Category: প্রচ্ছদ

  • চাঁদপুর পৌরশহরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ

    চাঁদপুর পৌরশহরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ

    স্টাফ রিপোর্ট : চাঁদপুর পৌরশহরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (৮ মার্চ) দিবাগত মধ্যরাতে শহরের কোরালিয়া রোড রুস্তম বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

    দগ্ধদের মধ্যে আব্দুর রহমান, শানু বেগম, খাদিজা আক্তার ও মঈন নামে চারজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনিস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। অপর আহত ইমাম হোসেন ও দিবা আক্তার চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে সেহরির রান্নার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘরটিতে আগুন ধরে যায়।

  • দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে মুক্তি হয়েছে

    দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে মুক্তি হয়েছে

    আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে মুক্তি দেওয়া হয়েছে। আদালতের আদেশে তার গ্রেপ্তার বাতিল হওয়ার পর প্রসিকিউটররা আপিল না করার সিদ্ধান্ত নেয়। যার ফলে শনিবার (৮ মার্চ) তিনি কারাগার থেকে মুক্তি পান। খবর সিএনএন’র।

    মুক্তির পর ইউন তার সমর্থকদের উদ্দেশে মাথা নত করে অভিবাদন জানান। এ সময় তার সমর্থকরা কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

    শুক্রবার সিউল সেন্ট্রাল জেলা আদালত প্রযুক্তিগত ও আইনী ভিত্তিতে তার গ্রেফতারি পরোয়ানা বাতিল করে। পরে সিউল প্রসিকিউটর অফিস থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর সিউল ডিটেনশন সেন্টার ইউনকে মুক্তি দেয়।

    ইউনকে জানুয়ারিতে গ্রেফতার করা হয়েছিল, যখন তার বিরুদ্ধে বিদ্রোহ উসকে দেওয়ার অভিযোগ আনা হয়।

  • চ্যাম্পিয়ন্স ট্রফির বহুল প্রতিক্ষিত ফাইনাল আজ

    চ্যাম্পিয়ন্স ট্রফির বহুল প্রতিক্ষিত ফাইনাল আজ

    খেলাধুলা ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির বহুল প্রতিক্ষিত ফাইনাল আজ। রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি। এতে লড়বে টানা তৃতীয়বার ফাইনালে ওঠা ভারত ও ২৫ বছর ধরে এই টুর্নামেন্টের শিরোপা জয়ের আক্ষেপ ঘোচানোর লক্ষে থাকা নিউজিল্যান্ড ।

    ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল ভারত। ২০০২ সালে প্রথমবার শ্রীলঙ্কার সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয় তারা। তবে ২০১৭ সালের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১৮০ রানের বড় ব্যবধানে হেরে যায় টিম ইন্ডিয়া। এবার শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নামবে রোহিত শর্মার দল।

    ২০০০ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। সেই ফাইনালে ক্রিস কেয়ার্নসের দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতকে ৪ উইকেটে হারিয়েছিল তারা। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে হেরে রানার্স-আপ হয় কিউইরা।

    এখন পর্যন্ত ওয়ানডেতে ১১৯ বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এর মধ্যে ভারত জিতেছে ৬১ বার, নিউজিল্যান্ড ৫০ বার, ১ ম্যাচ টাই এবং ৭টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

    এদিকে, গ্র্যান্ড ফিনালেতে ভারতের বড় শক্তি দুবাইয়ের স্লো উইকেট। যে কন্ডিশনের ফায়দা নিয়ে ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী হতে পারেন নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে বড় হুমকি।

    তবে দুই ইনফর্ম ব্যাটার রাচিন রাবিন্দ্র ও কেন উইলিয়ামসন ফাইনালেও রান পেলে বড় স্কোর পাওয়াটা সহজ হবে ব্লাকক্যাপসদের। তবে কাঁধের চোটের কারণে ফাইনালে অনিশ্চিত কিউই পেসার ম্যাট হেনরি।

