, লঞ্চ রুট দিয়েই আজ লাখো মানুষ ফিরেছে ঢাকায়

    প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে, লঞ্চ রুট দিয়েই আজ লাখো মানুষ ফিরেছে ঢাকায়

    নিউজ ডেস্ক:  প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে, লঞ্চ রুট দিয়েই আজ লাখো মানুষ ঢাকায় ফিরেছেন। শনিবার (৫ এপ্রিল) ভোর চারটা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে বরিশাল অঞ্চলসহ বিভিন্ন রুটের লঞ্চগুলো। প্রতিটি লঞ্চই ছিল যাত্রীবোঝাই।

    ঈদের লম্বা ছুটি নিয়ে এবারের ঈদযাত্রা বেশ নির্বিঘ্ন ছিল বলে জানান যাত্রীরা। ভাড়া নিয়ে ছিল না কোনো অভিযোগ। খুব অল্প সময়ে বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে পেরে আনন্দ প্রকাশ করেন অনেকে।

    তবে বিপত্তি বাধে সদরঘাট টার্মিনাল থেকে রাজধানীর ভেতরে ঢোকার সময়। লাখো যাত্রী আর যত্রতত্র বাস ও গাড়ি রাখার কারণে সদরঘাট এলাকায় সৃষ্টি হয় তীব্র বিশৃঙ্খলা। ওই এলাকা পার হতে লেগে যায় ঘণ্টারও বেশি সময়। উপায় না দেখে অনেকেই লাগেজ-ব্যাগ নিয়েই হেঁটে গুলিস্তানের দিকে রওনা হন।

  • দুই বছরের জন্য বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ বাংলাদেশের

    দুই বছরের জন্য বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ বাংলাদেশের

    নিউজ ডেস্ক:  আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

    শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক নেতাদের সঙ্গে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতারা (সরকার প্রধানরা) সর্বসম্মতিক্রমে ব্যাংকক ঘোষণাপত্র এবং বিমসটেক ব্যাংকক ভিশন গ্রহণ করেছেন, যা একটি কৌশলগত রোডম্যাপ। এটি সংগঠনটিকে টেকসই উন্নয়ন এবং গভীর অর্থনৈতিক একীকরণের দিকে পরিচালিত করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    থাইল্যান্ডের ব্যাংককে চলমান ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের শেষে এই দায়িত্ব হস্তান্তর করা হয়। এ বছর শীর্ষ সম্মেলনের আয়োজন করা থাইল্যান্ডের কাছ থেকে দায়িত্ব বুঝে নেয় বাংলাদেশ।

    উল্লেখ্য, বিমসটেকের সনদ অনুসারে, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে চেয়ারম্যানের পদ বর্ণানুক্রমিকভাবে আবর্তিত হয়। এ সম্মেলনে মূলত সাত সদস্যের আঞ্চলিক ব্লক: বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের নেতারা ‘সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত বিমসটেক’ থিমের অধীনে গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

    আজ শীর্ষ সম্মেলন শুরু হয় অংশগ্রহণকারী নেতাদের একটি প্রতীকী গ্রুপ ছবির মাধ্যমে। এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অর্থাৎ বিদায়ী বিমসটেক সভাপতি স্বাগত ভাষণ দেন। এছাড়া মিয়ানমার এবং থাইল্যান্ডে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    এরপর, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য বিমসটেক নেতারা আঞ্চলিক সহযোগিতার বিষয়ে তাদের দেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বিবৃতি প্রদান করেন।

  • ভুটান প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক

    ভুটান প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক

    নিউজ ডেস্ক: ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

    শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

    এর আগে, প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এছাড়া অধ্যাপক ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গেও বৈঠক করেন।

    এরআগে গতকাল থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ভারাওয়াত সিল্পা-আর্চা এবং প্রধানমন্ত্রী কার্যালয় সংশ্লিষ্ট মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই গতকাল অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

  • দুর্নীতির বিরুদ্ধে যৌথ লড়াইয়ে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষর

    দুর্নীতির বিরুদ্ধে যৌথ লড়াইয়ে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষর

    নিউজ ডেস্ক:  বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং থাইল্যান্ডের ন্যাশনাল অ্যান্টি-করাপশন কমিশন (এনএসিসি) দুর্নীতি প্রতিরোধ এবং মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

    শুক্রবার (৪ এপ্রিল) দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং NACC প্রেসিডেন্ট সুচার্ত ত্রাকুলকাসেমসুক নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

    ব্যাংককের থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারক উভয় দেশকে দুর্নীতির বিরুদ্ধে আরও কার্যকরভাবে লড়াই করতে সহায়তা করবে। তিনি বলেন, অনেক বাংলাদেশি দুর্নীতিবাজ প্রতিবেশী কিছু দেশে আশ্রয় নিয়েছে। আমরা বিশ্বাস করি এই সমঝোতা স্মারক তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে সহায়ক হবে।

    এই সমঝোতা স্মারক জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের ৪৮ নম্বর অনুচ্ছেদের আলোকে স্বাক্ষরিত হয়েছে। যেখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার জন্য রাষ্ট্রগুলোকে উৎসাহিত করা হয়েছে।

    সমঝোতা স্মারক অনুযায়ী, বাংলাদেশ ও থাইল্যান্ড দুর্নীতি প্রতিরোধে প্রাসঙ্গিক প্রাথমিক তথ্য আদান-প্রদান, তথ্য সংগ্রহে সেরা পদ্ধতির শেয়ারিং, তথ্য বিনিময়, যৌথ প্রকল্প গ্রহণ, গবেষণা ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করবে।

  • ড. ইউনূস-নরেন্দ্র মোদি বৈঠক

    ড. ইউনূস-নরেন্দ্র মোদি বৈঠক

    নিউজ ডেস্ক:  থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আলোচনায় বসেন এই দুই নেতা।

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে খুবই ফলপ্রসূ ও গঠনমূলক একটি বৈঠক হয়েছে। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া, বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট ইস্যুগুলো নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে সীমান্তে হত্যা, তিস্তা চুক্তি।

    তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারেও আলোচনা হয়েছে। ভারতে বসে তিনি বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন সে বিষয়েও কথা হয়েছে।

    গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ঢাকা-দিল্লি সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আজ প্রথমবারের মতো ড. ইউনূস ও নরেন্দ্র মোদি আলোচনায় বসলেন।

    এর আগে, গতকাল বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে ড. ইউনূসের ও নরেন্দ্র মোদির সাক্ষাৎ হয়। নৈশভোজে একই টেবিলে তারা পাশাপাশি বসেন।

  • চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে  ১১

    চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১

    স্টাফ রিপোর্ট : চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত তাসনিম ইসলাম প্রেমা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ১১ জনে।

    শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেলের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত প্রেমা ঢাকা কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থি ছিলেন।

    চিকিৎসকরা জানান, আহত তাসনিম ইসলাম প্রেমাকে হাসপাতালে আনতে দেরি হয়েছিল। ফলে সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি।

    গত বুধবার (২ এপ্রিল) সকালে চট্টগ্রামের লোহাগড়ার উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রেমার বাবা, মা, ছোট দুই বোন ও ফুফাতো বোনসহ ৭ জন মারা যায়। পরে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়।