Category: প্রচ্ছদ

  • চলতি বছর ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হবে স্বাধীনতা পুরস্কার

    চলতি বছর ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হবে স্বাধীনতা পুরস্কার

    নিউজ ডেস্ক: বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য চলতি বছর ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

    এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী (মরণোত্তর), পপ সম্রাট আজম খান (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), বামপন্থি রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর) ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর)।

    বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য স্বাধীনতা পদক দেয়া হয়। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। পুরস্কার হিসেবে প্রত্যেককে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম স্বর্ণের পদক, সম্মানীর অর্থের চেক ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।

  • চলতি বছর নির্বাচন আয়োজন কঠিন হবে: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

    চলতি বছর নির্বাচন আয়োজন কঠিন হবে: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

    নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকার জননিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে পারেনি। ফলে চলতি বছর নির্বাচন আয়োজন কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) রয়টার্স প্রতিবেদনটি প্রকাশ করে।

    নাহিদ ইসলাম বলেন, স্বল্পমেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যকম স্বাভাবিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির পুরোপুরি উন্নতি হবে বলে আশা করেছিলাম। তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বিরাজমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে মনে হচ্ছে না।

    তিনি আরও বলেন, যখনই অনুষ্ঠিত হোক নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি। তবে নির্বাচন অনুষ্ঠানের আগে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের’ ওপর ঐকমত্যে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দলিলটি জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন করা ও আন্দোলনে নিহত ১,০০০ জনের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

  • পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন

    পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন

    নিউজ ডেস্ক: পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুইজন সিনিয়র সহকারী সচিব প্রমথ রঞ্জন ঘটকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংস্থাটি।

    বুধবার (৫ মার্চ) দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।

    মামলায় এজাহারে বলা হয়, আসামিরা পদ্মা সেতু প্রকল্পসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি ও অন্যান্য মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড তৈরি করেছে। পাশাপাশি এর মাধ্যমে ৯ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার টাকা আত্মসাত করেছে। ২৩টি চেকের মাধ্যমে এই লেনদেন করা হয়।

    এর আগে, গত ৩১ ডিসেম্বর ১০ বছর আগে নিষ্পত্তি হওয়া আলোচিত পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত নেয় দুদক।

  • শ্রম আইন সংস্কারে বৈশ্বিক মান বজায় রাখতে মন্ত্রণালয়কে নির্দেশ প্রধান উপদেষ্টার

    শ্রম আইন সংস্কারে বৈশ্বিক মান বজায় রাখতে মন্ত্রণালয়কে নির্দেশ প্রধান উপদেষ্টার

    নিউজ ডেস্ক: শ্রম আইন সংস্কারে বৈশ্বিক মান বজায় রাখতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৫ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি।

    প্রধান উপদেষ্টা বলেন, আমাদের ইতিবাচক পদক্ষেপ নিতে হবে এবং কাজ সম্পন্ন করতে হবে। এখানে কোনো অজুহাত দেয়ার জন্য আসিনি। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে আইনটি সংস্কার করা হলে বিভিন্ন খাতে কর্মরত লক্ষ লক্ষ শ্রমিকের জীবনমান উন্নত হবে। এ সময় শ্রমিকদের জন্য বীমা সুবিধা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা বিধানের নির্দেশও দেন তিনি।

    এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী বলেন, বাংলাদেশ এরইমধ্যে শ্রম খাতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। কিছু ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক উন্নয়ন হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে আরও কিছু উন্নতির প্রয়োজন রয়েছে।

    বৈঠকে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন, সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টুয়োমো পোতিয়ানেন উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, আগামী ১০ থেকে ২০ মার্চ সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ৩৫৩তম অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনটিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন।

  • পিএসভি আইন্দহোফেনকে ৭-১ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব

    পিএসভি আইন্দহোফেনকে ৭-১ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব

    খেলাধুলা:  প্রিমিয়ার লিগের সর্বশেষ দুই ম্যাচের মধ্যে ওয়েস্টহামের কাছে হার আর নটিংহামের সঙ্গে ড্র: সব মিলিয়ে হতাশায় ছিলো গানার্সরা। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে হতাশাকে আনন্দে কনভার্ট করেছে আর্সেনাল। ফিলিপস স্তাদিওন স্টেডিয়ামে গোল ফেস্টের রাতে পিএসভি আইন্দহোফেনকে ৭-১ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি।

    ম্যাচের ১৮ মিনিট। জুরিয়েন টিম্বারের গোলে লিড নেয় গানার্সরা। তিন মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন ইথান নোয়ানেরি। এরপর ৩১ মিনিটে স্কোরলাইন ‘৩-০’। এবারের গোলটি করেন মিকেল মেরিনোর।

    প্রথমার্ধের শেষ দিকে ৪৩ মিনিটে পেনাল্টি থেকে পিএসভিকে গোল এনে দেন নোয়া লাং।

    এরপর ৩-১ ব্যবধান নিয়ে দ্বিতীয়ার্ধে অর্থাৎ ৪৫ মিনিটে আরও চার গোল করে গানার্সরা। স্কোর শিটে নাম তোলেন ওডেগার্ড ও ট্রোসার। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ওডেগার্ড। আর পিএসভির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রিকার্দো ক্যালাফিওরি।

    উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নকআউট পর্বের অ্যাওয়ে ম্যাচে সবচেয়ে বেশি গোলের কীর্তি গড়লো মিকেল আর্তেতার দল।

  • পুলিশের প্রধানসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

    পুলিশের প্রধানসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

    নিউজ ডেস্ক: সিআইডি প্রধান মো. মতিউর রহমান শেখ, সারদা পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপাল, অ্যান্টি টেরোরিজম, হাইওয়ে ও শিল্পাঞ্চল পুলিশের প্রধানসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

    মঙ্গলবার (৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

    এই প্রজ্ঞাপনে কক্সবাজার, নীলফামারী, যশোর ও সুনামগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি পদায়ন করা হয়েছে। একই সঙ্গে কক্সবাজার, নীলফামারী, যশোর ও সুনামঞ্জের সাবেক পুলিশ সুপারদেরকে (পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত) ওএসডি করা হয়েছে।

    প্রজ্ঞাপনে সিআইডির বর্তমান প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে পুলিশ সদর দফতরে, পুলিশ অ্যাকাডেমি সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞাকে পুলিশ সদর দফতরে, অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান (অতিরিক্ত আইজিপি) খন্দকার রফিকুল ইসলামকে পুলিশ সদর দফতরে, হাইওয়ে পুলিশের ডিআইজি রেজাউল করিমকে পুলিশ সদর দফতরে, পুলিশ সদর দফতরের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে সারদা পুলিশ অ্যাকাডেমিতে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আশরাফুর রহমানকে পুলিশ সদর দফতরে, পুলিশ সদর দফতরের ডিআইজি আতাউল কিবরিয়াকে ময়মনসিংহ রেঞ্জে, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি আশরাফুজ্জামানকে রংপুর পিটিসিতে, সিআইডির ডিআইজি হারুন উর রশীদ হাজারীকে শিল্পাঞ্চল পুলিশে, সারদা পুলিশ অ্যাকাডেমির ডিআইজি রখফার সুলতানা খানমকে হাইওয়ে পুলিশে, রাজশাহী মহানগরীর উপ-কমিশনার সাইফুদ্দীন শাহীনকে কক্সবাজারের পুলিশ সুপার এবং খুলনার রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার তোফায়েল আহমদকে সুনামগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির উত্তরা বিভাগের ডিসি রওনক জাহানকে যশোর জেলা পুলিশ সুপার, রাজশাহী মহানগর পুলিশের সদ্য ডিসি পদে পদোন্নতিপ্রাপ্ত আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খানকে নীলফামারী জেলা পুলিশ সুপার ও বর্তমানে পুলিশ সদর দফতরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমদকে পুলিশ অধিদফতরে সংযুক্ত করা হয়েছে।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সুনামগঞ্জের সাবেক পুলিশ সুপার বর্তমানে পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত আ ফ ম আনোয়ার হোসেন খানকে পুলিশ অধিদফতরে সংযুক্ত ও কক্সবাজারের সাবেক পুলিশ সুপার বর্তমানে পুলিশ অধিদফতরে রিপোর্টকৃত মুহাম্মদ রহমত উল্লাহকে পুলিশ অধিদফতরে ও নীলফামারী জেলার সাবেক পুলিশ সুপার বর্তমানে পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত মোহাম্মদ মোর্শেদ আলমকে পুলিশ অধিদফতরে সংযুক্ত করা হয়েছে।