Category: প্রচ্ছদ

  • জাতিসংঘে নারী মহাসচিব প্রার্থী ইকুয়েডরের এসপিনোসার প্রচারণা শুরু

    জাতিসংঘে নারী মহাসচিব প্রার্থী ইকুয়েডরের এসপিনোসার প্রচারণা শুরু

    ইকুয়েডরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী মারিয়া ফার্নান্দা এসপিনোসা জাতিসংঘের নেতৃত্ব দেওয়ার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।

    জাতিসংঘের শীর্ষ পদে একজন নারীকে নিয়োগ দেওয়া ‘ঐতিহাসিক ন্যায়বিচারের’ বিষয় বলে মন্তব্য করেছেন তিনি।

    জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হওয়ার দৌড়ে নেমেছেন এসপিনোসা

    জাতিসংঘ সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

    বর্তমানে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন। তাদের মধ্যে আরও দুজন নারী রয়েছেন।

    এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এসপিনোসা বলেন, জাতিসংঘের প্রতি তার ‘গভীর ভালোবাসা’ রয়েছে।

    তিনি বলেন, অনেকে বলেন, এখন সময় এসেছে জাতিসংঘের নেতৃত্বে একজন নারী আসার। আর আমি মনে করি, এটি ঐতিহাসিক ন্যায়বিচারের প্রশ্ন।

    এসপিনোসা আরও বলেন, তবে আমি এটিকে যোগ্যতার বিষয় হিসেবেও দেখি। জাতিসংঘের সেবায় অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতার পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানো প্রয়োজন।

    এসপিনোসার ভাষায়, ‘বিশ্বের অর্ধেক জনগোষ্ঠীকে এই সম্ভাবনার বাইরে রাখা যায় না।’

    তিনি আরও বলেন, বিপজ্জনক সময়ে ‘ভিন্ন দৃষ্টিভঙ্গির’ প্রয়োজন রয়েছে।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে বিশ্বজুড়ে যুদ্ধ-সংঘাত বেড়ে যাওয়ার মধ্যে জাতিসংঘের নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে রাজনৈতিক ও আর্থিক সংকটে নিষ্ক্রিয়তার অভিযোগও রয়েছে সংস্থাটির বিরুদ্ধে।

    এসপিনোসা বলেন, ‘জাতিসংঘকে বর্তমান সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। উল্টোটা নয়।’

    বিদায়ী মহাসচিব আন্তোনিও গুতেরেস ঘোষিত সংস্কারের চেয়েও আরও উচ্চাভিলাষী পরিবর্তনের আহ্বান জানান তিনি।

    তিনি সম্ভাব্য সংঘাতের আগাম সংকেত শনাক্ত ও সতর্ক করতে একটি ‘আর্লি ওয়ার্নিং’ ব্যবস্থা গঠনের প্রস্তাব দেন। অ্যান্টিগুয়া ও বারবুডার সমর্থনে জমা দেওয়া তার ‘ভিশন’ নথিতে এ প্রস্তাব তুলে ধরা হয়েছে।

    এসপিনোসা বলেন, ‘এটি কঠিন দায়িত্ব। তবে যদি আপনি কাজটি করতে জানেন ও নিজের নেতৃত্বের ধরনে আত্মবিশ্বাসী হন, তাহলে জাতিসংঘ একবিংশ শতাব্দীকে আরও আশাবাদ ও সম্ভাবনার দৃষ্টিতে দেখতে পারবে।’

    তিনি জোর দিয়ে বলেন, পরিবর্তন কোনো একক ব্যক্তির কাজ নয়। বরং ‘দৃঢ় নেতৃত্বের’ অধীনে ‘রাজনৈতিক গতি’ তৈরি করেই তা সম্ভব।

    হুপক্ষীয় ব্যবস্থার ওপর বাড়তে থাকা চাপের মধ্যেও এসপিনোসা মনে করেন, ‘মানবজাতির অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘই একমাত্র সার্বজনীন প্ল্যাটফর্ম।’

    নিজের প্রার্থিতা প্রচারে জাতিসংঘ ব্যবস্থায় দীর্ঘ অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

    তিনি নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে ইকুয়েডরের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন।

    এ পদে দায়িত্ব পালন করা মাত্র পাঁচ জন নারীর একজন তিনি।

    তবে প্রতিদ্বন্দ্বী চিলির মিশেল ব্যাচেলেট, আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি, কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান ও সেনেগালের ম্যাকি সালের সঙ্গে নিজের তুলনা করতে চাননি এসপিনোসা।

  • ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে

    শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় ও আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার।

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ৭ জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে।

    আজ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নতুন সময়সূচি ঘোষণা করেন।

    শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং শেষ হবে ১৩ জুলাই। ইতোমধ্যে পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে। তা দ্রুতই প্রকাশ করা হবে।

    সেশনজট নিরসন ও সময় সাশ্রয় বিষয়ে ড. মিলন বলেন, বর্তমানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি এবং ফল প্রকাশের অপেক্ষায় শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ দীর্ঘ সময় নষ্ট হয়ে যাচ্ছে।

    তিনি আরো বলেন, ‘একজন শিক্ষার্থী ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছরে এইচএসসি শেষ করার কথা থাকলেও সেশনজটের কারণে তা ২০ বছর পর্যন্ত গড়িয়ে যাচ্ছে। আমরা এই গ্যাপটি (ব্যবধান) কমিয়ে আনতে চাই। আমাদের টার্গেট হলো ডিসেম্বরকে পরীক্ষার মাস হিসেবে গণ্য করা, যাতে জানুয়ারি থেকে নতুন সেশন শুরু হতে পারে।’

    বিদেশে উচ্চশিক্ষার আবেদনের প্রসঙ্গ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ফল সেমিস্টার ধরার সুবিধার্থে এইচএসসি পরীক্ষা জুন-জুলাইয়ের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

    তিনি বলেন, এছাড়া ফলাফল প্রকাশের দুই মাসের মধ্যেই উচ্চশিক্ষায় ভর্তি প্রক্রিয়া শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সমন্বয়ের তাগিদ দেওয়া হবে।

    কোচিং সেন্টার বন্ধের প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘শ্রেণিকক্ষে পাঠদানকে আরো কার্যকর করতে হবে। যখন আমরা পরীক্ষা ও ভর্তির মধ্যবর্তী গ্যাপ কমিয়ে আনব। পাশাপাশি ইন-হাউস টিচিং শক্তিশালী করব, তখন কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা এমনিতেই ফুরিয়ে আসবে।’

    তিনি আরো জানান, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের রিডিং হ্যাবিট বা পড়ার অভ্যাস বাড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করছে সরকার।

    সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন

    ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন

    স্টাফ রিপোর্টার: রাজধানীর ডেমরা কোনাপাড়া ফার্মের মোড়, (ডার্চ-বাংলা বুথ এর সাথে), শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন ৯ মে শনিবার অনুষ্ঠিত হয়।
    নারী উদ্যোক্তার শিপন আক্তার কোহিনুর বলেন, আমি শিপু স্টাইলিস্ট বিউটি পার্লার
    দীর্ঘ ১২ বছর যাবত নারীদের নিয়ে কাজ করে আসছি। বিউটি পার্লার একমাত্র নারীদের নিরাপত্তা স্থান যেহেতু শুধু এই পেশায় কোন পুরুষের প্রবেশ নিশোধ একমাত্র নারীদের নিরাপত্তা কর্মস্থল ও সেবা মূলক প্রতিষ্ঠান।
    উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী (সতন্ত্র)
    মোঃ বজলুর রহমান,প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি খুবই আনন্দিত যে আজ আমরা ‘শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার’-এর ফিতা কেটে এর যাত্রা শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি উদ্যোক্তাকে এমন একটি চমৎকার এবং সময়োপযোগী উদ্যোগ নেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাই।বর্তমান যুগ আত্মনির্ভরশীলতার যুগ। নারীরা এখন কেবল ঘরের কোণে নয়, কর্মক্ষেত্রেও তাদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখছেন। সৌন্দর্য চর্চা বা বিউটিফিকেশন এখন কেবল শখ নয়, এটি একটি শিল্প এবং লাভজনক পেশা। শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার শুধু সুন্দর সাজগোজের মাধ্যমেই গ্রাহকদের সেবা দেবে না, বরং নতুন প্রজন্মের নারীদের প্রশিক্ষিত করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটা আমার বিশ্বাস।আমি জেনেছি যে, এখানে আধুনিক মানের মেকওভার, স্কিন কেয়ার, হেয়ার স্টাইলিং, নেইল আর্ট এবং ব্রাইডাল মেকআপের ব্যবস্থা থাকছে। একই সাথে, প্রশিক্ষণ কেন্দ্রে হাতে-কলমে কাজ শেখার সুযোগ থাকছে, যা সত্যিই প্রশংসনীয়।উদ্যোক্তার প্রতি আমার বার্তা:ব্যবসা মানে শুধু মুনাফা নয়, ব্যবসার মূল ভিত্তি হলো সততা এবং উন্নত গ্রাহকসেবা। আপনারা যদি গ্রাহকদের গুণগত মানের সেবা ও সন্তুষ্টি নিশ্চিত করতে পারেন, তবে শিপু মেকওভার দ্রুতই নামি প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাবে।প্রশিক্ষণার্থীদের প্রতি আমার বার্তা:যারা এই ট্রেনিং সেন্টারে শিখতে আসবেন, তাদের বলছি—এই সুযোগটি কাজে লাগান। বিউটিশিয়ান হিসেবে নিজেকে দক্ষ করে গড়ে তুললে, আপনারা নিজের পায়ে দাঁড়াতে পারবেন এবং পরিবারে অবদান রাখতে পারবেন।আমি শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আশা করছি এই প্রতিষ্ঠানটি অত্র এলাকায় নারীদের ক্ষমতায়নে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।পরিশেষে,আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং যারা এই আয়োজনের পেছনে পরিশ্রম করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।এর আগে তিনি ফিতা ও কেক কেটে শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

    উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ডেমরা থানার সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন আহমেদ, চাঁন মিয়া আজিজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি নারী শিশুসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

  • প্রথম সেশন বাংলাদেশের

    প্রথম সেশন বাংলাদেশের

    পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন নিজেদের করে রাখল স্বাগতিক বাংলাদেশ।

    এই সেশনে ৪ উইকেট শিকার করেছে বাংলাদেশের বোলাররা। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৫ উইকেটে ২৫১ রান তুলেছে পাকিস্তান। ৫ উইকেট হাতে নিয়ে এখনও ১৬২ রানে পিছিয়ে পাকিস্তান।

    মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১৭৯ রান করেছিল পাকিস্তান। আজান আওয়াইস ৮৫ ও আব্দুল্লাহ ফজল ৩৭ রানে অপরাজিত ছিলেন।

    ১০৩ রান করে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের শিকার হন আজান। পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ৯ রানে শিকার করেন তাসকিন।

    এরপর সৌদ শাকিলকে শূন্য ও ফজলকে ৬০ রানে বিদায় দেন স্পিনার মেহেদি হাসান মিরাজ।

    সালমান আঘা ১২ ও মোহাম্মদ রিজওয়ান ৮ রানে অপরাজিত আছেন।

    বাংলাদেশের মিরাজ ৩টি ও তাসকিন ২টি উইকেট নেন।

  • কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত

    কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত

    আন্তর্জাতিক ডেস্ক:   কাতারের উপকূলের কাছে একটি জাহাজে অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানা গেছে।

    রোববার ভোরে যুক্তরাজ্যের একটি সামুদ্রিক সংস্থা এ তথ্য জানিয়েছে।

    যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানিয়েছে, একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কাতারের রাজধানী দোহার উত্তর-পূর্বে প্রায় ২৩ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে  ‘অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র’ জাহাজটিকে আঘাত হানে।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    সংস্থাটি আরও জানায়, অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং জাহাজের কোনো ক্ষতিরও খবর পাওয়া যায়নি।

    সংস্থাটি জানায়, ঘটনাটির পেছনে কে বা কী জড়িত তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

  • দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল

    দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ।

    আজ শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, আপনারা বড় রকমের যুদ্ধ শেষ করে এসেছেন। সেই যুদ্ধটি হচ্ছে দেশের মানুষকে রক্ষা করার, দেশকে রক্ষা করার এবং গণতন্ত্রকে রক্ষা করার। সেই যুদ্ধে আপনারা জয়ী হয়েছেন। সংসদে আপনারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছি। আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে।

    তিনি আরো বলেন, আজকে আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আমরা একটি ধ্বংসস্তুপের মধ্যে থেকে সরকারে এসেছি। যেদিকে তাকাবেন সেদিকে শুনবেন নাই, নাই, নাই। আসলে অবস্থাটা তাই। এই ধ্বংসস্তুপ থেকে জেগে ওঠা, টেনে তোলা- দলকে শুধু নয়, সরকারকে এবং রাষ্ট্রকে। এটাই আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ।

    বিএনপি মহাসচিব বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে, আমাদের নেতা তারেক রহমান, যিনি নির্বাসনে থেকেও আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, দেশে সফল একটি অভ্যুত্থান ঘটিয়েছেন এবং একই সঙ্গে সফল নির্বাচন জয়ের মাধ্যমে সরকারে এসেছেন।

    তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে, আমরা তাঁর এই নেতৃত্ব, দলের নেতাকর্মীদের আত্মত্যাগ- এসব স্মরণ করে দলকে আরো সুসংগঠিত করি। তৃণমূল পর্যায়ে সকল মানুষের কাছে আমাদের দলের যে কাজগুলো হচ্ছে, সেগুলো পৌঁছে দেই এবং একটি যোগসূত্র রক্ষা করি।

    এর আগে সকাল পৌনে ১১টায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

    দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।