Category: প্রচ্ছদ

  • পঞ্চগড় জেলার সদর উপজেলায় ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক

    পঞ্চগড় জেলার সদর উপজেলায় ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক

    স্টাফ রিপোর্ট :পঞ্চগড় জেলার সদর উপজেলায় ৬ কেজি গাঁজাসহ হাসিনুর রহমান (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ।

    এর আগে, সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে সেনাবাহিনী ও পঞ্চগড় মাদকদ্রব্য অধিদফতরের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত মাদকের মূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত হাসিনুর সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের আমলাহার এলাকার দিলদার আলীর ছেলে।

    এদিকে, অভিযান চালানোর সময় লিমন (২২) নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে। পলাতক লিমন একই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

    অভিযান সূত্রে জানা যায়, হাসিনুর ও লিমন দীর্ঘদিন ধরে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের আমলাহার এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। পরে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে হাসিনুরকে আটক করা গেলেও লিমন পালিয়ে যায়।

  • রাষ্ট্রপতির শাসন জারির পর আবারও উত্তপ্ত ভারতীয় রাজ্য মণিপুর

    রাষ্ট্রপতির শাসন জারির পর আবারও উত্তপ্ত ভারতীয় রাজ্য মণিপুর

    আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রপতির শাসন জারির পর আবারও উত্তপ্ত ভারতীয় রাজ্য মণিপুর। উপজাতি অধ্যুষিত পার্বত্য অঞ্চলে কুকি-জো সম্প্রদায়ের ডাকে রোববার (৯ মার্চ) থেকে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট।

    যা ঘিরে সহিংসতা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে। কাংপোকপি জেলায় পুলিশের সঙ্গে কুকি বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন। আহত হয়েছেন অন্তত ৪০ জন, যাদের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য ও একাধিক নারী। খবর টাইমস অব ইন্ডিয়ার।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে সহিংসতাপ্রবণ এলাকাগুলোয় মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা। ৪৮ ঘণ্টার অভিযানে আটক করা হয়েছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কমপক্ষে ১৭ জনকে।

    উল্লেখ্য, গত মাসে মুখ্যমন্ত্রী বিরেন সিংয়ের পদত্যাগের পর রাষ্ট্রপতি শাসন জারি করা হয় মণিপুরে। কেন্দ্রের হাতে চলে যায় রাজ্য প্রশাসন। জাতিগত সহিংসতায় বিগত দেড় বছর ধরে উত্তপ্ত পূর্বাঞ্চলীয় রাজ্যটি। এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত আড়াইশ’ মানুষ।

  • নিয়ন্ত্রণে এসেছে সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডের আগুন

    নিয়ন্ত্রণে এসেছে সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডের আগুন

    নিউজ ডেস্ক: ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের ৩ ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডের আগুন। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

    ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগ উপ পরিচালক মো. ছালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন আগে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। ছড়িয়ে পড়ার কোনও সম্ভবনা নেই। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

    এর আগে, সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৭টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে একে একে ঘটনাস্থলে আসে ফায়ারের ৯টি ইউনিট।

    আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশে ছিলো সেনাবাহিনী, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরা।

  • বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরাতে আগামী সপ্তাহের মধ্যে বিশেষ আইন করা হবে: শফিকুল আলম

    বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরাতে আগামী সপ্তাহের মধ্যে বিশেষ আইন করা হবে: শফিকুল আলম

    নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরাতে আগামী সপ্তাহের মধ্যে বিশেষ আইন করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    সোমবার (১০ মার্চ) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ শীর্ষক উচ্চ পর্যায়ের সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    পাচার করা টাকা ফিরিয়ে আনতে এগারো সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, প্রায় ২৩৪ বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করা হয়েছে। এর মধ্যে ১৭ বিলিয়ন ডলারই ব্যাংক খাত থেকে পাচার হয়েছে। শেখ হাসিনা ও তার পরিবার টাকা পাচারের শীর্ষে রয়েছে। পাচারকৃত এসব অর্থ ফিরিয়ে আনা অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার।

    এ নিয়ে তিনি আরও বলেন, যেভাবেই হোক এ টাকাটা আমরা ফিরিয়ে আনতে চাচ্ছি। এই লক্ষ্যে টাস্কফোর্সও গঠন করা হয়েছে। টাকা ফেরত আনতে কতদূর অগ্রগতি হয়েছে তা নিয়ে আজকে প্রায় দেড় ঘণ্টার মিটিং হয়েছে। ওই বৈঠকেই পাচার করা টাকা দ্রুত ফেরাতে একটি বিশেষ আইন প্রণয়নের ব্যাপারে আলোচনা করা হয়।