    এছাড়াও, বৃষ্টিতে যদি ম্যাচটি ভেস্তে যায় তাহলে যৌথভাবে চ্যাম্পিয়ন হবে ভারত ও নিউজিল্যান্ড। যদি টাই হয়, তাহলে ফাইনাল ম্যাচ গড়াবে সুপার ওভারে। সুপার ওভারের খেলা ততক্ষণ চলবে যতক্ষণ না জয়ী দলকে পাওয়া যায়।

  • ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে হাসপাতালের বেডে কোমায় থাকা জ্যোতি চরিত্র দিয়ে নতুন করে নজর কাড়লেন তানজিন তিশা

    ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে হাসপাতালের বেডে কোমায় থাকা জ্যোতি চরিত্র দিয়ে নতুন করে নজর কাড়লেন তানজিন তিশা

    বিনোদন ডেস্ক: চরকিতে জাহিদ প্রীতমের পরিচালনায় ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে হাসপাতালের বেডে কোমায় থাকা জ্যোতি চরিত্র দিয়ে নতুন করে নজর কাড়লেন তানজিন তিশা। এতে তার সাথে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন প্রীতম হাসান ও পারশা।

    ‘ঘুমপরী’ মুক্তির পর দর্শকদের বেশ প্রশংসা পেয়েছেন তানজিন তিশা। বলেন, ‘ঘুমপরী’র গল্পটা দর্শক দারুণভাবে আপন করে নিয়েছে। রিলিজের ২ সপ্তাহ হয়ে গেলেও এখনও মানুষের রেসপন্স পাচ্ছি। এই অনুভূতি অদ্ভুত ভালো লাগার। সবাই যেভাবে ভালোবাসা অব্যাহত রেখেছে ‘ঘুমপরী’ আমার ক্যারিয়ারে স্পেশাল হয়ে থাকবে।

    তানজিন তিশা বলেন, শত শত দর্শকদের মন্তব্য আমাকে নাড়া দিয়েছে। বেশীরভাগই বলেছে, শেষের দিকে গল্পের ঘোর থেকে বের হতে পারছে না। মনে হচ্ছে, আমার চ্যালেঞ্জ নেয়া সার্থক হয়েছে।

    একজন সিনিয়র অভিনেতা আমাকে ফোন করে অ্যাপ্রিসিয়েট করেছেন। বলেছেন, তার স্ত্রীর সঙ্গে বসে কাজটি দেখে ইমোশনাল হয়েছেন। তিনি সহজে ইমোশনাল হন না। যখনই আমাকে স্ক্রিনে দেখেছেন তার চোখের কোনা ভিজে গেছে, যখন আমি স্ক্রিনে ছিলাম না তিনি আমাকে খুঁজেছেন। এটা আমার কাছে অনেক বড় পাওয়া।

  • মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার ৮ বছরের সেই শিশুকে সিএমএইচ নেয়া হয়েছে

    মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার ৮ বছরের সেই শিশুকে সিএমএইচ নেয়া হয়েছে

    নিউজ ডেস্ক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার ৮ বছরের সেই শিশুকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে। শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পুরাতন ভবনের দ্বিতীয় তলায় পিআইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিল।

    শনিবার (৮ মার্চ) বিকেল ৫টা ৭ মিনিটে শিশুটিকে নিয়ে অ্যাম্বুলেন্স সিএমএইচ হাসপাতালের উদ্দেশে ঢাকা মেডিকেল হাসপাতাল ছাড়ে। ঢামেক কতৃপক্ষ জানায়, শিশুটিকে উন্নততর চিকিৎসার জন্য সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে।

    এর আগে শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন জানিয়ে কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির গলায় আঘাতের পরিমাণ বেশি। তার শারীরিক সুস্থতার প্রতি গভীর মনোযোগী কর্তব্যরত চিকিৎসকরা। শিশুটিকে গত শুক্রবার রাতে লাইফ সাপোর্টে নেয়া হয়। ৪৮ ঘণ্টা রাখা হয় পর্যবেক্ষণে। তার চিকিৎসায় চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

