Category: প্রচ্ছদ

  • উক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    উক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক: এবার সাময়িক সময়ের জন্য ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে কার্যকর হয়েছে সিদ্ধান্ত। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাগ্‌বিতণ্ডার পর এ সিদ্ধান্ত নেন তিনি।

    স্থানীয় সময় সোমবার (৩ মার্চ) একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

    ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, যতক্ষণ না ট্রাম্প মনে করবেন ইউক্রেনের নেতারা শান্তির প্রতি অঙ্গীকারের সদিচ্ছা দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সহযোগিতা বন্ধ থাকবে।

    যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনে নেই, সেগুলো এই সাময়িক সহযোগিতা বন্ধের আওতায় পড়বে। সাময়িক এই অস্ত্র সহযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

    প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরই ইসরায়েল ও মিসর ছাড়া সব দেশে সহায়তা কার্যক্রম বন্ধে পদক্ষেপের ঘোষণা দেন ট্রাম্প। এরই মধ্যে শুরু হয়েছে সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া। ইউক্রেনে রাশিয়ার অভিযানের শুরু থেকেই অস্ত্র সহায়তা দিয়ে গেছে যুক্তরাষ্ট্র।

  • জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে চায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি

    জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে চায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি

    নিউজ ডেস্ক: জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে চায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার (৪ মার্চ) সকালে রায়েরবাজারে আন্দোলনে শহীদদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

    তিনি বলেন, জুলাই বিপ্লবে ফ্যাসিবাদি সরকার বিরুদ্ধে শতশত ছাত্র তরুণসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জীবন দিয়েছে। আহতরা যেন দ্রুত সুস্থ হয় সে জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি। এনসিপি শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

    এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

    এর আগে, সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছে। এই কর্মসূচির মাধ্যমে এনসিপি তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে। এদিন বিকাল ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। সেখানে পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।

    গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এরপর ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

  • রাজধানীর ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ

    রাজধানীর ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ

    স্টাফ রিপোর্ট :  রাজধানীর ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী’সহ ৭ জন আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

    সংঘর্ষে আহত পাঁচ শিক্ষার্থী ঢাকা ন্যাশনাল মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নেন। পরে রাত চারটার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও পুলিশের আশ্বাসে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা।

    মূলত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাট ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলক্রমে নির্মাণাধীন এক ঢালাইয়ের উপরে পা দেয়াকে কেন্দ্র করে সংর্ষের সূত্রপাত হয়।

    শিক্ষার্থীরা জানান, নির্মাণাধীন ঢালাইয়ের উপরে পা দিলে স্থানীয় কয়েকজন তাকে ধাক্কা দেয়। শুরু হয় বাগবিতণ্ডা। এরপর ওই শিক্ষার্থীকে মারধরও করা হয়। একপর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী সহপাঠীদের কল দিলে দুইজন ঘটনাস্থলে আসলে তাদেরও মারধর করে আটকে রাখা হয়।

    তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঘটনার প্রতিবাদ জানালে স্থানীয় যুবদল নেতা শহিদুল হকের নির্দেশে তাদের ওপর হামলা করে স্থানীয়রা। অপরদিকে এলাকার বাসিন্দাদের অভিযোগ, শিক্ষার্থীরাই কয়েকটি বসতবাড়ি ও ক্লাবে ভাঙচুর চালায়। এলাকার একটি গলিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে।

    এ বিষয়ে ডিএমপির ডেমরা জোনের এসি মোহাম্মদ নাসিম জানান, পুরো ঘটনার তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

  • মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণপিটুনিতে ২ জন নিহত, আহত ৫

    মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণপিটুনিতে ২ জন নিহত, আহত ৫

    স্টাফ রিপোর্ট : চট্টগ্রামের সাতকানিয়ায় মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণপিটুনিতে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে সাতকানিয়া এওচিয়া ইউনিয়নের চনখোলা গ্রামে এই ঘটনা ঘটে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে অটোরিকশা নিয়ে অস্ত্রধারী কয়েকজন ওই গ্রামে যান, এ সময় ডাকাত পড়েছে সন্দেহে মসজিদের মাইকে ঘোষনা দিলে, গ্রামবাসী তাদেরকে ঘিরে ফেলে। গণপিটুনিতে ঘটনাস্থলেই নেজাম উদ্দিন ও সালেহ নামে দুজনের মৃত্যু হয়।

    আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেলে এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন গুলি করতে করতে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ৬টি গুলির খোসা উদ্ধার করে পুলিশ।

    মাইকে ডাকাতের গুজব ছড়িয়ে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি নিহতদের স্বজনদের। এর জন্য এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মানিককে দোষারোপ করছেন তারা। অপরদিকে, আহত ও তাদের স্বজনদের দাবি ডাকাত দলের গুলিতে তারা আহত হয়েছেন।

    খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা পুলিশ ও সাতকানিয়া থানা পুলিশ। প্রকৃতপক্ষে কী ঘটনা ঘটেছে তা তদন্ত করা হবে বলে জানান এসপি।

  • গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চায় কি ইসরায়েল !

    গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চায় কি ইসরায়েল !

     আন্তর্জাতিক ডেস্ক: গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চায় কি ইসরায়েল ? নাকি আপাতত যুদ্ধ বন্ধ রেখে জিম্মিদের ফিরিয়ে নেয়ার পাঁয়তারা এটি? যুক্তরাষ্ট্রের তৈরি রূপরেখা অনুসারে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদও বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসন। চুক্তি অনুযায়ী, জিম্মি হস্তান্তরের পর দ্বিতীয় ধাপে স্থায়ী সমাধানের কথা বলা হলেও তাতে নজর নেই ইসরায়েল ও মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবনার বিরোধিতা জানিয়ে স্থায়ী যুদ্ধবিরতি চেয়েছে হামাস।

    চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস-ইসরায়েল। দুই ধাপে ৮৪ দিনের যুদ্ধবিরতির মধ্যে প্রথম ধাপের ৬ সপ্তাহ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের কথা ছিল। এখন প্রথম ধাপকে আরও দীর্ঘায়িত করে জিম্মি হস্তান্তর চালিয়ে যেতে চায় ইসরায়েল।

    এখন যুক্তরাষ্ট্রের দেয়া নতুন রূপরেখা ধরেই এগোতে চায় ইসরায়েল। যার অর্থ স্থায়ী যুদ্ধবিরতি নয় জিম্মিদের ঘরে ফেরানোই তাদের মূল লক্ষ্য।

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, প্রতিরক্ষামন্ত্রীসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আমার বৈঠক হয়েছে। সে আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছি সাময়িক যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের তৈরি রূপরেখাই ইসরায়েল গ্রহণ করবে। রমজান আর পাসওভার উৎসবকে সামনে রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতেই প্রস্তাবনা দিয়েছে। দ্বিতীয় ধাপে আলোচনার জন্য যে অতিরিক্ত সময়টুকু দরকার তা এই রূপরেখার মাধ্যমে সম্ভব। স্থায়ী সমাধান খুঁজতে এটা দু’পক্ষের আলোচনার সুযোগ হিসেবেও দেখা যেতে পারে।

    মার্কিন প্রস্তাবনা কার্যকর হলে প্রথম দিনেই বাকি জিম্মির অর্ধেক ফিরিয়ে দিতে হবে হামাসকে। হস্তান্তর করতে হবে মরদেহও। আর স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলে বাকি জিম্মিদেরও ছেড়ে দিতে হবে এক ধাপেই। কিন্তু, সব জিম্মি হস্তান্তরের পর আবারও যে আগ্রাসন শুরু হবে না উপত্যকায়, তার কোনো নিশ্চয়তা নেই। উল্টো প্রস্তাবনার সাফাই নেতানিয়াহুর মুখে।

    উল্লেখ্য, তেলআবিবের দাবি- এখনও হামাসের হাতে জিম্মি রয়েছে ৫৯ ইসরায়েলি। যাদের মধ্যে ২৪ জন জীবিত, বাকিরা মৃত।

  • নারায়ণগঞ্জের গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ আটজন

    নারায়ণগঞ্জের গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ আটজন

    স্টাফ রিপোর্ট :নারায়ণগঞ্জের চাষাড়ার ২ নং ঢাকেশ্বরী এলাকার একটি টিনশেড বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ দগ্ধ হয়েছেন আটজন।

    সোমবার (৩ মার্চ) ভোর রাতে দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

    দগ্ধরা হলেন- ১৮ মাস বয়সী সুমাইয়া, ৪ বছরের শিশু জান্নাত, ১০ বছরের সামিয়া, ১২ বছরের সাব্বির এবং ৫০ বছর বয়সী হান্নান।আহতদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

    জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন জানান, নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ৮ জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।