    তবে এ সময় শফিকুল আলম উল্লেখ করেন, এসব টাকা ফেরানো খুবই সময়সাধ্য ব্যাপার। ৩০টি ল ফার্মের সঙ্গে কথা হয়েছে। এখনো সিলেকশন হয়নি। একটা আইনী প্রক্রিয়ার মাধ্যমে সিলেকশন হবে।

    প্রেস সচিব দাবি বলেছেন, অনেক ছেলে-মেয়ে বিদেশে পড়তে যায়। একটা কেসে দেখা গেছে, ছেলের টিউশন ফি হিসেবে ৪০০-৫০০ কোটি টাকা পাঠানো হয়েছে।

  • ২০২৪ এর জুলাই আন্দোলনে জড়িয়ে পড়া নিয়ে জাতিসংঘ থেকে বার্তা পায়নি সেনাবাহিনী: আইএসপিআর

    ২০২৪ এর জুলাই আন্দোলনে জড়িয়ে পড়া নিয়ে জাতিসংঘ থেকে বার্তা পায়নি সেনাবাহিনী: আইএসপিআর

    নিউজ ডেস্ক: গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে জড়িয়ে পড়া নিয়ে জাতিসংঘ থেকে কোনো ধরনের ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী অবগত নয় বলে এক বিবৃতিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

    এই আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সোমবার (১০ মার্চ) বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছে আইএসপিআর।

    বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান হার্ডটক-এ গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের মন্তব্য নিয়ে একটি সংবাদ প্রচার করা হয়েছে।’

    ‘এখানে উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার থেকে এ বিষয়ক কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয়। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে, তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়।’

    বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে এবং যেকোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সাথে বিবেচনা করে, তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে উক্ত মন্তব্যের কিছু বিষয়ে স্পষ্টিকরণ প্রয়োজন বলে মনে করে।’

    বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সব সময় আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধা বজায় রাখে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

    এতে আরও বলা হয়, ‘তবে ভলকার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং এর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে।’

    গত ৫ মার্চ বিবিসিতে প্রচারিত সাক্ষাৎকারে ভলকার তুর্ক জানান, জুলাই-আগস্ট আন্দোলনের সময় বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। বলা হয়েছিল, যদি সেনাবাহিনী আন্দোলনের সহিংসতায় জড়িয়ে পড়ে, তবে তাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ বন্ধ হয়ে যাবে।

    এদিকে, আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং কোনো পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়াই জননিরাপত্তা নিশ্চিত করেছে।

    আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের সাথে দীর্ঘদিনের সুসম্পর্ককে গুরুত্বের সাথে মূল্যায়ন করে এবং দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনে সর্বদা অঙ্গীকারবদ্ধ। সেনাবাহিনীর ভূমিকা সংক্রান্ত যেকোনো বিষয়ে উদ্বেগ অথবা বিভ্রান্তি সৃষ্টি হলে তা গঠনমূলক আলোচনার মাধ্যমে ফলপ্রসুভাবে সমাধান করা সম্ভব বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে।

  • প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ

    নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

    এম আমিনুল ইসলাম আজ গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

    ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অধ্যাপক মুহাম্মদ ইউনূনের নেতৃত্বাধীন এই সরকারে গত সাত মাসে কয়েক দফায় উপদেষ্টা পরিষদে রদবদল ও নতুন নিয়োগ হয়েছে। প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টা ২৩ জন।

    এছাড়া, অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টার পদমর্যাদায় একজন বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক), একজন বিশেষ দূত (আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত) এবং একজন হাই রিপ্রেজেন্টেটিভ (রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত) রয়েছেন।

    প্রতিমন্ত্রীর মর্যাদায় এম আমিনুল ইসলামসহ পাঁচজন বিশেষ সহকারী ছিলেন। তারা স্বরাষ্ট্র, স্বাস্থ্য, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন। এম আমিনুল ইসলাম পদত্যাগ করায় বিশেষ সহকারী এখন চারজন।

    এম আমিনুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে অধ্যাপনা করেছেন।