    এদিকে শিশুকে হত্যা চেষ্টা ও ধর্ষণের অভিযোগে চারজনের নামে মামলা হয়েছে। আজ মাগুরা সদর থানায় মামলাটি দায়ের করেছেন শিশুটির মা।

    মামলায় আসামি করা হয়েছে শিশুটির বোনের স্বামী সজীব শেখ (১৯), সজীব শেখের ছোট ভাই রাতুল শেখ (১৭) ও সজিবের মা জাহেদা বেগম (৪০), বাবা হিটু শেখকে (৪৭)। এরা চারজনই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

  • ভারতের চোখে সার্বভৌম বাংলাদেশকে কখনই দেখা উচিত নয়— জন এফ ড্যানিলোভিচ

    ভারতের চোখে সার্বভৌম বাংলাদেশকে কখনই দেখা উচিত নয়— জন এফ ড্যানিলোভিচ

    নিউজ ডেস্ক: ভারতের চোখে সার্বভৌম বাংলাদেশকে কখনই দেখা উচিত নয়— এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। এসময় তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সমালোচনা করেন। ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতিতে ভুল ছিলো বলেও জানান তিনি।

    শনিবার (৮ মার্চ) বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক বিশেষ সংলাপে তিনি এসব কথা বলেন।

    সংলাপের মূল বিষয় ছিলো গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক। এতে জন এফ ড্যানিলোভিচের সাথে আরও যোগ দেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। আলোচনায় উঠে আসে বাংলাদেশের ভবিষ্যেতের প্রসঙ্গ। গুজব মোকাবেলায় বাংলাদেশ পিছিয়ে আছে বলে মত দেন তারা।

    জন এফ. ড্যানিলোভিচ বলেন, ওয়ান-ইলেভেনের সময় মার্কিন সরকার প্রাতিষ্ঠানিক সংস্কারে যথেষ্ট মনোযোগ দেয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সমর্থন নিয়ে সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, তাদের অর্থায়ন নীতি এবং চলমান সংস্কারের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। নাগরিক সমাজকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে, এবং গত ১৭ বছরে বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার করে সুশাসন সংস্কারের জন্য ব্যবহার করা উচিত।

    গণতান্ত্রিক স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে ড্যানিলোভিচ বলেন, ১৯৭১ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতি ধারাবাহিকতা রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হলো শাসক দলের জবাবদিহিতার অভাব। গণতন্ত্রকে বিকশিত করতে হলে একটি শক্তিশালী সামরিক-বেসামরিক সম্পর্ক অপরিহার্য। স্বৈরাচারী শাসন কখনোই গণতন্ত্রের জন্য সহায়ক নয়। মিডিয়ার প্রভাব অস্বীকার করা যায় না উল্লেখ করে গণতান্ত্রিক আলোচনাকে শক্তিশালী করতে নাগরিক সাংবাদিকতাকে উৎসাহিত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

    দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবসময় তার নিজের স্বার্থকে প্রাধান্য দেয়, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ফাস্ট নীতি গ্রহণের পরামর্শ দেন এই মার্কিন কূটনীতিক। এসময় তরুণদের উদ্যোগ ও আগামীর সম্ভাবনার প্রশ্নে জেন-জি’দের সুযোগ দেয়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

    সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইলাম বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে আমেরিকান জনগণকে সচেতন করার জন্য তার সংস্থার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, আমরা একটি ছোট সংগঠন গঠন করি এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে আমেরিকান জনগণকে সচেতন করার জন্য কাজ করি। গত পাঁচ বছরে আমরা অর্থায়নের ব্যবস্থা করেছি এবং এই উদ্যোগকে সমর্থন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। তার সফর প্রসঙ্গে তিনি বলেন, এখানে আসতে পেরে আমি আনন্দিত, বিশেষ করে গত দশ বছরে আমি বাংলাদেশ সফর করতে পারিনি, ভিসার জন্যে।

    অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থী, রাজনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ।